× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মনের ময়নাতদন্ত

প্রতিপক্ষকে হারতে দেখলে খুশি হই কেন

জাহাঙ্গীর সুর

প্রকাশ : ২০ জুলাই ২০২৬ ২২:২৭ পিএম

আপডেট : ২১ জুলাই ২০২৬ ১৭:৪৮ পিএম

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল আর্জেন্টিনার সমর্থকে। ছবি: দ্য গার্ডিয়ান

ফুটবল বিশ্বকাপ ২০২৬-এর ফাইনাল ম্যাচে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল আর্জেন্টিনার সমর্থকে। ছবি: দ্য গার্ডিয়ান

পছন্দের দল ফাইনালে ওঠেনি, আরও আগেই আসর থেকে ছিটকে পড়েছে। কিন্তু শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষের বুকফাটা কান্না দেখে আপনার মনে এক পরম, সুমিষ্ট আনন্দ অনুভূত হচ্ছে। এর উৎস কোথায়? অন্যের এই দুর্গতিতে আমাদের মন কেন এভাবে খিলখিল করে হেসে ওঠে? ভক্তের মনের ময়নাতদন্ত করেছেন জাহাঙ্গীর সুর।

অভিনন্দন স্পেন, শিরোপা জয়ের যথাযোগ্য দল হিসেবে নিজেদের প্রমাণ করার জন্য লামিনে ইয়ামাল ও তার সতীর্থদের সাধুবাদ দিতেই হবে। আর্জেন্টিনার সংবেদনশীল সমর্থকরাও মানবেন, ফাইনালে জাদুকর মেসির সঙ্গে তার সতীর্থরা সুবিচার করতে ব্যর্থ হয়েছেন। লাতিন দলটির সমর্থকরা আবেগাহত। স্বীকার করে নেওয়া ভালো, এমন আহতদের দলে এই লেখকও রয়েছেন। তো, ম্যারাডোনা ও মেসির দলের ভক্তদের মনঃকষ্ট আরও বাড়িয়ে দিচ্ছে স্পেন ছাড়াও অন্য কয়েকটি দলের সমর্থকরা। বিশেষ করে ব্রাজিল, ফ্রান্স ও জার্মানির কট্টর কিছু সমর্থক। এবং এটাই স্বাভাবিক! এই প্রতিবেদনে সেই দিকটিই খুলে বলার চেষ্টা করা হয়েছে।

১২০ মিনিটের ম্যাচটি দেখছিলাম রাজশাহী সার্কিট হাউসে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী ও রাজশাহী জেলা প্রশাসনের বেশ কজন কর্মকর্তাও ম্যাচটি উপভোগ করছিলেন। এদের একজন ব্রাজিলের সমর্থক হলেও শুরুতে বললেন, ‘আমরা চাই আর্জেন্টিনা জিতুক। মেসির হাতে কাপ উঠুক।’ কিন্তু আর্জেন্টিনার জালে স্পেনের গোল জড়িয়ে যাওয়ার পর হতাশার শীতল নিস্তবদ্ধতা যখন মেসির সমর্থক শিবিরে, তখন ওই কর্মকর্তাই সবচেয়ে হাশিখুশি ও উচ্ছ্বসিত সুরে ফেরান তোরেসের গোল উদযাপন করেন। শুরুতেই বলেছি, এটাই স্বাভাবিক, অন্তত মনোবিজ্ঞান তা-ই বলছে।

রাজশাহী থেকে ফিরে এসে বিকালে যখন এই লেখাটি তৈরি করছি, ঠিক তখনই আমার বন্ধু অনির্বাণ ফোন করলেন। বেশ বিস্মিত ও চিন্তাস্তব্ধ হওয়ার ভান করে তিনি শোনালেন, ‘শুনলাম আর্জেন্টিনার একজন খেলোয়াড় নাকি লাল কার্ড পেয়েছেন। এটা কোনো কথা! তাই বলে, লাল কার্ড? এবং স্পেনের কাছে পরাজয়? মানা যায়?’ মূলত সমবেদনা জানাতে তার এই যৎসামান্য ঠাট্টা। এখন এও আমায় স্বীকার করে নিতে হচ্ছে, শেষ ষোলোর খেলায় নরওয়ের কাছে ব্রাজিলের ১-২ ব্যবধানে পরাজয়ের পর অনির্বাণ ও আরেক বন্ধু সজীবকে প্রায় একই সুরে ফোন করে সমবেদনা জানিয়েছিলাম আমি! এবং এটাই স্বাভাবিক, বলছে মনোবৈজ্ঞানিক একটি গবেষণা।

নিজের দল জেতেনি, নিজেরা ফাইনালে ওঠেনি, তবুও প্রতিপক্ষের বুকফাটা কান্না দেখে আমার-আপনার মনে যে এক পরম, সুমিষ্ট আনন্দ অনুভূত হচ্ছে, এর উৎস কোথায়? অন্যের এই দুর্গতিতে আমাদের মন কেন এভাবে খিলখিল করে হেসে ওঠে?

মনোবিজ্ঞান ও দর্শনে এই বিশেষ অনুভূতির একটি চমৎকার নাম রয়েছে। শ্যাডেনফ্রয়ডে। এটি একটি জার্মান শব্দ। এর অর্থ হলো অন্যের দুর্ভাগ্য বা পতনে পরম আনন্দ লাভ করা। আপাতদৃষ্টিতে একে অত্যন্ত নিষ্ঠুর বা অনৈতিক মনে হতে পারে। কিন্তু স্নায়ুবিজ্ঞান বলছে, এটি মানুষের মস্তিষ্কের অন্যতম প্রাচীন ও স্বাভাবিক একটি প্রবৃত্তি। ২০২৫ সালের নভেম্বরে বিশ্বখ্যাত চিকিৎসা সাময়িকী রেডিওলজিতে প্রকাশিত চিলির সান্তিয়াগোর বিজ্ঞানী ডা. ফ্রান্সিসকো জামোরানোর একটি যুগান্তকারী গবেষণা এই অন্ধকার মনস্তত্ত্বের ওপর বিজ্ঞানের আলো ফেলেছে। জামোরানো ও তার সতীর্থ গবেষকরা ৬১ জন সুস্থ, কট্টর ফুটবল ভক্তের ওপর ফাংশনাল এমআরআই ব্যবহার করে এই পরীক্ষা চালান। ভক্তদের আবেগের তীব্রতা পরিমাপ করা হয়েছিল ফুটবল সাপোর্টার্স ফ্যানাটিসিজম স্কেলের মাধ্যমে। এই স্কেলটি মূলত ভক্তদের ‘সহিংসতার প্রবণতা’ ও ‘একাত্মতার তীব্রতা’ পরিমাপ করে। 

গবেষণার ফলাফল ছিল অত্যন্ত চমকপ্রদ। স্ক্যানে দেখা গেছে, যখন একজন ভক্তের প্রিয় দল গোল করে, তখন ভেন্ট্রাল স্ট্রায়াটাম নামে মস্তিষ্কের আনন্দ-কেন্দ্র সক্রিয় হয়; ঠিক তেমনি যখন তার চিরপ্রতিদ্বন্দ্বী দলটি অন্য কোনো নিরপেক্ষ কোনো দলের কাছে গোল খায় বা হেরে যায়, তখনও ভক্তের মস্তিষ্কের সেই একই আনন্দ- কেন্দ্রটি প্রায় সমপরিমাণ তীব্রতায় উদ্দীপ্ত হয়ে ওঠে! অর্থাৎ, আমাদের নিউরোনগুলোর কাছে নিজের দলের জয়ের আনন্দ যতটুকু ‘পুরস্কার’, চিরশত্রুর বা প্রতিপক্ষের পরাজয়ের দৃশ্যটিও ঠিক ততটুকুই বড় ‘পুরস্কার’। মস্তিষ্ক প্রতিপক্ষের পতনকে নিজের জন্য এক ধরনের পরোক্ষ বিজয় হিসেবে গণ্য করে। প্রতিদ্বন্দ্বীর অহংকার যখন চূর্ণ-বিচূর্ণ হয়ে মাটিতে মিশে যায়, তখন আমাদের অবচেতন মন এক ধরনের তীব্র তৃপ্তি পায়, যা আমাদের ঠোঁটের কোণে ফুটিয়ে তোলে এক বাঁকা, কুটিল হাসি। 

জামোরানোর মতে, ‘তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও শত্রুতার মুখে আমাদের মস্তিষ্কের যৌক্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়ে।’

কিন্তু কেন আমরা প্রতিপক্ষের এই ব্যথায় এতটা সহমর্মিতাহীন হয়ে পড়ি? কেন একজন অন্য সময়ে অত্যন্ত ভদ্র ও মার্জিত মানুষও খেলার মাঠে প্রতিপক্ষের কান্না দেখে উল্লাসে ফেটে পড়েন? জামোরানোর গবেষণায় দেখা গেছে, যখন চিরপ্রতিদ্বন্দ্বী দলটি হারের সম্মুখীন হয়, তখন ভক্তদের মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশÑ ডরসাল অ্যান্টেরিওর সিঙ্গুলেট কর্টেক্সের মধ্যে এক ধরনের অদ্ভুত সংকোচন ঘটে। মস্তিষ্কের এই অংশটির মূল কাজ হলো মানুষের আবেগ নিয়ন্ত্রণ করা, যৌক্তিক চিন্তা বজায় রাখা ও সামাজিকভাবে অনভিপ্রেত আচরণকে দমন করা। কিন্তু তীব্র খেলাধুলার প্রতিদ্বন্দ্বিতার সময়, যখনই প্রতিপক্ষের পরাজয় ঘটে, তখন মস্তিষ্কের এই যৌক্তিক নিয়ন্ত্রণ ব্যবস্থাটি সাময়িকভাবে পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে মানুষের ভেতরের আদিম আবেগ কোনো বাধা ছাড়াই বাইরে বেরিয়ে আসে। যৌক্তিক নিয়ন্ত্রণ কমে যাওয়ায় ও আনন্দের রাসায়নিক ডোপামিনের মাত্রা বেড়ে যাওয়ায়, মানুষ তখন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে সাময়িকভাবে এক ধরনের উন্মাদ আচরণ করতে শুরু করে। 

জামোরানো অত্যন্ত সতর্কতার সাথে উল্লেখ করেছেন, মস্তিষ্কের এই বিশেষ স্নায়বিক বৈশিষ্ট্য তথা প্রতিদ্বন্দ্বিতার মুখে আনন্দের উদ্রেক ও যৌক্তিক নিয়ন্ত্রণের পতন কেবল খেলার মাঠেই সীমাবদ্ধ নয়। এটিই মূলত সমাজে উগ্র রাজনৈতিক মেরুকরণ, বর্ণবাদ, সাম্প্রদায়িক দাঙ্গা ও বর্তমান যুগের সামাজিক মাধ্যমের হয়রানির মূল স্নায়বিক ভিত্তি। আদিকালে যখন মানুষ গুহায় বাস করত, তখন অন্য এক গোত্রের বা প্রতিপক্ষের ধ্বংস বা দুর্বলতার মানেই ছিল নিজের গোত্রের টিকে থাকার ও সম্পদ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাওয়া। আধুনিক সভ্যতায় গ্যালারির বা চায়ের দোকানের লড়াইটা হয়তো কেবলই প্রতীকী, কিন্তু আমাদের মাথার ভেতরে থাকা সেই প্রাচীন আদিম ‘আমরা বনাম তারা’ চিন্তাখানি আজও বিন্দুমাত্র বদলায়নি। তাই ফাইনালে প্রতিপক্ষ আর্জেন্টিনার বিদায়ের পর যখন আপনার মনে আনন্দের জোয়ার বয়ে যায়, তখন জানবেন, সেটি আপনার কোনো ব্যক্তিগত নিষ্ঠুরতা নয়, বরং আপনার মস্তিষ্কের গভীরে লুকিয়ে থাকা সেই প্রাচীন আদিম মানুষটিই আসলে বিজয়ের উল্লাসে মেতে উঠেছে।

লেখক: কপি এডিটর, প্রতিদিনের বাংলাদেশ

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা