× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আশির দশকের লুক ফিরেছে, কিন্তু ইন্স্যুরেন্সও কি আগের জায়গায় আছে?

মো. জান্নাতুল নাঈম

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৩ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১৪:০৯ পিএম

মো. জান্নাতুল নাঈম

মো. জান্নাতুল নাঈম

সামাজিক যোগাযোগমাধ্যমে সময় যেন হঠাৎ উল্টো দিকে হাঁটছে। এআইয়ের সাহায্যে তৈরি আশির দশকের স্টাইলের ছবি, পুরোনো পোশাক, চুলের স্টাইল আর ফিল্ম ক্যামেরার আবহ—

সব মিলিয়ে অনেকেই ফিরে যাচ্ছেন নস্টালজিয়ায়। বিষয়টি ছবিতে আনন্দের, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের সবকিছু যদি সত্যিই আশির দশকের মতো হয়ে যেত, তাহলে কেমন হতো?

ধরা যাক, ইন্স্যুরেন্সও ফিরে গেল আশির দশকে।

আজকের একজন গ্রাহক যেভাবে ইন্স্যুরেন্স কেনেন, প্রিমিয়াম পরিশোধ করেন, পলিসির তথ্য দেখেন কিংবা ক্লেইম করেন—তার সঙ্গে আশির দশকের অভিজ্ঞতার ব্যবধান অনেক। কারণ, গত চার দশকে শুধু প্রযুক্তি নয়, বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের কাঠামো এবং সেবা দেওয়ার পদ্ধতিতেও এসেছে বড় পরিবর্তন।

তখনকার ইন্স্যুরেন্স

স্বাধীনতার পর বাংলাদেশের ইন্স্যুরেন্স খাত ছিল মূলত রাষ্ট্রনিয়ন্ত্রিত। জীবন বীমার দায়িত্বে ছিল জীবন বীমা করপোরেশন এবং সাধারণ বীমার দায়িত্বে সাধারণ বীমা করপোরেশন। ১৯৮৪ সালে আইন সংশোধনের মাধ্যমে বেসরকারি খাতকে ইন্স্যুরেন্স ব্যবসার সুযোগ দেওয়া হয় এবং পরের বছরগুলোতে বেসরকারি কোম্পানির যাত্রা শুরু হয়।

ফলে তখনকার গ্রাহকের সামনে আজকের মতো এত প্রতিষ্ঠান, পণ্য কিংবা সেবা পাওয়ার মাধ্যম ছিল না। ইন্টারনেট, স্মার্টফোন কিংবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস না থাকায় এজেন্ট, অফিস, কাগজের ফরম, রসিদ ও পলিসি ডকুমেন্টের ওপরই নির্ভর করতে হতো। আর পলিসির কাগজটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ রেকর্ড।

আর ক্লেইম?

সেখানেও নির্ভরতা ছিল মূলত কাগজপত্র ও সরাসরি যোগাযোগের ওপর; পুরো প্রক্রিয়াই ছিল অনেক বেশি ম্যানুয়াল।

এখন ইন্স্যুরেন্স হাতের মুঠোয়

চার দশক পর ছবিটা অনেকটাই আলাদা। এখন একজন গ্রাহক ঘরে বসেই স্মার্টফোন থেকে পলিসির তথ্য দেখতে, ডিজিটাল মাধ্যমে প্রিমিয়াম পরিশোধ করতে, ডকুমেন্ট সংরক্ষণ করতে কিংবা ক্লেইমের অগ্রগতি জানতে পারেন।

নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএও এই ডিজিটাল রূপান্তর ও গ্রাহকের আস্থা বাড়ানোকে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখছে। পরিবর্তনটা শুধু কাগজ থেকে স্ক্রিনে আসার নয়; পরিবর্তনটা গ্রাহকের প্রত্যাশাতেও।

আগে গ্রাহক অফিসে জেয়ে খবর নিতেন, “আমার পলিসিটা ঠিক আছে তো?” এখন তিনি ঘরে বসেই নিজের ক্লেইম নিজেই চেক করতে পারেন; তথ্য এখন তার হাতের কাছেই থাকে থাকবে বলে প্রত্যাশা করেন।

ব্যাংকেও মিলছে ইন্স্যুরেন্স

পরিবর্তনের আরেকটি বড় উদাহরণ হলো ব্যাংকাস্যুরেন্স। আশির দশকে ব্যাংকের মাধ্যমে জীবন বীমা কেনার ধারণা ছিল না, কিন্তু সেটিই এখন বাস্তবতা। বাংলাদেশে ব্যাংকাস্যুরেন্সের নীতিগত কাঠামো আসে ২০২৩ সালে, কার্যক্রম শুরু হয় ২০২৪ সালের মার্চে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ পর্যন্ত ১২টি ব্যাংক এই লাইসেন্স পেয়েছে, ফলে ব্যাংকের বিদ্যমান গ্রাহক সম্পর্ক ও ডিজিটাল অবকাঠামোর সঙ্গে ইন্স্যুরেন্স যুক্ত হওয়ার নতুন সুযোগ তৈরি হয়েছে।

গার্ডিয়ান লাইফও এই পরিবর্তনের অংশ হিসেবে ব্যাংকাস্যুরেন্সের মাধ্যমে গ্রাহকের কাছে ইন্স্যুরেন্স পৌঁছে দিচ্ছে। ব্যাংকের ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে পলিসি কেনার সুযোগ ইন্স্যুরেন্সকে আগের তুলনায় আরও সহজলভ্য করে তুলছে।

শুধু পলিসি নয়, সুরক্ষার পরিধিও বদলেছে

পরিবর্তন এসেছে ইন্স্যুরেন্সের ধারণাতেও। একসময় জীবন বীমা বলতে মূলত দীর্ঘমেয়াদি আর্থিক সুরক্ষা ও সঞ্চয়ের কথাই সামনে আসত। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্যসেবা, টেলিমেডিসিন, হাসপাতাল-সংক্রান্ত সুবিধা, ডিজিটাল সেবা এবং বিভিন্ন ভ্যালু-অ্যাডেড সার্ভিস।

গার্ডিয়ান লাইফের মতো প্রতিষ্ঠানগুলোও এখন প্রচলিত জীবন বীমার পাশাপাশি করপোরেট, মাইক্রোইন্স্যুরেন্স, ব্যাংকাস্যুরেন্স ও ডিজিটাল ইন্স্যুরেন্সের মাধ্যমে ভিন্ন ভিন্ন শ্রেণির মানুষের কাছে সুরক্ষা পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। প্রযুক্তির ব্যবহার ইন্স্যুরেন্সের ভৌগোলিক সীমাবদ্ধতাও কমিয়ে আনছে – গ্রাহক শহরের থাকুক বা প্রত্যন্ত অঞ্চলে, সেটি আর সেবা পাওয়ার একমাত্র নির্ধারক নয়।

তবে সবচেয়ে বড় পরিবর্তনটা হওয়া দরকার আস্থায়

প্রযুক্তি এসেছে, নতুন পণ্য এসেছে, সেবা পাওয়ার নতুন মাধ্যম তৈরি হয়েছে। তারপরও বাংলাদেশের ইন্স্যুরেন্স খাতের সামনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটি সম্ভবত আগের মতোই—গ্রাহকের আস্থা। কারণ, ইন্স্যুরেন্সের প্রকৃত মূল্য বোঝা যায় ক্লেইমের সময়।

কিছু প্রতিষ্ঠানে দীর্ঘদিনের অনিষ্পন্ন ক্লেইম এখনো পুরো খাতের প্রতি গ্রাহকের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। ২০২৬ সালে আইডিআরএ প্রায় ৭ হাজার কোটি টাকার বকেয়া ক্লেইম নিষ্পত্তিকে সংস্কারের অন্যতম অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করেছে।

তাই আধুনিক ইন্স্যুরেন্সের পরিচয় শুধু একটি সুন্দর অ্যাপ বা অনলাইনে পলিসি কেনার সুযোগে সীমাবদ্ধ থাকতে পারে না। দ্রুত ও স্বচ্ছ ক্লেইম নিষ্পত্তি, সঠিক তথ্য দেওয়া এবং প্রতিশ্রুতি অনুযায়ী সেবা দেওয়াই শেষ পর্যন্ত নির্ধারণ করবে মানুষ ইন্স্যুরেন্সকে কীভাবে দেখবে।

নস্টালজিয়া থাকুক ছবিতে

আশির দশকের ছবিতে সেই পোশাক, ক্যামেরার গ্রেইন কিংবা সেই সময়ের চুলের স্টাইল আমাদের নস্টালজিক করে তুলতেই পারে। কিন্তু আর্থিক সুরক্ষার ক্ষেত্রে মানুষ স্বাভাবিকভাবেই সামনে এগোতে চায়।

চার দশকের ব্যবধানে বাংলাদেশের ইন্স্যুরেন্স খাত রাষ্ট্রনিয়ন্ত্রিত সীমিত পরিসর থেকে একটি বড় ও বহুমাত্রিক আর্থিক খাতে পরিণত হয়েছে। বর্তমানে দেশে ৮২টি লাইফ ও নন-লাইফ ইন্স্যুরেন্স প্রতিষ্ঠান রয়েছে। প্রযুক্তি, ব্যাংকাস্যুরেন্স ও নতুন ডিস্ট্রিবিউশন চ্যানেল সেই পরিবর্তনকে আরও এগিয়ে নিচ্ছে।

এখন প্রয়োজন এই পরিবর্তনের কেন্দ্রে গ্রাহককে রাখা – যাতে পলিসি কেনা যেমন সহজ, প্রয়োজনের মুহূর্তে সুরক্ষা পাওয়াও তেমনি সহজ হয়।

কারণ, আশির দশকের লুক আবার ট্রেন্ডে ফিরতে পারে; কিন্তু আর্থিক সুরক্ষার অভিজ্ঞতা ফিরে যাক আশির দশকে—সেটা নিশ্চয়ই কেউ চাইবেন না।

 

লেখক : অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা