ফরহাদ মজহার
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬ ০৯:৪১ এএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। একজন ব্যক্তি বঙ্গভবন ছেড়ে চলে গেলেনÑ ঘটনাটিকে শুধু এইভাবে দেখলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের আসল জায়গাটি ধরা যাবে না। সাহাবুদ্দিনের পদত্যাগ ক্ষমতাসীন বিএনপির সামনে একই সঙ্গে একটি সুযোগ, একটি পরীক্ষা এবং কঠিন একটি রাজনৈতিক প্রশ্ন হাজির করেছে। বিএনপি কি শুধু পুরানা সংবিধানের নিয়ম মেনে আরেকজন রাষ্ট্রপতি নির্বাচিত করবে নাকি জুলাই গণঅভ্যুত্থানের শক্তিরÑ অর্থাৎ জনগণের সঙ্গে নতুন রাজনৈতিক বোঝাপড়ার দরজা খুলবে? বিএনপি কি এই সুযোগ নিতে সক্ষম?
মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হিশাবে শপথ নিয়েছিলেন। তিনি জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন নাই। শেখ হাসিনার পছন্দ, আওয়ামী লীগের মনোনয়ন এবং এমন একটি সংসদের মাধ্যমে রাষ্ট্রপতি পদে বসেছিলেন, যে সংসদ জনগণের স্বাধীন ভোটে গঠিত নয়। ফলে তার পদটি সাংবিধানিক হলেও তার রাজনৈতিক বৈধতা ছিল শেখ হাসিনার শাসনব্যবস্থার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের সঙ্গে সেই বৈধতার ভিত্তিও ধসে পড়ে। কিন্তু সাহাবুদ্দিন বঙ্গভবনে বহাল থাকেন। ৬ আগস্ট তিনি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে সেনা সমর্থিত উপদেষ্টা সরকারকে পুরানা সংবিধান রক্ষার শপথ পড়ান। এই ঘটনাকে শুধু প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষার কাজ হিশাবে দেখলে ভুল হবে। সেটা ছিল জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক শক্তিকে পুরানা রাষ্ট্রব্যবস্থার মধ্যে বন্দি করার শুরু।
৫ আগস্ট জনগণ সরাসরি রাজনৈতিক শক্তি হিশাবে হাজির হয়েছিল। তারা শুধু একজন প্রধানমন্ত্রীকে সরায় নাই; তারা একটি ফ্যাসিস্ট শাসনের বৈধতা প্রত্যাহার করেছিল। সেই মুহূর্তে ক্ষমতার উৎস ছিল জনগণ। কিন্তু ৮ আগস্ট থেকে আবার ধরে নেওয়া হলোÑ ক্ষমতার আসল উৎস পুরানা সংবিধান, বঙ্গভবন, আদালত এবং আমলাতান্ত্রিক রাষ্ট্র। জনগণ যেন নিজে নতুন রাজনৈতিক বিধান তৈরি করতে অক্ষম; পুরানা রাষ্ট্রের অনুমোদন ছাড়া তার অভ্যুত্থানও বৈধ নয়।
সাহাবুদ্দিনের ঐতিহাসিক দায় ঠিক এই জায়গাতেই। তিনি একা এই কাজ করেন নাই, কিন্তু তিনি ছিলেন সাংবিধানিক প্রতিবিপ্লবের প্রধান কুশীলবদের একজন। তার মাধ্যমে গণঅভ্যুত্থানের শক্তিকে নতুন গঠনতন্ত্র, জনগণের প্রতিনিধিত্বশীল পরিষদ বা নতুন রাষ্ট্র গড়ার পথে নেওয়া হয় নাই। বরং পুরানা সংবিধানের অধীনে শপথ পড়িয়ে সেই শক্তিকে পুরানা ব্যবস্থায় ফেরত পাঠানো হয়েছিল। যার বোঝা বিএনপি টানছে। এই টেনে বেড়ানোর কোনো যুক্তি নাই।
এখন সাহাবুদ্দিনের বিদায়ের পর বিএনপির সামনে বিপদ হলোÑ দলটি যদি একই সাংবিধানিক নিয়মে শুধু আরেকজন রাষ্ট্রপতি বসায়, তাহলে ব্যক্তি বদলাবে, কিন্তু বাংলাদেশের সাংবিধানিক, রাজনৈতিক, আর্থ-সামাজিক এবং সাংস্কৃতিক সংকটের গোড়া অক্ষত থাকবে। বিএনপি তখন জুলাই গণঅভ্যুত্থানের উত্তরাধিকার বহন করবে না; বরং সেই অভ্যুত্থানকে পুরানা রাষ্ট্রের মধ্যে শুষে নেওয়ার মাধ্যমে নিঃশেষ করবে। রাজনৈতিক দল হিশাবে সেটা বিএনপির দূরদর্শিতা হবে না।
ক্ষমতাসীন বিএনপির বোঝা দরকার, রাষ্ট্রপতি নির্বাচন এখন কোনো সাধারণ সাংবিধানিক রুটিন নয়। এটি জুলাই-পরবর্তী রাষ্ট্রের চরিত্র নির্ধারণের প্রশ্ন। কাকে রাষ্ট্রপতি করা হবে, কী প্রক্রিয়ায় করা হবে এবং তার রাজনৈতিক দায়িত্ব কী হবেÑ এসব প্রশ্ন জনগণের সঙ্গে খোলাখুলি আলোচনা ছাড়া মীমাংসা করলে নতুন বৈধতার সংকট তৈরি হবে।
বিএনপির ঐতিহাসিক অভিজ্ঞতা এখানে গুরুত্বপূর্ণ। দলটি দীর্ঘ সময় ধরে আওয়ামী ফ্যাসিবাদের নিপীড়নের শিকার হয়েছে। গুম, হত্যা, মিথ্যা মামলা, ভোটাধিকার হরণ এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বিএনপির নেতাকর্মীরা লড়েছেন। কিন্তু এই অভিজ্ঞতা বিএনপিকে শুধু ক্ষমতার দাবিদার করে না; বরং পুরানা দমনমূলক রাষ্ট্রব্যবস্থা বদলানোর বাড়তি দায়িত্বও দেয়। আওয়ামী লীগের জায়গায় বিএনপিকে বসিয়ে একই রাষ্ট্রযন্ত্র চালানো জুলাইয়ের দাবি ছিল না। তারেক রহমানের দিক থেকে তারুণ্যের শক্তিকে জাতীয় শক্তিতে রূপান্তরিত করবার এই এক সুযোগ। বাংলাদেশের বর্তমান আর্থ-সামাজিক ক্ষয় ও বিপর্যয়ের বাস্তবতা হিশাবে রাখলে রাজনৈতিক বিচক্ষণতা প্রদর্শনের এখনই সুযোগ।
জুলাই গণঅভ্যুত্থানের তরুণ শক্তি শুধু একটি নির্বাচনের জন্য জীবন দেয় নাই। তারা ভোটের অধিকার চেয়েছে, কিন্তু তার চেয়েও বড়ভাবে রাষ্ট্রের চরিত্র বদলাতে চেয়েছে। তারা চেয়েছে এমন একটি রাষ্ট্র, যেখানে পুলিশ দলীয় বাহিনী হবে না, আদালত ক্ষমতাসীনের হাতিয়ার হবে না, আমলাতন্ত্র জনগণের ওপর প্রভুত্ব করবে না, ব্যাংক ও রাষ্ট্রীয় সম্পদ লুটেরা-মাফিয়া গোষ্ঠীর দখলে থাকবে না এবং সংবিধানকে জনগণের ঊর্ধ্বে এবং জনগণের বিরুদ্ধে অস্ত্র হিশাবে ব্যবহার করা হবে না। ব্যর্থতার ক্ষোভ তীব্রভাবেই জনগণের মধ্যে রয়ে গেছে।
বিএনপি যদি এই আকাঙ্ক্ষাকে শুধু আবেগ বা ‘তরুণদের দাবি’ বলে ছোট করে দেখে, তাহলে বড় ভুল করবে। জুলাইয়ের শক্তি এখনও ছড়ানো, দুর্বল এবং সাংগঠনিকভাবে অসম্পূর্ণ হতে পারে; কিন্তু তার রাজনৈতিক প্রশ্নগুলো শেষ হয়ে যায় নাই। জনগণের গাঠনিক ক্ষমতা, নতুন রাষ্ট্রব্যবস্থা, সংবিধানের উৎস, বিচারব্যবস্থার স্বাধীনতা, স্থানীয় সরকার, অর্থনৈতিক ক্ষমতার কেন্দ্রীকরণ এবং লুটেরা শ্রেণির বিরুদ্ধে ব্যবস্থাÑ এসব প্রশ্নকে পাশ কাটিয়ে স্থিতিশীল সরকার গড়া যাবে না।
তাই বিএনপির প্রথম কাজ হওয়া উচিত জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক শক্তির সঙ্গে আনুষ্ঠানিক ও প্রকাশ্য সংলাপ শুরু করা। এই সংলাপ কোনো দয়া বা তরুণদের শান্ত রাখার কৌশল হতে পারে না। এটি ক্ষমতার উৎস নিয়ে সংলাপ। বিএনপিকে স্বীকার করতে হবে, তার নির্বাচনী ম্যান্ডেট আছে; কিন্তু জুলাই গণঅভ্যুত্থানেরও আলাদা রাজনৈতিক ম্যান্ডেট আছে। নির্বাচন সরকার গঠনের অধিকার দেয়, কিন্তু গণঅভ্যুত্থান রাষ্ট্রের ভিত্তি নতুন করে বিচার করার অধিকার তৈরি করে।
এই দুই ম্যান্ডেটকে মুখোমুখি দাঁড় করানো বিপজ্জনক। বিএনপি যদি মনে করে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বলে জুলাইয়ের প্রশ্ন শেষ, তাহলে দলটি জনগণের এক বিশাল অংশকে রাষ্ট্রের বাইরে ঠেলে দেবে। আবার গণঅভ্যুত্থানের শক্তি যদি নির্বাচিত সরকারকে নিছক পুরানা ব্যবস্থার প্রতিনিধি বলে বাতিল করে, তাহলেও রাজনৈতিক পথ বন্ধ হবে। দরকার সংঘাতের বদলে গাঠনিক সংলাপÑ যেখানে নির্বাচিত ক্ষমতা ও গণঅভ্যুত্থানের শক্তি মিলে নতুন রাষ্ট্রের ন্যূনতম ভিত্তি ঠিক করবে।
রাষ্ট্রপতি নির্বাচন এই সংলাপের প্রথম পরীক্ষা হতে পারে। বিএনপি চাইলে দলীয় আনুগত্যের ভিত্তিতে নিজের একজন বিশ্বস্ত ব্যক্তিকে বঙ্গভবনে বসাতে পারে। সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেটি করা কঠিন নয়। কিন্তু এতে বিএনপি হয়তো একটি পদ পাবে, অথচ একটি ঐতিহাসিক সুযোগ হারাবে।
এর বদলে রাষ্ট্রপতির প্রশ্নকে জাতীয় রাজনৈতিক সমঝোতার জায়গায় নেওয়া যেতে পারে। এমন একজনকে রাষ্ট্রপতি করা দরকার, যিনি কোনো দলের আনুগত্যশীল প্রতিনিধি নন, শেখ হাসিনার রাষ্ট্রব্যবস্থার ধারক নন এবং জুলাই গণঅভ্যুত্থানের রাজনৈতিক তাৎপর্য স্বীকার করেন। তার প্রধান কাজ হবে পুরানা রাষ্ট্রের পাহারাদার হওয়া নয়; বরং নতুন গাঠনিক প্রক্রিয়ার রক্ষক হওয়া।
তবে শুধু ‘সর্বজনগ্রাহ্য’ একজন ভদ্রলোক খুঁজে বের করলেই চলবে না। বাংলাদেশের সমস্যার গোড়া ব্যক্তি নয়, প্রতিষ্ঠান ও ক্ষমতা ব্যবস্থাকে গণমুখী করা। তাই নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আগে বা সঙ্গে সঙ্গে বিএনপির পরিষ্কার রাজনৈতিক ঘোষণা দেওয়া দরকার। জনগণ সংবিধানের অধীন নয়; সংবিধান জনগণের রাজনৈতিক ইচ্ছার অধীন। জুলাই গণঅভ্যুত্থানকে শুধু সরকার বদলের ঘটনা নয়, রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক ব্যবস্থা নির্মাণের উৎস ও প্রক্রিয়া হিশাবে স্বীকৃতি দিতে হবে।
বিএনপি চাইলে একটি ‘জুলাই সংলাপ পরিষদ’ বা জাতীয় গাঠনিক সংলাপের আয়োজন করতে পারে। সেখানে জুলাইয়ের আহত ও শহীদ পরিবারের প্রতিনিধি, ছাত্রনেতা, শ্রমিক, কৃষক, নারী, আলেম, ক্ষুদ্র জাতিসত্তা, পেশাজীবী, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধি থাকবেন। এই পরিষদ সংসদের বিকল্প হবে না, কিন্তু সংসদকে জনগণের গাঠনিক প্রশ্নের মুখোমুখি করবে।
এই সংলাপের বিষয় হতে হবে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার সীমা, বিচার বিভাগের জবাবদিহিতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের স্বাধীনতা, পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সংস্কার, স্থানীয় সরকারের ক্ষমতা, রাষ্ট্রীয় সম্পদের মালিকানা এবং নতুন সংবিধান বা গঠনতান্ত্রিক বন্দোবস্তের পথ। শুধু কয়েকটি অনুচ্ছেদ বদলানো বা পদ-পদবি পাল্টানো দিয়ে সংকট মিটবে না।
বিএনপির সামনে সবচেয়ে বড় প্রলোভন হলো ‘স্থিতিশীলতা’র নামে পুরানা ব্যবস্থা বজায় রাখা। আমলাতন্ত্র, ব্যবসায়ী গোষ্ঠী, বিদেশি শক্তি, ঋণদাতা সংস্থা এবং রাষ্ট্রের সুবিধাভোগীরা বিএনপিকে বলবেÑ এখন আর রাজনৈতিক পরীক্ষা-নিরীক্ষার সময় নয়; সরকার চালান, অর্থনীতি সামলান, বিনিয়োগ আনুন। এই যুক্তি শুনতে বাস্তবসম্মত, কিন্তু এটাই বিএনপির জন্য মারাত্মক বিপজ্জনক ফাঁদ। পুরানা রাষ্ট্র অক্ষত রেখে অর্থনীতি সামলানো মানে লুটেরা-মাফিয়া শ্রেণির সঙ্গে আপস করা। আর সেই আপস শেষ পর্যন্ত বিএনপিকেও আওয়ামী লীগের মতো জনগণ থেকে বিচ্ছিন্ন করবে।
জুলাইয়ের শক্তির সঙ্গে সংলাপ মানে সরকার দুর্বল করা নয়। বরং এর মাধ্যমে বিএনপি নিজের রাজনৈতিক বৈধতা গভীর করতে পারে। বিএনপি দেখাতে পারে, তারা শুধু নির্বাচনে জয়ী দল নয়; তারা ফ্যাসিবাদ-পরবর্তী রাষ্ট্র বদলের দায়িত্ব নিতে প্রস্তুত। এর জন্য আত্মবিশ্বাস দরকার। যে দল জনগণের সঙ্গে কথা বলতে ভয় পায়, সে দল শেষ পর্যন্ত আমলা, ব্যবসায়ী গোষ্ঠী ও নিরাপত্তা যন্ত্রের ওপর নির্ভরশীল হয়ে পড়ে।
বিএনপিকে আরও একটি কথা বুঝতে হবে। জুলাইয়ের তরুণদের ভুল, সীমাবদ্ধতা ও রাজনৈতিক অপরিপক্বতা থাকতে পারে। কিন্তু তাদের অপমান করা, মামলায় জড়ানো, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে দমন করা বা ‘অরাজক শক্তি’ বলে প্রচার করা হবে আত্মঘাতী। আওয়ামী লীগও বিরোধী রাজনৈতিক শক্তিকে অপরাধী বানাতে বানাতে নিজের পতন ডেকে এনেছিল। বিএনপি সেই একই রাস্তা নিলে ইতিহাস তাকে ছাড়বে না।
একই সঙ্গে গণঅভ্যুত্থানের শক্তিকেও নির্বাচিত সরকারের বাস্তবতা বুঝতে হবে। রাষ্ট্র চালানো, বাজেট করা, কর্মসংস্থান তৈরি, আইনশৃঙ্খলা বজায় রাখা এবং আন্তর্জাতিক সম্পর্ক সামলানোÑ এসব কাজ স্লোগান দিয়ে চলে না। কিন্তু এই বাস্তবতার যুক্তি দেখিয়ে রাষ্ট্র বদলের প্রশ্ন বন্ধ করা যাবে না। বিএনপির দায়িত্ব হলো শাসনের বাস্তবতা ও গাঠনিক বদলের দাবির মধ্যে রাজনৈতিক সেতু তৈরি করা।
সাহাবুদ্দিনের পদত্যাগ সেই সেতু নির্মাণের সুযোগ এনে দিয়েছে। বিএনপি চাইলে তাকে শুধু আওয়ামী আমলের রাষ্ট্রপতি হিশাবে বিদায় দিয়ে নিজের একজন রাষ্ট্রপতি বসাতে পারে। আবার চাইলে এই মুহূর্তকে পুরানা রাষ্ট্রের সঙ্গে একটি রাজনৈতিক বিচ্ছেদের সূচনা করতে পারে।
প্রথম পথ সহজ, কিন্তু বিপজ্জনক। দ্বিতীয় পথ কঠিন, কিন্তু ঐতিহাসিক।
বিএনপিকে এখন সিদ্ধান্ত নিতে হবেÑ তারা কি কেবল আওয়ামী লীগের ফেলে যাওয়া রাষ্ট্রযন্ত্রের নতুন চালক হবে নাকি জুলাই গণঅভ্যুত্থানের শক্তির সঙ্গে কথা বলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথ খুলবে? জনগণ বিএনপিকে সরকার চালানোর সুযোগ দিয়েছে; কিন্তু এই সুযোগ পুরানা রাষ্ট্র কায়েম রাখার লাইসেন্স নয়।
রাষ্ট্রপতির বিদায় তাই বিএনপির জন্য বিজয়ের উপলক্ষ নয়, আত্মসমালোচনার মুহূর্ত। চুপ্পুর সাংবিধানিক ভূমিকা থেকে শিক্ষা হলোÑ পুরানা সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করতে গিয়ে গণঅভ্যুত্থানের শক্তিকে অস্বীকার করলে রাজনৈতিক সংকট শুধু চাপা পড়ে, শেষ হয় না। বিএনপি যদি সেই ভুল আবার করে, তাহলে সাহাবুদ্দিনের ব্যক্তি বিদায় নিলেও তার রাজনীতি টিকে থাকবে।
আর যদি বিএনপি জুলাইয়ের শক্তির সঙ্গে সম্মানজনক সংলাপ শুরু করে, জনগণকে সংবিধান বা গঠনতন্ত্রের উৎস হিশাবে মেনে নেয় এবং নতুন রাষ্ট্র গড়ার একটি বিশ্বাসযোগ্য পথ হাজির করে, তাহলে দলটি বাংলাদেশের ইতিহাসে শুধু ক্ষমতাসীন দল হিশাবে নয়, ফ্যাসিবাদ-পরবর্তী রাজনৈতিক রূপান্তরের প্রধান শক্তি হিশাবে জায়গা করে নিতে পারে।
সুযোগটি এখনও বিএনপির হাতে আছে। কিন্তু সময় সীমাহীন নয়।