রাসেল আহমদ
প্রকাশ : ১৭ জুলাই ২০২৬ ১৯:৫৭ পিএম
রাসেল আহমদ। ফাইল ছবি
বাংলাদেশের রাজনীতি ও রাষ্ট্র কাঠামোর গভীরতম সংকটের নাম বেসামরিক প্রশাসনের ওপর সেনাবাহিনীর নির্ভরতা। সাম্প্রতিক বছরগুলোতে ক্ষমতার পটপরিবর্তন এবং রাজনৈতিক ক্ষমতার পালাবদলে এই প্রবণতা আরও প্রকট হয়ে উঠেছে।
২০২৬ সালের ১৫ জুনের মধ্যে সেনাবাহিনীকে ধাপে ধাপে
ব্যারাকে ফিরিয়ে নেওয়ার যে প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল, তা দেশের গণতান্ত্রিক অভিযাত্রায়
এক ধরনের স্বস্তি ও আশার সঞ্চার করেছিল। কিন্তু সেই স্বস্তি এক সপ্তাহের বেশি স্থায়ী
হয়নি। ২২ জুন নবনির্বাচিত তারেক রহমান সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র সাড়ে তিন মাসের
মাথায় আবারও ঢাকাসহ ৬টি কৌশলগত এলাকায় সেনাবাহিনীকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের
ক্ষমতা (ম্যাজিস্ট্রেসি পাওয়ার) দিয়ে মোতায়েন করা হয়েছে।
আপাতদৃষ্টিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা এবং পুলিশের পুনর্গঠন প্রক্রিয়ার সীমাবদ্ধতাকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে দেখানো হলেও, এর গভীরে রয়েছে বেসামরিক শাসনব্যবস্থার প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা ও রাজনৈতিক কাঠামোর এক চরম দুর্বলতা।
প্রশ্ন ওঠা স্বাভাবিক- বাংলাদেশের বেসামরিক প্রশাসনের কি আসলেই নিজস্ব পেশাদার সক্ষমতা নেই সেনাবাহিনীকে তাদের মূল দায়িত্ব অর্থাৎ ব্যারাকে আটকে রাখার? নাকি প্রতিটি রাজনৈতিক পালাবদলে সেনাবাহিনী নিজেই এক অনস্বীকার্য নিয়ামক হিসেবে আবির্ভূত হচ্ছে, যার পরোক্ষ বা প্রত্যক্ষ সম্মতি ছাড়া রাষ্ট্র পরিচালনা কঠিন হয়ে দাঁড়ায়?
এই দীর্ঘমেয়াদী সংকটের একটি বড় ইঙ্গিত পাওয়া যায় সেনাপ্রধানের ঘনঘন ব্যবহৃত ‘প্রফেশনাল ক্যাপাবিলিটি’ বা পেশাদার সক্ষমতা শব্দবন্ধের মধ্যে। মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে পুলিশি দায়িত্ব পালন করালে সেনাবাহিনীর চেইন অব কমান্ড, সামরিক চরিত্র এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তাদের পেশাদারিত্ব ক্ষতিগ্রস্ত হতে পারে- সেনাপ্রধানের এই সতর্কবার্তা যতোটা না সামরিক, তারচেয়ে বেশি কৌশলগত।
ইতিহাস পর্যালোচনা
করলে দেখা যায়, ২০২৪ সালের জুলাই-আগস্টের সামরিক-বেসামরিক যৌথ পটপরিবর্তন বাংলাদেশের
ইতিহাসে নতুন কিছু নয়। ১৯৭৫, ১৯৭৬, ১৯৭৭, ১৯৮২, ২০০৬ এবং সর্বশেষ ২০২৪ সালের ক্ষমতার
পালাবদলগুলো একই সূত্রে গাঁথা। অতীতে সামরিক হস্তক্ষেপের পর দীর্ঘ সময় প্রত্যক্ষ বা
পরোক্ষ সামরিক শাসন চলেছে।
তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত বেসামরিক সরকার গঠিত হওয়ার পরও কেন সেনা প্রত্যাহারের প্রশ্নে সরকার ও সামরিক নেতৃত্বের সুর ভিন্ন, এবং কেন মাঠের আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনও অস্থিতিশীলতার বৃত্তেই বন্দি, তা এক বড় চিন্তার বিষয়।
বাংলাদেশ সেনাবাহিনীর
এই রাজনৈতিকীকরণের শিকড় লুকিয়ে আছে এর জন্মলগ্নে। ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক কাঠামো
ও ঔপনিবেশিক মনস্তত্ত্বে গড়ে ওঠা অফিসারদের একাংশের সঙ্গে স্বাধীনতা যুদ্ধ থেকে উঠে
আসা মুক্তিযোদ্ধাদের মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি হয়েছিল শুরুতেই।
দেশ স্বাধীন
হওয়ার পর মুক্তিযোদ্ধাদের একাংশকে সেনাবাহিনীতে কো-অপ্ট করা এবং অবশিষ্ট অংশ নিয়ে
‘মুজিব বাহিনী’ ও পরবর্তীতে ‘রক্ষীবাহিনী’
গঠন করার সিদ্ধান্ত পেশাদার সামরিক এলিটদের ভেতর অস্তিত্বের সংকট তৈরি করে।
সেই সুযোগে কিছু উগ্র রাজনৈতিক শক্তির প্রচারণা এবং কোল্ড ওয়ারের বৈশ্বিক ভূ-রাজনীতির প্রভাবে সেনাদের মধ্যে এই ধারণা ছড়ানো হয় যে, তৎকালীন সরকার সেনাবাহিনীকে ভেঙে দিয়ে রক্ষীবাহিনীকে মূল শক্তিতে রূপান্তর করতে পারে। এই মনস্তাত্ত্বিক দূরত্ব ও রাজনৈতিক অসন্তোষকে পুঁজি করে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে সেনাবাহিনীর একাংশ।
এরপর জেনারেল জিয়াউর রহমানের হাত ধরে সরাসরি সামরিক আইনের খোলস ছেড়ে রাজনৈতিক দল গঠনের মাধ্যমে ক্ষমতার পাকাপোক্তকরণ ঘটে। জিয়াউর রহমানের আমলে সেনাবহিনীতে এক বিশেষ ভাবাদর্শের অফিসারদের পুনর্বাসন এবং প্রগতিশীল অংশের ওপর তীব্র দমনপীড়নের কারণে সৃষ্ট অভ্যন্তরীণ অসন্তোষ এতটাই তীব্র ছিল যে, প্রায় প্রতিদিনই ক্যু-পাল্টা ক্যু-এর মতো ঘটনা ঘটছিল। এরই অংশ হিসেবে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকান্ড সংঘটিত হয়েছিল।
এরপর ১৯৮২ সালে নির্বাচিত সরকারকে সরিয়ে জেনারেল এইচ এম এরশাদ প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে ক্ষমতা দখল করেন এবং ১৯৯১ পর্যন্ত দেশ শাসন করেন। এরশাদের আমলেই সংবিধানের ধর্মনিরপেক্ষ চরিত্র পরিবর্তন করে রাষ্ট্রধর্ম প্রবর্তন করা হয়, যা ছিল সামরিক শাসনকে বৈধতা দেওয়ার রাজনৈতিক হাতিয়ার।
১৯৯১ সালে এরশাদের পতনের পর আওয়ামী লীগ ও বিএনপি পালাক্রমে দেশ শাসন করলেও ক্ষমতার বাইরে থাকার সময় দলগুলো সেনাবাহিনীকে ব্যারাকে রাখার কথা বললেও ক্ষমতায় গিয়েই প্রতিপক্ষ দমনে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর নামে সেই সেনাবাহিনীকেই ব্যবহার করতে থাকে। ফলে সেনাবাহিনী কখনো রাজনৈতিক ময়দানের বাইরে যেতে পারেনি।
২০০৯ সালে আওয়ামী
লীগ সরকার গঠনের পরপরই বিডিআর বিদ্রোহের মতো নৃশংস ঘটনা ঘটানো হয়, যার লক্ষ্য ছিল নবগঠিত
সরকারকে সংকটে ফেলা এবং সেনাবাহিনীকে বিডিআর-এর মুখোমুখি দাঁড় করানো। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণতা তাৎক্ষণিক আলোচনার পথ বেছে নিয়ে এবং সরাসরি সেনাবাহিনীকে মাঠে
না নামিয়ে বেসামরিক উপায়ে বিদ্রোহ দমন করে এই ফাঁদ এড়াতে সক্ষম হন।
পরবর্তীতে তিনি সংবিধানে অনুচ্ছেদ ৭(ক) যুক্ত করে সামরিক অভ্যুত্থানের শাস্তি কঠোর করেন এবং সেনাবাহিনীকে জাতিসংঘ মিশন ও উন্নয়ন কর্মকাণ্ডে ব্যস্ত রাখেন। তবে এই দীর্ঘ সময়ে সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে এক ধরনের রাজনৈতিক আনুগত্যের সংস্কৃতি চালু হয়, যা সেনা অভ্যন্তরে এক নীরব অসন্তোষের জন্ম দেয়।
২০২৪ সালের
জুলাই-আগস্টে দেশী-বিদেশী পরিকল্পনার অংশ হিসেবে
ছাত্র-জনতার আন্দোলন যখন তুঙ্গে, তখন ৩ আগস্ট সেনাপ্রধানের ‘অনলাইন দরবার’-এ
জুনিয়র ও মিড-লেভেলের অফিসাররা স্পষ্ট জানিয়ে দেন যে, তারা জনগণের মুখোমুখি দাঁড়াতে
চান না।
এর নেপথ্যে সবচেয়ে বড় চালিকাশক্তি ছিল জাতিসংঘ শান্তিমিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অংশগ্রহণ টিকিয়ে রাখার আন্তর্জাতিক চাপ ও প্রাতিষ্ঠানিক স্বার্থ রক্ষা করা। যার ফলশ্রুতিতে সামরিক নেতৃত্ব তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতা ছাড়ার পরামর্শ দেয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের পথ সুগম করে।
তবে ড. ইউনূসের অন্তর্বর্তীকালীন আমল পেরিয়ে এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর তারেক রহমান সরকার ক্ষমতায় এলেও রাষ্ট্রের মৌলিক গতিপথের স্থায়ী পরিবর্তন ঘটেনি। সেনাবাহিনী ব্যারাকে তো ফেরেইনি, বরং তারা এখন বেসামরিক প্রশাসনের সমান্তরালে এক ধরনের ছায়া শাসন বা 'পাকিস্তানি মডেল' বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। যেখানে সামনে থাকবে নির্বাচিত বেসামরিক সরকার, কিন্তু পেছনের মূল ক্ষমতার চাবিকাঠি থাকবে সামরিক এলিটদের হাতে।
অন্তরবর্তী সরকারের সময়েই বাংলাদেশের সেনাবাহিনী দীর্ঘ ৫৫বছর পর পাকিস্তানি সেনাবাহিনীর সাথে আন্তঃযোগাযোগ ঘনিষ্ঠ করতে শুরু করে। এরইমধ্যে পাকিস্তানি জেনারেলদের ঘনঘন বাংলাদেশ সফর বাংলাদেশের সেনাবাহিনীকে পাকিস্তানি মডেল অনুসরণে আগ্রহী করে তুলছে।
সম্প্রতি জাতিসংঘে
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের ‘সেফ সিটি’
উদ্যোগকে বাংলাদেশের জন্য একটি অনুকরণীয় মডেল হিসেবে উল্লেখ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ।
পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশে নগর নিরাপত্তা জোরদারে পাকিস্তান প্রযুক্তিগত ও কৌশলগত সহায়তা দিতে আগ্রহী। এমনকি বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়েও সহযোগিতার প্রস্তাব এসেছে। বিষয়টি কেবল কূটনৈতিক সৌজন্য নয়; বাংলাদেশের ভবিষ্যৎ নিরাপত্তা নীতি সম্পর্কেও গুরুত্বপূর্ণ বার্তা দেয়।
গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পাকিস্তান কি সত্যিই এমন কোনো সফল মডেল তৈরি করতে পেরেছে, যা বাংলাদেশ অনুসরণ করতে পারে?
কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত কয়েক বছর ধরে পাকিস্তানের বিভিন্ন শহরে আত্মঘাতী হামলা, বোমা বিস্ফোরণ, ধর্মীয় উগ্রবাদী সহিংসতা, অপহরণ ও সশস্ত্র সংঘর্ষের ঘটনা নিয়মিত ঘটছে। বিশেষ করে বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া অঞ্চলে নিরাপত্তা সংকট এখনো চরম। করাচির মতো বড় শহরেও সংগঠিত অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। অর্থাৎ, অত্যাধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি।
যে দেশ এখনো নিজের দেশের নিরাপত্তা সমস্যারই সমাধান করতে পারেনি, তাদের মডেল অন্ধভাবে গ্রহণ করা বাংলাদেশের জন্য কৌশলগত ঝুঁকি তৈরি করতে পারে। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা এক বিষয়, কিন্তু নীতিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা ও ফলাফলই হওয়া উচিত প্রধান বিবেচনা।
তবে বাংলাদেশ
ও পাকিস্তানের সামরিক বোঝাপড়া এখন বহুদূর এগিয়েছে। ফেরার পথও সংকুচিত হয়ে আসছে। এছাড়া
বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষােপট যে অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেকটা ভিন্ন, তা বলার
অপেক্ষা রাখেনা। এদিকে
পাকিস্তানি সেনাবাহিনীর মতোই বাংলাদেশের সেনাবাহিনীও এখন ব্যাংক, ইন্স্যুরেন্স, রিয়েল এস্টেটসহ ৫০টিরও বেশি লাভজনক বিজনেস সেক্টর নিয়ন্ত্রণ করছে, যা তাদের রাজনৈতিক অভিলাষকে আরও উসকে দিতে পারে।
কিন্তু সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, দীর্ঘ কয়েক দশক ধরে সেনা অভ্যন্তরে যে বিশেষ আদর্শিক পুশ-ইন চলেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কিছু উগ্রপন্থী আচরণ এবং ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তার বহিঃপ্রকাশ ঘটেছে।
বিশ্বের ইতিহাসে মিশর বা তুরস্কের সেনাবাহিনী যেখানে মৌলবাদী ও উগ্রপন্থী শক্তির বিরোধিতা করে দেশকে আধুনিক ও গণতান্ত্রিক রাখার লড়াই করেছে, বাংলাদেশে ঘটছে তার বিপরীত চিত্র। সেনা অভ্যন্তরের এই নীরব আদর্শিক রূপান্তর এবং নির্বাচিত সরকারকে পেছনে ফেলে এক ধরনের অরাজনৈতিক বা উগ্রপন্থী শক্তির ছায়া নিয়ন্ত্রণ যদি অব্যাহত থাকে, তবে বাংলাদেশ দীর্ঘমেয়াদে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন এবং একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়বে।
সরকার গঠনের চার মাস পেরিয়ে গেলেও সেনাবাহিনীর ব্যারাকে না ফেরা তাদের নিজস্ব চেইন অব কমান্ড, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বেসামরিক সরকার যদি মনে করে রাজনৈতিক প্রতিপক্ষকে ঠেকাতে তারা সেনাবাহিনীকে ঢাল হিসেবে ব্যবহার করবে, তবে তা হতে পারে এক ঐতিহাসিক ভুল। সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি ঘোষণার পর স্রেফ ওই আশঙ্কায় সেনাবাহিনীকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তা বেসামরিক প্রশাসনের দৈন্যতাকে আবার স্পষ্ট করেছে।
সম্প্রতিবআন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, শেখ হাসিনাকে মোকাবিলার কৌশল হিসেবেই হয়তো ডিসেম্বর পর্যন্ত সেনাবাহিনীকে মাঠ পর্যায়ে মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু এই পথ অত্যন্ত পিচ্ছিল। রাজনৈতিক প্রতিপক্ষ মোকাবিলার মতো পুরোপুরি রাজনৈতিক একটি বিষয়কে যখন সামরিক শক্তির ওপর নির্ভর করে সমাধান করার চেষ্টা করা হয়, তখন তা বেসামরিক সরকারের জন্য শেষ পর্যন্ত 'বুমেরাং' হয়ে দাঁড়াতে পারে।
তাই স্থিতিশীল
গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে অবশ্যই বেসামরিক প্রশাসনকে শক্তিশালী করা এবং রাজনৈতিক সংকটের
রাজনৈতিক সমাধান খোঁজার মাধ্যমেই কেবল সেনাবাহিনীকে স্থায়ীভাবে ব্যারাকে ফিরিয়ে নেওয়া
প্রয়োজন। অন্যথায় ছায়া ক্ষমতার এই সমীকরণ বাংলাদেশের
গণতন্ত্রের ভবিষ্যৎকেই এক অনন্ত অন্ধকারের দিকে ঠেলে দেবে।
রাসেল আহমদ
লেখক: সাংবাদিক
ও রাজনৈতিক বিশ্লেষক