× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅভ্যুত্থান মানুষের মনে তৈরি করে অনেক অনেক প্রত্যাশা

আনু মুহাম্মদ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১২:০৮ পিএম

আনু মুহাম্মদ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

আনু মুহাম্মদ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২০১৮-র পর ২০২৪ এর কোটা সংস্কার আন্দোলন ছিল শিক্ষার্থীদের কর্মসংস্থানের অধিকারের আন্দোলন। সরকারের পক্ষে এটা মেনে নেওয়া মোটেই কঠিন বিষয় ছিল না। কিন্তু সরকার তার স্বৈরতান্ত্রিক মনস্তত্ত্ব এবং জনগণকে তুচ্ছ-তাচ্ছিল্য করার অভ্যাসের কারণে শিক্ষার্থীদের দাবি মানতে অস্বীকার করে। এক পর্যায়ে নানা টালবাহানা এবং বলপ্রয়োগ করে শিক্ষার্থীদের আন্দোলন দমনের চেষ্টা চলে। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে নৃশংস হামলা, মামলা ও হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় জনগণের মধ্যে বহু দিনের বহুমাত্রিক ক্ষোভ ক্রোধের বিস্ফোরণ ঘটে। সরকার যত নৃশংসতা বাড়াতে থাকে আন্দোলনে জনগণের সমর্থন এবং সম্পৃক্ততা তত বাড়তে থাকে। সেখানে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শিল্প শ্রমিক, পথশ্রমিক, নারী, অভিভাবক, শিক্ষক, লেখক, শিল্পী, আইনজীবী, বিজ্ঞানী, সাংবাদিক সকল স্তরের মানুষই পথে নেমে আসেন। সরকারি বাহিনী ও সরকার দলীয় সন্ত্রাসীদের আক্রমণকে সম্পূর্ণ তুচ্ছজ্ঞান করে দৃঢ়তার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলে মানুষ। মানুষের সম্মিলিত শক্তির এই প্রকাশই হলো গণঅভ্যুত্থান।

মানুষ যখন নিজের জীবন বাজি রেখে অত্যাচারী রাষ্ট্রের ক্ষমতার মুখোমুখি হয় বা প্রতিরোধ গড়ে তোলে, তখন অজান্তেই তারা নতুন চৈতন্যে পৌঁছে যায়, তার পরিবর্তনও হতে থাকে। তারা ভবিষ্যৎ নির্মাণ করতে চায়, নিজের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়। মানুষ হিসেবে সে তখন নিজের চেয়েও বড় হয়ে ওঠে। এটাই গণঅভ্যুত্থানের মুহূর্ত! ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানও তাই। তবে তা হঠাৎ করে হয়নি। 

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দীর্ঘ সময় ধরে জোর-জবরদস্তি করে ক্ষমতায় থেকেছে, জনগণকে নির্যাতন করেছে, তুচ্ছ-তাচ্ছিল্য করেছে, দীর্ঘদিন ধরে জনস্বার্থবিরোধী তৎপরতা চালিয়ে গেছে; রামপাল রূপপুরসহ জাতীয় স্বার্থবিরোধী সব চুক্তি করেছে, মেগা প্রকল্পের নামে ভয়ংকর সব দুর্নীতি করেছে এবং বিভিন্নভাবে দখলবাজি ও নানা উপায়ে মানুষের ওপর আধিপত্য বিস্তার করতে গিয়ে সীমাহীন অত্যাচার চালিয়েছে। ভয়ংকর দমনপীড়ন নির্যাতন খুন গুম ত্রাসের পরিবেশের মধ্যেও এসবের বিরুদ্ধে জনপ্রতিরোধ হয়েছে। বিভিন্ন সময়ে শ্রমিক আন্দোলন হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার আন্দোলন হয়েছে, একাধিক বড় বড় ছাত্র আন্দোলন হয়েছে, লম্বা সময় ধরে সুন্দরবন আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে. সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে লেখালেখি হয়েছে। হামলা, হুমকি, গুম, ডিজিটাল সিকিউরিটি আইনসহ বিভিন্ন আইনের ভয় মাথায় থাকলেও প্রতিবাদ থামেনি। 

শিক্ষার্থীরা এ আন্দোলনের সূত্রপাত করলেও একসময় এভাবেই এটি হয়ে ওঠে সর্বজনের আন্দোলন। সে সময় কারফিউ ভেঙে যে রকম প্রবল প্রতিরোধের শক্তি নিয়ে গানের মিছিলে হাঁটতে থাকেন ক্ষুব্ধ শিল্পীরা, সেই প্রতিরোধ, সেই সাহস নিয়েই তৈরি হতে থাকে দেয়ালে দেয়ালে গ্রাফিতি, আর কলমে কন্ঠে মোবাইলে বাদ্যযন্ত্রে তৈরি হতে থাকে গানের পর গান, কোথাও একক কোথাও যৌথ। অনলাইন প্রযুক্তির কারণে দ্রুত তা পৌঁছে যায় মানুষের কাছে। সাহস, উদ্দীপনা, সহমর্মিতা এবং সৃজনশীলতা একাকার হয়ে রক্তাক্ত গণঅভ্যুত্থানে ছড়িয়ে যায়। 

এর আগে প্রায় এক দশক ধরে দেশজুড়ে বিস্তৃত হয়েছিল সুন্দরবনবিনাশী রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রবিরোধী আন্দোলন। এতে বিভিন্ন পর্যায়ে শিশু-কিশোরসহ দেশের বিভিন্ন স্তরের মানুষ যোগ দিয়েছিলেন। আন্দোলনের মধ্যেই তৈরি হয়েছিল অনেক গান, কবিতা, ছড়া, নাটক, তথ্যচিত্র, কার্টুনÑ এটাই হয়। যে আন্দোলন জনগণকে স্পর্শ করে তা তার প্রাণের শক্তি প্রকাশ করে, চাপা থাকা মানুষের শক্তি শত রূপে শতভাবে প্রকাশিত হয়। আমাদের সব বড় আন্দোলনেই আমরা দেখেছি মানুষের প্রাণের উত্থান। মুক্তিযুদ্ধ তো বটেই. কয়েকশ বছরে উপনিবেশ বিরোধী আন্দোলন, ১৯৫২, ১৯৬৯, ১৯৯০-এর গণঅভ্যুত্থান, ফুলবাড়ী আন্দোলন, সুন্দরবন আন্দোলন সব পর্বেই আমরা সৃজনশীলতার বিস্তার দেখেছি। ২০২৪-এও তারই প্রকাশ দেখলাম। 

এ রকম গণঅভ্যুত্থানের জোয়ারে স্বল্প সময়েই মানুষের মধ্যে অনেক পরিবর্তন আসে। এরকম সময়ে মানুষ অনেক দূরে তাকাতে চায়, ভেতরে বড় প্রত্যাশা তৈরি হয় যে, ভবিষ্যতে এমন নিপীড়নমূলক, স্বৈরতান্ত্রিক বা কর্তৃত্ববাদী সরকার আর ফিরে আসবে না। একটি গণতান্ত্রিক রূপান্তর ঘটবে এবং নিপীড়ন আধিপত্যের ব্যবস্থার বদল হবে। 

কিন্তু দেয়ালে কণ্ঠে মিছিলে গুলির মুখে দাঁড়াতে সৃজনশীলতা যে গণঅভ্যুত্থানের প্রধান পরিচয় হয়ে দাঁড়াল তার বিজয়ের পরে কীভাবে ভাস্কর্য, ম্যুরাল, মুক্তিযুদ্ধের চিহ্ন, মাজার, মন্দির, গান, নাটক, উৎসব, পালাগান, বাউল গান, চলচ্চিত্র আক্রান্ত হয় সে প্রশ্ন বারবার তুলতে হবে। রাষ্ট্র এমন সব গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, যারা বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক গভীর অভিব্যক্তির সামনে একটি পাথরের অচলায়তন দাঁড় করানোর চেষ্টা করছে। মানুষের কোনো আনন্দ-উৎসব, সৃজনশীলতা, নারীর সক্রিয়তা তারা গ্রহণ করতে পারে না। অন্যান্য ক্ষেত্রেও নিপীড়ন, বৈষম্য, জাতীয় স্বার্থবিরোধী তৎপরতার নবায়ন দেখা যাচ্ছে। এগুলো প্রত্যাশা ভঙ্গের বেদনা ও ক্ষোভ তৈরি করছে সমাজে। 

গণঅভ্যুত্থান অবশ্যই পরিবর্তনের জন্য একটি বড় শক্তি, পথ ও পদ্ধতি। তবে তা স্বয়ংক্রিয়ভাবে প্রত্যাশিত পরিবর্তন আনতে পারে না। বৈষম্যহীন, নিপীড়নমুক্ত, গণতান্ত্রিক সর্বজনের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য যে ধরনের রাজনৈতিক, মতাদর্শিক ও সাংস্কৃতিক শক্তি সমাবেশ দরকার, তা সংগঠিত হলেই কেবল গণতান্ত্রিক রূপান্তর বা রাষ্ট্রের পরিবর্তন সঠিক পথে হবে। তার জন্য বহুমুখী কাজই এখন আমাদের সবার দায়িত্ব।


লেখক: আনু মুহাম্মদ (অধ্যাপক ও শিক্ষাবিদ)

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা