× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেদিন বড় ভূমিকা ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

ড. দেওয়ান আযাদ রহমান

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৯:৩২ এএম

আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ০৯:৩৫ এএম

ড. দেওয়ান আযাদ রহমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ড. দেওয়ান আযাদ রহমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

২০২৪ সালের জুলাইয়ের প্রথম দুই সপ্তাহে আন্দোলনের মূল কেন্দ্র ছিল প্রধানত ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। ক্ষমতাসীন দলের সশস্ত্র ক্যাডার বাহিনী ও রাষ্ট্রীয় বাহিনীর যৌথ আক্রমণে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ওপর চালানো হয় নজিরবিহীন নির্যাতন।

১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক পেতে দিয়ে পুলিশের পয়েন্ট ব্ল‍্যাংক রেঞ্জের গুলিতে শাহাদতবরণ করেন। এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ও আন্তর্জাতিক মিডিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। আবু সাঈদের মহিমান্বিত শাহাদৎ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হৃদয়ে এক তীব্র ক্ষোভের দাবানল জ্বালিয়ে দেয়। তারপরই রাজপথের চিত্র আমূল বদলে যায়। উত্তাল হয়ে ওঠে গোটা দেশ।  রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর হাজার হাজার শিক্ষার্থী রাজপথে নেমে আসে। একাকার হয়ে যায় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

১৮ জুলাই থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে যখন কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষিত হয়, তখন রাজধানী ঢাকার প্রধান যোগাযোগ পয়েন্ট ও হাইওয়েগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের এই কৌশলগত উপস্থিতি ঢাকার পুরো ট্রাফিক ব্যবস্থাকে অচল করে দেয়। 

রামপুরা ব্রিজ থেকে শুরু করে আফতাবনগর ও মেরুল বাড্ডা পর্যন্ত এলাকা আন্দোলনের সবচেয়ে রক্তক্ষয়ী কেন্দ্রে পরিণত হয়। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজপথে নেমে এসে এই পুরো সড়ক অবরুদ্ধ করে ফেলে। হাজার হাজার টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড এবং অবিরত গুলির মুখে দাঁড়িয়েও এ বিশ্ববিদ্যালয়গলোর শিক্ষার্থীরা একচুল পিছু হটেনি। এলাকাটি কার্যত রণাঙ্গনে পরিণত হয়। পাশাপাশি  বসুন্ধরা আবাসিক এলাকার গেট ও কুড়িল বিশ্বরোড এলাকায় নর্থ সাউথ, আইইউবি এবং এআইইউবির শিক্ষার্থীরা এক অভেদ্য ব্যারিকেড গড়ে তোলে। শত শত সশস্ত্র পুলিশ, বিজিবি সদস্য ও শাসক দলের ক্যাডার বাহিনী বসুন্ধরার ভেতরে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়। 

উত্তরা এলাকাটি ১৮ থেকে ২১ জুলাই পর্যন্ত বাস্তবেই যুদ্ধক্ষেত্রে রূপ নেয়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবিএটি, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি এবং বিজিএমইএ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উত্তরা হাউস বিল্ডিং, বিএনএস সেন্টার ও আজমপুর মোড়ে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সম্পূর্ণ অবরুদ্ধ করে দেয়। উত্তরায় নিরাপত্তা বাহিনীর হেলিকপ্টার থেকে টিয়ার গ্যাস ও গুলি নিক্ষেপের ঘটনা ঘটলেও শিক্ষার্থীরা জীবন বাজি রেখে রাজপথ আঁকড়ে ধরে রাখে।

ধানমন্ডি ২৭, সোবহানবাগ ও সায়েন্স ল্যাব এলাকায় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ও স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাজপথ দখল করে নেয়। পিলখানা ও পার্শ্ববর্তী এলাকা থেকে আসা মুহুর্মুহু গুলির মুখে দাঁড়িয়ে এই শিক্ষার্থীরা প্রতিরোধ বজায় রেখেছিল।

জুলাই আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান কেবল স্লোগান কিংবা রাজপথ দখলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তা রঞ্জিত হয়েছিল তাদের তাজা রক্তধারায়।  দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের এই লড়াইয়ে শহীদ মেধাবী শিক্ষার্থীদের বীরত্বগাথা বাংলাদেশের ইতিহাস অমলিন হয়ে থাকবে।

জুলাই আন্দোলনে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিক ছিল আধুনিক তথ্যপ্রযুক্তি, সামাজিক যোগাযোগমাধ্যম এবং আন্তর্জাতিক সংযোগের সর্বোচ্চ ব্যবহার। প্রথাগত রাজপথের আন্দোলনের পাশাপাশি তারা সাইবার স্পেসে শাসকগোষ্ঠীর বিরুদ্ধে এক আধুনিক প্রতিরোধ গড়ে তুলেছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ফেসবুক, এক্স (টুইটার), ইনস্টাগ্রাম, রেডডিট ও ডিসকর্ড ব্যবহার করে মাঠপর্যায়ের শত শত প্রমাণ্য ভিডিওচিত্র  দেশ-বিদেশে প্রচার করে সরকারি অসত্য বয়ান গুঁড়িয়ে দেয়। ১৯ জুলাই থেকে সরকার যখন সারা দেশে হঠাৎ ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়, তখন কম্পিউটার সায়েন্স ও আইটি বিভাগের ছাত্ররা অফলাইন ব্লুটুথ মেশ নেটওয়ার্কিং অ্যাপ, প্রক্সি সার্ভার ও ওয়াইফাই ডাইরেক্ট প্রযুক্তি ব্যবহার করে আন্দোলনের সমন্বয় রক্ষা করে। ইংরেজি ভাষায় দক্ষতা ও বৈশ্বিক যোগাযোগে অভ্যস্ত হওয়ার কারণে তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থার কাছে দ্রুততম সময়ে ভিডিও ও তথ্য-প্রমাণ পাঠাতে পেরেছিল, যা আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে বিশাল অবদান রাখে।

বিশ্ববিদ্যালয়ের ল্যাব ও করিডোরগুলোকে জরুরি চিকিৎসাকেন্দ্রে রূপান্তর করে মেডিকেল ও ফার্মেসি বিভাগের ছাত্ররা আহতদের সেবা নিশ্চিত করে। আইন বিভাগের ছাত্ররা গ্রেপ্তার হওয়া সহপাঠীদের জন্য আইনজীবী প্যানেল তৈরি করে লিগ্যাল এইড সাপোর্ট দেয় এবং সারা শহরের হাসপাতালগুলোতে রক্তের জোগান দেয়।

৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার উত্তাল মহাসমুদ্রের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নের মধ্য দিয়ে অবারিত হয় রুদ্ধ গণতন্ত্রের পথ।  কিন্তু সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুপস্থিতিতে চরম প্রশাসনিক শূন্যতা সৃষ্টি হয়েছিল, তখনও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দায়িত্বশীল নাগরিক হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। টানা কয়েক দিন ধরে তীব্র রোদ ও বৃষ্টি মাথায় নিয়ে ঢাকার প্রতিটি প্রধান মোড়ে ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করে শিক্ষার্থীরা শহরকে সচল রাখে। কোনো অপশক্তি যেন রাজনৈতিক ফায়দা নিতে না পারে, সেজন্য রাত জেগে সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয় ও জাতীয় সম্পদ পাহারা দেয় এসব তরুণ।

ঢাকার বিষণ্ন ধূসর দেয়ালগুলোকে রঙতুলির আঁচড়ে রঙিন করে তোলে শিক্ষার্থীরা। স্বৈরাচারবিরোধী স্লোগান, শহীদদের স্মৃতি ও নতুন বাংলাদেশের স্বপ্নে আঁকা দেয়ালচিত্র আজ দেশের নতুন সাংস্কৃতিক প্রতীক।

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অবদান কেবল একটি রাজপথের আন্দোলনের ইতিহাস নয়Ñ এটি একটি পুরো প্রজন্মের আত্মপরিচয় পুনর্নির্মাণের মহাকাব্য। তারা চিরতরে চুরমার করে দিয়েছে তাদের প্রতি সমাজের তৈরি করা অবমূল্যায়ন ও ভিত্তিহীন দেয়াল। তারা প্রমাণ করেছে যে, যখন মাতৃভূমির অস্তিত্ব সংকটে পড়ে, যখন মানবতা ও নাগরিক অধিকার ধূলিসাৎ হয়, তখন কেউ বসে থাকে না। মনে করা হতো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে জাতীয়তাবোধ, দেশপ্রেম ও রাজনৈতিক চৈতন্য নেই। কিন্তু চব্বিশের জুলাই আন্দোলন সে ভুল ভেঙে দিয়েছে। জাতিকে অভিশাপমুক্ত করতে তারাও যে রাজপথে নামতে জানে, জীবন উৎসর্গ করতে পিছপা হয়না, সে প্রমান তারা দিয়েছে। তাদের এই সাহস ও  আত্মত্যাগ ইতিহাসে অমলিন হয়ে থাকবে।


লেখক: শিক্ষক, গবেষক ও প্রবন্ধকার

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা