× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সম্ভাব্য মুসলিম বিজয়ী

ড. ফখরুদ্দিন আহমেদ

প্রকাশ : ১ ঘণ্টা আগে

আপডেট : ৫৭ মিনিট আগে

ড. হামাউই। ছবি: সংগৃহীত

ড. হামাউই। ছবি: সংগৃহীত

আগামী ৩ নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে ড. হামাউইকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিজয়ী হলে তিনি বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হবেন। ড. হামাউইকে প্রবন্ধটি লিখেছেন বাংলাদেশের প্রথম রোডস স্কলার এবং যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের প্রিন্সটন প্রবাসী ড. ফখরুদ্দিন আহমেদ। প্রতিদিনের বাংলাদেশের পাঠকদের জন্য অনুবাদ করেছেন  ড. হেলাল উদ্দিন আহমেদ।

মার্কিন সেনাবাহিনীর প্রাক্তন লেফটেন্যান্ট কর্নেল এবং প্রিন্সটন-কেন্দ্রিক চিকিৎসক ও সার্জন ড. অ্যাডাম হিশাম হামাউই গত ২ জুনে অনুষ্ঠিত নিউ জার্সি অঙ্গরাজ্যের দ্বাদশ কংগ্রেশনাল জেলার ডেমোক্রেটিক প্রাথমিক নির্বাচনে বিজয়ী হয়েছেন। সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান-আমেরিকান অধ্যুষিত ট্রেন্টন নগরী আর অত্যন্ত উদার, প্রগতিবাদী ও ধনাঢ্য প্রিন্সটন শহরটি ডেমোক্র্যাটদের এই শক্ত নির্বাচনী ঘাঁটির অন্তর্ভুক্ত। তাই আগামী ৩ নভেম্বরে অনুষ্ঠিতব্য মার্কিন প্রতিনিধি পরিষদের নির্বাচনে ড. হামাউইকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিজয়ী হলে তিনি বনি ওয়াটসন কোলম্যানের স্থলাভিষিক্ত হবেন; তা ছাড়া, তিনি হবেন মার্কিন কংগ্রেসের সপ্তম মুসলিম সদস্য আর নিউ জার্সি থেকে প্রথম। 

জনসংখ্যার অনুপাতের দিক দিয়ে নিউ জার্সি অঙ্গরাজ্যে মুসলিম জনসংখ্যার ঘনত্ব (৪%) সর্বোচ্চ। এতে অন্তর্ভুক্ত দ্বাদশ কংগ্রেশনাল জেলায় এই ঘনত্বের হার আরও বেশি। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির মতোই ড. হামাউইও তার ধর্মবিশ্বাসের ব্যাপারে গর্ব অনুভব করেন। গত রমজান মাসে তারাবি নামাজের সময় তিনি স্থানীয় ইসলামিক সেন্টারে দুইবার বক্তব্য প্রদান করেছিলেন, আর শুক্রবারে পড়েছিলেন খুতবা। তেরোজনের একটি জনাকীর্ণ প্রতিযোগিতায় তার পক্ষে পড়া ভোটের ২৯ শতাংশই জুগিয়েছিল স্থানীয় মুসলমানরা। তার চেয়ে অর্ধেক ভোট পেয়ে দ্বিতীয় হয়েছিলেন ব্র্যাড কোহেন নামক এক ইসরায়েল-সমর্থক, যিনি নিজেকে ‘গর্বিত ইহুদি’ বলে দাবি করে থাকেন। 

হামাউইর অভিবাসী পিতা-মাতা মিসর থেকে ১৯৭০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে আগমন করেন, যখন তার বয়স ছিল মাত্র সাত মাস। তিনি রাট্জার্স বিশ্ববিদ্যালয় ও মেডিকেল স্কুলে পড়াশোনা করেছিলেন এবং ১ সার্জন হিসেবে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে আট বছর চাকরি করেছেন। ইরাক যুদ্ধের সময় ২০০৪-০৫ সালে তাকে ৯ মাসের জন্য বাগদাদে পদায়ন করা হয়েছিল। 

তিনি সেখানে শত শত আহত যোদ্ধা ও বেসামরিক নাগরিকদেরকে চিকিৎসা দিয়েছিলেন ও অস্ত্রোপচার করেছিলেন। তাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল ব্ল্যাক হক হেলিকপ্টারের পাইলট লেফটেন্যান্ট কর্নেল ট্যামি ডাকওয়ার্থ, যার হেলিকপ্টারটি ২০০৪ সালে ভূপাতিত হয়েছিল। ট্যামি এখন ইলিনয় থেকে নির্বাচিত মার্কিন সিনেটর। নিজের জীবন রক্ষার জন্য তিনি ড. হামাউইকে কৃতিত্ব দেন। বলেন, ‘আহত হওয়ার পর বিশ মিনিটের মধ্যে আমি নিজেকে তার সামনে আবিষ্কার করি; আর তিনিই সেই ডাক্তার যে কেবল আমার জীবনই রক্ষা করেননি, তার মেডিকেল স্কুলে শেখা একটি ভাস্কুলার পদ্ধতি প্রয়োগ করে আমাকে তিনটি অঙ্গহানি থেকেও বাঁচিয়েছিলেন। তার আত্মত্যাগের কারণে আমি কেবল বেঁচেই নেই, যুক্তরাষ্ট্রের সিনেটে ইলিনয় রাজ্যের অধিবাসীদের প্রতিনিধি নির্বাচিত হয়ে নিজের দেশ ও জনগণের সেবাও করতে পারছি’।

২০০১ সালের ১১ সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর হামাউই আহত মানুষ ও প্রাথমিক সেবাদানকারীদেরও চিকিৎসাসেবা দিয়েছিলেন, যখন তিনি নিউইয়র্ক প্রেসবাইটেরিয়ান হাসপাতালে মেডিকেল রেসিডেন্সি করছিলেন। ২০২৪ সালের মে মাসে তিনি প্যালেস্টাইন-আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজিত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী মিশনে যোগ দিয়েছিলেন। তাদের আদি পরিকল্পনা ছিল গাজার খান ইউনিস-এ অবস্থিত ইউরোপিয়ান হাসপাতালে ২০ সদস্যের চিকিৎসক দলের সদস্য হিসেবে দুই সপ্তাহের জন্য কাজ করা। সেখানে থাকাকালে ড. হামাউই ১২০টি অস্ত্রোপচার করেন, যার অর্ধেকেরও বেশি ছিল শিশুদের ওপর। দুর্ভাগ্যজনকভাবে এই স্বেচ্ছাসেবী মিশনের দুজন সদস্য ইসরায়েলি মিসাইলের আঘাতে নিহত হয়েছিলেন। হামাউই ইসরায়েলকে গণহত্যার দায়ে অভিযুক্ত করেছেন।

চিকিৎসকরা গাজায় আসার ঠিক আগে ইসরায়েলি সেনারা রাফাহ সীমান্ত পারাপার-কেন্দ্র দখল করে তা বন্ধ করে দেয়। এর ফলে মিশন সমাপ্তির পর চিকিৎসক দলটি গাজায় আটকা পড়ে যায়। সতেরোজন চিকিৎসকের দলটি অতিরিক্ত ৭ দিন থাকতে বাধ্য হওয়ার পর সেখান থেকে ফিরে আসার ব্যাপারে সিনেটর ট্যামি ডাকওয়ার্থ ব্যক্তিগতভাবে সাহায্য করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেনকে লেখা হামাউইর পত্র তার নিকট পৌঁছে দেওয়ার মাধ্যমে। জর্ডান, মিসর ও অস্ট্রেলিয়া থেকে আসা তার তিন সহকর্মী ব্যতীত হামাউই চলে আসতে অস্বীকৃতি জানিয়েছিলেন এই বলে যে, ‘যখন আপনি দল হিসেবে কোথাও যাবেন, তখন বিদায় নেওয়ার সময়ও আপনাকে দল হিসেবে বিদায় নিতে হবে। এটাই সঠিক পন্থা এবং সেনাবাহিনীতে আমাদেরকে এটাই শেখানো হয়েছিল’। 

২০২৪ সালের জুন মাসে অনুষ্ঠিত একটি কংগ্রেশনাল সাক্ষ্যে হামাউই গাজায় চিকিৎসাসেবা প্রদানে তার দুঃসহ অভিজ্ঞতার কথা বর্ণনা করেছিলেন। তার মনে হয়েছিল অধিকাংশ কংগ্রেস সদস্যই ফিলিস্তিনিদের দুর্দশার ব্যাপারে উদাসীন। হামাউই যেহেতু এ ব্যাপারে সত্যিই উদ্বিগ্ন ছিলেন, তাই তিনি স্বরহীনদের কণ্ঠস্বর হওয়ার জন্য কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেন। হামাউই নির্বাচনে নেমেছেন সবার জন্য স্বাস্থ্যসেবা, আইস বা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট দপ্তরের বিলুপ্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র বিক্রি বন্ধ করার কর্মসূচি নিয়ে। তিনি বলেন, আমাদেরকে স্বাস্থ্যসেবায় অর্থ ব্যয় করতে হবে, বোমা তৈরির জন্য নয়। তাকে ইতোমধ্যেই সিনেটর বার্নি স্যান্ডার্স এবং প্রতিনিধি পরিষদের সদস্য আলেকজাান্দ্রিয়া ওকাসিও-কোর্তেয, রো খান্না, ইলহান ওমর এবং রাশিদা তালেবের মতো প্রগতিবাদী আইনবিদরা সমর্থন জানিয়েছেন। মেরিটোরিয়াস সার্ভিস পদক এবং আর্মি কমেন্ডেশন পদকে ভূষিত বীর যোদ্ধা হিসেবে ড. হামাউই সবারই সম্মান পাওয়ার যোগ্য।

তারা হামাউইকে ১৯৯১ সালে মিসরীয় ‘অন্ধ শেখ’ আবদেল রহমানের সঙ্গে সাক্ষাৎ করার ব্যাপারে অভিযুক্ত করেন, যাকে ১৯৯৬ সালে সন্ত্রাস উৎসাহিত করার অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল। এই মামলায় হামাউইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ না আনা হলেও তাকে বিবাদীর অনুকূলে সাক্ষ্য দিতে হয়েছিল। হামাউই বলেন, তিনি সকল প্রকার চরমপন্থা ও সহিংসতার বিরোধী। ত্রিশ বছর আগে আবদেল রহমান স্থানীয় মানুষদের মধ্যে একজন সুপরিচিত ব্যক্তি ছিলেন। তিনি নিউ জার্সির সর্বত্র বক্তৃতা করে বেড়াতেন, আর একজন অন্ধ মানুষ হিসেবে তার স্বাস্থ্যসেবারও প্রয়োজন হতো। তিনি বলেন, আমি যেহেতু একজন মুসলিম, তাই আমাকে আক্রমণ করার জন্য তারা সব সময়েই কিছু না কিছু একটা খুঁজে পাবে।

তবে ইসরায়েল-সমর্থক লবি এবার হয়তো সফল হবে না। যদিও ‘আমেরিকান প্রায়োরিটিজ পিএসি’ নামক একটি নতুন ফিলিস্তিন-সমর্থক সুপার পিএসি (গণকমিটি) তাকে সমর্থন জোগাচ্ছে, যেটি শক্তিশালী ইসরায়েলপন্থী লবি আইপ্যাক বা ‘আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’র প্রভাব মোকাবিলার জন্য প্রতিষ্ঠা করা হয়েছে। আইপ্যাক ইসরায়েলের সমর্থক প্রার্থীদেরকে সহায়তা এবং ইসরায়েলবিরোধী প্রার্থীদের বিরোধিতা করে থাকে। এ বছর ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ‘আমেরিকান প্রায়োরিটিজ পিএসি’ হামাউইয়ের প্রার্থিতা সমর্থন করে এ পর্যন্ত ডিজিটাল ও টিভি বিজ্ঞাপনের জন্য ১.৫ মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি ব্যয় করেছে।

তাই আগামী নভেম্বরে ৪৩৫ সদস্যবিশিষ্ট মার্কিন প্রতিনিধি পরিষদে বর্তমানে আসীন চার মুসলিম সদস্যের সঙ্গে ড. অ্যাডাম হিশাম হামাউইয়েরও যোগদানের চমৎকার সম্ভাবনা রয়েছে। এই চারজন হলেন : ইন্ডিয়ানা রাজ্যের আন্দ্রে কারসন, মিনেসোটার ইলহান ওমর, মিশিগানের রাশেদা তালেব এবং ক্যালিফোর্নিয়ার লতিফাহ্ সিমন। এ ছাড়া মিশিগানের প্রগতিবাদী ডেমোক্রেটিক সিনেট-প্রার্থী ও রোডস স্কলার ড. আবদুল রহমান মোহামেদ এল-সাইয়েদ-এরও ৪ আগস্টে অনুষ্ঠিতব্য প্রাইমারি নির্বাচনে জয়ী হয়ে ৩ নভেম্বরের সিনেট নির্বাচনে বিজয়ী হওয়ার উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। সে ক্ষেত্রে তিনি হবেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা