ফারুক ওয়াসিফ
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ১১:৫৮ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১২:০৪ পিএম
ফারুক ওয়াসিফ। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জুলাইয়ের চেতনার খোঁজ চলছে খুব। খোঁজ চলছে কেতাবে ও মতবাদে। খোঁজ চলছে ব্যক্তিতে ও বক্তৃতায়। কিন্তু চোখের আড়ে তো পাহাড় লুকানো যায় না। জুলাইয়ের কোনো একক চেতনা থেকে থাকে, তবে তা খুঁজতে হবে যে ব্যানারে আন্দোলন চলেছিল, তার নামের মধ্যেই। বৈষম্যবিরোধিতাই জুলাইকে জুলাইয়ের পথে নিয়ে গেছে। কিন্তু চলতে চলতে একটা জীবনসাথী তার জুটেছিল এবং সেই-ই বৈষম্যবিরোধী মিছিলের সহযাত্রী হয়েছিল। ছাত্রছাত্রীদের আন্দোলন সর্বজনীন হয়ে উঠেছিল রাষ্ট্রীয় হত্যাকাণ্ডের বিরুদ্ধে। ফ্যাসিস্টদের খুনের উৎসবকে জনতা প্রতিরোধের কারবালা বানিয়ে তুলেছিল। জুলাইয়ের চেতনার মানিকজোড় হয়ে এসেছিল গণহত্যাবিরোধিতা।
বৈষম্য বিরোধিতার দীর্ঘ কাফেলা রয়েছে আমাদের। সেই ব্রিটিশ আমল থেকে জমিদার-প্রজা বৈষম্য, পাকিস্তানি আমলে দুই পাকিস্তানের মধ্যে জাতিগত বৈষম্য, বাংলাদেশ পর্বে তীব্র হতে থাকা শ্রেণিবৈষম্য মানুষকে বারবার পথে নামিয়েছে। অথচ জুলাই-পরবর্তী বাংলাদেশে বৈষম্যবিরোধী আওয়াজটাই বরং কম।
দ্বিতীয়ত, সংস্কার বলি, রাষ্ট্র পুনর্গঠন বলি, এখনও বেআইনি ও মানবতাবিরোধী হত্যাকাণ্ডের বিরুদ্ধে শক্ত দেয়াল আমরা তুলতে পারিনি। সংবাদপত্র থেকে জানা যাচ্ছে, এই সময়েও নতুন একজন গুম হয়েছেন। ক্রসফায়ার না হলেও গণপিটুনি এবং তার সাথে পুলিশের সংস্রব একেবারে বন্ধ হয়নি। পাহাড়সম যে অবিচারের বিরুদ্ধে জুলাই ঘটেছিল, সেই অবিচার বন্ধ করাও ছিল জুলাইয়ের জ্বালানি।
বৈষম্যবিরোধিতা আর জীবনের অধিকারÑ স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিÑ হলো আগুন আর তাপের মতো। একটি না থাকলে আরেকটির আশা করা যায় না। রাষ্ট্র যখন সকল নাগরিককে সমান চোখে দেখতে পারবে, তখন কোনো নাগরিককে বিনা বিচারে হত্যা করা হবে আর কাউকে কাউকে দেওয়া হবে খুনের দায়মুক্তি, সেটা ঘটতে পারবে না। জীবনের নিরাপত্তা না থাকলে বৈষম্যবিরোধিতার রাজনীতিও নিরাপদ থাকতে পারে না। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান হয়ে বাংলাদেশ পর্বে এটাই আমাদের মৌলিক রাজনৈতিক শিক্ষা।
বৈষম্য না থাকলে জাতিগত ও ধর্মীয় সাম্প্রদায়িকতারও কিন্তু জায়গা থাকে না। থাকে না নারী ও পুরুষে সুযোগের ভেদাভেদ।
জুলাইয়ের চেতনার রসায়ন যদি বৈষম্যবিরোধিতায় গড়া হয়, তাহলে মানতে হবে যে, এটা ছিল এক অর্থে সুবিধাবঞ্চিত নিম্নমধ্যবিত্ত শ্রেণির বিদ্রোহ। কীসের বিরুদ্ধে? সুবিধাভোগী স্বৈরপন্থী উচ্চমধ্যবিত্ত এবং তাদের পৃষ্ঠপোষক লুটেরা ধনিক শ্রেণির বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থানে তলার মানুষ উঠে এসেছিল লাখে লাখে, জীবন দেওয়ার সারিতেও তারাই এগিয়ে।
সাবেক সোভিয়েত ব্লক থেকে শুরু করে ভারতীয় উপমহাদেশ অবধি ঘটনা হলো এই, মধ্যবিত্ত শ্রেণি কর্তৃত্ববাদেই বেশি আরাম পাচ্ছে। রাশিয়া থেকে বেলারুশ, পোল্যান্ড থেকে হাঙ্গেরি এবং ভারত-পাকিস্তান-বাংলাদেশে মধ্যবিত্তের বড় অংশটাই বিভিন্ন রঙের কর্তৃত্ববাদী শাসনের সমর্থক হয়ে বসে আছে। ভোটের মাধ্যমে অথবা বিনাভোটে তারা যতটা না গণতন্ত্রের সমর্থক; তার চেয়ে বেশি মজে আছে উন্নয়ন নামক অর্থকরী মধুতে। অথচ জন্মকালে এই শ্রেণিটাই বিপ্লব করেছে (রাশিয়ায়); স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে (দক্ষিণ এশিয়ায়)। আমাদের ষাটের দশকের সংগ্রামী গৌরবের গল্পের সোনালি চরিত্র তো মধ্যবিত্ত থেকে আসা রাজনীতিক, সাহিত্যিক, সাংবাদিকরাই।
কিন্তু মধ্যবিত্ত তার সেই ইমেজ হারিয়ে ফেলেছিল আওয়ামী জমানায়। তাদের বুদ্ধিজীবীরা ক্ষমতার অনুগ্রহ পেতে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছিল। শিল্পীসমাজের বড় অংশটাই শিল্প ও জীবনের বিরুদ্ধে চলাকেই সংস্কৃতি বানিয়ে ফেলেছিলেন। মধ্যশ্রেণি থেকে আসা রাজনীতিবিদেরা দেশবোধ হারিয়ে আঞ্চলিক সাম্রাজ্যবাদের খয়ের খাঁ-তে পরিণত হয়েছিল।
যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক ব্রিন রোজেনফিল্ড এ বিষয়ে একটা বই লিখেছেন। বইটার নাম ‘দি অটোক্রেটিক মিডল ক্লাস; হাউ স্টেট ডিপেন্ডেন্সি রিডিউসেস দ্য ডিমান্ড ফর ডেমোক্রেসি’। অর্থাৎ স্বৈরপন্থী মধ্যবিত্তের রাষ্ট্রনির্ভরতা কীভাবে তাদের কাছে গণতন্ত্রের চাহিদা কমিয়ে দেয়। আমাদের মতো দেশে সরকারই সবচেয়ে বড় বিনিয়োগকারী, কর্মসংস্থানের মালিক, সুবিধা বিতরণকারী কর্তৃপক্ষ। ফলে আর কোনো দিকে তাকানোর উপায় নেই; যদি সরকার বেজার হয়! ওদিকে বেসরকারি খাত অস্থিতিশীল; স্বাধীন প্রতিষ্ঠান নেই বললেই চলে। সুতরাং সরকারি চাকরি হয়ে দাঁড়ায় তরুণদের স্বপ্নের চাঁদ। সেটা হাতে পেলেই কেল্লাফতে। সব মুশকিল আসান। তার ওপর যখন সরকারি কর্মচারী-কর্মকর্তাদের অতিরিক্ত সুবিধা, দায়মুক্তি এবং রাজকীয় সম্মান দেওয়া হয়, তখন তাদের সঙ্গে জনগণের বিচ্ছেদ ঘটে যায়। বেশিরভাগ ক্ষেত্রে জনগণের চাওয়া আর তাদের পাওয়ার মধ্যে ঘটে যায় বিস্তর ফারাক।
শুধু কি চাকরি? ব্যাংক ঋণ, ঠিকাদারি, এনজিও তহবিলÑ সব সরকারের হাতে। সরকারের উন্নয়নযজ্ঞে খরচ হওয়া বিলিয়ন বিলিয়ন ডলারের ছিটেফোঁটা বিভিন্ন রকমের সেবা খাতে কাজ করা, গণমাধ্যমে কাজ করা মধ্যবিত্তের হাতে কিংবা পাতে এসে পড়ে। সুতরাং নুন খাই যার, গুণ গাই তার।
এভাবে রাষ্ট্রনির্ভর হতে হতে, সরকারমুখী থাকতে থাকতে মধ্যবিত্ত একদিন দেখতে পায়, তার কোনো জায়গা নেই। যদি গণতন্ত্র না থাকে, তাহলে জনমতেরও দাম থাকে না। ঐতিহাসিকভাবে শিক্ষিত মধ্যবিত্তের বুদ্ধিজীবীরাই জনমত গঠন করতেন। তারাই ক্ষমতাকামী দলের সঙ্গে সাধারণ মানুষের যোগসূত্র, ক্ষমতার সঙ্গে জনতার রাজনৈতিক ঘটকালি করিয়ে দিতেন। তারাই ভোট এনে দিতেন। কিন্তু যদি ভোটের বালাই আর না থাকে, তাহলে জনমত এবং বুদ্ধিজীবিতার আর দাম থাকে না। ক্ষমতা ধরে রাখা যদি বল প্রয়োগের ব্যাপার হয়, তাহলে আর জনসমর্থনে কাজ কী!
জুলাই গণঅভ্যুত্থান এই সামাজিক-রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতাকে চ্যালেঞ্জ জানিয়েছিল এবং চ্যালেঞ্জটা এসেছিল বৈষম্যের শিকার উঠতি মধ্যবিত্তের দিক থেকে। গ্রাম-শহরের নিম্নবিত্ত পরিবারের সন্তানদের দিক থেকে। প্রথম প্রজন্মের উচ্চশিক্ষিত বেকারত্বের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর কাছ থেকে।
একেক দেশে জনগণ একেক সময় একেক চেহারায় আবির্ভূত হয়। রুশ বিপ্লবে তারা এসেছিল শ্রমিকের বেশ। চীনে এসেছিল মূলত কৃষকের চেহারায়। ফরাসি বিপ্লবে খেটে খাওয়া আর উঠতি মধ্যবিত্তের জোট হয়েছিল। বাংলাদেশের জুলাই গণঅভ্যুত্থানটায় ফরাসি বিপ্লবের কায়দাটাই দেখা যায়, এখানেও শহুরে উঠতি মধ্যবিত্তের সাথে শ্রমজীবীরা কাতারে কাতারে শামিল হয়ে জীবন দিয়েছিল। তারাই হয়ে উঠেছিল রাজনীতির বহুল কথিত জনগণ।
কিন্তু তাদের সাথে কি সুবিচার করা হয়েছে? বরং তাদের ভয় পাওয়া হয়েছে।
পরিবর্তনের চেহারা পরমহংসের মতো হয় না। হয় ড্রাগনের মতোই। এক ড্রাগন দেবতার ভক্তের গল্প বলি : তিনি দিনরাত দেবতাকে ডাকেন। অনেক ডাকাডাকির শেষে একদিন ড্রাগন দেবতা সাড়া দিলেন। ভক্তের সামনে সশরীরে হাজির হলেন। বিরাট দেহ, মুখ দিয়ে আগুন ঝরছে। ভক্ত তো দেখে থরথর, এ তো সে চায়নি। সে চেয়েছিল বিজ্ঞাপনের মতো ঘাস খাওয়া পান্ডার মতো সুন্দর কিছু। সে দৌড়ে পালাল।
বিপ্লব বিজ্ঞাপন না, ভোজসভাও না। তার চেহারাও সবসময় সুন্দর পুতুপুতু না। আমরা যে জাগরণ চেয়েছি এতদিনে তা এসেছে। এর বিরাটত্ব, জটিলতা, রুক্ষতা দেখে ভয় পেলে হবে না। ওপরে অনেক কিছুই থাকবে ফেনার মতো। ফেনা সরিয়ে ভেতরে তাকান, দেশের আত্মা সেখানে জেগে আছে। উঠতি মধ্যবিত্তের সম্মিলিত শক্তিকে সমীহ করুন। তাদের জীবনের কান্নাটা শুনুন। জুলাইয়ের চেতনা বেওয়ারিশ নয়। এই দল ওই দল নয়, বৈষম্যের শিকার মানুষেরাই, এই মেহনতি ও উঠতি মধ্যবিত্ত মানুষেরাই জুলাইয়ের আসল ওয়ারিশ।
আমাদের ঘরে ঘরে শহীদ, আমাদের মাঠে মাঠে গণকবর। শহীদেরা অমর আর গণকবরগুলো হুঁশিয়ারি জানায়, ফ্যাসিবাদের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে।
লেখক: ফারুক ওয়াসিফ (লেখক ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক)