× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি ব্যাংক: শীর্ষ পদে অনিশ্চয়তা, ঋণে স্থবিরতা কেন

আহমেদ তোফায়েল

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ১৮:২৩ পিএম

আহমেদ তোফায়েল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আহমেদ তোফায়েল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র ব্যাংকিং খাত। এর বড় একটি অংশজুড়ে রয়েছে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা ও অব্যবস্থাপনায় এসব ব্যাংক এখন ন্যুব্জ। গত ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রত্যাশা ছিল, ব্যাংক খাতের জঞ্জাল পরিষ্কারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু সরকারের ১৮০ দিন বা ছয় মাস পেরিয়ে গেলেও রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে দৃশ্যমান কোনো সংস্কার হয়নি। বরং শীর্ষ পর্যায়ের নেতৃত্বে অনিশ্চয়তা ও পর্ষদের অকার্যকারিতায় ব্যাংকগুলো এক ধরনের স্থবিরতার মধ্যে পড়েছে।

একটি ব্যাংকের পরিচালনার মূল চালিকাশক্তি তার পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। দেশের বৃহত্তম সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান পদটি গত ২ মার্চ থেকে শূন্য। সাবেক অর্থ সচিব মোহাম্মদ মুসলিম চৌধুরীর পদত্যাগের পর সাড়ে পাঁচ মাসের বেশি সময় ধরে সেখানে পূর্ণাঙ্গ চেয়ারম্যান নেই। একজন আমলা চলতি দায়িত্ব পালন করায় বড় নীতিনির্ধারণী সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে। ফলে দীর্ঘমেয়াদি পরিকল্পনার বদলে ব্যাংকটি অনেকটা দৈনন্দিন রুটিনে চলছে।

সোনালী ব্যাংকের পরিস্থিতি রাষ্ট্রায়ত্ত অন্য ব্যাংকগুলোরও অনেকটা অঘোষিত চিত্র। জনতা, অগ্রণী, রূপালী বা কৃষি ব্যাংক— প্রতিটি ক্ষেত্রেই শীর্ষ পদ নিয়ে অনিশ্চয়তা রয়েছে। কারা দায়িত্বে থাকছেন, আর কারা থাকছেন না— এ নিয়ে কর্মকর্তাদের মধ্যে ভীতি ও অনীহা তৈরি হয়েছে। ‘চেইন অব কমান্ড’ ভেঙে পড়ায় ব্যাংকের অভ্যন্তরীণ কর্মচাঞ্চল্যও প্রায় তলানিতে।

ঋণ বিতরণে নেতিবাচক প্রভাব

এই স্থবিরতার সবচেয়ে বড় প্রতিফলন দেখা যাচ্ছে ঋণ বিতরণের পরিসংখ্যানে। সরকারি ব্যাংকগুলোর অন্যতম লক্ষ্য হওয়া উচিত অর্থনীতিতে তারল্য প্রবাহ বজায় রাখা এবং উদ্যোক্তাদের ঋণ দিয়ে শিল্পায়ন ত্বরান্বিত করা। কিন্তু বাস্তব চিত্র ভিন্ন। সোনালী ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ছয় মাসে ব্যাংকটির বিতরণকৃত ঋণের স্থিতি ১১ হাজার কোটি টাকা কমেছে। অগ্রণী ব্যাংকসহ অন্যান্য সরকারি ব্যাংকের ঋণ বিতরণেও উল্লেখযোগ্য অগ্রগতি নেই।

বর্তমান এমডিরা জানেন না তাদের মেয়াদ কতদিন। ফলে বড় বিনিয়োগ বা ঋণ বিতরণে ঝুঁকি নিতে তারা ভয় পাচ্ছেন। এতে ব্যাংকগুলোর কার্যক্রম আমানত সংগ্রহ এবং সরকারি ট্রেজারি বিল বা বন্ডে বিনিয়োগের মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়ছে। বেসরকারি খাতের উদ্যোক্তাদের জন্য সরকারি ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে উঠেছে। এতে ব্যাংকের আয় যেমন কমছে, তেমনি অর্থনীতির চাকা সচল রাখার পথেও বাধা তৈরি হচ্ছে।

আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনামলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে গভীর ক্ষত সৃষ্টি হয়েছে, তা রাতারাতি সারানো কঠিন। কিন্তু সংস্কারের প্রাথমিক লক্ষণও কেন দেখা যাচ্ছে না, সেটিই বড় প্রশ্ন। মোহাম্মদ মুসলিম চৌধুরীর মতো অভিজ্ঞ আমলারাও পরিস্থিতিকে সরকারের ‘ব্যর্থতা’ হিসেবে দেখছেন। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও অর্থ সচিবের দায়িত্ব পালন করা সাবেক এই আমলা বলেছেন, ব্যাংকগুলোকে বাঁচাতে হলে কেবল ‘প্যারাসিটামল’ দিলেই চলবে না, বরং ‘কোরামিন’ জাতীয় কঠোর ব্যবস্থার প্রয়োজন।

বেসরকারি ও রাষ্ট্রায়ত্ত মিলিয়ে ব্যাংকের সংখ্যা কমিয়ে আনা এখন সময়ের দাবি। কিন্তু গত ছয় মাসে এ ধরনের কোনো কার্যকর কাঠামোগত পরিবর্তন বা সংস্কার প্রস্তাব সামনে আসেনি। শুধু চেয়ারম্যান বা এমডি পরিবর্তনের মধ্যেই সংস্কার সীমাবদ্ধ রাখার প্রবণতা সংকট আরও ঘনীভূত করছে।

যোগ্য নেতৃত্বের আকাল

সরকার সংশ্লিষ্ট মহলের তথ্যমতে, ব্যাংকগুলোতে নতুন এমডি বা চেয়ারম্যান নিয়োগে দেরির অন্যতম কারণ যোগ্য ও দক্ষ নেতৃত্বের অভাব। দীর্ঘদিন রাজনৈতিক বিবেচনা ও দলীয় আনুগত্যের ভিত্তিতে পদোন্নতি দেওয়ায় মধ্যম সারির কর্মকর্তাদের ওপরের দিকে উঠে আসার সুযোগ সীমিত ছিল। বর্তমান পরিস্থিতি থেকে এটাই বড় শিক্ষা— যোগ্য ব্যক্তিদের মূল্যায়ন ও মেধাভিত্তিক পদোন্নতি না হলে প্রতিষ্ঠান ধুঁকতে থাকে। এখন পরিস্থিতি সামাল দিতে বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নিয়োগের কথাও ভাবছে সরকার, যা গতানুগতিক ধারার বাইরে এক ধরনের বাধ্যবাধকতা।

ভবিষ্যৎ করণীয় ও প্রত্যাশা

রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে অকার্যকর অবস্থা থেকে বের করে আনতে জরুরি পদক্ষেপ নিতে হবে। প্রথমত, প্রতিটি ব্যাংকে যোগ্য, পেশাদার ও রাজনৈতিক পরিচয়মুক্ত পর্ষদ গঠন জরুরি। দ্বিতীয়ত, সুশাসন নিশ্চিত করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাণিজ্যিক ধারায় ফিরিয়ে আনতে হবে। খেলাপি ঋণ আদায়ে কার্যকর পুনরুদ্ধার সেল গঠন করতে হবে। তৃতীয়ত, সরকারি ও বেসরকারি খাতের ঋণের মান যাচাইয়ে বাংলাদেশ ব্যাংকের কঠোর নজরদারি থাকতে হবে। এমডি বা চেয়ারম্যানের মেয়াদ নিশ্চিত করতে হবে, যাতে তাঁরা নির্ভয়ে সিদ্ধান্ত নিতে পারেন। চতুর্থত, দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে অপ্রয়োজনীয় বা লোকসানি ব্যাংক একীভূত কিংবা বন্ধ করার মতো সাহসী সিদ্ধান্ত নিতে হবে।

পরিশেষে, দেশ ও অর্থনীতির স্বার্থে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে অচল করে রাখার সুযোগ নেই। গত ছয় মাসের স্থবিরতা বড় সতর্কবার্তা। রাজনৈতিক পরিবর্তনের পাশাপাশি প্রাতিষ্ঠানিক সংস্কারেরও বিকল্প নেই। সরকার দ্রুত পরিকল্পনা বাস্তবায়ন করে ব্যাংক খাতকে লুণ্ঠন ও দুর্নীতির রাহুগ্রাস থেকে মুক্ত করবে— এটাই প্রত্যাশা। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো হারানো গৌরব ফিরে পেলে দেশের অর্থনীতিও শক্ত ভিত্তির ওপর দাঁড়াতে পারবে। সময়ের কাজ সময়ে করাই এখন সরকারের সবচেয়ে বড় পরীক্ষা।


লেখক: বিজনেস এডিটর, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা