মারুফ কামাল খান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
নন্দিত সাহিত্যিক-চলচ্চিত্রকার জহির রায়হানের অন্তর্ধানের পর তার দ্বিতীয় স্ত্রী, গ্ল্যামারাস চিত্রনায়িকা সুচন্দার সঙ্গে তথ্যমন্ত্রীকে জড়িয়ে স্ক্যান্ডাল ছড়িয়ে পড়ে। এই পটভূমিতে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ডেকে পাঠালেন মিজানুর রহমান চৌধুরীকে। দীর্ঘদিনের সহচর, ত্যাগী রাজনীতিক মিজান চৌধুরীর দিকে তাকিয়ে শেখ সাহেব বললেন, কী রে কী শুনি এসব?
চৌধুরী সাহেব কাঁচুমাচু হয়ে বললেন, সবই মিথ্যা মুজিব ভাই। আমার দুশমনেরা রটিয়ে বেড়াচ্ছে।
শেখ সাহেব বললেন, যা রটে তা কিছু হলেও তো বটে।
নেতার মনোভাব বুঝে গেলেন তথ্য ও বেতার মন্ত্রী। কাগজ-কলম টেনে নিয়ে ইস্তফাপত্র লিখে দস্তখত করে দিয়ে বেরিয়ে গেলেন। এসেছিলেন সরকারি ফ্ল্যাগ কারে চড়ে। অভিমানী রাজনীতিক সেটায় আর চড়লেন না। বাইরে তখন টিপটিপ বৃষ্টি। পায়ে হেঁটে বেরিয়ে আধাভেজা হয়ে রিকশা নিয়ে বাসায় ফিরে যান তিনি।
এরপর শেখ আব্দুল আজিজের গল্প। তিনিও পুরনো আওয়ামী লীগার, ঝানু রাজনীতিক। জেলা সফরে বেরিয়েছেন তিনি। নিউজ কাভার করার জন্য তার সফরসঙ্গী বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর তুখোড় রিপোর্টার জাহাঙ্গীর হোসেন। তখন তিনি বয়সে তরুণ।
এক সমাবেশে বক্তৃতায় মন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক বাস্তবতায় এত সংবাদপত্র ভায়াবল নয়। তাই আমরা পত্রিকার সংখ্যা শিগগিরই কমিয়ে আনার কথা ভাবছি। সেই সঙ্গে রাজনৈতিক দলের সংখ্যাও সীমিত করা হবে।
জাহাঙ্গীর হোসেন রিপোর্ট করলেন। বাসস-এর বরাত দিয়ে রেডিও-টিভিতে প্রচারিত হলো। সংবাদপত্রেও ছাপা হলো। রেগে গেলেন প্রধানমন্ত্রী শেখ মুজিব। ফোন করলেন তথ্যমন্ত্রী শেখ আব্দুল আজিজকে। তিনি বেমালুম অস্বীকার করে বললেন, ও কথা তিনি বলেননি। ভুল রিপোর্ট করেছেন রিপোর্টার। প্রধানমন্ত্রী হুকুম দিলেন জলদি সংশোধনী দিতে।
শেখ আজিজ ডাকলেন রিপোর্টার জাহাঙ্গীর হোসেনকে। মেজাজ দেখিয়ে বললেন, কী-সব আবোল-তাবোল নিউজ করেন! আমি বাসস-এর চিফ এডিটরকে বলেছি আপনার বদলে অন্য কোনো রিপোর্টার পাঠাতে। আপনি ঢাকায় ফিরে যান। আর রিপোর্টে আমাকে ভুলভাবে কোট করেছেন উল্লেখ করে একটা সংশোধনী দিয়ে দেন।
জাহাঙ্গীর হোসেন বললেন, আমি কোনো ভুল কোট করিনি। আপনি যা বলেছেন, তা-ই লিখে পাঠিয়েছি। রিপোর্টার্স নোটবুক আমার কাছে আছে। তাতে নোট করা আছে আপনার বক্তব্য। কাজেই ভুল স্বীকার করে আমার পক্ষে সংশোধনী দেওয়া সম্ভব নয়।
মন্ত্রী বললেন, আরে মিয়া রাখেন আপনার নোটবুক। যা বলেছি সেটা করেন। না হলে খবর আছে।
জাহাঙ্গীর হোসেন বললেন, অসম্ভব।
তর্কে-বিতর্কে দুজনের গলা চড়তে লাগল। একপর্যায়ে মন্ত্রী ও রিপোর্টারে হাতাহাতির জোগাড়। চেঁচামেচি শুনে লোকজন এসে দুজনকেই নিবৃত্ত করেন।
আওয়ামী সরকারের শীর্ষপর্যায়ে তখন একদলীয় বাকশাল পদ্ধতি প্রবর্তনের ভাবনা ঘুরপাক খাচ্ছিল। নিজেদের মধ্যে ঠারে-ঠোরে কথাবার্তাও চলছিল। শেখ আব্দুল আজিজ সে কথা জানতেন। সেটাই তিনি বলে ফেলেছিলেন। কিন্তু বিষয়টি তখনও পাবলিক করার সময় হয়নি। তাই প্রধানমন্ত্রী তার মন্ত্রীর অসময়োচিত কথায় ক্ষিপ্ত হয়েছিলেন। আর তাতেই চাপে পড়ে তথ্যমন্ত্রী রিপোর্টারের কাঁধে দায় চাপিয়ে আত্মরক্ষার চেষ্টা করেছিলেন। তবে সফল হতে পারেননি। অল্প কিছুদিনের মধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। তবে বেফাঁস মন্তব্য নাকি রিপোর্টারের সঙ্গে হাতাহাতির পর্যায়ে নেমে যাওয়ার কারণে তিনি তথ্য মন্ত্রণালয় খুইয়েছিলেন তা জানা যায়নি।
ওই দুই সিনিয়রের বিদায়ের পর তথ্য ও বেতার প্রতিমন্ত্রী, বিশিষ্ট সাংবাদিক তাহের উদ্দিন ঠাকুরের হাতেই শেখ সাহেব মন্ত্রণালয়ের পুরো দায়িত্ব দিয়ে রাখেন। তিনি বাকি মুজিবজমানা শুধু নয়, মোশতাক কালজুড়েও এ দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হিসেবে রেডিও-টিভিতে খন্দকার মোশতাক আহমদের দেওয়া ভাষণগুলোরও রচয়িতা ছিলেন তিনি। খুবই দক্ষ ও আর্টিকুলেট মানুষ তাহের ঠাকুর তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মাধ্যমে বিপুল খ্যাতি ও প্রতিপক্ষের প্রচুর ঈর্ষা অর্জন করেছিলেন।
তথ্য মন্ত্রণালয় খুব বড় না হলেও অতিশয় গুরুত্বপূর্ণ ও খুবই সেনসিটিভ। বাংলাদেশে তাজউদ্দীন আহমদ, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, খালেদা জিয়া, বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, ড. ফখরুদ্দীন আহমেদের মতো সরকার ও রাষ্ট্রপ্রধানেরা বিভিন্ন সময়ে এই মন্ত্রণালয় নিজের হাতে রেখেছেন। এই মন্ত্রণালয়ে এম কোরবান আলী, শামসুল হুদা চৌধুরী, এআরএস দোহা, সৈয়দ নাজমুদ্দীন হাশেম, এম শামসুল হক, ব্যারিস্টার এআর ইউসুফ, শাহ মোয়াজ্জেম হোসেন, আনোয়ার জাহিদ, আনিসুল ইসলাম মাহমুদ, মীজানূর রহমান শেলী, ব্যারিস্টার নাজমুল হুদা, এম শামসুল ইসলাম, অধ্যাপক আবু সাইয়িদ, আব্দুল মুয়ীদ চৌধুরী, আবদুল মঈন খান, তরিকুল ইসলাম, সাংবাদিক মাহবুবুল আলম, ব্যারিস্টার মইনুল হোসেন ও হাসানুল হক ইনুর মতো জাঁদরেল রাজনীতিবিদ ও বিদগ্ধজন দায়িত্ব পালন করেছেন। নূর মোহাম্মদ খান, সৈয়দ দীদার বখত, নূরুল হুদা, আব্দুস সালাম পিন্টু, আবুল কালাম আজাদ, হাছান মাহমুদ, মুরাদ হাসান, মোহাম্মদ এ আরাফাত, নাহিদ ইসলাম, মাহফুজ আলম ও সৈয়দা রিজওয়ানা হাসানও বিভিন্ন সময়ে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। তারেক রহমানের সরকারে জহির উদ্দিন স্বপনকে এ দায়িত্ব দেওয়া হয়। ছয় মাসের মাথায় স্বপন মন্ত্রিত্বে ইস্তফা দিয়ে কম গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে নেমে গিয়েছেন। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) প্রধান আন্দালিভ রহমান পার্থ নয়া তথ্য ও সম্প্রচার মন্ত্রী হয়েছেন। এটাই পার্থের প্রথম মন্ত্রিত্ব। পার্লামেন্টে ঝড় তোলা বক্তৃতা করে পার্থ সকলকে তাক লাগিয়ে দেওয়ার পটভূমিতেই তার এ মন্ত্রিত্ব লাভ বলে মনে করা হচ্ছে।
মন্ত্রী ওঠানো নামানোর পুরো এবং একক এখতিয়ার প্রধানমন্ত্রী তারেক রহমানের। উচ্চাসনে বসে তিনি সকলের পারফরম্যান্স যেভাবে যতটা দেখতে পান, আমরা ভূমিলগ্ন অবস্থান থেকে তার অনেকটাই দেখতে পাই না। তবুও তথ্য যেহেতু আমাদের মানে সাংবাদিকদের মন্ত্রণালয়, সেহেতু এই মন্ত্রণালয়ের অদলবদল আমাদেরকে কোনো-না কোনো দিক দিয়ে স্পর্শ করেই। তাই এত কথা বলা।
কিছুদিন আগে আমরা ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের একটা প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। দেখলাম, সেখানে সবাই থাকলেও তথ্যমন্ত্রী স্বপন নেই। সেই থেকে কানাঘুষা শুরু। বাইরে আসার পর সাংবাদিকদের কেউ বললেন, এ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টার মধ্যে মিলঝিল নেই। কেউ বললেন, প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সঙ্গে মিলছে না তথ্যমন্ত্রীর। কয়েকজন বললেন, স্বপনের পারফরম্যান্সে খুশি নন প্রধানমন্ত্রী। যা-ই হোক না কেন, ডাল মে যে কুছ কালা হ্যায়Ñ তার প্রমাণ মিলল মন্ত্রণালয়ের অদলবদলে।
কোনো রকম অন্যায়, অনিয়ম কিংবা বিশ্বাসভঙ্গ ছাড়াও অনেক সময় পুওর পারফরম্যান্সের কারণে তথ্যমন্ত্রীকে সরাবার নজির অতীতেও আছে। প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া তথ্য মন্ত্রণালয় থেকে নূরুল হুদা, মঈন খান ও এম শামসুল ইসলামকে সরিয়ে অন্য মন্ত্রণালয়ের দায়িত্বে ন্যস্ত করেছিলেন। আমাদের বন্ধু স্বপনও কোনো অন্যায় করেননি বলেই বিশ্বাস করতে চাই। হয়তো এ মন্ত্রণালয়ে তিনি আশানুরূপ পারফর্ম করতে পারেননি। নির্বাচিত এমপি, সুবক্তা, চৌকস ও আর্টিকুলেট রাজনীতিক হিসেবে হয়তো অন্য কোনো মন্ত্রণালয়ে দায়িত্ব পেলে তিনি সফল হবেন। আমি তার সাফল্য কামনা করি।
তথ্যমন্ত্রী হিসেবে স্বাধীন মিডিয়া কমিশন গঠনের মস্ত দায়িত্ব তার কাঁধে ছিল। সেটা যেন এখন ঝুলে না যায়। প্রেসট্রাস্ট পুনরুজ্জীবিত করে পত্রিকাগুলো পুনঃপ্রকাশের দাবির সঙ্গে স্বপন একমত ছিলেন। আমরা এ উদ্যোগ ত্বরান্বিত দেখতে চাই। সাংবাদিকঘনিষ্ঠ ও বিনয়ী স্বপনকে যখন তখন যেকোনো কথা বলা যেত। আমরা দু’কথা শুনিয়েও দিতে পারতাম তাকে। এখন সেটা থাকবে কি না জানি না। ফর্মাল ফর্মালিটিতে সাংবাদিক কমিউনিটি হ্যান্ডেল করা কঠিন। একটু হেরফের হলে সাংবাদিকদের অবস্থান দ্রুত বদলে যায়, এটা মাথায় রাখতে হবে।
ফ্যাসিবাদী জমানায় হৃষ্টপুষ্ট হওয়া মিডিয়া ও সাংবাদিকদের সঙ্গে বঞ্চিত মিডিয়া ও নির্যাতীত সাংবাদিকদের যে বৈষম্য সৃষ্টি হয়েছিল তা দূর করার জন্য বলিষ্ঠ ও দৃঢ় যেসব পদক্ষেপ নেওয়া দরকারÑ স্বপন তা নিতে পারেননি। এটা তার ব্যর্থতা। তিনি সকলকে একই চোখে দেখার যে সাম্যবাদী নীতি গ্রহণ করেন তা ছিল স্ট্যাটাসকো বজায় রেখে বঞ্চিতদের বঞ্চিত রাখার শামিল। মিডিয়ার সফট পলিটিক্স এগিয়ে নেওয়ার কঠিন কাজটিও তিনি কথামালার আড়ালে এড়িয়ে গেছেন। তবুও স্বপন উপেক্ষণীয় নয়। তাকে গুরুত্ব দিয়ে কাজে লাগানোটাই ভালো হবে বলে মনে করি।
পার্থও আমার খুবই স্নেহভাজন। তিনি ওভার স্মার্ট ও সুতীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন। কোন দেবতা কোন ফুলে তুষ্টÑ সেটা পার্থর খুব ভালো জানা। সবে দায়িত্বে আসা পার্থ সম্পর্কে আমার মূল্যায়ন তার পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছয় মাসের জন্য তোলা রইল। আমি আমাদের স্বার্থেই পার্থরও সাফল্য চাই।
এই মন্ত্রণালয়ে ইয়াসের খান চৌধুরী প্রতিমন্ত্রীর দায়িত্বে আছেন। বিদেশে লেখাপড়া করা এবং বিবিসিতে কাজ করা ইয়াসের এক উদ্যমী ও মেধাবী তরুণ। তার বাবা আনোয়ার হোসেন খান চৌধুরীর সঙ্গে আমার ছিল সুদীর্ঘকালের হৃদ্যতা। মতিঝিলের ‘বঙ্গ বে’ অফিসে কেটেছে আমাদের অনেক স্মৃতিময় সময়। পার্থ ও ইয়াসেরের মধ্যকার নিব্ড়ি বন্ধুত্বের কথাও আমি জেনেছি। এই মানিকজোড়ের যৌথ প্রয়াস তথ্য মন্ত্রণালয়কে সাফল্যের পথে এগিয়ে দেবেÑ এ আমার প্রত্যাশা।