মীর্জা মো. নাসির উদ্দিন
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৮ পিএম
মীর্জা মো. নাসির উদ্দিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
উচ্চশিক্ষা, ধর্মীয় জ্ঞান, সামাজিক মর্যাদা, বুদ্ধিমত্তা কিংবা কোনো ক্ষমতাধর প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকলেই যে একজন মানুষ আবেগীয়ভাবে পরিণত- এমনটি মনে করার কোনো কারণ নেই। বাস্তব জীবনে আমরা প্রায়ই দেখি, একজন মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ বা মর্যাদাপূর্ণ অবস্থানে থেকেও তার আচরণ, সিদ্ধান্ত কিংবা বক্তব্য কখনও কখনও বাস্তবতা, সামাজিক প্রত্যাশা ও দায়িত্ববোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয় না। তার কোনো বেফাঁস মন্তব্য, অসংযত আচরণ কিংবা হঠকারী সিদ্ধান্ত মুহূর্তেই বিতর্কের জন্ম দিতে পারে এবং সমাজে একটি অনাকাঙ্ক্ষিত দৃষ্টান্ত তৈরি করতে পারে।
ইমোশনাল ম্যাচিউরিটি বা আবেগীয় পরিপক্বতা আবেগকে দমন করার নাম নয়; বরং নিজের আবেগকে চিনতে পারা, তা নিয়ন্ত্রণ করতে পারা এবং তাৎক্ষণিক আবেগের পরিবর্তে বৃহত্তর মানবিক ও দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দিয়ে সিদ্ধান্ত নিতে পারার সক্ষমতা। মানুষের হাতে যত বেশি জ্ঞান, প্রযুক্তি ও ক্ষমতা এসেছে, ততই তার সিদ্ধান্তের প্রভাব বিস্তৃত হয়েছে। কিন্তু সেই জ্ঞান ও ক্ষমতার সঙ্গে যদি আবেগীয় পরিপক্বতা সমানভাবে বিকশিত না হয়, তাহলে ব্যক্তিগত আবেগের ক্ষতির পরিধিও অনেক বড় হয়ে উঠতে পারে। অধৈর্যতা থেকে সড়ক দুর্ঘটনা, ক্রোধ নিয়ন্ত্রণে ব্যর্থতা থেকে মারামারি, অধিকারবোধ থেকে পারিবারিক সহিংসতা, আত্মসংযমের অভাব থেকে যৌন সহিংসতা, অসহিষ্ণুতা থেকে সামাজিক অশান্তি এবং তাৎক্ষণিক লাভের আকাঙ্ক্ষা থেকে দুর্নীতির মতো ঘটনা ঘটতে পারে।
তাই সাধারণ মানুষও অনেক সময় বলে ওঠেন, “এই দায়িত্বে থাকা একজন ব্যক্তির এমনটি বলা বা করা ঠিক হয়নি।” এ ধরনের আচরণের পেছনে সব সময় জ্ঞান বা বুদ্ধির ঘাটতি থাকে না; বরং অনেক সময় থাকে আবেগ নিয়ন্ত্রণ, আত্মসংযম, বিবেচনাবোধ, আত্মসচেতনতা এবং অন্যের অনুভূতি বোঝার সক্ষমতার ঘাটতি। এসব সক্ষমতার সমন্বিত প্রকাশই আবেগীয় পরিপক্বতার গুরুত্বপূর্ণ ভিত্তি।
একজন মানুষের ইমোশনাল ম্যাচিউরিটি তখনই প্রকৃত অর্থে প্রকাশ পায়, যখন তিনি ক্রোধের পরিবর্তে সংযম, প্রতিশোধের পরিবর্তে ন্যায়, বিভেদের পরিবর্তে ঐক্য এবং লোভের পরিবর্তে মানবিকতাকে বেছে নিতে পারেন।
আবেগীয়ভাবে পরিণত মানুষ তার অনুভূতিকে অস্বীকার করেন না। তিনি রাগ করেন, কষ্ট পান, হতাশ হন, আনন্দিত হন- কিন্তু এসব অনুভূতি যেন তার আচরণ ও সিদ্ধান্তকে অন্ধভাবে পরিচালিত না করে, সে বিষয়ে সচেতন থাকেন। তিনি পরিস্থিতি, অন্যের অবস্থান এবং নিজের সিদ্ধান্তের দীর্ঘমেয়াদি পরিণতি বিবেচনা করে প্রতিক্রিয়া জানান।
আজকের পৃথিবীতে ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত জীবনে সাফল্যের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো এই আবেগীয় পরিপক্বতা। কারণ শুধু জ্ঞান বা ক্ষমতা একজন মানুষকে সঠিক সিদ্ধান্ত নিতে শেখায় না; সেই জ্ঞান ও ক্ষমতাকে কীভাবে, কখন এবং কোন উদ্দেশ্যে ব্যবহার করতে হবে, তা নির্ধারণে আবেগীয় পরিপক্বতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আবেগীয়ভাবে পরিণত একজন ব্যক্তি নিজের আচরণের সম্ভাব্য পরিণতি সম্পর্কে সচেতন থাকেন। তিনি চেষ্টা করেন, তার সিদ্ধান্তে যেন অযথা অন্যের ক্ষতি না হয়, অন্যায় না ঘটে এবং ব্যক্তি, প্রতিষ্ঠান বা সমাজের ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।
ইন্টেলিজেন্স ও ইমোশনাল ম্যাচিউরিটি
একজন মানুষের মধ্যে যখন ইন্টেলিজেন্স এবং পাওয়ার- দুটিই থাকে, তখন সমাজ স্বাভাবিকভাবেই তার কাছ থেকে উচ্চমাত্রার ইমোশনাল ম্যাচিউরিটি প্রত্যাশা করে। কারণ জ্ঞান ও ক্ষমতা যেমন একজন মানুষকে অসাধারণ কিছু করার সুযোগ দেয়, তেমনি ভুলভাবে ব্যবহৃত হলে তা অন্য মানুষ, প্রতিষ্ঠান এমনকি একটি সমাজকেও ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিষয়টি সহজভাবে এভাবে বলা যায়- ইন্টেলিজেন্স বলে: “আমি অনেক কিছু জানি।” ইমোশনাল ম্যাচিউরিটি বলে: “আমি অনেক কিছু জানি, কিন্তু সবকিছু জানি না।” এই সামান্য পার্থক্যের মধ্যেই লুকিয়ে আছে বিনয়, আত্মসচেতনতা ও শেখার মানসিকতা। আবার পাওয়ার মানুষকে নিয়ন্ত্রণ করতে পারে; ইমোশনাল ম্যাচিউরিটি মানুষকে অনুপ্রাণিত করতে শেখায়।
ক্ষমতা কখনও কখনও মানুষকে নিজের অবস্থান সম্পর্কে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে তুলতে পারে। তখন সে অন্যের মতামত, অনুভূতি কিংবা ভিন্ন দৃষ্টিভঙ্গিকে উপেক্ষা করতে শুরু করে। ক্ষমতার এই অন্ধত্ব ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব তৈরি করে এবং শেষ পর্যন্ত ক্ষমতাবান ব্যক্তির নিজের জন্যও ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে ইমোশনাল ম্যাচিউরিটি একজন মানুষকে শেখায়- অন্যকে শুধু শোনা নয়, বোঝার চেষ্টা করতে; শুধু নিজের মত প্রকাশ নয়, ভিন্নমতকে সম্মান করতে; শুধু সিদ্ধান্ত নেওয়া নয়, সেই সিদ্ধান্তের প্রভাব সম্পর্কেও ভাবতে।
ফলে তার নেতৃত্ব বা প্রভাব ভয়ের ওপর নয়, বরং আস্থা, শ্রদ্ধা ও অনুপ্রেরণার ওপর প্রতিষ্ঠিত হয়। আবেগীয়ভাবে পরিপক্ব একজন ব্যক্তি বোঝেন, প্রভাব বিস্তারের ক্ষমতার সঙ্গে একটি বড় দায়িত্বও যুক্ত থাকে। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি নিজেকে প্রশ্ন করতে পারেন- “আমার এই সিদ্ধান্ত, আচরণ বা প্রভাব কি অন্যের উপকার করছে, নাকি তাদের ক্ষতি করছে?” এই আত্মজিজ্ঞাসাই একজন জ্ঞানী মানুষকে শুধু জ্ঞানী নয়, প্রজ্ঞাবান করে তোলে; একজন ক্ষমতাবান মানুষকে শুধু শক্তিশালী নয়, দায়িত্বশীল করে তোলে; আর একজন সফল মানুষকে শুধু সফল নয়, মানবিক ও মর্যাদাশীল করে তোলে।
ভালোবাসায় ইমোশনাল ম্যাচিউরিটি: ‘শেষের কবিতা’
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’-য় অমিত ও লাবণ্যের সম্পর্ককে ভালোবাসায় আবেগীয় পরিপক্বতার একটি অনন্য সাহিত্যিক দৃষ্টান্ত হিসেবে দেখা যেতে পারে। অমিত ও লাবণ্যের প্রেম ছিল গভীর, আবেগময় ও রোমান্টিক। কিন্তু লাবণ্য উপলব্ধি করেছিলেন- তীব্র আবেগের প্রেম এবং প্রতিদিনের সংসারজীবনের বাস্তবতা এক জিনিস নয়। উপন্যাসের বহুল আলোচিত ‘ঘটির জল’ ও ‘দীঘির জল’-এর রূপক এই পার্থক্যকে অত্যন্ত সুন্দরভাবে প্রকাশ করে। ‘ঘটির জল’ যেন দৈনন্দিন জীবন, ব্যবহার ও সংসারের সঙ্গে যুক্ত; আর ‘দীঘির জল’ যেন গভীর, সঞ্চিত ও অন্তর্লীন ভালোবাসার প্রতীক- যার বিস্তার অনেক বেশি, কিন্তু যার প্রকৃতি প্রতিদিনের ব্যবহারের মতো নয়।
এই উপলব্ধি থেকেই লাবণ্য কেবল আবেগের কাছে আত্মসমর্পণ না করে বাস্তবতাকে গ্রহণ করেন। তিনি অমিতকে নিজের করে পাওয়ার আকাঙ্ক্ষার পরিবর্তে এমন একটি সিদ্ধান্ত গ্রহণ করেন, যেখানে ভালোবাসার পাশাপাশি স্বাধীনতা, মর্যাদা ও বাস্তবতার প্রতি সম্মান রয়েছে। অমিতও তাঁর সিদ্ধান্তকে সম্মান করেন। এখানে ভালোবাসাকে শুধু অধিকার হিসেবে নয়, বরং অপরের স্বাধীনতা, কল্যাণ ও মর্যাদার প্রতি সম্মান হিসেবে দেখা হয়েছে।
নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা, বাস্তবতাকে স্বীকার করা, প্রিয় মানুষের স্বাধীনতাকে সম্মান করা এবং নিজের আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠে পরিণত সিদ্ধান্ত নিতে পারা- এসবই (ইমোশনাল ম্যাচিউরিটির গুরুত্বপূর্ণ লক্ষণ।
তাই অমিত-লাবণ্যের বিচ্ছেদকে কেবল প্রেমের ব্যর্থতা হিসেবে না দেখে বলা যায়, এটি এমন এক ভালোবাসার পরিণতি, যেখানে আবেগ পরাজিত হয়নি; বরং আবেগকে অতিক্রম করে জন্ম নিয়েছে প্রজ্ঞা ও মানসিক পরিপক্বতা।
ইতিহাসের নির্মম শিক্ষা
ইতিহাস আমাদের সতর্ক করে যে, একজন সাধারণ মানুষের আবেগীয় অপরিপক্বতা বা বিচক্ষণতার অভাব মূলত তার ব্যক্তিগত পরিমণ্ডলকে প্রভাবিত করে; কিন্তু রাষ্ট্র পরিচালনা ও নীতি নির্ধারণে যুক্ত ব্যক্তিবর্গের সিদ্ধান্তের দূরদর্শিতার অভাব একটি সমগ্র জাতির ভবিষ্যৎ ও স্থিতিশীলতাকে প্রভাবিত করতে পারে।
নেপোলিয়নের রাশিয়া অভিযান বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মতো ঐতিহাসিক প্রেক্ষাপট পর্যালোচনা করলে দেখা যায়, অতিরিক্ত আত্মবিশ্বাস, পরিবর্তিত বাস্তবতার গতিপ্রকৃতি অনুধাবনে বিলম্ব এবং প্রাতিষ্ঠানিক ভিন্নমতকে মূল্যায়নে অনীহা রাষ্ট্রীয় কৌশলকে জটিল করে তুলতে পারে। ইতিহাসবিদ ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতার কেন্দ্রে থেকে আবেগ নিয়ন্ত্রণ করা, পরিস্থিতি নিরপেক্ষভাবে মূল্যায়ন করা এবং গঠনমূলক পরামর্শ গ্রহণ করাই বিচক্ষণ নেতৃত্বের মূল পরিচয়। নীতি নির্ধারণে ব্যক্তিগত আবেগের চেয়ে বস্তুনিষ্ঠ বাস্তবতা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া তাই যেকোনো ঐতিহাসিক অধ্যায়ে সুশাসনের অন্যতম পূর্বশর্ত হিসেবে গণ্য হয়েছে।
লেখক: অধ্যক্ষ (পিআরএল), কুড়িগ্রাম সরকারি কলেজ, কুড়িগ্রাম