× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মন্ত্রীর ছয় মাসের আক্ষেপ ও রাষ্ট্রযন্ত্রের স্থবিরতা: পরিবর্তনের পথে বাধা কোথায়?

ফসিহ উদ্দীন মাহতাব

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬ ২১:৪৮ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৬ ২১:৫০ পিএম

ফসিহ উদ্দীন মাহতাব। ফাইল ছবি

ফসিহ উদ্দীন মাহতাব। ফাইল ছবি

বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পরিবর্তনের সঙ্গে সবচেয়ে বেশি উচ্চারিত শব্দগুলোর একটি‘পরিবর্তন’। সরকার বদলাবে, নীতি বদলাবে, প্রশাসনের সংস্কৃতি বদলাবে, রাষ্ট্রের চরিত্র বদলাবে-এমন প্রত্যাশাই সাধারণ মানুষের। তাছাড়া ক্ষমতার পালাবদল বাংলাদেশের রাজনীতিতে নতুন কোনো ঘটনা নয়। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে সরকার বদলেছে, রাজনৈতিক দর্শন বদলেছে, প্রশাসনের শীর্ষ নেতৃত্ব বদলেছে, এমনকি রাষ্ট্র পরিচালনার ভাষাও বদলেছে। 

জুলাই অভ্যত্থানের পর বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল অনেকটাই বেশি। ক্ষমতায় আসার মাত্র ছয় মাসের মাথায় সরকারেরই একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর মুখে যদি শোনা যায়, ‘কিছুই বদলায়নি’ তাহলে সেটি নিছক একটি রাজনৈতিক মন্তব্য নয়; বরং রাষ্ট্রের ভেতরের বাস্তবতা নিয়ে গভীর উদ্বেগের প্রকাশ।

কিন্তু একটি অভিযোগ প্রায় অপরিবর্তিত থেকেছে-রাষ্ট্রযন্ত্র কি সত্যিই বদলায়? এই প্রশ্নটি নতুন করে সামনে এসেছে সরকারেরই একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর বক্তব্যে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানের আলোচনা সভায় তার চার-পাঁচ মাসের মন্ত্রিত্বের অভিজ্ঞতা তুলে ধরে আরও যে বক্তব্য দিয়েছেন, তা দেশের প্রশাসনিক বাস্তবতা নিয়ে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, যারা আগে ঘুষ খেত, তারা এখনো নানা কৌশলে ঘুষ খাচ্ছে। যারা ভালো কাজ আটকে দিত, তারাও একইভাবে কাজ আটকে দিচ্ছে। এমনকি তার ভাষায়, ‘ওরাই এখন সবচেয়ে বেশি জুলাইযোদ্ধা হয়ে গেছে।’ 

এ ধরনের বক্তব্য কোনো বিরোধী দলের নেতার মুখে শোনা গেলে সেটিকে রাজনৈতিক সমালোচনা হিসেবে দেখা যেত। কিন্তু এটি এসেছে সরকারেরই একজন দায়িত্বশীল মন্ত্রীর কাছ থেকে। ফলে এর গুরুত্ব ভিন্ন মাত্রা পায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে ওই সভায় বিশেষ অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী-এমপি, পিএসসির সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। আলোচনায় অংশ নেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান সাবেক বিচারপতি একে এম আব্দুল হাকিম, প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক মারুফ কামাল খান সোহেল, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, শহিদ মীর মাহফুজ রহমান মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার সচিব (রুটিন দায়িত্ব) শাহ আলম। 

প্রশ্ন হচ্ছে, সরকারের একজন দায়িত্বশীল মন্ত্রী যদি ছয় মাসের অভিজ্ঞতায় এই সিদ্ধান্তে পৌঁছান যে রাষ্ট্রীয় কার্যক্রমে ‘কিছুই বদলায়নি’, তাহলে সাধারণ নাগরিকের অভিজ্ঞতা কতটা ভিন্ন হতে পারে? রাষ্ট্রের গভীরে সমস্যাটি কতটা প্রোথিত?

প্রশাসনের কেন্দ্রবিন্দু বাংলাদেশ সচিবালয়ে দীর্ঘ সাংবাকিতার অভিজ্ঞতায় আমার মনে হয়েছে-রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক নেতৃত্ব যেমন গুরুত্বপূর্ণ, তেমনি গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামো। নির্বাচনের মাধ্যমে সরকার বদলানো তুলনামূলক সহজ; কিন্তু প্রশাসনিক সংস্কৃতি বদলানো অনেক কঠিন। কারণ রাষ্ট্রযন্ত্রের ধারাবাহিকতা বজায় থাকে আমলাতন্ত্রের মাধ্যমে। রাজনৈতিক নেতৃত্ব আসে ও যায়, কিন্তু প্রশাসনের একটি বড় অংশ দীর্ঘ সময় ধরে একই কাঠামোর মধ্যে কাজ করে।

এই বাস্তবতাই ব্যাখ্যা করেছিলেন জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার। তার মতে, দক্ষ, নিরপেক্ষ ও নিয়মনির্ভর আমলাতন্ত্র আধুনিক রাষ্ট্রের অপরিহার্য শর্ত। কিন্তু একই সঙ্গে তিনি সতর্ক করেছিলেন-যদি আমলাতন্ত্র নিজস্ব অভ্যাস, ক্ষমতার নিরাপত্তা এবং প্রাতিষ্ঠানিক জড়তায় বন্দী হয়ে পড়ে, তাহলে সেটি লৌহখাঁচায় পরিণত হয়। তখন প্রশাসন রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যম না হয়ে অনেক সময় পরিবর্তনের প্রতিরোধক শক্তিতে পরিণত হয়। বাংলাদেশের প্রশাসনিক বাস্তবতা নিয়ে দীর্ঘদিন ধরে যে আলোচনা চলছে, মন্ত্রীর বক্তব্য যেন সেই বিতর্ককেই নতুন করে সামনে নিয়ে এসেছে।

স্বাধীনতার পর থেকে প্রায় প্রতিটি সরকারই প্রশাসনিক সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। বিভিন্ন সময়ে প্রশাসনিক সংস্কার কমিশন হয়েছে, জনপ্রশাসন সংস্কারের সুপারিশ এসেছে, ডিজিটাল সেবা চালু হয়েছে, দুর্নীতিবিরোধী নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু মাঠপর্যায়ের অভিজ্ঞতায় এখনো নাগরিকদের সবচেয়ে বড় অভিযোগ-ফাইলের অযৌক্তিক জট, সিদ্ধান্ত গ্রহণে দীর্ঘসূত্রতা, ঘুষের অভিযোগ এবং দায়িত্ব এড়িয়ে যাওয়ার সংস্কৃতি। মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে সেই বাস্তবতারই প্রতিফলন দেখা যায়।

বিশেষভাবে লক্ষণীয় তার আরেকটি মন্তব্য। তিনি বলেছেন, যারা আগে ভালো কাজ আটকে দিত, তারাই এখন সবচেয়ে বড় ‘জুলাইযোদ্ধা’ হয়ে গেছে। এই বক্তব্যের রাজনৈতিক তাৎপর্য যেমন রয়েছে, তেমনি রয়েছে প্রশাসনিক ইঙ্গিতও। ক্ষমতার পালাবদলের পর রাষ্ট্রীয় ব্যবস্থায় প্রায়ই দেখা যায়, অনেক কর্মকর্তা দ্রুত নতুন রাজনৈতিক বাস্তবতার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নেন। এতে ব্যক্তিগত অবস্থান হয়তো নিরাপদ হয়, কিন্তু প্রশাসনিক সংস্কৃতি বদলায় না। শুধু আনুগত্যের ভাষা বদলায়; কাজের ধরণ বদলায় না। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সেই চিত্র আমলাদের মধ্যে দেখা গেছে।  এ কারণেই বাংলাদেশে প্রায়ই একটি কথা শোনা যায়-সরকার বদলায়, কিন্তু রাষ্ট্রযন্ত্র বদলায় না। অবশ্য প্রশ্ন উঠতে পারে, মাত্র ছয় মাসে কি রাষ্ট্রযন্ত্র বদলে ফেলা সম্ভব? এর উত্তর সম্ভবত ‘না’।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিবর্তন সময়সাপেক্ষ। তবে ছয় মাসের মধ্যে অন্তত পরিবর্তনের সুস্পষ্ট দিকনির্দেশনা দৃশ্যমান হওয়ার কথা। মন্ত্রীরা যদি নিজেরাই হতাশা প্রকাশ করেন, তাহলে ধরে নিতে হয়, রাজনৈতিক নির্দেশনা ও প্রশাসনিক বাস্তবতার মধ্যে কোথাও একটি বড় ব্যবধান তৈরি হয়েছে। এই ব্যবধানের কারণ কী?

প্রথমত, জবাবদিহির দুর্বলতা। কোনো কর্মকর্তা দায়িত্বে অবহেলা করলে বা ইচ্ছাকৃতভাবে জনসেবাকে বাধাগ্রস্ত করলে তার বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি এখনো দৃঢ় হয়নি।

দ্বিতীয়ত, কর্মসম্পাদনের ভিত্তিতে মূল্যায়নের পরিবর্তে অনেক ক্ষেত্রেই প্রশাসনে প্রাতিষ্ঠানিক মূল্যায়ন দুর্বল। ফলে দক্ষতা ও অদক্ষতার মধ্যে বাস্তব পার্থক্য তৈরি হয় না।

তৃতীয়ত, দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গীকার থাকলেও মাঠপর্যায়ে সেটি বাস্তবায়নের জন্য প্রয়োজন ধারাবাহিক নজরদারি এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা।

মির্জা ফখরুলের বক্তব্যে ‘ওরাই এখন সবচেয়ে বেশি জুলাইযোদ্ধা হয়ে গেছে”-এই মন্তব্যটি সেই প্রবণতারই ইঙ্গিত বহন করে। ক্ষমতার পরিবর্তনের সঙ্গে আনুগত্যের ভাষা বদলাতে পারে, কিন্তু সেবাদানের সংস্কৃতি না বদলালে নাগরিকের অভিজ্ঞতায় খুব বেশি পরিবর্তন আসে না।

অনেক দেশ প্রশাসনিক সংস্কারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। সিঙ্গাপুরে কঠোর জবাবদিহি, উচ্চ পেশাগত মান এবং দুর্নীতিবিরোধী কার্যকর প্রতিষ্ঠান প্রশাসনের প্রতি আস্থা তৈরি করেছে। দক্ষিণ কোরিয়া ধারাবাহিক প্রশাসনিক আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণের মাধ্যমে দক্ষতা বাড়িয়েছে। এস্তোনিয়া ডিজিটাল রাষ্ট্রব্যবস্থার উদাহরণ তৈরি করেছে, যেখানে নাগরিক সেবার বড় অংশ দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হয়।

তবে এসব উদাহরণের মূল শিক্ষা প্রযুক্তি নয়; প্রতিষ্ঠান। রাজনৈতিক পরিবর্তনকে টেকসই করতে তারা প্রাতিষ্ঠানিক নিয়ম, কর্মদক্ষতার মূল্যায়ন এবং জবাবদিহিকে শক্তিশালী করেছে। বাংলাদেশের ক্ষেত্রেও প্রযুক্তিগত উদ্যোগের পাশাপাশি প্রশাসনিক সংস্কৃতির পরিবর্তন জরুরি। রাজনীতিতে আত্মসমালোচনা খুব বেশি দেখা যায় না। সেই বিবেচনায় একজন দায়িত্বশীল মন্ত্রীর প্রকাশ্য হতাশা একটি ব্যতিক্রমী ঘটনা। এটি অস্বস্তিকর হতে পারে, কিন্তু গণতান্ত্রিক শাসনের জন্য অস্বস্তিকর সত্য অনেক সময় প্রয়োজনীয়।

তবে আত্মসমালোচনা তখনই অর্থবহ, যখন সেটি নীতিগত পদক্ষেপে রূপ নেয়। যদি সত্যিই ঘুষের সংস্কৃতি বহাল থাকে, তাহলে দুর্নীতিবিরোধী ব্যবস্থাকে আরও কার্যকর করার পরিকল্পনা কী? যদি ভালো কাজ আটকে দেওয়া হয়, তাহলে কোন পর্যায়ে সেই বাধা সৃষ্টি হচ্ছে? কর্মসম্পাদনের ভিত্তিতে মূল্যায়ন কি আরও শক্তিশালী হবে? নাগরিক সেবায় বিলম্বের জন্য কি নির্দিষ্ট জবাবদিহির ব্যবস্থা গড়ে তোলা হবে?

এসব প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে এই বক্তব্য ইতিহাসে একটি ক্ষণিকের আক্ষেপ হিসেবে থাকবে, নাকি প্রশাসনিক সংস্কারের সূচনা হিসেবে স্মরণীয় হবে।

মির্জা ফখরুল তার বক্তব্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পরিবর্তনের প্রচেষ্টার কথা উল্লেখ করেছেন। রাজনৈতিক দল হিসেবে এটি তাদের অভ্যন্তরীণ মূল্যায়ন। কিন্তু রাষ্ট্র পরিচালনার বৃহত্তর পরিসরে একটি বিষয় স্পষ্ট-কোনো রাষ্ট্র দীর্ঘমেয়াদে ব্যক্তিনির্ভর পরিবর্তনের ওপর দাঁড়াতে পারে না। শক্তিশালী রাষ্ট্র গড়ে ওঠে শক্তিশালী প্রতিষ্ঠানের ওপর। এমন প্রতিষ্ঠান, যেখানে নিয়ম ব্যক্তি-ইচ্ছার ঊর্ধ্বে থাকে; যেখানে ভালো কাজের পুরস্কার এবং অনিয়মের শাস্তি নিশ্চিত হয়; যেখানে নাগরিকের সেবা পাওয়া নির্ভর করে না কোনো ব্যক্তির সদিচ্ছার ওপর।

বাংলাদেশে গত কয়েক দশকে প্রতিটি নতুন সরকারই পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু নাগরিকের কাছে পরিবর্তনের প্রকৃত মানদণ্ড রাজনৈতিক ভাষণ নয়। তারা দেখতে চায়, ভূমি অফিসে হয়রানি কমেছে কি না, স্থানীয় সরকারে সেবা দ্রুত হয়েছে কি না, ফাইলের গতি বেড়েছে কি না, ঘুষ ছাড়া কাজ করা যাচ্ছে কি না। এই সূচকগুলোই শেষ পর্যন্ত নির্ধারণ করে রাষ্ট্র বদলেছে কি না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য তাই কেবল একটি রাজনৈতিক মন্তব্য হিসেবে দেখলে ভুল হবে। এটি এমন এক প্রশ্ন সামনে এনেছে, যার উত্তর কেবল সরকারের নয়; পুরো রাষ্ট্রযন্ত্রের দিতে হবে।

ছয় মাসে হয়তো একটি রাষ্ট্রকে বদলে ফেলা সম্ভব নয়। কিন্তু ছয় মাসে পরিবর্তনের দিকনির্দেশনা স্পষ্ট হওয়া সম্ভব। আর যদি সরকারের একজন গুরুত্বপূর্ণ মন্ত্রীই প্রকাশ্যে বলেন-‘কিছুই বদলায়নি’-তাহলে সেটি কেবল আক্ষেপ নয়, নীতিনির্ধারকদের জন্য একটি সতর্কবার্তা। রাষ্ট্রের প্রকৃত পরিবর্তন শুরু হয় তখনই, যখন সরকার শুধু পরিবর্তনের প্রতিশ্রুতি দেয় না; প্রতিষ্ঠানগুলোকে এমনভাবে পুনর্গঠন করে, যাতে কোনো ব্যক্তি নয়, নিয়মই শেষ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে।

লেখক: বিশেষ প্রতিনিধি, প্রতিদিনের বাংলাদেশ


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা