× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি বহুত্ববাদী সমাজের সন্ধানে

সিয়াম সারওয়ার জামিল

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ ১৪:৫৪ পিএম

একটি গণতান্ত্রিক ও সভ্য সমাজের অন্যতম মূল ভিত্তি হলো এর বৈচিত্র্য ধারণ করার ক্ষমতা। প্রতীকী ছবি

একটি গণতান্ত্রিক ও সভ্য সমাজের অন্যতম মূল ভিত্তি হলো এর বৈচিত্র্য ধারণ করার ক্ষমতা। প্রতীকী ছবি

একটি গণতান্ত্রিক ও সভ্য সমাজের অন্যতম মূল ভিত্তি হলো এর বৈচিত্র্য ধারণ করার ক্ষমতা। একটি রাষ্ট্রে ভিন্ন ধর্ম, বর্ণ বা মতাদর্শের নাগরিকরা কতটা নির্বিঘ্নে নিজেদের উপাসনালয়ে যেতে পারেন, নিজেদের পরিচয় প্রকাশ করতে পারেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে এই দেশে নিশ্চিন্তে বেড়ে ওঠার স্বপ্ন দেখাতে পারেন— তার ওপরই নির্ভর করে সেই সমাজের প্রকৃত সুস্থতা।

বাংলাদেশ সংবিধানের ৪১ অনুচ্ছেদ প্রতিটি নাগরিককে নিজ ধর্ম পালন, প্রচার ও প্রতিষ্ঠার অধিকার দেয়। কিন্তু সমাজ ও রাজনীতির পরিবর্তনের নানা ধাপে এই সাংবিধানিক প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগ নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়।

এ কারণে দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, আহমদিয়া কিংবা পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নিরাপত্তার বিষয়টি শুধু আইনি কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটি একটি সুস্থ সমাজ গঠনেরও অবিচ্ছেদ্য অংশ।

২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তন ও সামাজিক অস্থিরতার সময়গুলোতে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে বেশ কিছু অনাকাঙ্ক্ষিত হামলার ঘটনা সামনে আসে। 

মানবাধিকার ও সংখ্যালঘু অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর তথ্যমতে, ওই সময়কাল থেকে পরবর্তী মাসগুলোতে বেশ কিছু সহিংসতা ও উপাসনালয়ে হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। ২০২৬ সালের প্রথমার্ধে বড় আকারের হামলার প্রবণতা কমলেও, সম্পত্তি ও উপাসনালয়কেন্দ্রিক বিচ্ছিন্ন ঘটনাগুলো এখনও উদ্বেগের বিষয়।

এই ঘটনাগুলোকে নিছক বিচ্ছিন্ন হিসেবে দেখার সুযোগ কম। গুজব বা অপ্রমাণিত অভিযোগের ভিত্তিতে দেশের বিভিন্ন প্রান্তে যখন কোনো নাগরিককে সামাজিক বিচারের মুখে পড়তে হয়, তখন তা আইনের শাসনকে দুর্বল করে তোলে।

এই উদ্বেগ শুধু দেশীয় পরিসরে সীমাবদ্ধ নেই; আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থাগুলোর মূল্যায়নেও প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সামাজিক সহনশীলতার বিষয়টি উঠে এসেছে।

ফ্রিডম হাউস, ইউএসসিআইআরএফ কিংবা পিউ রিসার্চ সেন্টারের মতো বৈশ্বিক সংস্থাগুলোর প্রতিবেদনে বিভিন্ন সময় সামাজিক পর্যায় থেকে আসা চাপ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ এবং ডিজিটাল আইনের প্রভাব নিয়ে আলোকপাত করা হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক বিশেষ দূতেরাও বিভিন্ন সময়ে অবাধ, অন্তর্ভুক্তিমূলক এবং নাগরিক অধিকারের নিশ্চয়তা সম্বলিত সমাজের ওপর জোর দিয়েছেন। এই প্রতিবেদনগুলো মূলত একটি সত্যই সামনে আনে— গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হলে বিচারব্যবস্থা ও জবাবদিহির জায়গাও দুর্বল হয়ে পড়ে।

সাম্প্রতিক সময়ে কিছু আইনি পদক্ষেপ, দীর্ঘস্থায়ী বিচারিক প্রক্রিয়া এবং কিছু সামাজিক সংগঠকের আটকের বিষয় নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও দৃষ্টি আকর্ষণ করেছে। বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা বা আইনি অস্পষ্টতা অনেক সময় সমাজে অনাকাঙ্ক্ষিত ভীতির কারণ হতে পারে বলে পর্যবেক্ষকদের মত। একটি অন্তর্ভুক্তিমূলক সমাজে আইনি প্রক্রিয়ার স্বচ্ছতা ও দ্রুততা নিশ্চিত করা তাই অত্যন্ত জরুরি।

রাষ্ট্রের সাংবিধানিক দর্শনে ‘বহুত্ববাদ’ বনাম ‘সহাবস্থান’ নিয়ে বিতর্কটি বেশ তাৎপর্যপূর্ণ। সাংবিধানিক সংস্কারের আলোচনায় সব সম্প্রদায়ের ‘সহাবস্থান’-এর কথা বলা হলেও, ‘বহুত্ববাদ’-এর ধারণাটি আরও গভীর। সহাবস্থান মানে পাশাপাশি থাকা; অন্যদিকে বহুত্ববাদ মানে সমান মর্যাদায় রাষ্ট্রের অংশীদার হওয়া। একটি রাষ্ট্র যখন শুধু সহাবস্থানের নিশ্চয়তা দেয়, তখন তা অনেক সময় সংখ্যাগরিষ্ঠের সদিচ্ছার ওপর নির্ভরশীল হয়ে পড়ে।

ধর্মভিত্তিক রাজনৈতিক আদর্শের অনুসারীরা প্রায়ই দাবি করেন, তাদের কাঠামোতে সব নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে। তবে বাস্তবে একটি বহুত্ববাদী সমাজ গঠনে ধর্মীয় সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। রাষ্ট্রের কেন্দ্রীয় পরিচিতির সঙ্গে যখন কোনো একটি নির্দিষ্ট পরিচিতি অতিমাত্রায় একীভূত হয়ে যায়, তখন অন্যান্য পরিচিতির নাগরিকদের ভেতর সমতার অনুভূতি দুর্বল হওয়ার ঝুঁকি থাকে।

গবেষকরা এই প্রবণতাকে ‘নর্ম ইরোশন’ বা আদর্শগত অবক্ষয় বলে থাকেন, যেখানে আইন কাগজে-কলমে বহাল থাকলেও সামাজিক আচরণে তার প্রভাব ধীরে ধীরে কমতে থাকে।

এখানে মনে রাখা প্রয়োজন, বাংলাদেশের বহুত্ববাদ কেবল কোনো একটি নির্দিষ্ট সম্প্রদায়ের নিরাপত্তার প্রশ্ন নয়। পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমি অধিকার ও সাংস্কৃতিক স্বীকৃতি, আহমদিয়া সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা কিংবা মুসলিম সমাজের ভিন্ন মতাবলম্বী বা মাজারপন্থী গোষ্ঠীর নিরাপদ অস্তিত্বও এই বৃহত্তর আলোচনার অংশ। বহুত্ববাদ মানে সমাজের সব বৈচিত্র্যের সমান মর্যাদা নিশ্চিত করার রাজনৈতিক ও নৈতিক অঙ্গীকার।

রাষ্ট্র তার সবচেয়ে প্রান্তিক বা সংখ্যালঘু নাগরিককে এমন নিরাপত্তা দিতে পারবে কি না, যাতে তিনি নিজের পরিচয় লুকিয়ে না রেখে সমান মর্যাদায় বাঁচতে পারেন— আজকের দিনে এটিই সবচেয়ে বড় প্রশ্ন।

একটি প্রকৃত গণতান্ত্রিক সমাজের পরিচয় কেবল তার সংখ্যাগরিষ্ঠের মতামতে নয়, বরং তার সংখ্যালঘুর নির্ভয়তায় নিহিত থাকে। যে রাষ্ট্রে একজন সংখ্যালঘু নাগরিক তার সন্তানকে নিশ্চিন্তে বলতে পারেন, ‘এই দেশটাও তোমার’— সেই রাষ্ট্রই প্রকৃত অর্থে বহুত্ববাদী। আমাদের সামনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সেই বিশ্বাসকে বাস্তবে রূপ দেওয়া।


লেখক: পিএইচডি গবেষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, দিল্লি ইউনিভার্সিটি

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা