প্রধানমন্ত্রীর দিল্লি সফর
মারুফ কামাল খান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
চলতি আগস্টের চার তারিখে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে একটা সভা হয়েছিল। সাংবাদিকদের একটি ইউনিয়ন ও ফেডারেশন ছিল আয়োজক। এর আগের দিন নয়াদিল্লি থেকে এসেছিল একটা ঘোষণাÑ ইন্ডিয়ার বৈদেশিক গণমাধ্যম সংবাদদাতাদের সমিতি একটা প্রেস কনফারেন্স আয়োজন করেছে। তাতে ভারতে আশ্রিত ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমেরিকা প্রবাসী তার পুত্র ও বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লীগের অন্যান্য নেতা কথা বলবেন। এবং সেটা হবে পাঁচই আগস্ট। যে তারিখে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে হাসিনা বাধ্য হন ভারতে পালিয়ে যেতে।
এর দিন দুয়েক আগেই ভারত সরকারের তরফ থেকে অঙ্গীকার করা হয়েছিল যে, হাসিনা কিংবা তার দলের অন্য কোনো নেতাকে ইন্ডিয়ায় আশ্রিত থেকে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। দুদিনের মাথায় সে প্রতিশ্রুতি ভঙ্গ করায় বাংলাদেশের একজন নাগরিক হিসেবে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছিলাম। বলেছিলাম, এটা কেবল আন্তর্জাতিক কূটনৈতিক সৌজন্যের পরিপন্থীই নয়, বরঞ্চ প্রতিবেশী একটি রাষ্ট্রের প্রতি সরাসরি এবং প্রকাশ্য শত্রুতা। হাসিনার হুকুমে গুলি করে মারা নারী-শিশু-বৃদ্ধ-তরুণসহ অনেক মানুষের রক্তে রাঙা ৫ আগস্টকে এক রক্তপিপাসুর আত্মপ্রচারের দিন হিসেবে বেছে নেওয়ায় আমার রাগের ঝাঁজটা একটু বেশিই ছিল। মানুষ তো, পাথর নই!
আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আহ্বান জানিয়েছিলাম, ইন্ডিয়ার কাছ থেকে সুস্পষ্ট অঙ্গীকার আদায়, তা প্রতিপালন এবং হাসিনাদের বাংলাদেশদ্রোহী প্রচারণার প্রতিকার আদায় না করা পর্যন্ত তিনি যেন ভারতের মাটিতে কোনো অনুষ্ঠানে যোগ না দেন। আমি এ আহ্বান জানিয়েছিলাম বাংলাদেশের যিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, সেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনে। তারেক রহমানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনও উপস্থিত ছিলেন। সম্ভবত আমিই প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর স্থগিত রাখার আহ্বান করেছিলাম।
এরপর অনেক দৌড়াদৌড়ি হয়েছে। গঙ্গা-যমুনা-পদ্মায় গড়িয়েছে অনেক জলস্রোত। বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফরের ব্যাপারে ভারতপক্ষের উদ্বাহু ব্যাকুলতা ইতোমধ্যে দৃষ্টিগ্রাহ্য হয়েছে সকলের। বিত্তে দরিদ্র হলেও আত্মমর্যাদার প্রশ্নে চিত্তে দৃঢ় বাংলাদেশের হালের নেতৃত্ব তাদের অটল কূটনৈতিক মেরুদণ্ডের প্রমাণ দিয়েছে। এই বদলে যাওয়া পটভূমিতে আমি নিজেও অনেকখানি সংহত হয়ে বাংলাদেশের মানুষের নির্বাচিত নেতা তারেক রহমানের প্রতি সবিনয়ে নিবেদন করছি, প্লিজ, এখন ভারত সফরে যান।
এ অনুরোধ আমি এ কারণে করছি যে, ভারত আমাদের নিকট প্রতিবেশী। প্রতিবেশী বাছাই বা বদল করার সুযোগ নেই। তাই প্রতিবেশী দেশের সঙ্গে কাজের সম্পর্ক বা ‘ওয়ার্কিং রিলেশন’ রাখতেই হবে। ভারতের সঙ্গে আমাদের বিরাজমান যেসব সমস্যা, তার প্রতিটিই যুদ্ধে নয় আলাপে ও দরাদরির মাধ্যমে নিরসন করতে হবে। প্রতিবেশীর সঙ্গে কুসম্পর্ক গবেট ছাড়া কেউ তৈরি করে না। ইন্ডিয়ানরা দুদেশের মধ্যকার সম্পর্কের লেবু বেশি কচলে তেতো করে ফেলেছে। আমরা তা করব না।
তারেক রহমানকে একটি আঞ্চলিক ইভেন্টে যোগদান ছাড়াও দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদির সরকার। দিল্লি ঘুরে এসে ভারতদূত দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারতে গেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গ্র্যান্ড রিসেপশন দেওয়া হবে। তার কথা শুনে আমার জিভে কামড় পড়ল। এমন কথা তিনি বলতে পারলেন?
আমি ব্যক্তিগতভাবে দীনেশ বাবুকে অনেক মর্যাদা দিই। হেঁজিপেঁজি লোক নন তিনি, দারুণ যোগ্য মানুষ। তিনি ভারতের প্রধানমন্ত্রী হবার মতন যোগ্য রাজনীতিক। তাকে বাংলাদেশে রাষ্ট্রদূত করে পাঠানোটা একটা গুরুত্ববহ ও তাৎপর্যপূর্ণ সংকেত। তিনি নিরহংকার লোক, বিনয় তার ভূষণ এবং তিনি বাংলায় অনর্গল কথা বলতে পারেন। তার আগে এখানে যারা ছিলেন, তাদের অনেকের অহংবোধ এবং আপত্তিকর বচন-বাচন ও ভঙ্গি ছিল সম্পর্কোন্নয়নের অন্তরায়। দীনেশ বাবু এসে আত্মম্ভরিতা বর্জন করে বাংলাদেশের প্রতি সম্ভ্রম দেখিয়ে কথাবার্তা বলছেন। এটা সুলক্ষণ। এর সুপ্রভাব ফলবে বলেই আশা করি। কিন্তু তার মতো একজন প্রাজ্ঞ ও পোক্ত মানুষ এ কী কথা বললেন? গ্র্যান্ড রিসেপশনের কথা বলার নির্গলিতার্থ হচ্ছেÑ গরিবকে পোলাও-কোর্মার মতন সুস্বাদু আহারের টোপ দিয়ে বড়লোকের বাড়িতে দাওয়াত কবুল করতে বলা। এর মধ্যে খানিকটা করুণামেশানো বড়লোকি ভাব আছে।
তারেক রহমান একজন ব্যক্তিমাত্র নন। তিনি বাংলাদেশের নেতা, নির্বাচিত প্রতিনিধি। তাকে সম্মান দেখানোর অর্থ ব্যক্তিগত মর্যাদা নয়, বাংলাদেশের প্রতি প্রতীকী সম্ভ্রম প্রদর্শন। এই কূটনৈতিক সৌজন্য হালে অতি প্রয়োজনীয় হয়ে উঠেছে। গরজ বড় বালাই হয়ে ওঠা এই তাগিদকে টোপ হিসেবে দেখানোটা সুন্দর হয়নি।
তারপরেও আমার অনুরোধÑ মি. প্রাইম মিনিস্টার, আপনি ভারত সফরে যান। এই সফরে যাওয়া-না যাওয়াটা এখন আর ব্যক্তিগত অনুভূতি কিংবা ইচ্ছা-অনিচ্ছার ব্যাপার নয়। এটা দুদেশের জন্যই অতি প্রয়োজন এবং এর সঙ্গে জাতীয় স্বার্থ জড়িত। ভারতের সঙ্গে আমাদের অনেক দেনা-পাওনা আছে। এগুলো আলোচনা করে মেটাতে হবে। কাজেই আলাপের দরজা ও মুখ দেখাদেখি বন্ধ করা যাবে না। কূটনীতি কোনো হঠকারিতা, বন্ধ কম্পার্টমেন্ট কিংবা বালখিল্যতা নয়। তাই তরল কোনো উস্কানিতে পা দেওয়ার অবকাশ নেই।
আগে যা-ই থাকুক, বাংলাদেশ ও ভারতের মধ্যে সাময়িক হলেও একটা উইন-উইন সিচুয়েশন তৈরি হয়েছে। এটা কাজে লাগাতে হবে। সকলের সঙ্গে দোস্তি, কারও সঙ্গে দুশমনি নয়Ñ কূটনৈতিক সম্পর্কের এই আপ্তবাক্যের সঙ্গে শহীদ রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান একটি শব্দবন্ধ যুক্ত করেছিলেন। সেটা হচ্ছে সার্বভৌম সমতা বা সভারেন ইকুয়ালিটির ভিত্তিতে সকলের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। এই যে সার্বভৌম সমতার ভিত্তিতে সম্পর্ক, সেটাই বিএনপির এবং তাদের সরকারের কূটনৈতিক সম্পর্কের সারকথা। ইন্ডিয়ার দাদামন্য কর্তাব্যক্তিরা এই সার্বভৌম সমতায় বিশ্বাস করে না বলেই যত ঝক্কি। এবারে ভান করলেও তারা সার্বভৌম সমতা কবুল করার আভাস দিচ্ছে। এটাই তারেক রহমানের বর্তমান সরকারের বাংলাদেশি কূটনীতির সাফল্য। এই বিজয়ের রেশ কাটার আগেই একে নগদায়ন করে ফেলতে হবে।
ড. খলিলুর রহমানের মতন একজন কুশলী ব্যক্তি তারেক রহমানের সরকারের টপ ডিপ্লোম্যাটের পজিশনে আছেন। আমি আশা করি তিনি সঠিকভাবেই গাইড করবেন। ব্যক্তির আবেগ-অনুভূতি নয়, জাতির বৃহত্তর স্বার্থেই তারেক রহমান ভারত সফরে যাবেন এবং জাতীয় স্বার্থ ও সমস্যাবলির প্রশ্নে অটল ভূমিকা পালন করবেন।