× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই আন্দোলন

অভূতপূর্ব এক গণবিস্ফোরণ

বাছির জামাল

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬ ১২:৪৭ পিএম

বাছির জামাল। ছবি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ওয়েব পোর্টাল

বাছির জামাল। ছবি: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ওয়েব পোর্টাল

‘অ্যা গ্রেট রেভল্যুশন ইজ নেভার দ্য ফল্ট অব দ্য পিপল, বাট অব দ্য গভর্নমেন্ট।’ অর্থাৎÑ মহান বিপ্লব কখনও জনগণের নয়, সরকারের দোষে সংঘটিত হয়। জার্মান দার্শনিক জোহান উলফগ্যাং ফন গ্যোথে (১৭৪৯-১৮৩২)-এর এই বিখ্যাত উক্তিটি মনে পড়ল দুই বছর আগে আমাদের দেশে ঘটে যাওয়া চব্বিশের গণঅভ্যুত্থানকে দেখে।

তখন আমি মাঠের রিপোর্টার। অভ্যুত্থান সংঘটিত হওয়ার প্রায় এক বছর আগে প্রকাশিত নতুন পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ-এর ডেপুটি চিফ রিপোর্টারের দায়িত্ব পালন করলেও শিক্ষার্থীদের কোটাবিরোধী আন্দোলন থেকে একসময় সর্বব্যাপী গণঅভ্যুত্থানে রূপান্তরের প্রতিটি বাঁকের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তা চাক্ষুষ করার সৌভাগ্য হয়। 

ছাত্রছাত্রীদের কোটা সংস্কারের দাবি নিয়ে ‍শুরু হয়ে মাত্র ৩৬ দিনের আন্দোলনটিতে রাজনৈতিক দল ও সাধারণ জনগণের অংশগ্রহণে গণবিস্ফোরণ ঘটল। পনেরো বছরের অতিক্ষমতাশালী সরকারের পতন ঘটল ওই সরকারের প্রধান প্রধান মাত্যবর্গের পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। 

স্মরণ করতে পারি, ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৪ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলনটি কোটা সংস্কারের দাবিদাওয়াতেই সীমাবদ্ধ ছিল। তখন শিক্ষার্থীরা মানববন্ধন, সড়ক অবরোধ, বাংলা ব্লকেডসহ নানা নাম দিয়ে নিয়মতান্ত্রিক কর্মসূচিই দিয়ে যাচ্ছিল। ১৪ জুলাই সংবাদ সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্দোলনরত শিক্ষার্থীদের ‘রাজাকারের নাতিপুতি’র মতো আপত্তিকর বক্তব্যকে কেন্দ্র করে সারা দেশে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। ওইদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ শুরু হওয়ার পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের দফায় দফায় লাঠিপেটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার পরিপ্রেক্ষিতে সারা দেশে আন্দোলন সহিংস রূপ নেয়। ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ পুলিশের গুলিতে শহীদ হন। চট্টগ্রাম ও ঢাকায় সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এরপর ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি দেওয়া হলে তা প্রতিহতে সারা দেশে পুলিশ ও বিজিবি ব্যাপক বলপ্রয়োগ করে। ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। সরকার কারফিউ জারি করে এবং দেখামাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। ঢাকায় সেনা মোতায়েন করা হয়।

এমন পরিস্থিতিতে সাংবাদিকদের রিপোর্ট সংগ্রহ কঠিন হয়ে পড়ে। কারফিউ থাকায় এবং রাস্তায় রাস্তায় সেনা ও বিজিবি সদস্যদের টহল থাকায় আন্দোলনের তথ্য আহরণ করায় বিঘ্ন ঘটে। আর তথ্য পাওয়া গেলেও ইন্টারনেট সেবা বন্ধ থাকার কারণে পত্রিকা অফিসে সশরীরে হাজির হওয়া ছাড়া রিপোর্ট পাঠানোর আর কোনো বিকল্প পথও ছিল না। এজন্য রিপোর্টাররা নানা কসরত করে আন্দোলনের তথ্য সংগ্রহ করে অফিসে উপস্থিত হতো শুধু রিপোর্ট লেখার তাগিদে।

কথায় আছেÑ প্রয়োজন আইন মানে না। আমরা যারা সেই দিনগুলোতে প্রতিদিনের বাংলাদেশে কাজ করেছি, তারাই বুঝতে পারবেন কত কসরত করে সংবাদ সংগ্রহ করেছি। শুধু প্রতিদিনের বাংলাদেশের কথাই বলছি কেন, ঢাকার সব পত্রিকার রিপোর্টারদেরই এমন কসরত করতে হয়েছে। প্রতিদিনের বাংলাদেশের অফিস কুড়িল বিশ্বরোডের প্রগতি সরণিতে অবস্থিত। সেই রাস্তাটি অর্থাৎ রামপুরা থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত রাস্তাটি ছিল আন্দোলনের সূতিকাগার। এই রাস্তাতেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক আন্দোলন গড়ে তোলে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ক্ষণে ক্ষণে সংঘর্ষে লিপ্ত হয়। ইটপাটকেল, ককটেল, বোমা, টিয়ারশেলসহ আগ্নেয়াস্ত্রের ব্যবহারও হয়েছে এই সংঘর্ষে। এতে আমরা যারা প্রতিদিন অফিসে যেতাম তাদের জন্য ওই রাস্তা দিয়ে চলাচল করা ছিল ঝুঁকিপূর্ণ। কিন্তু কিছু করার নেই। সাংবাদিকতার কাজটাই এমন। ওই ঝুঁকি নিয়েই আমাদের অফিসে যেতে হয়েছে। সেগুনবাগিচার রিপোর্টার্স ইউনিটি কিংবা প্রেস ক্লাব থেকে অথবা কখনও বাসা থেকে প্রধান রাস্তা বাদ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কখনও রিকশায়, কখনও পায়ে হেঁটে অফিসে গিয়েছি। 

কোটাবিরোধী আন্দোলন যখন সংঘটিত হচ্ছিল, তখন কেউ ভাবতেও পারেনিÑ এই আন্দোলনের তোড়েই ভেসে যাবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার। প্রতিদিনের বাংলাদেশের তৎকালীন সম্পাদক মুস্তাফিজ শফি ভাই ওই সময় বিদেশে। নিউজরুমে উপসম্পাদক (বর্তমানে নির্বাহী সম্পাদক) মশিউর রহমান টিপু এবং ব্যবস্থাপনা সম্পাদক মোরছালীন বাবলার সার্বিক তত্ত্বাবধানে একদল অক্লান্ত পরিশ্রমী রিপোর্টার, বার্তা বিভাগ ও কম্পিউটার বিভাগের সহকর্মীদের আপ্রাণ কর্মপ্রচেষ্টায় পত্রিকার প্রকাশনা অব্যাহত ছিল। ইন্টারনেট বন্ধ থাকার কারণে সারা দেশ থেকে সংবাদ পাঠানোয় বিঘ্ন সৃষ্টি হওয়ায় পত্রিকা বের করাই কঠিন হয়ে পড়ে। বাধ্য হয়ে পৃষ্ঠাসংখ্যা কমাতে হয়। টিপু ভাইয়ের একটি কথা এখনও আমার কানে বাজে। তিনি বলেছিলেন, যত কষ্টই হোকÑ পত্রিকার প্রকাশনা অব্যাহত রাখতে হবে। আন্দোলনে মৃতের সংখ্যা নিয়েও তিনি ছিলেন বেশ সতর্ক। আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত হওয়ার পরই ঢাকাসহ সারা দেশ থেকে আসা মৃতের সংখ্যা প্রকাশ করতেন তিনি। 

প্রতিদিনের বাংলাদেশের আইটি বিভাগের কথা এখানে উল্লেখ না করলেই নয়। তারা ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যাওয়ার কয়েক দিনের মধ্যেই ইন্টারনেটের বিকল্প আবিষ্কার করে সারা দেশের নিউজ আনার ব্যবস্থা করল। তখন থেকে আবার পত্রিকা পূর্ণ কলেবরে বের হতে শুরু করে।

গণঅভ্যুত্থানের শেষ দিন অর্থাৎ ৫ আগস্টের কথা এখনও মনে পড়ে। সকালে মগবাজারের বাসা থেকে বের হয়ে সিএনজিচালিত অটোরিকশাযোগে সেগুনবাগিচায় রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) কার্যালয়ে যাচ্ছিলাম। পুরনো রমনা থানার সামনের রাস্তা ধরে ডিবি অফিসের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বেশ তৎপর। সেই রাস্তা দিয়ে হেঁটে যারাই যাচ্ছেন, তাদের সবাইকে আটক করে ডিবি অফিসে নিয়ে নেওয়া হচ্ছে। এটা দেখে মনে হলো, এদিন আইনশৃঙ্খলা বাহিনী আগের চেয়ে কঠোর। মনটা দমে গেল। ডিআরইউ অফিসের বাগানে গিয়ে বসে খবর নিচ্ছিলাম, কোথায় কী হচ্ছে। হঠাৎ এক রিপোর্টার জানাল, উত্তরা থেকে একটি মিছিল শহীদ মিনার অভিমুখে রওনা দিয়েছে। মিছিল যত আগাচ্ছে, আশপাশের গলি থেকে লোকজন ততই তাতে যোগ দিচ্ছে। রাস্তায় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী দেখা যাচ্ছে না। সেনাটহল রয়েছে। কিন্তু তারা মিছিলে বাধা দিচ্ছে না। একই খবর পেলাম যাত্রাবাড়ীর দিক থেকেও। সেখান থেকেও বিরাট মিছিল শহীদ মিনার অভিমুখে আসছে, কিন্তু রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যকে দেখা যাচ্ছে না। পরে টিভিতে স্ক্রল দেখলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দুপুর ২টায় ভাষণ দেবেন। খোঁজ নিয়ে জানলাম, সেনাপ্রধান তার কার্যালয়ে রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করছেন। আর ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের প্রতীক শেখ হাসিনা হেলিকপ্টারে পালাচ্ছেন। এরপরই শুনি ঢাকার রাস্তায় রাস্তায় আপামর মানুষের বিজয়োল্লাস।


 লেখক: বাছির জামাল (ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট)


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা