× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'তোরা শুধু ভালো মানুষ হ’

ইমতিয়াজ আহমেদ পিয়াস

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩০ পিএম

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আমাদের স্কুলজীবনের ইসলাম শিক্ষার স্যারকে আমরা অনেকেই ভালোবেসে ‘হুজুর’ বলে ডাকতাম। আজ পেছনে ফিরে তাকালে মনে হয়, তিনি শুধু একজন ধর্মের শিক্ষকই ছিলেন না বরং তিনি ছিলেন জীবনের এক সরল ও উজ্জ্বল বাতিঘর। তার সিলেবাস ছিল খুব সংক্ষিপ্ত, কিন্তু জীবনের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। 

তিনি বলতেন, “ঠিকঠাক নামাজ পড়বি, মিথ্যা বলবি না, বড়দের সম্মান ও ছোটদের স্নেহ করবি আর অন্যের ক্ষতি হয় এমন কিছু করবি না ব্যাস, এটুকু করলেই হবে”।

সেই ক্লাসে আমাদের পাশে হিন্দু বা ক্রিশ্চিয়ান সহপাঠীরাও বসত। হুজুর তাদের নিজ নিজ ধর্মের বই খুলতে বলে পরম স্নেহে বলতেন, “তোদেরও একই কথা বলবো। সকাল সকাল ঘুম থেকে উঠেই উপাসনা করবি। তারপর সারাদিন মিথ্যা বলবি না, ভালো ভালো কাজ করবি আর কারো ক্ষতি করবি না”। আমরা যখন কৌতূহলী হয়ে জিজ্ঞেস করতাম, “হুজুর, তাহলে সত্যি কোনটা?”

হুজুর হেসে উত্তর দিতেন, “যার যার কাছে তার তার চিন্তাভাবনা আর সামাজিক রীতিনীতি সত্যি। আমাদের শুধু মাথায় রাখতে হবে, আমার কোনো কথার জন্য যেন আমার বন্ধু-বান্ধবী কষ্ট না পায়। তোরা একজন আরেকজনকে কটুকথা বললে বা মনে কষ্ট দিলে, সম্মান না করলে মানুষটা কষ্ট পাবে। এটা সব ধর্মেই গর্হিত কাজ। তোরা সবাই শুধু ভালো মানুষ হ; এটাই আমি আশা করি”।

কী অদ্ভুত এক সর্বজনীন মানবিক শিক্ষা! কী অসম্ভব সহজ আর সুন্দর ছিল আমাদের সেই সময়টা! 

আর আজ? চারপাশের সমাজটার দিকে তাকালে কেমন যেন অদ্ভুত লাগে। আধুনিক প্রযুক্তির যুগে কম্পিউটারে যেমন ভাইরাস ঢুকে পুরো সিস্টেমকে অচল করে দেয়, তেমনি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে এক নতুন ধরনের ‘ভাইরাস’। 

আজকের তরুণ ও যুবসমাজের একটা বড় অংশের দিকে তাকালে এক চরম অস্থিরতা চোখে পরে। তারা অল্পতেই অধৈর্য হয়ে উঠছে। সহনশীলতা শব্দটা যেন তাদের ডিকশনারি থেকে হারিয়ে গেছে। চারপাশের দিকে তাকালে দেখা যায় নৈতিক শিক্ষার চরম অবক্ষয় । বড়দের সাথে সামান্য কারণে বেয়াদবি করা, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বাস্তব জীবনে কথায় কথায় অশ্লীল বাক্য চয়ন বা কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করা এখন এক শ্রেণির তরুণের কাছে 'স্মার্টনেস' হয়ে দাঁড়িয়েছে। 

সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে ‘মব জাস্টিস’ বা মব সৃষ্টি করে দলবদ্ধ আক্রমণ। আইন নিজের হাতে তুলে নেওয়া, কাউকে সন্দেহ হলেই দল বেঁধে চড়াও হওয়া, মানসিক বা শারীরিকভাবে হেনস্তা করা যেন নিত্যদিনের ঘটনা। অথচ এই যুবসমাজের মেতে থাকার কথা ছিল শিক্ষা, জ্ঞান-বিজ্ঞান, নতুন উদ্ভাবন আর সৃষ্টিশীলতা নিয়ে। যেখানে ছোটদের প্রতি স্নেহ আর বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে সমাজকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার কথা, সেখানে সমাজ আজ এক অন্ধকার চোরাবালিতে আটকে গেছে। এই নৈতিক ধসের পেছনে একক কোনো কারণ নেই, বরং এটি একটি সামষ্টিক ব্যবস্থার ব্যর্থতা। আমাদের বর্তমান শিক্ষাব্যবস্থা জিপিএ-৫ আর মুখস্থবিদ্যার পেছনে ছুটছে, কিন্তু একজন ‘ভালো মানুষ’ গড়ার যে নৈতিক শিক্ষা, তা দিতে ব্যর্থ হচ্ছে। 

পরিবারগুলো থেকেও সন্তানকে নৈতিক মূল্যবোধ শেখানোর চেয়ে প্রতিযোগিতায় প্রথম হওয়ার চাপ বেশি দেওয়া হচ্ছে। ফেসবুক, টিকটক বা ইউটিউবের অ্যালগরিদম এমনভাবে তৈরি যা উগ্রতা, বিতর্ক আর নেতিবাচকতাকে বেশি প্রমোট করে। সস্তা লাইক-কমেন্টের আশায় তরুণেরা উগ্র আচরণ ও অশ্লীল ভাষাকে নিজেদের ঢাল বানাচ্ছে। মব সৃষ্টি করে কাউকে আক্রমণ করার পর যদি দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে অপরাধীদের সাহস বেড়ে যায়। অপরাধ করে পার পেয়ে যাওয়ার এই সংস্কৃতি তরুণদের আরও বেশি বেপরোয়া করে তুলছে। 

আজ সমাজে এমন ব্যক্তিত্ব বা তরুণ নেতা খুবই কম যাদের দেখে তরুণেরা অনুপ্রাণিত হবে। চারদিকে শুধু স্বার্থপরতা আর ক্ষমতার দাপট দেখে তারাও ভাবছে এটাই হয়তো জীবন। এই অবক্ষয়ের প্রভাব পড়ছে দেশের সামষ্টিক উন্নয়নে। দেশে আজ বড় কোনো বৈজ্ঞানিক আবিষ্কার নেই, বিশ্বমঞ্চে বুক ফুলিয়ে দাঁড়ানোর মতো উদ্ভাবক নেই। কালজয়ী সাহিত্যিক বা ঔপন্যাসিক তৈরির ধারাও থমকে গেছে। নতুন কোনো বড় দূরদর্শী উদ্যোক্তা তৈরি হচ্ছে না। যারাও বা ফ্রিল্যান্সিং বা ছোটখাটো উদ্যোগ নিয়ে গ্লোবাল মার্কেটে লড়াই করার চেষ্টা করছেন, আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ের জটিলতা আর আমলা তান্ত্রিক জটিলতা অনেক বিষয়কে কঠিন করে তুলেছে । 

দেশে আজ আছে শুধু ‘আন্দোলন’, সাধারণ কিছু হলেও আন্দোলন! অথচ 'আন্দোলন' শব্দটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের এক সুন্দর প্রতীক হওয়ার কথা ছিল। 

অনর্থক এবং অপ্রয়োজনীয় এ সকল প্রতিবাদ সত্যিকার অর্থের আন্দোলন ও প্রতিবাদ কে প্রশ্নবিদ্ধ করছে। মানুষ আর অনর্থ ক প্রতিবাদ দেখতে চায় না মানুষ চায় শান্তি। উৎপাদনশীলতা বাদ দিয়ে পুরো সমাজ যেন এক অস্থিরতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে। এই 'ভাইরাস' আক্রান্ত সমাজ থেকে মুক্তি পেতে হলে আমাদের এখনই কিছু জরুরি পদক্ষেপ নিতে হবে। জিপিএ-৫ এর অন্ধ দৌড় বন্ধ করে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে নৈতিকতা, সহনশীলতা, সাইবার এথিকস এবং মানবিক মূল্যবোধের ওপর জোর দিতে হবে। বাবা-মাকে সন্তানের ডিজিটাল অ্যাক্টিভিটি এবং আচরণের দিকে নজর দিতে হবে। সন্তানকে শুধু সফল নয়, একজন সংবেদনশীল মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মব জাস্টিস বা দলবদ্ধ হেনস্তার বিরুদ্ধে প্রশাসনকে 'জিরো টলারেন্স' নীতি গ্রহণ করতে হবে। আইন নিজের হাতে তুলে নিলে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। 

একই সাথে বিভিন্ন গোষ্ঠী যাতে আমাদের তরুণ সমাজকে ব্রেন ওয়াশের মাধ্যমে ভিন্নখাতে পরিচালিত করতে না পারে সেদিকেও যথাযথ কর্তৃপক্ষের গুরুত্বের সাথে নজরদারি রাখতে হবে। 

তবে যুবসমাজকে শুধু দোষারোপ করলেই সমাধান আসবে না, তাদের সঠিক পথে পরিচালিত করতে হবে। আর এর সবচেয়ে বড় উপায় হলো যুবসমাজের ইতিবাচক নেতৃত্বের বিকাশ ঘটানো। নেতৃত্ব মানে কেবল রাজনীতি নয়; নেতৃত্ব মানে সমাজ সংস্কার, বিজ্ঞান চর্চা, জলবায়ু পরিবর্তন রোধ, এবং রক্তদান বা সমাজসেবার মতো ইতিবাচক কাজে এগিয়ে আসা। তরুণদের মধ্য থেকেই এমন সৎ, দূরদর্শী ও শিক্ষিত তরুণ নেতৃত্ব বেরিয়ে আসতে হবে, যারা সমবয়সীদের বোঝাতে পারবে যে উগ্রতা কোনো বীরত্ব নয়। প্রকৃত বীরত্ব হলো, সহিংশীলতা, অন্যের প্রতি সম্মান, সামাজিক মূল্যবোধ ও সমৃদ্ধির পথে দেশকে এগিয়ে নেওয়া। আমাদের আবার সেই স্কুলের হুজুরের দেওয়া সহজ পাঠে ফিরে যেতে হবে। চিৎকার-চেঁচামেচি আর বিভেদের সংস্কৃতি বাদ দিয়ে দেশকে দিতে হবে সভ্যতা, নৈতিকতা নতুন আবিষ্কার, নতুন সাহিত্য আর অর্থনৈতিক মুক্তি। আসুন, আমরা আবার একে অপরকে সম্মান করতে শিখি। কারো মনে কষ্ট না দিয়ে, কারো ক্ষতি না করে, যুবসমাজকে সাথে নিয়ে এক সুস্থ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলি। দিনশেষে, হুজুরের সেই উপদেশই হোক আমাদের পথচলার শক্তি- “তোরা শুধু ভালো মানুষ হ”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা