× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইকগাছা: যেখানে ঘেরের জলে চাঁদ নামে, মৃত নদীতে জেগে ওঠে সুন্দরবন

শেখ ইউসুফ হারুন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬ ০৯:২৯ এএম

আপডেট : ৩০ আগস্ট ২০২৬ ১৫:২৯ পিএম

শেখ ইউসুফ হারুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

শেখ ইউসুফ হারুন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনা জেলার দক্ষিণাঞ্চলের একটি বৈচিত্র্যময় জনপদ পাইকগাছা। ১৮৪২ সালে যশোর জেলার অধীন খুলনা মহকুমা প্রতিষ্ঠিত হয় এবং ২২ এপ্রিল ১৮৭২ সালে খুলনা মহকুমার অধীনে পাইকগাছা থানা প্রতিষ্ঠা লাভ করে। খুলনা মহানগর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে অবস্থিত এ উপজেলার আয়তন ৩৮৩ দশমিক ৮৭ বর্গকিলোমিটার। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী, এখানকার মোট জনসংখ্যা ২ লাখ ৮৬ হাজার ২০৯ জন।

পাইকগাছার ভূপ্রকৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। খাল-বিল, নদ-নদী, মাঠ-ঘাট, ঘের ও বসতবাড়িতে ঘেরা এ উপজেলাকে লোনা পানির মাছ উৎপাদনের এক অভয়ারণ্য বলা যায়। এখানে চোখে পড়ে অসংখ্য মাছের ঘের। মৃদু বাতাসে ঘেরের পানিতে ছোট ছোট ঢেউয়ের ওপর সূর্যের আলো নেচে বেড়ানোর দৃশ্য না দেখলে যেন পাইকগাছাকে পুরোপুরি দেখা হয় না। পূর্ণিমার জোয়ারে ঘেরের পানিতে চাঁদের আলোর প্রতিফলন সৃষ্টি করে এক অপার্থিব আবহ। প্রচণ্ড গরমেও ঘেরের পানি ছুঁয়ে আসা শীতল বাতাস শরীর ও মনকে জুড়িয়ে দেয়।

ঘেরের মাছ পাহারা দেওয়ার জন্য দূরে দূরে বাঁশের মাচার ওপর গোলপাতার ছাউনি দেওয়া ছোট ছোট টংঘর দেখা যায়। এমন টংঘরে রাত কাটানোর মধ্যে রয়েছে এক ধরনের রোমাঞ্চ। পৃথিবীর অনেক দেশের পাঁচতারা হোটেল বা বিলাসবহুল ভিলায় রাত্রিযাপনের সুযোগ হলেও পাইকগাছার এমন একটি টংঘরে অন্তত এক রাত কাটানোর ইচ্ছা আমার এখনও প্রবল।

একসময় সমগ্র খুলনা অঞ্চলই সুন্দরবনের অংশ ছিল বলে ধারণা করা হয়। পুকুর খননের সময় মাটির নিচে বড় বড় গাছের গুঁড়ি, পাতা ও প্রাণীর জীবাশ্ম পাওয়ার ঘটনা সেই ধারণার পক্ষে সাক্ষ্য দেয়। ২০২২ সালে পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের রেজাকপুরে ‘কপিলমুনি ঢিবি’ নামে পরিচিত একটি উঁচু স্থান খনন করে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাওয়া যায়। সেখানে মন্দিরসদৃশ একটি স্থাপনাসহ প্রাচীন বসতির চিহ্ন পাওয়া গেছে। পোড়া চাল, কড়ি, মূর্তি, টেরাকোটা এবং মাটির তৈরি বড় কড়াইয়ের আংটাসহ বেশ কিছু নিদর্শন উদ্ধার করা হয়। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, এসব নিদর্শন প্রায় এক হাজার ২০০ বছরের পুরোনো এবং প্রাক্-মুসলিম আমলের হতে পারে।

সুন্দরবনসংলগ্ন এই লবণাক্ত অঞ্চলের মানুষের প্রধান পেশা মাছ ধরা ও লবণ চাষ ছিল—এমন ধারণাই দীর্ঘদিন প্রচলিত ছিল। কারণ, এ এলাকায় ধান চাষের কোনো প্রাচীন প্রমাণ আগে পাওয়া যায়নি। কিন্তু খননে চালের সন্ধান পাওয়ায় প্রমাণিত হয়, একসময় এখানে কৃষিকাজও হতো। এখানকার মানুষ ইট ও পোড়ামাটির তৈজসপত্র ব্যবহার করে একটি উন্নত সভ্যতা গড়ে তুলেছিল বলেও ধারণা করা যায়।

পাইকগাছার মানুষকে খুলনা শহরের অনেকে অবজ্ঞার সুরে ‘দক্ষিণে পোদ’ বলে অভিহিত করেন। ঐতিহাসিক ও নৃতাত্ত্বিক তথ্য অনুযায়ী, পোদ বা পৌণ্ড্রক্ষত্রিয় সম্প্রদায় সুন্দরবন ও তৎসংলগ্ন খুলনা-যশোর অঞ্চলে বিকশিত একটি প্রাচীন বাঙালি হিন্দু জনগোষ্ঠী। তারা বাইরে থেকে এসে নতুন করে এ অঞ্চলে বসতি স্থাপন করেনি; বরং পুণ্ড্রবর্ধন ও কপোতাক্ষ-শিবসা অববাহিকার বদ্বীপ অঞ্চলের নদীমাতৃক ও জঙ্গলময় পরিবেশের সঙ্গে যুগ যুগ ধরে খাপ খাইয়ে কৃষিকাজ ও মৎস্য শিকারের মাধ্যমে জীবন-জীবিকা নির্বাহ করে আসছে।

পোদরা বর্তমানে নিজেদের ‘পৌণ্ড্রক্ষত্রিয়’ হিসেবে পরিচয় দেন। তাদের দাবি, ‘পোদ’ শব্দটি ‘পুণ্ড্র’ শব্দের অপভ্রংশ এবং তারা প্রাচীন পৌণ্ড্রক বা পুণ্ড্রজাতির উত্তরসূরি। পেশাগতভাবে এ সম্প্রদায়ের অধিকাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত ছিলেন। তবে তাদের মধ্যে ব্যবসায়ী ও জমিদারও ছিলেন। সুন্দরবনের প্রধান আবাদকারী জনগোষ্ঠীর মধ্যেও তারা অন্যতম। একসময় সামাজিকভাবে অবহেলিত এ সম্প্রদায় বর্তমানে শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অগ্রগতিতে অনেক দূর এগিয়েছে।

তবে পাইকগাছায় শুধু পোদ সম্প্রদায়ের মানুষই বসবাস করেন না। কালের পরিক্রমায় নানা জাতি, ধর্ম, গোত্র ও বর্ণের মানুষের মিলিত স্রোত কপোতাক্ষ-শিবসা অববাহিকায় এসে মিশেছে। পোদদের পাশাপাশি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈদ্য ও কায়স্থ সম্প্রদায়ের মানুষও এখানে বসবাস করেন।

ঐতিহাসিক ধারণা অনুযায়ী, বাংলার শাসক নাসিরউদ্দীন মাহমুদ শাহের আমলে পঞ্চদশ শতকের প্রথমার্ধে হযরত খাজা খানজাহান আলী (রহ.) বাংলায় আগমনের আগে এ অঞ্চলে মুসলিমদের উপস্থিতি ছিল সীমিত। কপিলমুনি অঞ্চলে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক সাধনায় নিয়োজিত ছিলেন বিখ্যাত সুফি সাধক হযরত পীর জাফর আউলিয়া (রহ.)। জনশ্রুতি অনুযায়ী, তিনি হযরত খাজা খানজাহান আলী (রহ.)-এর সঙ্গী বা শিষ্যদের একজন ছিলেন এবং কপোতাক্ষ নদের তীরে আস্তানা গড়ে তুলেছিলেন।

সরল খাঁ নামের এক কিংবদন্তি ব্যক্তির কথাও এ অঞ্চলে প্রচলিত রয়েছে। বলা হয়, তিনি ১৬ বিঘা জমির ওপর একটি বিশাল দীঘি খনন করেছিলেন। কেউ তাকে খানজাহান আলীর অনুসারী, আবার কেউ জমিদার হিসেবে উল্লেখ করেন। জনশ্রুতি আছে, তার পাইকেরা বা পদাতিক সৈন্যরা গাছে উঠে পাহারা দিতেন। সেই থেকেই এলাকার নাম ‘পাইকগাছা’ হয়েছে বলে অনেকে ধারণা করেন।

পাইকগাছা উপজেলার ওপর দিয়ে অসংখ্য নদ-নদী ও খাল জালের মতো ছড়িয়ে আছে। এর মধ্যে প্রধান দুটি নদী শিবসা ও কপোতাক্ষ। কপোতাক্ষ নদ একসময় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জীবন, সংস্কৃতি ও অর্থনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত ছিল। নদটির প্রবাহপথে যশোর ও খুলনার বহু জনপদ গড়ে উঠেছে। কিন্তু বিভিন্ন স্থানে বাঁধ, পলি জমা ও নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার কারণে আজ কপোতাক্ষ মৃতপ্রায়। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড নদটি খননের উদ্যোগ নিলেও নানা সীমাবদ্ধতায় তা পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

শিবসার অবস্থাও খুব ভিন্ন নয়। একসময় প্রমত্তা শিবসা দিয়ে লঞ্চ, স্টিমার ও বড় বড় নৌযান চলাচল করত। পাইকগাছা উপজেলা সদরের কাছে এখন সেই নদীও অনেকটাই মৃতপ্রায়। জোয়ারের সময় ক্ষীণ স্রোতধারা দেখা গেলেও নদীর পূর্বের গতিপথে ফেলে যাওয়া ভরাট চরে বিক্ষিপ্তভাবে গড়ে উঠেছে এক ‘মিনি সুন্দরবন’। সেখানে কেওড়া, গেওয়া, গোলপাতা, বাইন, কাঁকড়া, ওড়া বা ছইলা এবং হরগোজাসহ বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মেছে।

এই চরভূমির কোথাও কোথাও অবৈধ দখলদারেরা ধান চাষ করছেন। অথচ বিস্তীর্ণ এলাকাটিকে সংরক্ষিত বনাঞ্চল ঘোষণা করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হলে পরিকল্পিতভাবে এখানে একটি নতুন বনাঞ্চল গড়ে তোলা সম্ভব। উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে হরিণ, মেছোবাঘ, বানর ও বন্য শূকরসহ বিভিন্ন বন্যপ্রাণীর আবাস নিশ্চিত করা গেলে এ অঞ্চলের জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ হতে পারে।

যাদের সুন্দরবন দেখা হয়নি, তারা পাইকগাছায় গিয়ে অন্তত সুন্দরবনের আবহ ও স্বাদ কিছুটা অনুভব করতে পারেন। প্রকৃতির অপার সৌন্দর্য, নদ-নদীর স্মৃতি, প্রাচীন সভ্যতার নিদর্শন, মানুষের বৈচিত্র্যময় জীবনধারা এবং ম্যানগ্রোভ বনের আবহ- সব মিলিয়ে পাইকগাছা এক অনন্য ভূখণ্ড।

সরকার ও স্থানীয় প্রশাসন চাইলে শিবসার বিস্তীর্ণ চরভূমিকে পরিকল্পিতভাবে সংরক্ষণ ও উন্নয়ন করে একটি আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত করতে পারে। এতে একদিকে জীববৈচিত্র্য সংরক্ষিত হবে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য তৈরি হবে নতুন অর্থনৈতিক সম্ভাবনা।

পাইকগাছাকে তাই শুধু একটি উপজেলা হিসেবে দেখলে তার প্রকৃত পরিচয় পাওয়া যাবে না। এটি একই সঙ্গে নদী, জনপদ, ইতিহাস, প্রত্নতত্ত্ব, মানুষের সংগ্রাম এবং প্রকৃতির এক অপূর্ব মিলনভূমি- যেখানে ঘেরের জলে পূর্ণিমার চাঁদ নামে, আর মৃতপ্রায় নদীর চরে জেগে ওঠে সুন্দরবনের নতুন স্বপ্ন।

লেখক: সাবেক সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা