সাদিক কায়েম
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৮:১২ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ০৮:৫৩ এএম
সাদিক কায়েম। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশে জুলাই অনিবার্য ছিল, কারণ কোনো ফ্যাসিবাদী শক্তি চিরস্থায়ী হয় না। ফলে যেকোনো ফ্যাসিবাদেরই পতন হয়, যেকোনো কর্তৃত্ববাদী সরকারি শাসন সারা জীবন টিকে থাকতে পারবে না, এটাই বাস্তবতা। বাংলাদেশে একটা টেক্সটবুক ফ্যাসিজম ছিল এবং সেটাকে হঠানোর জন্য আসলে শুধু রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক পদক্ষেপ যথেষ্ট ছিল না। ফলে এরকম একটা গণবিপ্লব বা গণঅভ্যুত্থানের প্রত্যাশা আমরা করছিলাম, যেটার মধ্য দিয়ে মূলত মানুষজন কানেক্টড হবে।
এই প্রত্যাশাটা আমাদের ছিল এবং আমরা এটাকে ‘অনিবার্য’ (Inevitable) মনে করি এ কারণে যে, ফ্যাসিবাদ যেহেতু সমাজের প্রতিটা স্তরে স্তরে ঢুকে যায়, ফলে মানুষ যদি এটাকে ডিজওন (প্রত্যাখ্যান) না করে, তাহলে আসলে শুধু রাজনৈতিক পটপরিবর্তনের ভেতর দিয়ে ফ্যাসিবাদ থেকে মুক্ত হওয়া যায় না। ফলে এ ধরনের একটা গণঅভ্যুত্থান প্রয়োজন ছিল, যেটার মধ্য দিয়ে মূলত আমরা সেই ফ্যাসিবাদ থেকে মুক্তি পেয়েছি। এই জুলাই অনিবার্য ছিল শুধু এ কারণেই যেন আমরা ফ্যাসিবাদ থেকে মুক্ত হতে পারি।’
সত্যি বলতে আন্দোলনের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট সেন্ট্রালাইজড ফিগারের কোনো ভূমিকা ছিল নাÑ এটা আমরা আগেও বারবার বলে এসেছি। আন্দোলন মূলত নির্ধারিত হচ্ছিল মানুষের যে চাওয়া, সেই চাওয়ার ওপর; অনেক সময় নিজেদের যে বাস্তবতা সেটার ওপর। আমাদের অভিজ্ঞতা বলে যে, অনেক সময় আমাদের এমন স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয়েছে যেটা আন্দোলনটাকে কন্টিনিউ করবে। অর্থাৎ আন্দোলন চলমান থাকবেÑ এই জিনিসটাকে নিশ্চিত করতে গিয়েই আমাদের বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করতে হয়েছে।
কখনও আমাদের রাজপথের কর্মসূচিতে যেতে হয়েছে, কখনও আমাদের ভার্চুয়াল কর্মসূচিতে মুভ করতে হয়েছে। যখন আমরা ভার্চুয়াল কর্মসূচিতে মুভ করেছি, তখন যারা মাঠে ছিলেন তারা কিছুটা স্থির হওয়ার সময় পেয়েছেন। আবার পরবর্তী যখন ভার্চুয়াল কর্মসূচিগুলো জনমনে সাড়া ফেলেছে এবং মানুষ এটা নিয়ে কথা বলছে, সমর্থন জুগিয়েছেÑ তখন আবার আরও বেশি পরিমাণে মানুষ পরবর্তী দিন রাজপথে নেমে এসেছেন।
ফলে আমরা মনে করি যে, এখানকার যে ঘটনাগুলো ছিল, আন্দোলনের স্ট্র্যাটেজি ঠিক করার ব্যাপারগুলো ছিলÑ এগুলো আসলে অনেক স্টেকহোল্ডার সেসময় একত্রিত হয়েছিলেন। ফ্যাসিবাদবিরোধী শক্তি এবং অন্যান্য যারা আছেন, প্রত্যেকেই একত্রিত হয়ে মূলত এই সিদ্ধান্তগুলো নিয়েছেন। বিষয়টি এরকম না যে, একটা টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া হয়েছে; বরং অনেকের মতামত একটা জায়গায় এসেছে, সেই মতামতগুলোর অনেকটা প্রতিফলন ঘটেছে। হয়তো প্রতিদিন কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর বা নির্দিষ্ট দলের মতামতের প্রতিফলন ঘটেছে এরকম না, বরং সবারই মতামত দেওয়ার সুযোগ ছিল এবং সেগুলোর প্রতিফলন ঘটেছে। ফলে এর বাইরে আন্দোলনের গতিপথ নির্ধারণের ক্ষেত্রে আমি বলব যে, শিক্ষার্থী এবং সেই সময়ের তরুণ নেতৃত্ব যারা ছিলেনÑ আমরা যারা কাছ থেকে দেখেছি, তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আন্দোলন-পরবর্তী প্রত্যাশা তো আসলে বিশাল ছিল। জুলাইয়ের প্রত্যাশা ছিল পুরো দেশকে পরিবর্তন করার। আমরা অনেক স্বপ্ন দেখেছি, প্রতিদিন কোনো না কোনো ইতিবাচক কথা শুনতাম যে এই আন্দোলন সফল হলে আমরা এটা করব, এটা করতে পারব। শুধু লিডারশিপ লেভেল থেকে বলা হয়েছে এরকম না, একদম সাধারণ মানুষজনও বলেছেন এবং সেটার ইতিবাচক ধারাটাও আমরা জুলাই পরবর্তী ইমিডিয়েট সেই সময়টাতে দেখেছি।
এত বড় একটা অভ্যুত্থান ঘটে গেছে, কোনো ধরনের উল্লেখযোগ্য সহিংসতার ঘটনা ঘটেনি অভ্যুত্থানকারীদের পক্ষ থেকে। এটা অবশ্যই একটা পজিটিভ দিক। এর বাইরে রাজনৈতিক কালচার পরিবর্তনের ক্ষেত্রে, দুর্যোগ মোকাবিলার ক্ষেত্রে আমরা অনেক ভালো উদাহরণ দেখলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে, সময়ের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পেলাম জুলাইয়ের যে চিন্তা, জুলাইয়ের যে বক্তব্যÑ সে বক্তব্যগুলো হারিয়ে যেতে থাকল। যারা এই জুলাইকে ধরে রাখার জন্য চেষ্টা করেছে, আসলে কী কারণে জুলাই হয়েছিলÑ এটা নিয়ে তারা যখন কথা বলেছে, তাদেরও বিভিন্নভাবে বিতর্কিত করা হয়েছে।
ফলে জুলাইয়ের যে প্রত্যাশা, এই প্রত্যাশা ছিল পাহাড়সম। এটা থেকে আমরা একদম ব্যর্থ হয়েছি এটা বলা যাবে না; আমাদের ওপর থেকে একটা জগদ্দল পাথর চলে গিয়েছে। তবে আমাদের যে ত্যাগটা স্বীকার করতে হয়েছে, আমাদের শহীদরা, আমাদের যারা আহত হয়েছেনÑ তাদের যে ত্যাগ, সেই ত্যাগের তুলনায় আসলে আমি বলব যে খুব কমই অর্জিত হয়েছে। আমরা প্রত্যাশা করেছিলাম রাষ্ট্রের মৌলিক জায়গাগুলোতে সংস্কার হবে, নতুন করে সংবিধানের সংস্কারের যে বিষয়ে আমরা কথাবার্তা বলছিলাম, সেটা বাস্তবায়িত হবে। অথচ আমরা দেখতে পেলাম যে এই বিষয়গুলোকে রাজনৈতিক কুটচালের মাধ্যমে ভণ্ডুল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।
ফলে যে প্রচেষ্টাগুলো ছিল, সেগুলো এখন ম্লান হয়ে যাচ্ছে। তবে আমি আশা করি, জনগণের যে আকাঙ্ক্ষা, এটি ম্লান হওয়ার নয়। বরং সময়ের সঙ্গে সঙ্গে এই বিষয়গুলো বাস্তবায়িত হবে। জুলাই আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে শিখিয়েছে যেÑ মানুষ আসলে কী চায়। মানুষের আকাঙ্ক্ষা দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আইনের শাসন, একটি ইনসাফপূর্ণ দেশ এবং ক্ষমতা যেন একটি নির্দিষ্ট গোষ্ঠীর হাতে কুক্ষিগত না হয়। এই আশাগুলোকে আমরা জুলাইয়ের মধ্য দিয়ে পরিস্ফুট হতে দেখেছি। যেহেতু আমরা শিক্ষা নিয়েছি, আমরা আশা করছি যে, আমাদের পরবর্তী সংগ্রামে এই আশার প্রতিফলন ঘটবে।
লেখক: ভিপি, ডাকসু