× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্যাসিস্ট হাসিনার ছবি নামানোর গল্প

অধ্যাপক ড. শামীমা সুলতানা

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৯:৪৪ এএম

অধ্যাপক ড. শামীমা সুলতানা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

অধ্যাপক ড. শামীমা সুলতানা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ছাত্রজীবন থেকেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা আমার অভ্যাসে পরিণত হয়েছিল। আন্দোলন-সংগ্রাম যেখানেই হয়েছে, যুক্ত থেকেছি। শিক্ষক হওয়ার পরও সেটির ব্যত্যয় ঘটেনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত ক্যাম্পাস গড়ার আন্দোলনে সব সময় সক্রিয় ছিলাম। ২০১৮ সালের কোটা সংস্কার ও নিরাপদ সড়ক আন্দোলনÑ সবখানেই শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। দেখেছি তৎকালীন সরকার কীভাবে নিপীড়ন চালিয়ে কোমলমতি শিশুদের কণ্ঠ স্তব্ধ করতে চেয়েছিল। সেই অন্যায়ের রেশ ধরেই আসে ২০২৪ সালের ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন।

শিক্ষার্থীদের মেধাভিত্তিক ও ন্যায্য দাবিকে তৎকালীন সরকার যখন দমন-পীড়ন ও উস্কানি দিয়ে দমন করতে চাইল, আন্দোলনটি তখন বৈষম্যবিরোধী থেকে এক দফার আন্দোলনে রূপ নেয়। চারদিকে নির্বিচারে হত্যাযজ্ঞ, রংপুরে আবু সাঈদ ও চট্টগ্রামের ওয়াসিম আকরামদের বুকের রক্তÑ আমি আর মেনে নিতে পারিনি। দুই মাসের শিশুকে বারান্দায় রেখে গুলি খাওয়া মায়ের লাশ কিংবা চার বছরের শিশুর নিথর দেহ আমার বিবেককে নাড়িয়ে দেয়। রাষ্ট্রের প্রধান যখন নিজ জনগণের ওপর এমন গণহত্যা চালান, তখন সেই পদে থাকার অধিকার তিনি হারান। বাংলা বিভাগের সভাপতি হিসেবে আমি তখন সিদ্ধান্ত নিইÑ আমার কার্যালয়ের দেয়ালে স্বৈরাচারী শেখ হাসিনার ছবি থাকার কোনো নৈতিক অধিকার নেই।

২০২৪ সালের ১ আগস্ট দুপুরে নিজ কক্ষ থেকে শেখ হাসিনার ছবি নামিয়ে দিই। পরিণতির কথা ভাবিনি। শুধু মনে হয়েছিল, আমার সন্তানরা যখন রাস্তায় বুক পেতে দিচ্ছে, আমি বসে থাকতে পারি না। ঘরে ফেরার পর আমার ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ‘মা, প্রাউড অব ইউ!’ কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হলো নানা হুমকি। বঙ্গবন্ধু পরিষদ লিফলেট দিয়ে আমাকে ‘রাষ্ট্রদ্রোহী’ বলল, ২ আগস্ট জরুরি সিন্ডিকেট ডেকে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হলো।

তবে আমাকে থামানো যায়নি। ৫ আগস্ট সাভারে ছাত্র-জনতার ঐতিহাসিক মিছিলেও আমি সামনের সারিতে ছিলাম। সিএনবি মোড় ও সিটি সেন্টারের সামনে যখন পুলিশ আর ওপর থেকে নির্বিচারে টিয়ার শেল ও গুলি ছোড়া হলো, সেখানে তৈরি হলো এক রণক্ষেত্র। টিয়ার শেলের ধোঁয়ায় শ্বাস আটকে আসছিল, মনে হচ্ছিল এই বুঝি মারা যাচ্ছি। ডিভাইডারে পড়ে গিয়ে একা হয়ে পড়েছিলাম। কিন্তু আমার এক সাহসী শিক্ষার্থী টেনে আমাকে উদ্ধার করে। সেদিনের সেই গুলিবর্ষণে আমাদের মিছিলের শিক্ষার্থী আলিফ, শ্রাবণ ও নাফিসারা শহীদ হন। সে এক বিভীষিকাময় স্মৃতি!

৫ আগস্টের পর দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরে এসেছে। জনগণ নিজের পছন্দের সরকার নির্বাচিত করার সুযোগ পেয়েছে, স্বস্তিতে কথা বলতে পারছে। তবে আন্দোলনের পরপরই কিছু দুঃখজনক ঘটনা আমাদের ব্যথিত করেছে। বিপ্লবের চালিকাশক্তি নারীদের পোশাক নিয়ে কটূক্তি, মাজার ভাঙচুর বা মব জাস্টিসের মতো অরাজকতা দেখা গেছে। এমনকি রোকেয়া সাখাওয়াত হোসেনকে নিয়েও কটূক্তি করা হয়েছে।

পাশাপাশি আন্দোলন পরিচালনাকারী সমন্বয়কদের একটি অংশ সরাসরি উপদেষ্টা পদে চলে যাওয়ায় সাধারণ জনগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় ও প্রান্তিক আন্দোলনকারীদের মাঝে এক ধরনের হতাশা তৈরি হয়েছিল। ফলে শুরুতে কিছু বৈষম্যের জন্ম হয়।

তবে এসব প্রতিকূলতার জবাব জনগণ তাদের ভোটের মাধ্যমেই দিয়েছে। নির্বাচন ও একটি বহুদলীয় গণতান্ত্রিক সরকার গঠনের মধ্য দিয়ে বাংলাদেশ একটি ইতিবাচক ধারায় হাঁটতে শুরু করেছে। নারীরা আজ তাদের অধিকার ও আত্মমর্যাদা সম্পর্কে আগের চেয়ে অনেক বেশি সচেতন।

যে কষ্টের বিনিময়ে এই গণতান্ত্রিক নবযাত্রা অর্জিত হয়েছে, তা ধরে রাখতে হলে কেবল সরকারের দিকে তাকিয়ে থাকলে চলবে না; প্রতিটি নাগরিককে দেশপ্রেমিক, দুর্নীতিমুক্ত ও সচেতন হতে হবে। জুলাই-আগস্টের চেতনাকে ধারণ করে আমরা যেন একটি শোষণহীন, নিরাপদ ও মেধাভিত্তিক সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারিÑ এটিই আমার প্রত্যাশা।


লেখক: বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং পরিচালক, তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট

অনুলিখন: রাজিব রায়হান, জাবি প্রতিবেদক, প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা