× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জল ও জীবনের লড়াই: হাওরাঞ্চলে শিক্ষা বঞ্চনার চিত্র

রাসেল আহমদ

প্রকাশ : ২৭ জুলাই ২০২৬ ২০:০৩ পিএম

রাসেল আহমদ। ফাইল ছবি

রাসেল আহমদ। ফাইল ছবি

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা এখন প্রযুক্তিনির্ভর রূপান্তরের নতুন স্বপ্ন দেখছে। শ্রেণিকক্ষে ডিজিটাল শিক্ষা বিস্তার, শিক্ষকদের হাতে ট্যাব পৌঁছে দেওয়া এবং স্মার্ট শিক্ষাব্যবস্থা গড়ে তোলার নানা উদ্যোগ চলছে। কিন্তু ঠিক এই সময়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থা এক ভিন্ন বাস্তবতার মুখোমুখি। এখানে প্রযুক্তির অভাবই সবচেয়ে বড় সংকট নয়; অনেক বিদ্যালয়ের পুরো পাঠদানই নির্ভর করছে একজন মাত্র শিক্ষকের ওপর। এটি রাষ্ট্রীয় সেবা বণ্টনের দীর্ঘস্থায়ী বৈষম্যকে উন্মোচিত করে। উন্নয়নের এই বৈপরীত্য হাওর এলাকায় শিক্ষা বঞ্চনার কাঠামোগত সংকটকেই নির্দেশ করে।

এই বাস্তবতার একটি নির্মম চিত্র উঠে এসেছে ২৬ জুলাই ২০২৬ প্রকাশিত প্রথম আলোর এক প্রতিবেদনে। সেখানে বলা হয়েছে, সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার দক্ষিণ আমজোড়া নুরুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছয়টি শ্রেণি ও ৫০ জন শিক্ষার্থীর জন্য কার্যত একজন শিক্ষকই পাঠদান করছেন। দায়িত্বে থাকা সহকারী শিক্ষক পারভীন আক্তার বলেছেন,     “১ জুলাই থেকে আমাকে একাই ৫০ জন শিক্ষার্থীকে পাঠদান করতে হচ্ছে। এতে সঠিকভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না।” এই বক্তব্য শুধু একজন শিক্ষকের অসহায়ত্ব নয়; হাওরাঞ্চলের শিক্ষাব্যবস্থার দীর্ঘস্থায়ী সংকটের প্রতিচ্ছবি।

দক্ষিণ আমজোড়া বিদ্যালয়ের এ বিষয়টি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একই উপজেলার আরও কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কাগজে-কলমে একজন শিক্ষক রয়েছেন; কোথাও আবার পাশের বিদ্যালয় থেকে সংযুক্ত শিক্ষক এনে কোনোমতে পাঠদান চলছে। অর্থাৎ সংকটটি কোনো একক প্রতিষ্ঠানের নয়; এটি পুরো অঞ্চলের শিক্ষা কাঠামোর গভীরে প্রোথিত।

বর্ষার হাওর দূর থেকে সবুজ দ্বীপের মতো সুন্দর মনে হলেও বাস্তবে প্রতিটি শিক্ষার্থীর জন্য বিদ্যালয়ে যাওয়া অনেক সময় উত্তাল ঢেউ, ঝড়, বজ্রপাত ও অনিরাপদ নৌযাত্রা পেরোনোর আরেক নাম। সেই বিদ্যালয়ে পৌঁছে যদি দেখা যায় ছয়টি শ্রেণির জন্য একজন শিক্ষক, কিংবা বিদ্যালয়ই মাসের পর মাস পানির নিচে, তাহলে শিক্ষা আর অধিকার থাকে না; তা ভাগ্যের ওপর নির্ভরশীল এক অনিশ্চিত সম্ভাবনায় পরিণত হয়।

এই বাস্তবতা নতুন নয়। ২০১০ সালে ধর্মপাশার শৈলচাপড়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রলারডুবিতে আটজন শিক্ষার্থীসহ ১৬ জনের মৃত্যু দেশকে নাড়া দিয়েছিল। তখন নিরাপদ নৌযান ও হাওরাঞ্চলের জন্য বিশেষ শিক্ষা পরিকল্পনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু দেড় দশক পরও বর্ষা এলে হাজারো শিশুকে একই ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যেতে হয়। এমন ট্র্যাজেডি থেকেও যদি রাষ্ট্র প্রয়োজনীয় শিক্ষা নিতে না পারে, তবে সেই ব্যর্থতা কেবল প্রশাসনিক নয়, নীতিগতও।

জাতীয় পর্যায়ে শিক্ষার নানা সূচকে অগ্রগতির কথা বলা হলেও হাওরের চিত্র এখনো উদ্বেগজনক। ২০২২ সালের জনশুমারি অনুযায়ী দেশে সাক্ষরতার হার ৭৪.৬৬ শতাংশ, অথচ সুনামগঞ্জে তা ৬৪.৭৭ শতাংশ। 

ইউনিসেফের তথ্য বলছে, জেলার প্রায় ৩৭ শতাংশ শিশু প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার আগেই বিদ্যালয় থেকে ঝরে পড়ে। পরিসংখ্যানগুলো স্পষ্ট করে, এ দেশে এখনো ভৌগোলিক অবস্থান একজন শিশুর শিক্ষার ভবিষ্যৎ নির্ধারণ করে।

মাঠপর্যায়ের বাস্তবতা আরও কঠিন। সুনামগঞ্জে ১,৪৬৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও এখনো ১৬৬টি গ্রামে কোনো বিদ্যালয় নেই। এর মধ্যে মধ্যনগর উপজেলার ১৪৭টি গ্রামের ৬৩টিই বিদ্যালয়বিহীন। ফলে বহু শিশুর শিক্ষাজীবন শুরু হওয়ার আগেই থেমে যায়; অনেকেই কৃষিকাজ, মাছ ধরা বা স্থানীয় শ্রমবাজারে যুক্ত হয়ে পড়ে। এভাবেই শিক্ষাবঞ্চনা দারিদ্র্যকে স্থায়ী করে, আর দারিদ্র্য আবার শিক্ষাবঞ্চনাকে গভীরতর করে।

শিক্ষকসংকট এই বৈষম্যকে আরও প্রকট করেছে। মধ্যনগর উপজেলার ৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রধান শিক্ষকের ৩০টি এবং সহকারী শিক্ষকের ২৭টি পদ শূন্য। পুরো সুনামগঞ্জে প্রায় ৬০০টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। উপজেলা প্রাথমিক শিক্ষা প্রশিক্ষণকেন্দ্রের ৪৮টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত মাত্র ১২ জন। ফলে শিক্ষক প্রশিক্ষণ, অ্যাকাডেমিক তদারকি ও শিক্ষার মানোন্নয়ন- সবই মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

অবকাঠামোগত বাস্তবতাও সমান উদ্বেগজনক। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনের অভিজ্ঞতায় দেখা গেছে, মধ্যনগরের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্ষাকালে টানা তিন থেকে চার মাস পানির নিচে তলিয়ে থাকে। বড় বন্যায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়। তখন শ্রেণিকক্ষ কার্যত অচল হয়ে পড়ে। ওই বিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আক্তারের কথায়, “বর্ষাকালে বেশির ভাগ সময় স্কুল পানিতে তলিয়ে থাকে, আমরা ক্লাস করতে পারি না।” একটি শিশুর এই সরল বাক্যই হাওরের শিক্ষা বঞ্চনার সবচেয়ে নির্মম ভাষ্য। 

জেলার সাতটি বিদ্যালয়ে এখনো খোলা আকাশের নিচে পাঠদান হয়, ১৯টি বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত এবং ১২৯টি বিদ্যালয় ঝুঁকিপূর্ণ। বন্যার সময় অনেক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে পরিণত হওয়ায় শিক্ষা কার্যক্রমও দীর্ঘ সময় বন্ধ থাকে।

যোগাযোগব্যবস্থার দুর্বলতাও সংকটকে তীব্র করেছে। অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছাতে শিক্ষার্থীদের শুকনো মৌসুমে হেঁটে এবং বর্ষায় নৌকায় সাত থেকে আট কিলোমিটার পথ পাড়ি দিতে হয়। দুর্গম যাতায়াত, নিরাপদ আবাসনের অভাব ও মৌলিক সুযোগ-সুবিধার সীমাবদ্ধতায় অনেক শিক্ষক হাওরে দায়িত্ব পালনে অনাগ্রহী। বিশেষ করে নারী শিক্ষকদের জন্য এই বাস্তবতা আরও কঠিন। অন্যদিকে মৌসুমি আয়ের ওপর নির্ভরশীল দরিদ্র পরিবারে ধান কাটা বা মাছ ধরার মৌসুমে শিশুরাও শ্রমে যুক্ত হয়; কয়েক সপ্তাহ বিদ্যালয়ের বাইরে থাকার পর তাদের অনেকেই আর ফিরে আসে না।

এই সংকটের পেছনে কেবল ভৌগোলিক প্রতিকূলতা নয়, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের দীর্ঘস্থায়ী দুর্বলতাও দায়ী। ‘হাওর এলাকার নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সুনামগঞ্জ ও নেত্রকোনার ১৬টি দুর্গম উপজেলায় বহুতল অ্যাকাডেমিক ভবন, ছাত্রাবাস-ছাত্রীনিবাস, শিক্ষক ডরমেটরি ও অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণের মাধ্যমে নিরাপদ ও আধুনিক শিক্ষার পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু প্রায় ৯৪৫ কোটি টাকার এই প্রকল্প প্রায় ৬৫ শতাংশ অগ্রগতিতে এসে কার্যত স্থবির হয়ে পড়ে। পরিকল্পনা কমিশনের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের পর্যবেক্ষণে প্রশাসনিক দুর্বলতা, দীর্ঘদিন প্রকল্প পরিচালক না থাকা, দুর্বল তদারকি, সমন্বয়হীনতা এবং অর্থ ছাড়ে বিলম্বকে প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। একই সঙ্গে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ২২ হাজার ৪৯৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব থাকলেও মোট বাজেটে শিক্ষার অংশীদারিত্ব আরও কমেছে। বন্যা ও ঘূর্ণিঝড়-সহনশীল শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নে ৩০০ কোটি এবং কিশোরগঞ্জের হাওরাঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আরও ১৩০ কোটি টাকা বরাদ্দ ইতিবাচক উদ্যোগ হলেও হাওরাঞ্চলের দীর্ঘদিনের অবকাঠামোগত ঘাটতি ও শিক্ষাবঞ্চনার তুলনায় তা এখনো প্রয়োজনের তুলনায় সীমিত। শিক্ষা খাতে শুধু বরাদ্দ নয়, কার্যকর বাস্তবায়নই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এই সংকটের পেছনে রয়েছে নীতিগত অসামঞ্জস্য। হাওরের বাস্তবতা সমতলের মতো নয়, অথচ শিক্ষানীতি, শিক্ষা ক্যালেন্ডার, শিক্ষক পদায়ন ও অবকাঠামো পরিকল্পনা প্রায় একই কাঠামোয় পরিচালিত হয়। ফলে জাতীয় নীতি ও স্থানীয় বাস্তবতার মধ্যে গভীর ব্যবধান তৈরি হয়েছে।

এই ব্যবধান দূর করতে হাওরাঞ্চলের জন্য পৃথক ও বাস্তবতাভিত্তিক শিক্ষানীতি, বর্ষা ও ফসল কাটার মৌসুম বিবেচনায় বিশেষ শিক্ষা ক্যালেন্ডার এবং নিরাপদ স্কুল নৌযান চালুর স্থায়ী ব্যবস্থা প্রয়োজন। পাশাপাশি বন্যা-সহনশীল বিদ্যালয় ভবন, সৌরবিদ্যুৎ সুবিধা, দুর্গম এলাকায় আবাসিক বিদ্যালয়, স্থানীয় শিক্ষিত তরুণ-তরুণীদের অগ্রাধিকার দিয়ে শিক্ষক নিয়োগ, দুর্গম এলাকায় কর্মরত শিক্ষকদের জন্য বিশেষ প্রণোদনা ও আবাসন, নিয়মিত অ্যাকাডেমিক তদারকি এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য মধ্যাহ্নভোজ, শিক্ষা বৃত্তি ও সামাজিক নিরাপত্তা সহায়তা নিশ্চিত করতে হবে। 

সম্প্রতি সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলের উদ্যোগে মধ্যনগরের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নৌকা সরবরাহ একটি ইতিবাচক পদক্ষেপ। তবে বিচ্ছিন্ন উদ্যোগে কয়েক দশকের কাঠামোগত সংকট কাটবে না; প্রয়োজন দীর্ঘমেয়াদি, সমন্বিত এবং হাওরবাস্তবতাকেন্দ্রিক রাষ্ট্রীয় কর্মপরিকল্পনা।

বাংলাদেশ উন্নয়নের নতুন উচ্চতায় পৌঁছানোর স্বপ্ন দেখছে। কিন্তু হাওরের কোনো শিশু যদি বিদ্যালয়ে পৌঁছাতে গিয়ে জীবনের ঝুঁকি নেয়, বিদ্যালয়ে গিয়ে শিক্ষক না পায়, কিংবা বিদ্যালয়ই যদি মাসের পর মাস পানির নিচে ডুবে থাকে, তবে সেই উন্নয়নকে অন্তর্ভুক্তিমূলক বলা যায় না।

হাওরের শিশুর হাতে বই তুলে দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না। শিক্ষার অধিকার নিশ্চিত করাই রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তারা করুণা নয়, সমান সুযোগ চায়। সেই সমান সুযোগ নিশ্চিত করাই হবে একটি সত্যিকার অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রের সবচেয়ে বড় সাফল্য।

লেখক: সাংবাদিক

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা