সহিদুল আলম স্বপন
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৯:৩৭ পিএম
কুদসিয়া হুদা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্ব জনস্বাস্থ্য, মানবিক সহায়তা, দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু সহনশীলতা প্রতিষ্ঠায় অসামান্য নেতৃত্বের স্বীকৃতি হিসেবে হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের ২০২৬ সালের ‘লিডারশিপ অ্যাওয়ার্ড ইন পাবলিক হেলথ প্র্যাকটিস’ পেয়েছেন বাংলাদেশি চিকিৎসক ও আন্তর্জাতিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কুদসিয়া হুদা। এই মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জনকারী প্রথম বাংলাদেশি তিনি।
কুদসিয়া হুদার এই অর্জন শুধু তার ব্যক্তিগত পেশাগত সাফল্য নয়; বিশ্ব জনস্বাস্থ্য নেতৃত্বে বাংলাদেশের সক্ষমতা ও মেধারও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক স্বীকৃতি।
একই সঙ্গে এটি সামনে এনেছে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন- বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে নেতৃত্ব দেওয়া বাংলাদেশি বিশেষজ্ঞদের জ্ঞান, অভিজ্ঞতা ও দূরদর্শিতা দেশের নীতিনির্ধারণ ও রাষ্ট্রীয় নেতৃত্বের কাজে কতটা ব্যবহার করা হচ্ছে।
বর্তমানে সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদর দপ্তরে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, সহনশীলতা এবং জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলার কার্যক্রমে নেতৃত্ব দিচ্ছেন কুদসিয়া হুদা।
স্বাস্থ্য জরুরি পরিস্থিতির প্রস্তুতি, মোকাবিলা ও পুনরুদ্ধার এবং দুর্যোগ ব্যবস্থাপনাসংক্রান্ত বৈশ্বিক নীতি ও কৌশল প্রণয়নেও তিনি ভূমিকা রাখছেন।
বিশ্ব জনস্বাস্থ্যে বাংলাদেশের নেতৃত্ব
হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ গত ৩ আগস্ট ২০২৬ সালের অ্যালামনাই অ্যাওয়ার্ডপ্রাপ্তদের নাম ঘোষণা করে। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় অ্যালামনাই উইকেন্ডে নির্বাচিতদের আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হবে।
প্রতি বছর বিশ্ব জনস্বাস্থ্যে উল্লেখযোগ্য অবদান রাখা সাবেক শিক্ষার্থীদের বিভিন্ন বিভাগে পুরস্কৃত করে হার্ভার্ড চ্যান অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
বাংলাদেশে জন্ম ও বেড়ে ওঠা কুদসিয়া হুদা চিকিৎসক হিসেবে পেশাজীবন শুরু করেন।
রোগ দেখা দেওয়ার পর চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা, আগাম প্রস্তুতি ও শক্তিশালী জনস্বাস্থ্যব্যবস্থার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন রক্ষার সুযোগ তাকে জনস্বাস্থ্যের বিস্তৃত পরিসরে নিয়ে যায়।
২০০২ সালে তিনি হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথ থেকে মাস্টার অব পাবলিক হেলথ ডিগ্রি অর্জন করেন।
অধ্যয়নকালে তিনি প্রতিষ্ঠানটির হিউম্যানিটারিয়ান স্টাডিজ প্রোগ্রামের প্রথম ব্যাচের অগ্রগামী সদস্যদের একজন ছিলেন।
এই শিক্ষা ও প্রশিক্ষণ চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে দুর্যোগ, সশস্ত্র সংঘাত, বাস্তুচ্যুতি, রোগের প্রাদুর্ভাব ও মানবিক সংকটের জটিল সম্পর্ক বুঝতে তাকে সহায়তা করে।
দুই দশকের বৈশ্বিক অভিজ্ঞতা
২০০৪ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেওয়ার পর দুই দশকের বেশি সময় ধরে কুদসিয়া হুদা বিশ্বের বড় বড় মানবিক ও জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
ভারত মহাসাগরীয় সুনামি, ইবোলা মহামারি, করোনাভাইরাস মহামারি এবং এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন যুদ্ধ, সংঘাত ও প্রাকৃতিক দুর্যোগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাড়াদান কার্যক্রমে তিনি নেতৃত্ব দিয়েছেন।
এসব সংকটের অভিজ্ঞতা তাকে দুর্যোগের পর শুধু সাড়া দেওয়ার পরিবর্তে আগাম ঝুঁকি শনাক্তকরণ, প্রতিরোধ, প্রস্তুতি এবং স্বাস্থ্যব্যবস্থার সহনশীলতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে উৎসাহিত করেছে।
তার নেতৃত্বাধীন কার্যক্রমের অন্যতম লক্ষ্য হলো যুদ্ধ, মহামারি কিংবা প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলো সচল রাখা এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হতে দেওয়া।
জলবায়ু ঝুঁকিতে বিশেষ তাৎপর্য
জলবায়ু পরিবর্তন বৈশ্বিক জনস্বাস্থ্যের অন্যতম বড় হুমকি হয়ে ওঠার সময়ে এই সম্মাননা পেলেন কুদসিয়া হুদা।
অতিরিক্ত তাপমাত্রা, বন্যা, ঘূর্ণিঝড়, দাবানল ও খরার মতো দুর্যোগ তাৎক্ষণিক প্রাণহানি ও আহতের পাশাপাশি বিশুদ্ধ পানির সংকট, অপুষ্টি, খাদ্যনিরাপত্তাহীনতা, সংক্রামক রোগের বিস্তার, হাসপাতালের ক্ষয়ক্ষতি ও বাস্তুচ্যুতির মতো দীর্ঘমেয়াদি সংকট তৈরি করে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য তার কাজ বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।
ঘূর্ণিঝড়ের পূর্বাভাস, আশ্রয়কেন্দ্র, স্বেচ্ছাসেবক নেটওয়ার্ক ও কমিউনিটিভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ অগ্রগতি অর্জন করলেও বন্যা, নদীভাঙন, লবণাক্ততা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও ক্রমবর্ধমান তাপপ্রবাহ স্বাস্থ্যব্যবস্থার জন্য এখন বড় চ্যালেঞ্জ।
সক্রিয় স্বাস্থ্য কূটনীতিতেও
কারিগরি দায়িত্বের পাশাপাশি আন্তর্জাতিক স্বাস্থ্য কূটনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন কুদসিয়া হুদা।
ভিন্ন রাজনৈতিক বাস্তবতা, অর্থনৈতিক সক্ষমতা ও জনস্বাস্থ্য অগ্রাধিকারের দেশগুলোর মধ্যে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি মোকাবিলায় ঐকমত্য তৈরি করা তার কাজের একটি বড় অংশ।
তিনি ইন্টারন্যাশনাল রিকভারি প্ল্যাটফর্মের কো-চেয়ার এবং দুর্যোগ ঝুঁকি হ্রাসে জি২০ ও জাতিসংঘের সেন্দাই ফ্রেমওয়ার্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফোকাল পয়েন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
লেখক ও কারিগরি বিশেষজ্ঞ হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার গবেষণা, প্রকাশনা, নীতিমালা ও কারিগরি নির্দেশিকা স্বাস্থ্য জরুরি প্রস্তুতি ও দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনার উন্নয়নে প্রভাব রেখেছে।
বিশ্বমানের মেধা কাজে লাগুক
কুদসিয়া হুদাসহ পাঁচজন বিশিষ্ট সাবেক শিক্ষার্থী হার্ভার্ড টি এইচ চ্যান স্কুল অব পাবলিক হেলথের ২০২৬ সালের অ্যালামনাই অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত হয়েছেন।
অন্যদের মধ্যে রয়েছেন লরেন ডিন, ফেলিক্স গুটসভিলার, আব্রার করণ ও অ্যাম্বার নিগাম।
কুদসিয়া হুদার আন্তর্জাতিক স্বীকৃতি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে গর্বের। তবে এমন অর্জনের মূল্য শুধু অভিনন্দন কিংবা গর্ব প্রকাশের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।
তার মতো বিশ্বমানের বাংলাদেশি জনস্বাস্থ্য বিশেষজ্ঞ, বিজ্ঞানী, গবেষক, কূটনীতিক ও পেশাজীবীদের দেশের নীতিনির্ধারণ ও জাতীয় উন্নয়ন পরিকল্পনায় যুক্ত করার কার্যকর ব্যবস্থা প্রয়োজন।
বিশ্বের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কর্মরত অনেক বাংলাদেশির আন্তর্জাতিক সংকট মোকাবিলা, প্রতিষ্ঠান পরিচালনা, নীতি প্রণয়ন ও বহুপক্ষীয় সমন্বয়ের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তাদের আনুষ্ঠানিকভাবে সম্মান জানানোর পাশাপাশি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখার সুযোগ তৈরি করা যেতে পারে। জাতীয় পরামর্শক পরিষদ, বিশেষজ্ঞ প্যানেল, গবেষণা সহযোগিতা ও নীতি প্রণয়ন কমিটির মাধ্যমেও তাঁদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব।
বাংলাদেশ দুর্যোগ মোকাবিলায় আন্তর্জাতিকভাবে প্রশংসিত হলেও জলবায়ু পরিবর্তন, নগর স্বাস্থ্যঝুঁকি, মহামারি প্রস্তুতি, হাসপাতালের নিরাপত্তা, জনস্বাস্থ্য গবেষণা ও জরুরি পরিস্থিতিতে সমন্বিত নেতৃত্বের ক্ষেত্রে এখনও অনেক কাজ বাকি। কুদসিয়া হুদার মতো অভিজ্ঞ বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এসব ক্ষেত্রে দেশের সক্ষমতা আরও শক্তিশালী করতে পারে।
জাতীয় পর্যায়ে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে দলীয় পরিচয় বা ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তে পেশাগত দক্ষতা, সততা, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও জনসেবার মানসিকতাকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। কুদসিয়া হুদার সাফল্য বাংলাদেশের তরুণ চিকিৎসক ও জনস্বাস্থ্যকর্মীদের, বিশেষ করে আন্তর্জাতিক পর্যায়ে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখা নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।
আগামী সেপ্টেম্বরে হার্ভার্ড চ্যান স্কুলের অ্যালামনাই উইকেন্ডে তাকে আনুষ্ঠানিকভাবে সম্মাননা দেওয়া হবে। তবে তার অর্জনের সবচেয়ে অর্থবহ উদ্যাপন হবে তখনই, যখন বাংলাদেশ বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত নিজের মেধাবী সন্তানদের জ্ঞান, অভিজ্ঞতা ও নেতৃত্বকে জাতীয় উন্নয়নের কাজে যুক্ত করার বাস্তব উদ্যোগ নেবে।