রুমি প্রভা
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৯:১৪ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ১৬:৩৮ পিএম
রুমি প্রভা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
কারফিউ চলছে। সারা দেশ থমথমে। আন্দোলন খানিকটা হলেও থমকে গেছে। গাড়ি-রিকশার চলাচল হাতে গোনা। ঠিক সেই সময় অর্থাৎ ২৬ জুলাই, কয়েকজন অকুতোভয় সংস্কৃতিকর্মী ও শিল্পীরা দেখিয়েছিলেন অসীম সাহস। বাংলাদেশের ইতিহাসে যা অনন্য এক দৃষ্টান্ত হয়ে থাকবে।
বইয়ে পড়েছিলাম, মুক্তিযুদ্ধের সময় শিল্পীরা গান গেয়ে মুক্তিকামী মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। তেমনি চব্বিশের আন্দোলনেও শিল্পীরা তাদের কর্তব্য ভুলে যাননি। বাংলাদেশের অন্যতম প্রাচীন লড়াকু সাংস্কৃতিক সংগঠন উদীচীর নেতৃত্বে ৩১টি সাংস্কৃতিক সংগঠনÑ যারা বর্তমানে ‘গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য’ নামে পরিচিত। প্রথমবারের মতো কারফিউ ভেঙে গানের মিছিল বের করে। সেই গানের মিছিল স্তিমিত হয়ে পড়া আন্দোলনকে পুনরুজ্জীবিত করে।
৩০ জুলাই আয়োজন করা হয় আরেকটি বড় গানের মিছিলের। উদ্দেশ্য, গান গাইতে গাইতে নূর হোসেন চত্বর থেকে বাহদুরশাহ পার্কে পৌঁছে একটি প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ করা। কিন্তু জাতীয় প্রেস ক্লাব থেকে জিরো পয়েন্ট পর্যন্ত যেতেই পুলিশের তীব্র বাধার মুখে পড়তে হয়। অদূরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছিলেন যুবলীগ-ছাত্রলীগের সশস্ত্র কর্মীরা। গানের মিছিলে অংশগ্রহণকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে বাহাদুরশাহ পার্কে যাওয়ার চেষ্টা করছিলেন বারবার। একপর্যায়ে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির পর শিল্পীরা সেখানেই অবস্থান নেন। এরপর একের পর এক প্রতিবাদী গান রাজপথ মাতিয়ে তোলে। দেশবরেণ্য শিল্পী সায়ান, কৃষ্ণকলি, সমগীতের বিথী ঘোষ, অমল আকাশ, বিবর্তনের আমিরুন নুজহাত মনীষাসহ অসংখ্য শিল্পী সেদিন কণ্ঠ উপস্থিত ছিলেন। উদীচীর নেতা আরিফ নূরের লেখা ‘আমার সোনা পাখিটারে গাইতে দিও’ গানটি যখন উদীচীর শিল্পী মীর শাখাওয়াত হোসেন পরিবেশন করছিলেন, তখন উপস্থিত অসংখ্য মানুষের চোখ অশ্রুসজল হয়ে উঠেছিল।
একদিকে চলছিল গান, অন্যদিকে একদল শিল্পী রাস্তায়, প্ল্যাকার্ডে লিখে চলেছিল নানা স্লোগান ও ছবি। স্টেনসিল ও স্প্রে ব্যবহার করে প্ল্যাকার্ডে আঁকা হচ্ছিল শেখ হাসিনার বীভৎস মুখাবয়ব আর লেখা হচ্ছিল ‘তুই ছাত্রখুনি’।
ইতোমধ্যে শত শত ছাত্র-জনতা খুন হয়েছেন সরকারি বাহিনী ও সরকারদলীয় কর্মীদের হাতে। আর স্বৈরশাসক হাসিনা ওই সময় জাতীয় শোক পালনের নামে এক প্রহসনের ঘোষণা দেন। মাথায় লাল কাপড় বেঁধে সেই দিন সেই প্রহসনকে প্রত্যাখ্যান করেন শিল্পীরা। সেদিনের সেই গানের মিছিলের ছবি ও ভিডিও ইন্টারনেট পরিষেবা সীমিত থাকার পরও ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে।
৩০ জুলাই জিরো পয়েন্ট থেকে ২ আগস্টের ‘দ্রোহযাত্রা’ কর্মসূচির ঘোষণা দেন উদীচীর সাধারণ সম্পাদক জামশেদ আনোয়ার তপন। সেই দ্রোহযাত্রায় ২০ হাজারেরও বেশি মানুষ অংশগ্রহণ করেছিল। দ্রোহযাত্রায় চলমান সব নির্যাতন তুলে ধরে বটতলা একটি পথনাটক পরিবেশন করেছিল, যা প্রচার হওয়ার পর নানারকম হুমকির সম্মুখীন হতে হয় পারফরমারদের।
এর আগে ১৯ জুলাই জাতীয় সংসদ ভবনের সামনের বটতলা নাট্যদলের পরিচালক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সামিনা লুৎফার আয়োজনে একটি প্রতিবাদী কর্মসূচি পালন করা হয়। যেখানে ছাত্রলীগ-যুবলীগের পেটোয়া বাহিনী কয়েকজনকে মেরে রক্তাক্ত করে।
জুলাই আন্দোলনের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়; কয়েকজন তরুণ শিল্পী সমসাময়িক বাস্তবতাকে তুলে ধরে র্যাপ গান গেয়েছিলেন। সেই গান গাওয়ার অপরাধে তাদের কারাবরণ করতে হয়। একটি গানকেও যে একটি স্বৈরাচারী শাসক ভয় পেতে পারে, তারই নির্মম প্রমাণ পেয়েছিল সেদিন।
একটি জাতির কাছ থেকে শিল্প-সংস্কৃতি কেড়ে নিলে, সেই জাতির আর কীই-বা অবশিষ্ট থাকে?
যে রাষ্ট্র তার শিল্পী, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের এড়িয়ে দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন দেখে, সে রাষ্ট্র কখনোই মুক্তচিন্তার সমাজ গড়তে পারে না। মৌলবাদের উত্থানকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রশ্রয় দিয়ে গণমানুষের আকাঙ্ক্ষা, ন্যায়বিচারের দাবি এবং গণতান্ত্রিক চেতনাকে প্রতিষ্ঠা করা কখনোই সম্ভব নয়।
উন্নয়নের প্রকৃত মানদণ্ড শুধু সড়ক, সেতু কিংবা অর্থনৈতিক সূচকে সীমাবদ্ধ থাকতে পারে না; একটি সভ্য রাষ্ট্রের পরিচয় নির্ভর করে তার সংস্কৃতিচর্চা, মুক্তবুদ্ধির বিকাশ এবং শিল্পের প্রতি সম্মানের ওপর।
আমি দৃঢ়ভাবে বলতে চাই, জনগণের ন্যায্য দাবি, সংস্কৃতির বিকাশ এবং গণতান্ত্রিক চেতনাকে যদি বারবার উপেক্ষা করা হয়, তবে তার পরিণতি কখনোই ভালো হতে পারে না। এমন দমনমূলক ও জনবিচ্ছিন্ন নীতির পুনরাবৃত্তি চলতে থাকলে জুলাই গণঅভ্যুত্থানের মতো মানুষ আবারও রাজপথে নামতে বাধ্য হবে। তখন সংগ্রাম ও প্রতিরোধ সময়ের অনিবার্য দাবি হয়ে উঠবে।
লেখক: সংস্কৃতিকর্মী ও সংগঠক