ফরহাদ মজহার
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১০:১৫ এএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৬ ১০:১৮ এএম
ফরহাদ মজহার। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু বিপর্যয়ের নয়া চেহারা
২৬ আগস্ট ২০২৬-এ নেপাল-তিব্বত সীমান্তের হিমালয় অঞ্চলে যা ঘটেছে, তাকে শুধু ‘বন্যা’ বললে ঘটনার প্রকৃতি ধরা যায় না। এটা ছিল বরফ, পাথর, কাদা, পানি ও পাহাড়ধসের এক যৌথ বিপর্যয়Ñ এক ধরনের বহু-বিপদে জটিল দুর্যোগ (compound or cascading disaster), যেখানে একটি ঘটনার ধাক্কা মুহূর্তের মধ্যে আরেকটি বিপদ তৈরি করেছে। পাহাড়ের ওপর থেকে বিশাল বরফখণ্ড ও শিলামাটি ভেঙে পড়ে নদী অববাহিকায়; তার সঙ্গে পানি ও ধ্বংসাবশেষ মিশে কয়েক মিনিটের মধ্যে নিচের জনপদের দিকে ধেয়ে আসে। কোনো কোনো স্থানে নদীর পানি আধা ঘণ্টার মধ্যে প্রায় ৯ মিটার বা ২৭ ফুট বেড়ে যায়। ২৯ আগস্ট পর্যন্ত নেপালে অন্তত ৫৭৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, প্রায় ১ হাজার ৯২৪ জন নিখোঁজ; তিব্বতে আরও ৫ জন নিহত এবং ৫৫৮ জন নিখোঁজ বলে বিভিন্ন কর্তৃপক্ষ জানিয়েছে। সংখ্যাগুলো এখনও বাড়ছে।
প্রচলিত বন্যা-সতর্কতা ব্যবস্থা সাধারণত নদীর পানি ধীরে ধীরে বাড়ার হিসাব ধরে তৈরি, কিন্তু এবার বিপদ এসেছে বিস্ফোরণের মতো দ্রুত। এমনকি নদীর পানি মাপার যন্ত্র ও পর্যবেক্ষণ কেন্দ্রও সতর্কবার্তা পাঠানোর আগেই ভেসে গেছে। নেপালের মহা বিপদ প্রমাণ করছে ‘বিপদের চরিত্র বদলে গেছে’Ñ অর্থাৎ অতীতের দুর্যোগের তথ্য দিয়ে বানানো সতর্কতা ব্যবস্থা ভবিষ্যতের জলবায়ু-বদলে-যাওয়া বিপদ সামলাতে সব সময় যথেষ্ট হবে না। বাংলাদেশের জন্য এটা বিশাল একটি শিক্ষা।
আসলে কী ঘটেছে
এই বিপর্যয়ের সুনির্দিষ্ট ঘটনাক্রম নিয়ে বিজ্ঞানীদের অনুসন্ধান এখনও চলছে। প্রথমদিকে একে হিমবাহ-হ্রদ বিস্ফোরণজনিত বন্যা (Glacial Lake Outburst FloodÑ GLOF) বলা হয়েছিল। কিন্তু পরের পর্যবেক্ষণে আরও জটিল ছবি পাওয়া যাচ্ছে। প্রাথমিক বৈজ্ঞানিক ব্যাখ্যা অনুযায়ী, উঁচু পাহাড়ে একটি বিরাট শিলা বা ভূমিধস হিমবাহের অংশকে সঙ্গে নিয়ে নিচে নামে; বরফ, পাথর ও ধ্বংসাবশেষ নদী অববাহিকায় পড়ার পর বিপুল পানি মুক্ত হয় এবং প্রবল ধ্বংসাবশেষ-প্রবাহ (debris flow) তৈরি করে। এত বড় ধস হয়েছিল যে ভূকম্পন যন্ত্রেও তার সংকেত ধরা পড়ে। ঠিক কতখানি পানি কোথা থেকে একসঙ্গে মুক্ত হয়েছিলÑ হিমবাহের ভেতর, অস্থায়ী বাঁধে আটকে থাকা পানি, না অন্য কোনো জলাধার থেকেÑ সেটি এখনও গবেষণার বিষয়।
এই সতর্কতাটি জরুরি। একটি বিপর্যয় ঘটলেই ‘জলবায়ু পরিবর্তনের কারণে হয়েছে’ বলে সরল সমীকরণ টানা বিজ্ঞানসম্মত নয়। কোনো একক পাহাড়ধসের তাৎক্ষণিক কারণ হতে পারে ভূতাত্ত্বিক দুর্বলতা, অতিবৃষ্টি, বরফের ভাঙন, পারমাফ্রস্ট বা স্থায়ী-জমাট মাটির গলন, ভূমিকম্প কিংবা কয়েকটি কারণের সম্মিলন। কিন্তু জলবায়ু সংকট যে হিমালয়ের এই গোটা ভৌত ব্যবস্থাটিকে ক্রমশ অস্থিতিশীল করে তুলছে, সেই বৃহত্তর সম্পর্ক নিয়ে বৈজ্ঞানিক প্রমাণ অনেক শক্ত।
আন্তর্জাতিক সমন্বিত পর্বত উন্নয়ন কেন্দ্রের (International Centre for Integrated Mountain DevelopmentÑ ICIMOD) ২০২৬ সালের হিমবাহ মূল্যায়ন বলছে, হিন্দুকুশ-হিমালয়ের হিমবাহগুলোর বরফ হারানোর গতি গত কয়েক দশকে দ্রুত হয়েছে। ১৯৭৪-১৯৯৯ সময়ের তুলনায় ২০০০-২০২৩ সময়ে গড় হিমবাহ ক্ষয়ের হার প্রায় দ্বিগুণ। গত অর্ধশতকে আঞ্চলিকভাবে বিপুল বরফভান্ডার হারিয়ে গেছে। হিমবাহ পিছিয়ে গেলে শুধু পানি কমে না; নতুন হিমবাহ-হ্রদ তৈরি হয়, পাহাড়ের ঢালের স্থিতি বদলায়, শিলা উন্মুক্ত হয় এবং হঠাৎ বন্যা, বরফধস ও ধ্বংসাবশেষ-প্রবাহের ঝুঁকিও বাড়ে ।
হিমালয় এখন কেন আলাদা বিপদের অঞ্চল
হিমালয়কে আমরা সাধারণত বরফে ঢাকা স্থির পাহাড় হিশাবে কল্পনা করি। বাস্তবে এটি একটি চলমান ভূতাত্ত্বিক ব্যবস্থা। তরুণ পর্বতমালা হওয়ায় এখানে পাহাড়ি ঢাল এমনিতেই অস্থিতিশীল। এর ওপর উষ্ণতা বাড়লে বরফ ও স্থায়ীভাবে জমে থাকা মাটি গলে পাহাড়ের পাথরকে ধরে রাখার প্রাকৃতিক বন্ধন দুর্বল হয়। বরফ গলে হিমবাহ পিছিয়ে যায়; তার সামনে বা ভেতরে পানি জমে নতুন হ্রদ তৈরি হয়। কোথাও বরফ বা পাথর সেই হ্রদে পড়ে বিশাল ঢেউ তৈরি করতে পারে; কোথাও প্রাকৃতিক বাঁধ ভেঙে যেতে পারে। আবার পাহাড়ধস নদী বন্ধ করে সাময়িক জলাধার বানাতে পারে, যা কিছুক্ষণ পর ভেঙে নিচের দিকে ভয়াবহ ঢল নামায়।
অর্থাৎ জলবায়ু বিপর্যয় শুধু ‘তাপমাত্রা বাড়া’ না। এটি ভূদৃশ্যের আচরণ বদলে দিচ্ছে। নদী, বরফ, পাহাড়, মাটি ও বৃষ্টির পারস্পরিক সম্পর্কও বদলাচ্ছে।
এই জায়গায় ‘অভিযোজন’ (adaptation) ধারণার সীমাও পরিষ্কার হয়। ক্ষতির মাত্রা এমন জায়গায় পৌঁছাতে পারে যেখানে সমাজের অভিযোজন ক্ষমতারও সীমা আছে। একটি বসতি যদি কয়েক মিনিটের মধ্যে কয়েক মিটার কাদা-পাথরের নিচে চলে যায়, সেখানে শুধু উঁচু ঘর বানানো বা দুর্যোগ মহড়া যথেষ্ট নয়। তখন বসতি কোথায় হবে, জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় হবে, কোন উপত্যকায় রাস্তা বা পর্যটন অবকাঠামো বানানো যাবেÑ এই প্রশ্নগুলো রাষ্ট্রীয় পরিকল্পনার কেন্দ্রে আনতে হয়।
উন্নয়নের অবকাঠামোও যখন ঝুঁকি বাড়ায়
নেপালের ঘটনায় বহু সেতু, রাস্তা এবং জলবিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক প্রতিবেদনে অন্তত ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা আসে; পরবর্তী হিসাবে ক্ষতির পরিমাণ আরও বেড়েছে। দুর্গত অঞ্চলের বহু বিদ্যুৎকেন্দ্র ও জলবিদ্যুৎ নির্মাণস্থলও আঘাত পেয়েছে।
এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, অবকাঠামোকে শুধু ‘উন্নয়ন’ ধরে নেওয়া যাবে না। একটি জলবিদ্যুৎ কেন্দ্র, বাঁধ, রাস্তা বা সেতুর প্রকৌশলগত আয়ু যদি অতীতের নদীপ্রবাহের হিসাব ধরে নির্ধারণ করা হয়, অথচ জলবায়ু পরিবর্তনে নদীর সর্বোচ্চ প্রবাহ ও ধ্বংসাবশেষের চরিত্র বদলে যায়, তাহলে সেই অবকাঠামো নিজেই বিপদের কেন্দ্র হয়ে উঠতে পারে।
হিমালয়ের নতুন বাস্তবতায় তাই ‘শত বছরে একবারের বন্যা’ জাতীয় পুরানা পরিসংখ্যানও নতুন করে পরীক্ষা করতে হবে। জলবায়ু পরিবর্তন যদি সম্ভাবনার বণ্টনটাই বদলে দেয়, তাহলে শত বছরে একবারের ঘটনা দশ-পনেরো বছরের ব্যবধানে ঘটতে পারে।
জলবায়ু-ইনসাফের প্রশ্ন
নেপালের ঘটনা আরেকটি মৌলিক রাজনৈতিক প্রশ্ন সামনে আনে। নেপাল বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণের অতি সামান্য অংশের জন্য দায়ী, অথচ জলবায়ু বিপর্যয়ের ভয়াবহ মূল্য তাকে দিতে হচ্ছে। এটা ‘জলবায়ু বে-ইনসাফির প্রকট উদাহরণ’। রাষ্ট্রের যে সামান্য অর্থ স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, অবকাঠামো বা দারিদ্র্য কমাতে ব্যয় করার কথা, সেটিই বারবার দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনে চলে যাচ্ছে।
এখানেই ‘ক্ষয়ক্ষতি ও লোকসান’ (Loss and Damage) প্রশ্নটি নিছক আন্তর্জাতিক সম্মেলনের কূটনৈতিক শব্দ থাকে না। তার অর্থ দাঁড়ায় : শিল্পবিপ্লবের পর থেকে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে যারা পৃথিবীর বায়ুমণ্ডলের কার্বন-স্থান সবচেয়ে বেশি দখল করেছে, তাদের ঐতিহাসিক দায় আছে; আর যে দেশগুলো সেই দূষণের সামান্য অংশ সৃষ্টি করেও বিপর্যয়ের প্রধান শিকার, তাদের ক্ষতিপূরণের ন্যায্য দাবি আছে। বাংলাদেশের অবস্থাও এই জায়গায় নেপালের খুব কাছাকাছি।
বাংলাদেশের সঙ্গে নেপালের বিপর্যয়ের সম্পর্ক কোথায়
বাংলাদেশে হিমবাহ নাই, কিন্তু হিমালয়ের সঙ্গে বাংলাদেশের জীবন-জীবিকা সরাসরি যুক্ত। গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা নদীব্যবস্থার বিপুল পানি হিমালয় ও তার পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল থেকে আসে। ফলে হিমালয়ের বরফ, বৃষ্টি, ভূমিধস, নদীপ্রবাহ ও পলির আচরণ বদলালে তার প্রভাব শেষ পর্যন্ত বাংলাদেশের নদী, কৃষি, চর, হাওর ও বন্যা সমতলেও এসে পড়ে।
এর মানে অবশ্য এই নয় যে নেপালে হিমবাহ ভাঙলেই সেই একই ঢল বাংলাদেশে এসে পড়বে। নদীর দূরত্ব, উপনদী, সমতলভূমি, জলাধার ও প্রবাহের পরিবর্তনের ফলে সেই ধাক্কা বহু দূরে গিয়ে অন্য রূপ নেয়। কিন্তু বৃহত্তর শিক্ষা হলোÑ বাংলাদেশের বন্যা ব্যবস্থাপনাকে নিজের সীমানার ভেতরের বৃষ্টি ও নদীর পানি দিয়ে বোঝা যথেষ্ট না। আমাদের দরকার পুরো আন্তঃসীমান্ত নদী অববাহিকাকে একটি জীবন্ত ব্যবস্থা হিশাবে দেখা।
সবচেয়ে বড় শিক্ষা: আগাম সতর্কতা মানে শুধু পানি মাপা না
বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় একটি বড় সাফল্য ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা ও স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক। বর্তমানে ‘সবার জন্য আগাম সতর্কতা’ (Early Warnings for All) কর্মসূচির আওতায় বন্যা, আকস্মিক বন্যা, তাপপ্রবাহ, বজ্রপাত ও অন্যান্য বিপদকে নিয়ে বহু-বিপদী সতর্কতা ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা চলছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ইতোমধ্যে বন্যা, আকস্মিক বন্যা, ভূমিধস, বজ্রপাত ও ভূমিকম্পসহ বিভিন্ন বিপদের সমন্বিত সতর্কতা মানচিত্র ব্যবহার করছে।
কিন্তু নেপাল দেখাল, একটি যন্ত্র নদীর পাশে বসালেই নিরাপত্তা তৈরি হয় না। যন্ত্রটি নিজেই যদি প্রথম ঢলে ধ্বংস হয়ে যায়, তাহলে ব্যবস্থা ব্যর্থ।
বাংলাদেশের জন্য তাই অন্তত পাঁচ স্তরের প্রস্তুতি দরকার। প্রথমত, উপগ্রহভিত্তিক পর্যবেক্ষণ, আবহাওয়া রাডার, নদীর গেজ, বৃষ্টিমাপক কেন্দ্র এবং উজানের তথ্যÑ সব মিলিয়ে একই ব্যবস্থায় বিপদ শনাক্ত করতে হবে। দ্বিতীয়ত, একটি গেজের ওপর নির্ভর না করে বিকল্প বা পুনরাবৃত্ত (redundant) ব্যবস্থা রাখতে হবে। তৃতীয়ত, নদীর পানি বাড়ার সতর্কতার পাশাপাশি ভূমিধস, অতিবৃষ্টি, বাঁধভাঙা, উজানের হঠাৎ পানি ছাড়াসহ যৌথ বিপদের মডেল তৈরি করতে হবে। চতুর্থত, সতর্কতা জনগণের কাছে পৌঁছানোর আগেই কী ব্যবস্থা নেওয়া হবেÑ স্কুল বন্ধ, নৌকা প্রস্তুত, গবাদিপশু সরানো, হাসপাতাল ও খাদ্য মজুত স্থানান্তরÑ তার পূর্বনির্ধারিত প্রক্রিয়া থাকতে হবে। পঞ্চমত, স্থানীয় মানুষকে কেবল ‘বার্তার গ্রাহক’ না বানিয়ে সতর্কতা ব্যবস্থার অংশ করতে হবে।
হাওর অঞ্চল বিশেষ ঝুঁকিতে
নেপালের বিপর্যয়ের সবচেয়ে তাৎক্ষণিক শিক্ষা বাংলাদেশের হাওর এলাকার জন্য। সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জের কৃষক জানেন, পাহাড়ে কয়েক দিনের বৃষ্টি অনেক সময় নিচে কয়েক ঘণ্টা বা এক দিনের মধ্যে ঢল নামায়। বোরো ধান কাটার কয়েক দিন আগে আকস্মিক বন্যা হলে একটি পরিবারের সারা বছরের আয় শেষ হয়ে যেতে পারে।
তাই হাওরের আগাম সতর্কতার লক্ষ্য শুধু ‘বন্যা আসবে’ বলা হতে পারে না। কৃষকের জন্য সবচেয়ে প্রয়োজনীয় তথ্য : পানি কত দ্রুত আসবে, কোন ইউনিয়নে আগে পৌঁছাবে, কতখানি বাড়তে পারে এবং ধান কাটার জন্য হাতে কত ঘণ্টা সময় আছে। অর্থাৎ আবহাওয়ার পূর্বাভাসকে জীবিকার পূর্বাভাসে রূপান্তর করতে হবে।
পাহাড়ি চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের শিক্ষা
নেপালের ঘটনার আরেকটি শিক্ষা ভূমিধস নিয়ে। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটের পাহাড়ে অতিবৃষ্টি, পাহাড় কাটা, বন উজাড় ও অপরিকল্পিত বসতির কারণে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। এখানে জলবায়ু পরিবর্তন একা দায়ী নয়; বরং জলবায়ু বিপদ আর ভুল ভূমি-ব্যবস্থাপনা একে অপরকে বাড়িয়ে দেয়।
কোন পাহাড়ে বসতি থাকবে, কোন ঢালে রাস্তা বানানো যাবে, কোথায় পাহাড় কাটা নিষিদ্ধ হবে এবং কোন পরিবারকে বর্ষার আগেই সরিয়ে নিতে হবেÑ এসব সিদ্ধান্ত বৈজ্ঞানিক ঝুঁকি মানচিত্রের ভিত্তিতে নিতে হবে। শুধু দুর্যোগের রাতে মাইকিং করে মানুষ সরানোকে প্রস্তুতি বলা যায় না।
বাঁধ, সেতু ও বিদ্যুৎকেন্দ্রের নকশাও নতুন করে ভাবতে হবে
বাংলাদেশে বড় সেতু, নদী রক্ষা বাঁধ, বিদ্যুৎকেন্দ্র, শিল্পাঞ্চল, অর্থনৈতিক অঞ্চল ও শহর রক্ষা অবকাঠামো এখনও বড় অংশে অতীতের জলবায়ু তথ্যের ওপর নকশা করা হয়। অথচ ভবিষ্যতের বৃষ্টি, তাপমাত্রা, নদীপ্রবাহ ও সমুদ্রপৃষ্ঠ অতীতের মতো থাকবে না।
ফলে অবকাঠামোর জন্য ‘জলবায়ু-চাপ পরীক্ষা’ (climate stress test) বাধ্যতামূলক করা দরকার। অর্থাৎ বর্তমান অনুমানের চেয়ে অনেক বেশি বৃষ্টি, বন্যা, তাপ বা জলোচ্ছ্বাস হলে স্থাপনাটি কী করবেÑ নকশার সময়ই তা পরীক্ষা করতে হবে।
এখানে একটি রাজনৈতিক প্রশ্নও আছে। অবকাঠামোর ঠিকাদার নির্মাণ শেষ করে চলে যাবে; কিন্তু একটি ভুল বাঁধ বা রাস্তার ঝুঁকি স্থানীয় জনগণকে দশকের পর দশক বহন করতে হয়। তাই পরিবেশগত প্রভাব মূল্যায়ন শুধু প্রশাসনিক কাগজপত্র হিশাবে রাখলে চলবে না।
দুর্যোগের আগেই টাকা খরচ করতে হবে
আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থার একটি বড় সমস্যা হলো, বিপর্যয় হওয়ার পরে ত্রাণের টাকা আসে; কিন্তু বিপর্যয়ের আগে ক্ষতি ঠেকানোর জন্য তুলনামূলক কম অর্থ থাকে। এটি উল্টাতে হবে।
পূর্বাভাসভিত্তিক অর্থায়ন (forecast-based financing) বা আগাম কার্যক্রম (anticipatory action) ব্যবস্থায় পূর্বনির্ধারিত বিপদসীমা অতিক্রম করলেই অর্থ ছাড় করা যায়। তখন মানুষ খাবার কিনতে পারে, গবাদিপশু সরাতে পারে, কৃষক আগেভাগে ফসল কাটতে পারে, হাসপাতাল ও স্থানীয় প্রশাসন জরুরি জিনিস মজুত করতে পারে। বাংলাদেশে এই ধরনের উদ্যোগ ইতোমধ্যে বিকশিত হচ্ছে; এগুলোকে স্থানীয় সরকারের নিয়মিত বাজেট ব্যবস্থায় বসানো দরকার।
জাতীয় নিরাপত্তার ধারণাও বদলাতে হবে
নেপালের বিপর্যয় দেখায় জলবায়ু সংকট এখন পরিবেশ মন্ত্রণালয়ের আলাদা কোনো ‘ইস্যু’ না। একই ঘটনায় রাস্তা গেছে, সেতু গেছে, বিদ্যুৎ গেছে, সীমান্ত বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, হাসপাতাল চাপে পড়েছে, পর্যটন থেমেছে এবং হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
বাংলাদেশেও জলবায়ু বিপর্যয়কে জাতীয় নিরাপত্তার বস্তুগত প্রশ্ন হিশাবে দেখতে হবেÑ খাদ্য, পানি, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ ও জনবসতি একসঙ্গে ধরে।
এখানে সেনাবাহিনী বা দুর্যোগ বাহিনীর উদ্ধারক্ষমতা দরকার, কিন্তু জাতীয় নিরাপত্তার অর্থ শুধু উদ্ধার অভিযান না। কোথায় মানুষ বসবাস করবে, কোথায় কৃষি হবে, নদী কীভাবে চলবে, খাদ্যের মজুত কোথায় থাকবে, বিদ্যুৎব্যবস্থা কতখানি বিকেন্দ্রীভূত হবে এবং একটি অঞ্চল বিচ্ছিন্ন হয়ে গেলে কীভাবে কয়েক দিন স্বয়ংসম্পূর্ণ থাকবেÑ এসবও নিরাপত্তার প্রশ্ন।
ভারত-নেপাল-ভুটান-চীন-বাংলাদেশ তথ্যব্যবস্থা দরকার
বাংলাদেশের জন্য সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক শিক্ষা এখানে। ব্রহ্মপুত্র, গঙ্গা ও অন্যান্য নদীর উজান বাংলাদেশের বাইরে। অতএব আমাদের জীবনরক্ষাকারী তথ্যের বড় অংশও সীমান্তের বাইরে তৈরি হয়।
উজানের বৃষ্টি, হিমবাহ-হ্রদ, ভূমিধস, নদীর বাধা, বাঁধের পানি ছাড়ার সময়, জলাধারের স্তর এবং আকস্মিক প্রবাহ সম্পর্কে প্রায় তাৎক্ষণিক তথ্য আদানপ্রদানের আঞ্চলিক চুক্তি ছাড়া একটি আধুনিক আগাম সতর্কতা ব্যবস্থা অসম্পূর্ণ।
পানি নিয়ে রাষ্ট্রগুলোর দরকষাকষি আলাদা বিষয়; জীবনরক্ষাকারী দুর্যোগ তথ্যকে রাজনৈতিক গোপনীয়তার বিষয় বানানো উচিত না।
প্রকৃত প্রস্তুতি কাকে বলে
বাংলাদেশের জলবায়ু প্রস্তুতির দর্শন তাই ‘বিপদ এলে উদ্ধার করব’ থেকে ‘বিপদ আসার আগেই সমাজকে এমনভাবে গড়ব যাতে মৃত্যু ও ক্ষতি কম হয়’Ñ এই জায়গায় নিতে হবে।
এর অর্থ শুধু আরও সাইক্লোন শেল্টার না। এর অর্থ নদী ও হাওরের প্রাকৃতিক পানি চলাচল রক্ষা করা, জলাভূমি ভরাট না করা, পাহাড় না কাটা, নগরের খাল বাঁচানো, স্থানীয় বীজ ও খাদ্যভান্ডার শক্ত করা, হাসপাতাল ও বিদ্যুৎব্যবস্থায় বিকল্প ব্যবস্থা রাখা, ঝুঁকিপূর্ণ মানুষকে আগাম নগদ সহায়তা দেওয়া এবং দুর্যোগের সময় যোগাযোগ বিচ্ছিন্ন হলেও স্থানীয় জনগোষ্ঠীকে কয়েক দিন টিকে থাকার ক্ষমতা দেওয়া।
একেই বলা যায় সামাজিক সহনক্ষমতা (social resilience)। কিন্তু ‘সহনক্ষমতা’ শব্দটিও সাবধানে ব্যবহার করা দরকার। জনগণকে অনন্তকাল বিপর্যয় ‘সহ্য করতে শেখানো’ জলবায়ু নীতি না। যে অর্থনৈতিক ও জ্বালানিব্যবস্থা বিপর্যয় তৈরি করছে তাকে বদলানোর প্রশ্নও একই সঙ্গে তুলতে হবে।
নেপালের বার্তা বাংলাদেশের জন্য
নেপালের এই ভয়াবহ ঘটনা আমাদের সবচেয়ে বড় যে শিক্ষা দেয় তা হলোÑ আগামী দিনের দুর্যোগ অতীতের দুর্যোগের পুনরাবৃত্তি নাও হতে পারে। বিপদের মানচিত্র বদলাচ্ছে, তার গতি বদলাচ্ছে, একাধিক বিপদ একসঙ্গে যুক্ত হচ্ছে। ফলে পুরানা অভিজ্ঞতা মূল্যবান হলেও পুরানা হিসাব যথেষ্ট না।
জলবায়ু বিপর্যয় মোকাবিলা মানে তাই কেবল বন্যার পানি নামার পরে ত্রাণ দেওয়া না; বরং বিজ্ঞান, রাষ্ট্রনীতি, কৃষি, নদী, বসতি, অবকাঠামো, অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ককে নতুন বিপদ-বাস্তবতার আলোকে পুনর্গঠন করা।
বাংলাদেশের একটি বড় শক্তি আছেÑ ঘূর্ণিঝড় মোকাবিলায় জনগণভিত্তিক প্রস্তুতির দীর্ঘ অভিজ্ঞতা। কিন্তু হিমালয়ের পরিবর্তন, আকস্মিক বন্যা, অতিবৃষ্টি, ভূমিধস, তাপপ্রবাহ, নগর প্লাবন এবং সমুদ্রপৃষ্ঠ বৃদ্ধির যুগে সেই অভিজ্ঞতাকে এখন নতুন পর্যায়ে নিতে হবে।
নেপালের ধ্বংসস্তূপ তাই দূরের কোনো পাহাড়ি দেশের মর্মান্তিক সংবাদ মাত্র নয়। এটি বাংলাদেশের জন্য ভবিষ্যৎ থেকে আসা একটি আগাম বার্তা। প্রশ্ন হলোÑ আমরা বিপর্যয়ের পরে মৃত মানুষের সংখ্যা গুনব, নাকি বিপর্যয়ের আগেই জীবনের পক্ষে রাষ্ট্র, অর্থনীতি ও অবকাঠামো পুনর্গঠন করব।
নেপাল-তিব্বতের উদ্ধার অভিযান এখনও চলছে এবং মৃত ও নিখোঁজের হিসাব দ্রুত বদলাচ্ছে। এখানে ২৯ আগস্ট ২০২৬ সকাল পর্যন্ত সবচেয়ে সাম্প্রতিক নির্ভরযোগ্য প্রতিবেদনের সংখ্যা ব্যবহার করা হয়েছে।