মো. আমানউল্লাহ আমান
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬ ০৮:০২ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬ ০৮:৫৩ এএম
মো. আমানউল্লাহ আমান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
আমি যখন এই লেখা লিখতে বসেছি। ঠিক এই মুহূর্তে হৃদয়ের মানসপটে ভেসে উঠছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মাজহারুল ইসলাম রাসেল, আলামিন, সবুজবাগ থানার ছাত্রদলের সভাপতি মাহাবুব হাসান সুজন, সেলিম রেজা, সূত্রাপুর থানা ছাত্রদলের সম্রাট মোল্লাসহ কয়েকশ নেতাকর্মীর চেহারা। যারা হাসিনার ফ্যাসিবাদের বিরোধিতা করতে গিয়ে গুমের শিকার হয়েছেন। এই মানুষগুলোর সীমাহীন ত্যাগ আর হাজার হাজার মানুষের আত্মোৎসর্গের বিনিময়ে বাংলাদেশের ১৮ কোটি মানুষ ফিরিয়ে পেয়েছে তাদের কথা বলার অধিকার, ভোটের অধিকার।
৭১-এ যে প্রত্যয় ছিল সাধারণ মানুষের বাক্স্বাধীনতা এবং ন্যায়ভিত্তিক একটি দেশ গড়ার, সেটি ফ্যাসিস্ট হাসিনা খর্ব করে চালু করেন ফ্যাসিবাদী শাসনব্যবস্থা। এরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিকামী মানুষের মনে ক্ষোভ পুঞ্জীভূত হয় তৎকালীন কর্তৃত্ববাদী সরকারের ওপর। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছিল, যেখানে মানুষের মৌলিক অধিকার পর্যন্ত ছিল না। কথা বললে জেলে যেতে হতো। জেল-জুলুমের শিকার হতে হতে অবস্থা বেগতিক পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। দমন করা হয়েছিল বিরোধীদলের রাজনীতি। পাশাপাশি তৎকালীন শাসকের রোষানলে পড়তে হয়েছিল সব শ্রেণি,-পেশার মানুষকে। প্রায় সহস্রাধিক সাংবাদিক চাকরি হারিয়েছেন। কারাবন্দি অবস্থায় মারা যান লেখক মুশতাক আহমেদ। আমরা ভুলে যাইনি আহমেদ কবির কিশোরের কথা। তাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে গ্রেপ্তার করা হয়, ৯ মাস পরে লেখক মুশতাকের নিথর দেহ বের হয় কাশিমপুর কারাগার থেকে।
এই ঘটনাগুলো বললাম এই কারণেÑ যে জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশে হয়েছে ২০২৪ সালে, সেটি কিন্তু এক দিনের প্রেক্ষাপটে রচিত হয়নি। এর প্রেক্ষাপট তৈরি হয়েছে মূলত দীর্ঘ ১৭ বছরে। শুধু দানবীয় আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেক শ্রেণি-পেশার মানুষ উপেক্ষিত ছিল। নিপীড়ন এবং বঞ্চনার শিকার কতভাবে হওয়া যায়, সেটা মানুষ হয়েছে। মানুষেরও তো একটা ধৈর্য বা সহ্যের সীমা আছে। সেই সীমা যখন অতিক্রম হয়েছে, তখনই জুলাই নেমে এসেছিল বাংলাদেশের বুকে।
সারা দেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা ভয়াবহ দানবে পরিণত হয়েছিল। এমনকি প্রত্যন্ত গ্রামের একটা ওয়ার্ডকেও আওয়ামীকরণ করা হয়েছিল। প্রত্যেকটি জায়গায় চলছিল ফ্যাসিবাদ শাসনব্যবস্থা। নিরীহ মানুষও নিপীড়নের শিকার হয়েছে হাসিনার আমলে। সেই কারণে জুলাই গণঅভ্যুত্থান এই দেশে অনিবার্য হয়ে পড়ছিল। অভ্যুত্থান ব্যতীত বিকল্প কোনো পথ খোলা ছিল না। আমাদের শরীরে যখন ফোড়া হয়, সেই ফোড়া থেকে পয়জন বের করার জন্য একটা মুখ তৈরি করে দিতে হয়। ফোড়ার মুখটা ফুটিয়ে বা সরিয়ে দিলে তখন বিস্ফোরণটা হয়। ফোড়া ফোটনোর মতো এই রকমের একটা উসিলাটা ছিল ‘কোটা সংস্কার’। এই কোটা সংস্কার আন্দোলনই এক সময় গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছিল। একটা জিনিস পর্যবেক্ষণ করলে প্রতীয়মান হয়ে ওঠে, এই আন্দোলনে সবচেয়ে বেশি মানুষ গার্মেন্ট শ্রমিক এবং শ্রমজীবী মানুষ মারা গেছেন। ১৩৩ জন শিশুর প্রাণ হারিয়েছে এই আন্দোলনে।
বেশ কয়জন সাংবাদিক ভাই মারা গেছেন এই আন্দোলনের খবর সংগ্রহ করতে গিয়ে, আহত হয়েছেন অসংখ্য। এরা কিন্তু কেউই বিসিএস ক্যাডার হওয়ার জন্য আসেন নাই। তাহলে এই মানুষগুলো কেন জীবন দিলেন? তারা স্ব স্ব জায়গা থেকে দেশের জন্য রাস্তায় নেমেছিলেন। যেটি বললাম, নিপীড়িত ছিলেন এবং নিপীড়িত মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে জুলাই আন্দোলন জনযুদ্ধে রূপান্তরিত হয়েছিল। যার কারণে আন্দোলনটি শুরু হয়েছিল সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে। কিন্তু এটি পরবর্তীতে গণমানুষের আন্দোলনে রূপান্তরিত হয়ে পরিণত হয়েছিল এই জনপদের ইতিহাসের অন্যতম সফল গণঅভ্যুত্থানে।
লেখক: সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ