আরিফুল ইসলাম আদীব
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৯:০৪ এএম
আরিফুল ইসলাম আদীব। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জুলাই মাস এলে সেসময়ের সবার ভূমিকার কথাই আলোচনায় আসে এবং আসবে। কিন্তু যারা শহীদ হয়েছেন, জীবন উৎসর্গ করেছেন, তাদের তুলনায় এগুলো কিছুই না। এই আন্দোলনে সবচেয়ে বড় হচ্ছেন শহীদরা এবং অঙ্গহারানো গাজীরা। আন্দোলন চলাকালীন আমি ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর রিপোর্টার হিসেবে ছিলাম এবং একই সঙ্গে তখনকার ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ছিলাম। ফলে একজন সাংবাদিক আবার বৃহত্তর একটি ছাত্র সংগঠনের তৎকালীন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং ১৬টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত ফ্যাসিবাদবিরোধী ছাত্র ঐক্যের তিনজন সমন্বয়কের একজন।
ফলে আন্দোলনের নেতৃত্ব, রাজনৈতিক দলগুলো, গণমাধ্যম ও সিভিল সোসাইটির মধ্যে এক ধরনের সমন্বয় বা লিয়াজোঁর দায়িত্ব পালন করে নেপথ্যের কারিগরের ভূমিকায়ই ছিলাম। ফলে আমার সম্পাদককে তখন র্যাবের ডিজি ফোন করে বলেছিল ও সমন্বয়কদের সমন্বয়ক তাকে ‘এনি হাউ’ আমাদের লাগবে। এই টার্গেটই তারা আমাকে তিনবার গুম করার চেষ্টা চালায়। আল্লাহর রহমতে সে যাত্রায় বেঁচে যাই। এমনিতে ১ জুলাই থেকে ১৬ জুলাই পর্যন্ত যখন রাজপথে আন্দোলন চলছিল, সংবাদ কভার করার সঙ্গে সঙ্গে স্টেজের পেছনে কর্মসূচির ধরন বা অন্যান্য বিষয়ে মূল নেতৃত্বের সঙ্গে পরামর্শ-আলোচনা হতো। কিন্তু অনলাইন বন্ধ হয়ে গেলে আমাদের ফোনেই যোগাযোগ করতে হতো। ১৮ ও ১৯ জুলাই নাহিদ ইসলামের সঙ্গে আমার দীর্ঘ আলাপ-আলোচনা হয়, কীভাবে আন্দোলনের বার্তা আন্তর্জাতিক মিডিয়ায় পাঠানো যায়, রাজনৈতিক দলগুলো কী করবে, সেনা মোতায়েন হলে কীভাবে কাজ হবে, সেসব বিষয়ে। ১৯ জুলাই রাত সোয়া ১টার দিকে নাহিদের সঙ্গে কথা হলো, এরপরই নাহিদকে তুলে নিয়ে গেল। তার ফোনে আমার কনভারসেশন পাওয়ায় আমি টার্গেটে পরিণত হই। এরপর থেকেই ফেরারি জীবন শুরু। আজ এক জায়গায় কাল আরেক জায়গায়। বাটন ফোন সঙ্গে নিয়ে এক জাগায় গিয়ে ফোন দিয়ে আবার জায়গা পরিবর্তন। এ রকম জীবনই ছিল আমার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়া পর্যন্ত।
এরপর নাহিদ ইসলামকে গ্রেপ্তারের দুদিন পরে ছেড়ে দেওয়া হয়। এর পর আমি আবার নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের দুটি ভিডিও সাক্ষাৎকার নিই। ওইদিন তারা আমাকে বলছিলেন, ভাই আপনাকে কিন্তু তুলে নিয়ে যাবে। তারা আমাকে বেশ কয়েকবার এই সংকেত দিয়েছেন। সাবধানে চলাফেরা করার কথাও বলেছেন।
২২ জুলাই গুলশানে একটা আন্তর্জাতিক গণমাধ্যমে ওই ভিডিওবার্তাটি পৌঁছানোর পরে আমাকে মূলত আটক করার চেষ্টা করে সাদা পোশাকধারী পুলিশ। তড়িঘড়ি করে প্রথমে একটা রিকশা নিই। হঠাৎ করে একটা মোটরসাইকেল পেয়ে যাই। তিনি খুব রিস্ক নিয়ে আমাকে পৌঁছে দেন। যেহেতু আমার পিছু নেওয়া ব্যক্তিদের কাছে মোটরসাইকেল ছিল, সেহেতু তারা গুলশান থেকে বের হয়ে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত এক ধরনের সিনেমাটোগ্রাফির মতো আমাকে ধাওয়া করেছিল। তখন আমার কর্মস্থল যমুনা ফিউচার পার্কের পাশে প্রতিদিনের বাংলাদেশে আমি পৌঁছাই। সেখানে গিয়ে কাজ শেষ করে আবার বাসায় ফিরি।
আমি ফেরার আগেই আমার মিরপুরের বাসায় সাদা পোশাকে পুলিশ পৌঁছয়। আমি বাসার কাছাকাছি গেলেই বাসার কেয়ারটেকার জানান, ‘ভাইয়া আপনি আজকে বাসায় ঢুইকেন না। আপনার ছবি দেখিয়ে আমাদের জিজ্ঞেস করছে যে, আপনি এখানে থাকেন কি না।’ ওই রাতে আমি আর বাসায় থাকিনি। ২২ জুলাইয়ের পর থেকে বাসায় আর থাকতে পারিনি এবং সেদিন থেকে টানা প্রতিদিনই প্রায় ৩০ জুলাই পর্যন্ত পুলিশ আমাদের এলাকায় ছিল। তবে যেখানে থাকতাম ফোন অফ করে রাখতাম।
শুক্রবার (২৫ জুলাই) রাত ৪টায় আমাকে তুলে নেওয়ার জন্য ৪০ জনের ওপরে র্যাবের একটি টিম আমার অফিসে যায়। আমি যে ডেস্কে বসতাম, সেসব ডেস্কে থাকা পিসির হার্ডডিস্ক ও সিসি ক্যামেরার হার্ডডিস্ক নষ্ট করে ফেলে দিয়ে যায়। আমার সম্পাদককে তারা বলেছিলেন, ‘সে সমন্বয়কের সমন্বয়ক। একই সঙ্গে আন্দোলনকারী এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে লিয়াজোঁ করতেছে। গণঅধিকারসহ তারেক রহমানের সঙ্গে সে যোগাযোগ রাখছে।’ (এটি আসলেই সত্য ছিল। ৫ আগস্ট সরকার পতনের পর আন্দোলনের নেতৃবৃন্দের সঙ্গে অনলাইনে তারেক রহমানের যে বৈঠক হয়, সেটি আমার ও সাংবাদিক এহসানের সমন্বয়ে হয়।)
কিন্তু তখন আমার ফোন বন্ধ ছিল এবং অফিসের লোকজনও আমাকে খুঁজে পাচ্ছিলেন না। পরদিন জুমার নামাজ পড়ে অফিসে গেলে সবাই আমাকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করেন, আমি কেন এখনও বাইরে আছি। আমাকে নিজের নিরাপত্তার কথা ভাবতে বলেন। ওই সময় আমার সহকর্মী রবিউল ইসলামের কথা আমি বিশেষভাবে বলতে চাই। তার একটি মোটরসাইকেল ছিল এবং অফিস থেকে বের হওয়া তখন আমার জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল। অফিস থেকে তিনি আমাকে বাইকে করে ঢাকার কাছাকাছি একটি নিরাপদ স্থানে পৌঁছে দেন।
৩ আগস্ট এক দফা ঘোষণা করা হয় এবং ৪ আগস্ট রাতে জানানো হয় যে, ৬ আগস্টের বদলে ৫ আগস্টেই ‘লংমার্চ টু ঢাকা’ হবে। ৫ আগস্ট সকালবেলা পরিস্থিতি খুবই থমথমে ছিল এবং পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সেনাবাহিনী মোতায়েন করে নিয়ন্ত্রণে নেওয়া হয়। তবে দুপুর ১২টার পর উত্তরা, জাহাঙ্গীরনগর এবং নারায়ণগঞ্জ-চট্টগ্রাম রোড থেকে আসা বিশাল মিছিলের মাধ্যমে পরিস্থিতি সাধারণ মানুষের নিয়ন্ত্রণে চলে আসে। তখন মূলত পুরো ঢাকা এক ধরনের ঘেরাও হয়ে যায়। এমন পরিস্থিতেই মূলত হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়।
লেখক: সিনিয়র যুগ্ম আহ্বায়ক, এনসিপি