রাসেল আহমদ
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬ ১৬:৪০ পিএম
আপডেট : ১১ আগস্ট ২০২৬ ১৭:০২ পিএম
রাসেল আহমদ । ফাইল ছবি
বাংলাদেশের রাজনীতিতে রাষ্ট্রপতি পদটি অনেক সময় সাংবিধানিক আনুষ্ঠানিকতার আবরণে ঢাকা পড়ে থাকে। কিন্তু ইতিহাসের কিছু সন্ধিক্ষণে কোনো একটি পদ শুধু একটি সাংবিধানিক পদ থাকে না, হয়ে ওঠে রাষ্ট্রের নৈতিক অভিমুখের প্রতীক। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে রাষ্ট্রপতি হওয়ার যে আলোচনা এখন রাজনৈতিক অঙ্গনে প্রবল, সেটিও তাই নিছক একটি সম্ভাব্য নিয়োগের প্রসঙ্গ নয়। এর সঙ্গে জড়িয়ে আছে একটি ক্লান্ত, বিভক্ত ও ক্রমশ অসহিষ্ণু রাজনৈতিক সংস্কৃতির ভেতর থেকে একজন প্রবীণ, মার্জিত ও দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন মানুষের প্রতি এক ধরনের জনপ্রত্যাশা।
গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বিএনপির দলীয় সিদ্ধান্তের সূত্র ধরে মির্জা ফখরুলের রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনার কথা এসেছে। চূড়ান্ত সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এটিকে সম্ভাবনা হিসেবেই দেখা সংগত। কিন্তু সম্ভাবনাটি ইতোমধ্যে যে প্রশ্নটি সামনে এনেছে, সেটি আরও গুরুত্বপূর্ণ -মির্জা ফখরুল যদি রাষ্ট্রপতি হন, এই সংকটময় সময়ে মানুষ তার কাছে কী প্রত্যাশা করবে?
এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মনে পড়ে লেখক, গবেষক ও কলামিস্ট আমিন আল রশীদের 'পরিচ্ছন্ন রাজনীতির খোঁজে' নিবন্ধটির কথা। সেখানে মির্জা ফখরুলকে একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিক হিসেবে মূল্যায়নের পাশাপাশি, ৮ মে নওগাঁয় রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তীর অনুষ্ঠানে তার একটি আক্ষেপের কথা তুলে ধরা হয়েছে। মির্জা ফখরুল বলেছিলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও প্রাণের বিনিময়েও দেশের রাজনৈতিক সংস্কৃতিতে কাঙ্ক্ষিত পরিবর্তন পুরোপুরি আসেনি।
আক্ষেপটি গভীর। কারণ পরিচ্ছন্ন রাজনীতি শুধু ব্যক্তিগত সততার নাম নয়, এটি একটি রাজনৈতিক সংস্কৃতি। সেখানে ভিন্নমতকে শত্রু ভাবা হবে না, প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার মানসিকতা থাকবে না, ক্ষমতা ব্যক্তিগত আধিপত্যের উপকরণ হবে না এবং রাষ্ট্র কোনো দল বা ব্যক্তির সম্পত্তিতে পরিণত হবে না। গণতন্ত্রের সৌন্দর্যও এখানেই -ক্ষমতায় থাকা যেমন বৈধ, ক্ষমতার বাইরে থাকাও তেমনি বৈধ।
কিন্তু বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে এই সহজ সত্য থেকে দূরে সরে গেছে। একসময় রাজনীতি ছিল আদর্শ, ত্যাগ, জনসম্পৃক্ততা ও সামাজিক পরিবর্তনের চর্চা। ক্রমে তার জায়গা নিয়েছে ব্যক্তি, পরিবার, আনুগত্য, অর্থ ও ক্ষমতার হিসাব। রাজনৈতিক দর্শনের জায়গায় এসেছে নির্বাচনি অঙ্ক, সাংগঠনিক চেতনার জায়গায় জায়গা করে নিয়েছে ব্যক্তিনির্ভর আনুগত্য। ফলে রাজনীতির নৈতিক ভিত্তিই দুর্বল হয়েছে।
২০১৩ সালে একবার মির্জা ফখরুলের বাসায় তার সঙ্গে দেখা করার সুযোগ হয়েছিল। আলাপের একপর্যায়ে তিনি আক্ষেপ করে বলেছিলেন, 'রাজনীতিটা এখন আর ভালো মানুষের জন্য নাই।' তখন কথাটি ব্যক্তিগত হতাশা বলেই মনে হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে বুঝেছি, সেটি ছিল বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির একটি গভীর অসুখের সংক্ষিপ্ত স্বীকারোক্তি।
একজন রাজনীতিক যখন বলেন, রাজনীতি ভালো মানুষের জন্য নেই, তখন প্রশ্নটি আর ব্যক্তির থাকে না, প্রশ্নটি চলে যায় ব্যবস্থার কাছে। কেন সততা রাজনৈতিক যোগ্যতার বদলে দুর্বলতা হয়ে উঠবে? কেন নীতি ও আদর্শের চেয়ে আনুগত্য বেশি পুরস্কৃত হবে? কেন একজন ভালো মানুষকে রাজনীতিতে টিকে থাকার জন্য নিজের বিবেকের সঙ্গে প্রতিনিয়ত সমঝোতা করতে হবে?
আজ সেই প্রশ্নের সঙ্গে যুক্ত হয়েছে নতুন এক বাস্তবতা। ২০২৪ সালের পটপরিবর্তনের মধ্য দিয়ে তরুণদের একটি অংশ রাজনীতিতে নতুন দৃশ্যমানতা পেয়েছে। তরুণদের রাজনীতিতে আগমন নিঃসন্দেহে আশার বিষয়। কিন্তু সেই সম্ভাবনার সঙ্গে যদি অসহিষ্ণুতা, ঔদ্ধত্য, প্রতিপক্ষকে অপমান, রাজনৈতিক শিষ্টাচারের অবক্ষয় এবং বয়ান-স্লোগানে অশ্লীল ও কুরুচিপূর্ণ ভাষার ব্যবহার যুক্ত হয়, তবে সেটি রাজনৈতিক নবজাগরণ নয়, বরং পুরোনো অবক্ষয়ের নতুন সংস্করণ।
রাজনৈতিক মতপার্থক্য থাকবে, তীব্র বিতর্কও থাকবে। কিন্তু প্রতিপক্ষকে গালি দিয়ে, অপমান করে কিংবা মানবিক মর্যাদা ক্ষুণ্ন করে কোনো গণতন্ত্র শক্তিশালী হয় না। রাজনীতি যুক্তির ভাষা হারালে সমাজও ধীরে ধীরে সহনশীলতা হারায়। নতুন প্রজন্মকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া নয়, বরং তাদের গণতান্ত্রিক শিষ্টাচার, ইতিহাসবোধ, সহনশীলতা ও দায়িত্বশীল রাজনৈতিক আচরণ শেখানো এখন সময়ের দাবি। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের কাছে সচেতন নাগরিকদের একটি প্রত্যাশা হতে পারে -তিনি যেন তার নৈতিক অবস্থান ও সাংবিধানিক মর্যাদা দিয়ে রাজনৈতিক ভাষাকে আবার সভ্যতার সীমায় ফিরিয়ে আনার আহ্বান জানান।
এর সঙ্গে জড়িয়ে আছে আরও একটি মৌলিক প্রশ্ন -গণতন্ত্র কি সত্যিই সব নাগরিকের রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে পারবে? আওয়ামী লীগের রাজনৈতিক অধিকার নিয়েও তাই ন্যায্য ও নীতিনিষ্ঠ অবস্থান প্রয়োজন। কোনো ব্যক্তি বা নেতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ থাকলে তাঁর বিচার অবশ্যই আইনের পথে হবে, কিন্তু ব্যক্তি ও দলের দায়কে একাকার করে একটি বৃহৎ জনগোষ্ঠীর রাজনৈতিক অধিকার দীর্ঘদিন সংকুচিত করা গণতন্ত্রকে শক্তিশালী করে না। কোনো রাজনৈতিক দলের মোকাবিলা হওয়া উচিত জনগণের ভোট, যুক্তি ও কর্মসূচির মাধ্যমে। গণতন্ত্রের সবচেয়ে বড় পরীক্ষা হলো -আমরা কি প্রতিপক্ষের অধিকারও নিজের অধিকারের মতো রক্ষা করতে পারি?
রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নৈতিক অবস্থানের গুরুত্ব এখানেই। আজ যে অধিকার কারও জন্য অস্বস্তিকর, আগামীকাল সেটিই নিজের জন্য প্রয়োজনীয় হয়ে উঠতে পারে। রাজনৈতিক প্রতিযোগিতার মাঠ যত উন্মুক্ত, গণতন্ত্র তত শক্তিশালী। প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে জয়ী হওয়া যায়, কিন্তু তাতে গণতন্ত্র জয়ী হয় না।
ক্ষমতার পরিবর্তন গণতন্ত্রের সূচনা করতে পারে, কিন্তু রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ছাড়া গণতন্ত্রের পূর্ণতা আসে না।
একইভাবে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাসকে বিকৃত, অস্বীকার কিংবা মুছে দেওয়ার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধেও রাষ্ট্রকে দৃঢ় থাকতে হবে। ১৯৭১-এর পরাজিত শক্তির রাজনৈতিক ও মতাদর্শিক তৎপরতা নিয়ে বাংলাদেশের ইতিহাসে যে বাস্তবতা রয়েছে, তার আলোকে জামায়াত-শিবিরের নামে পরিচিত সংগঠনগুলোর মধ্যে যারা মুক্তিযুদ্ধের ইতিহাস অস্বীকার বা বিকৃত করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আইনসম্মত ও গণতান্ত্রিক প্রতিরোধ প্রয়োজন। তবে সেই প্রতিরোধ হতে হবে সংবিধান, আইন ও ইতিহাসের সত্যের ভিত্তিতে -প্রতিহিংসা বা নির্বিচার দমনের পথে নয়।
একজন মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতির কাছে দলমত নির্বিশেষে দেশপ্রেমিক নাগরিকদের প্রত্যাশা থাকবে, তিনি মুক্তিযুদ্ধকে কোনো দলের একক সম্পত্তি না বানিয়ে জাতীয় অস্তিত্বের ভিত্তি হিসেবে প্রতিষ্ঠিত করবেন। ইতিহাস মুছে ফেলা নয়, ইতিহাস থেকে জাতিকে শিক্ষা নেওয়ার সুযোগ তৈরি করাই হবে রাষ্ট্রের দায়িত্ব।
আমি নিজে প্রান্তিক পর্যায়ের রাজনৈতিক কর্মী হিসেবে এবং জনগণের প্রত্যক্ষ ভোটে দুই দফা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে গিয়ে রাজনীতিকে খুব কাছ থেকে দেখেছি। অভিজ্ঞতা অনেক সময় হতাশ করেছে, কিন্তু রাজনীতি সম্পর্কে আমার মৌলিক বিশ্বাস বদলায়নি। আমার কাছে রাজনীতি কখনোই শুধু ক্ষমতার প্রতিযোগিতা নয়; এটি জ্ঞানচর্চা, জনসেবা ও মানুষের প্রতি দায়বদ্ধতার এক কঠিন ব্রত। একজন সত্যিকারের রাজনীতিকের পরিচয় তার ব্যাংক ব্যালান্স, গাড়ি-বাড়ি কিংবা ক্ষমতার দাপটে নয়; তার পরিচয় জনগণের কাছে তার দায়বদ্ধতায়।
সেই বিশ্বাস থেকেই মনে হয়, বাংলাদেশের সামনে এখন আরেকটি ক্ষমতার পালাবদলের চেয়ে বড় প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির পুনর্গঠন। এমন একটি রাষ্ট্রব্যবস্থা দরকার, যেখানে সততা দুর্বলতা হবে না, ভিন্নমত অপরাধ হবে না, তরুণেরা রাজনীতিতে আসবে কিন্তু শিষ্টাচার হারাবে না, মুক্তিযুদ্ধের ইতিহাস নিরাপদ থাকবে এবং কোনো রাজনৈতিক দলই রাষ্ট্রের মালিকানা দাবি করতে পারবে না।
জনপ্রত্যাশার এই কঠিন ও জটিল ইস্যুগুলোর সহজ সমাধান করা বা সব প্রত্যাশা পূরণ করা রাষ্ট্রপতি মির্জা ফখরুলের পক্ষে কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে। রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতার সীমাবদ্ধতাও বাস্তব। কিন্তু বাংলাদেশের মানুষ যে মির্জা ফখরুলকে দীর্ঘদিন ধরে দেখে এসেছে, সেই ফখরুলের কাছে এসব প্রত্যাশা অস্বাভাবিক নয়। কারণ এই মুহূর্তে জাতীয় জীবন ও রাজনৈতিক অঙ্গনে যে কালো ছায়া নেমে এসেছে, সেখানে তার মধ্যেই অনেকে এক আলোকবর্তিকার সম্ভাবনা দেখছেন।
শেষকথা হলো, রাষ্ট্রপতি হলে মির্জা ফখরুল এসব সংকট কাটাতে পারবেন কি না, তা সময়ই বলে দেবে। কিন্তু সংকটের উত্তাল মহাসমুদ্রে 'বাংলাদেশ' নামের জাহাজটির নিরাপদ অভিযাত্রায় তারেক রহমানের জন্য যে মানুষটির ওপর দীর্ঘ রাজনৈতিক পথচলার পরীক্ষিত আস্থা রয়েছে, তিনি এই বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল। তাই পরিচ্ছন্ন রাজনীতি, গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক শিষ্টাচার, মুক্তিযুদ্ধের ইতিহাসের মর্যাদা এবং রাষ্ট্রের নৈতিক পুনর্গঠনের যে বিপুল প্রত্যাশা আজ তৈরি হয়েছে, শেষ পর্যন্ত তার দায়ও তাঁকেই বহন করতে হবে।
রাষ্ট্রপতির চেয়ারে বসা তার জন্য হয়তো হবে একটি নতুন সাংবিধানিক দায়িত্ব, কিন্তু দেশের মানুষের কাছে সেটি হয়ে উঠতে পারে আরও বড় এক পরীক্ষা -তিনি কি ক্ষমতার রাজনীতির ঊর্ধ্বে উঠে রাষ্ট্রের নৈতিক বিবেকের ভূমিকা নিতে পারবেন? সময়ই তার উত্তর দেবে। তবে আজকের বাংলাদেশের দিকে তাকালে একটি সত্য অস্বীকার করার উপায় নেই: রাজনীতি যখন আস্থার সংকটে, তখন মানুষ কেবল নতুন একজন রাষ্ট্রপতি চায় না; তারা এমন একজন অভিভাবক চায়, যিনি রাষ্ট্রকে আবার শালীনতা, সহনশীলতা, ইতিহাসবোধ ও গণতান্ত্রিক মর্যাদার পথে ফেরার সাহস দেখাবেন।
আর সেই কঠিন দায়িত্বের ভার এখন মির্জা ফখরুলের কাঁধেই আসতে পারে।
লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক ও জনপ্রতিনিধি