× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাওরবাসীর নিজস্ব জ্ঞানই পারে জলবায়ু সংকট মোকাবিলা করতে

রাসেল আহমদ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ২২:১২ পিএম

রাসেল আহমদ। ফাইল ছবি

রাসেল আহমদ। ফাইল ছবি

বাংলাদেশের জলবায়ু বাস্তবতায় হাওর কেবল একটি ভৌগোলিক অঞ্চল নয়; এটি এক অনন্য জীবনব্যবস্থা, যেখানে প্রকৃতি, মানুষ ও অর্থনীতি একে অপরের সঙ্গে গভীরভাবে সংযুক্ত। দেশের উত্তর-পূর্বাঞ্চলের সাত জেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল প্রতি বছরই বন্যা, অকাল বৃষ্টি, জলাবদ্ধতা, ঢেউয়ের তাণ্ডব (স্থানীয় ভাষায় ‌‌আফাল) এবং জলবায়ু পরিবর্তনের বহুমাত্রিক অভিঘাতে বিপর্যস্ত হয়, কিন্তু এ বিপর্যয়ের মধ্যেও টিকে থাকার এক দীর্ঘ ঐতিহ্য রয়েছে, যা গড়ে উঠেছে স্থানীয় মানুষের নিজস্ব জ্ঞান, অভিজ্ঞতা ও অভিযোজন কৌশলের ভিত্তিতে।

আজ যখন বৈশ্বিক জলবায়ু নীতিমালা প্রণয়ন হচ্ছে, তখন প্রশ্ন জাগে, এ হাওরের মানুষদের শত শত বছরের প্রাচীন জ্ঞান কি যথাযথভাবে মূল্যায়িত হচ্ছে নাকি উন্নয়নের নামে তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে বহিরাগত মডেল, যা বাস্তবতার সঙ্গে খাপ খায় না। জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের জাতীয় পরিকল্পনা, বিশেষ করে NDC (Nationally Determined Contributions) ও NAP (National Adaptation Plan)-এ হাওরের স্থানীয় জ্ঞানকে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি।

হাওরের মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকার অনন্য কৌশল রপ্ত করেছে। ‌‘হাটিবান্ধা গ্রাম’ উঁচু করে তৈরি জনবসতি তার একটি উজ্জ্বল উদাহরণ। বর্ষা মৌসুমে যখন চারদিক পানিতে ভরে যায়, তখন এ উঁচু ‘হাটিবান্ধা’ গ্রামের মানুষ থাকে নিরাপদ। এভাবে ‘আফাল’ থেকে বাঁচতে স্থানীয়রা যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে, তা কোনো আধুনিক প্রকৌশল পরিকল্পনার চেয়ে কম কার্যকর নয়।

এই জ্ঞান কেবল প্রযুক্তিগত নয়; এটি একটি সামগ্রিক জীবনদর্শন। প্রকৃতির ছন্দ বুঝে চাষাবাদ করা, মৌসুমি বৈচিত্র্য অনুযায়ী ফসল নির্বাচন, জলজ প্রাণবৈচিত্র্যের সঙ্গে সহাবস্থান হাওরের মানুষের প্রাত্যহিক চর্চার অংশ। অথচ উন্নয়ন প্রকল্পের নামে প্রায়ই এ বাস্তবতাকে উপেক্ষা করে বৃহৎ অবকাঠামোগত উদ্যোগ নেওয়া হয়, যা অনেক সময় উল্টো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়।

হাওরের কৃষি ব্যবস্থা আজ গভীর সংকটের মুখে। বহুজাতিক কোম্পানির রাসায়নিক সার ও কীটনাশকের আগ্রাসন কৃষিকে ক্রমেই নির্ভরশীল ও ঝুঁকিপূর্ণ করে তুলছে। কৃষকরা স্বল্পমেয়াদি উৎপাদন বৃদ্ধির আশায় এ বিষাক্ত উপাদান ব্যবহার করলেও দীর্ঘমেয়াদে তা মাটি, পানি ও মানুষের স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনছে। মাছ, পাখি ও অন্যান্য জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।

এ ক্ষেত্রে প্রয়োজন কৃষককেন্দ্রিক, পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার পুনর্গঠন। স্থানীয় বীজ সংরক্ষণ, জৈব সার ব্যবহার, প্রাকৃতিক কীট নিয়ন্ত্রণ পদ্ধতিই হতে পারে টেকসই কৃষির ভিত্তি। হাওরের মানুষ একসময় এসব পদ্ধতিই অনুসরণ করত। সেই জ্ঞানকে আধুনিক বৈজ্ঞানিক সহায়তার সঙ্গে সমন্বয় করে নতুন পথ তৈরি করা সম্ভব।

কৃষকের টিকে থাকার প্রশ্ন শুধু প্রযুক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে যুক্ত অর্থনৈতিক ন্যায়বিচারও। প্রতি বছর বোরো ধানই হাওরের প্রধান ফসল। নানা প্রাকৃতিক দুর্যোগে (খরা, শিলাবৃষ্টি,  অকাল বন্যা কিংবা জলাবদ্ধতা) যখন এ ফসল নষ্ট হয়ে যায়, তখন কৃষকের জীবনে নেমে আসে চরম দুর্দশা। ঋণের বোঝা, বাজারে ন্যায্যমূল্যের অভাব ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কৃষকদের এক ধরনের অদৃশ্য ফাঁদে আটকে রাখে। অনেক ক্ষেত্রে তারা দিশেহারা হয়ে আত্মঘাতী সিদ্ধান্ত পর্যন্ত নিতে বাধ্য হয়।

এ বাস্তবতায় ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা শুধু অর্থনৈতিক পদক্ষেপ নয়; মানবিক দায়িত্ব। সরকারকে কৃষিপণ্য সংগ্রহ ও বাজার ব্যবস্থাপনায় কার্যকর ভূমিকা নিতে হবে, যাতে কৃষক তার উৎপাদনের সঠিক মূল্য পায়। একই সঙ্গে সহজ শর্তে ঋণ, ফসলবিমা ও দুর্যোগকালীন সহায়তা ব্যবস্থাও শক্তিশালী করতে হবে।


জলবায়ু সংকট মোকাবিলায় ‘জলবায়ু সুবিচার’ এখন বহুল আলোচিত ধারণা, কিন্তু বাস্তবে এর প্রয়োগ কতটা হচ্ছে, সেটিই বড় প্রশ্ন। 

আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে যে অর্থ আসে, তার বড় অংশই ব্যয় হয় প্রশাসনিক কাঠামো, পরামর্শক ও প্রকল্প ব্যবস্থাপনায়। অথচ যাদের জন্য এ তহবিল এর সুবিধা থেকে প্রায়ই হাওরের প্রান্তিক মানুষরা বঞ্চিত থাকে।

হাওর অঞ্চলের জন্য বরাদ্দ জলবায়ু অর্থ সরাসরি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর হাতে পৌঁছে দেওয়া জরুরি। স্থানীয় সরকার, কমিউনিটি সংগঠন এবং কৃষক গোষ্ঠীর মাধ্যমে এ অর্থ ব্যবস্থাপনা করলে তা আরও কার্যকর ও স্বচ্ছ হবে। একই সঙ্গে বৈশ্বিক পরিসরে উন্নত দেশগুলোর প্রতি তাদের প্রতিশ্রুতি রক্ষার চাপ বাড়াতে হবে। কারণ জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী দেশগুলোই এখনও পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হচ্ছে।

হাওরের বাস্তবতা আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আর তা হলো প্রকৃতির সঙ্গে লড়াই করে নয়, বরং সহাবস্থানের মধ্য দিয়েই টিকে থাকা সম্ভব। এ শিক্ষা শুধু হাওরের জন্য নয়, এটি সমগ্র বাংলাদেশের জন্য প্রাসঙ্গিক। উপকূল, চরাঞ্চল কিংবা পার্বত্য এলাকা, প্রতিটি অঞ্চলেরই রয়েছে নিজস্ব জ্ঞান ও অভিজ্ঞতা, যা জাতীয় নীতিতে প্রতিফলন হওয়া প্রয়োজন।

এ ক্ষেত্রে নীতিনির্ধারকদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অপরিহার্য। উন্নয়ন মানেই বড় প্রকল্প, এমন ধারণা থেকে বেরিয়ে এসে মানুষকেন্দ্রিক উন্নয়নের দিকে এগোতে হবে। স্থানীয় জনগোষ্ঠীকে অংশগ্রহণের সুযোগ না দিয়ে কোনো প্রকল্পই টেকসই হতে পারে না; বরং তাদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দিলে নীতিমালা আরও বাস্তবসম্মত ও কার্যকর হবে।

হাওরের মানুষের জ্ঞানকে স্বীকৃতি দেওয়া মানে কেবল অতীতকে সম্মান জানানো নয়; ভবিষ্যৎ নির্মাণের একটি কৌশল। জলবায়ু পরিবর্তনের এ অনিশ্চিত সময়ে, যখন নতুন নতুন সংকট সামনে আসছে, তখন পরীক্ষিত ও কার্যকর এ স্থানীয় জ্ঞানই হতে পারে আমাদের সবচেয়ে বড় শক্তি।

বাংলাদেশ ইতোমধ্যে জলবায়ু অভিযোজনের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে একটি উদাহরণ হিসেবে পরিচিত, কিন্তু এ সাফল্যকে টেকসই করতে হলে নীতিমালার ভেতরে অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি নিশ্চিত করতে হবে। NDC ও NAP-এর মতো গুরুত্বপূর্ণ নথিতে হাওরের স্থানীয় জ্ঞানকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হলে তা কেবল কাগজে-কলমে সীমাবদ্ধ থাকবে না; বাস্তবেও এর প্রতিফলন ঘটবে।

সবশেষে একটি বিষয় স্পষ্ট করে বলা প্রয়োজন। হাওরের কৃষক বাঁচলে শুধু একটি অঞ্চল নয়, বাঁচবে বাংলাদেশের খাদ্যনিরাপত্তা, পরিবেশ ও জীববৈচিত্র্য। হাওরকে বাঁচানো মানে একটি টেকসই ভবিষ্যৎকে রক্ষা করা। আর সে ভবিষ্যৎ নির্মাণের চাবিকাঠি লুকিয়ে আছে হাওরের মানুষের নিজের মধ্যেই। তাদের জ্ঞান, তাদের অভিজ্ঞতা, তাদের সংগ্রামের মধ্যে।

এখন প্রয়োজন সেই জ্ঞানকে সম্মান জানানো, নীতিতে অন্তর্ভুক্ত করা এবং বাস্তবে প্রয়োগ করা। তাহলেই হয়তো আমরা সত্যিকার অর্থে জলবায়ু সংকট মোকাবিলার একটি কার্যকর ও ন্যায়ভিত্তিক পথ খুঁজে পাব।

লেখক: সাংবাদিক ও কলামিস্ট

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা