× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একটি সময়োচিত সিদ্ধান্ত

সম্পাদকীয়

প্রকাশ : ১৭ জুন ২০২৬ ১৩:৫৮ পিএম

বাস টার্মিনাল। ফাইল ছবি

বাস টার্মিনাল। ফাইল ছবি

রাজধানী ঢাকার যানজট একটি স্থায়ী ও ভয়াবহ সমস্যা। এটি কেবল নাগরিকদের মূল্যবান কর্মঘণ্টা ও শ্রমশক্তিই নষ্ট করছে না, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও মারাত্মক প্রভাব ফেলছে।

ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এই স্থবিরতা দূর করা এখন জরুরি হয়ে পড়েছে। এমন এক বাস্তবতায় রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে গাবতলী, সায়েদাবাদ, গুলিস্তান ও মহাখালী বাস টার্মিনাল অতি দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এক বৈঠকে রাজধানীর এই চারটি টার্মিনালসহ দেশের বিভিন্ন অঞ্চলের যানজট পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা এবং নগর পরিবহন ব্যবস্থার সংস্কার নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গতকাল প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশপথ ও বাণিজ্যিক এলাকায় অবস্থিত গাবতলী, সায়েদাবাদ, গুলিস্তান এবং মহাখালী বাস টার্মিনাল দীর্ঘদিন ধরেই ঢাকার অভ্যন্তরীণ যানজটের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত হয়ে আসছে। কারণ, এই চারটি টার্মিনাল ঢাকামুখী দূরপাল্লার যানবাহনগুলোর সর্বশেষ গন্তব্য। যে কারণে নগরীর ভেতর থেকে এসব টার্মিনালের বাস ডিপো পর্যায়ক্রমে সরিয়ে ঢাকার বাইরে বা উপযুক্ত প্রান্তিক স্থানে স্থানান্তরের বিষয়টি জরুরি হয়ে পড়ে।


উল্লেখ্য, সিদ্ধান্ত অনুযায়ী ফুলবাড়িয়া-গুলিস্তান বাস টার্মিনালটি কেরানীগঞ্জে স্থানান্তর হবে। মহাখালী বাস টার্মিনাল অস্থায়ীভাবে যাবে পূর্বাচলে এবং পরে স্থায়ীভাবে টঙ্গীর কাছে স্থানান্তরিত হবে। এ ছাড়া গাবতলী আন্তঃনগর বাস টার্মিনাল হেমায়েতপুর এবং সায়েদাবাদ-যাত্রাবাড়ী বাস টার্মিনাল যাবে কাঁচপুরে। সভায় ঢাকার সড়ক থেকে পুরনো ও চলাচলের অনুপযোগী যানবাহন অপসারণের বিষয়েও আলোচনা হয়। শুধু তাই নয়, রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে এআই ক্যামেরা স্থাপনের কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। বলা প্রয়োজন, রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক।

এ কথা সত্য যে, ঢাকা বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর একটি। এ শহরে গাড়ির সংখ্যার হিসেবে যথেষ্ট রাস্তা নেই। এ কারণে যানজট এ নগরীর দীর্ঘমেয়াদি সমস্যা। প্রতিদিন লাখো মানুষ কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান কিংবা ব্যবসায়িক কাজে যাতায়াত করতে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকে। এই পরিস্থিতি শুধু মানুষের মূল্যবান সময়ই নষ্ট করে না, বরং অর্থনীতি, পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলে। এমন বাস্তবতায় রাজধানীর চারটি বাস টার্মিনাল স্থানান্তরের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ একটি সময়োপযোগী ও দূরদর্শী পদক্ষেপ হিসেবে বিবেচিত।


ঢাকার প্রবেশমুখে অবস্থিত এই টার্মিনালগুলো দীর্ঘদিন ধরে যানজটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত। আন্তঃজেলা ও দূরপাল্লার বাসগুলো শহরের ভেতরে প্রবেশ করে যাত্রী ওঠানামা, পার্কিং এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করায় সড়কের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এ অবস্থায় শহরের বাইরে বা প্রান্তবর্তী এলাকায় আধুনিক ও পরিকল্পিত টার্মিনাল গড়ে তোলার উদ্যোগ রাজধানীর যানবাহন চলাচলকে অনেকাংশে স্বস্তি দিতে পারে। বিশ্বের অনেক বড় শহরেই আন্তঃনগর বাস টার্মিনালগুলো শহরের কেন্দ্র থেকে দূরে স্থাপন করা হয়েছে। এর ফলে শহরের অভ্যন্তরে যানবাহনের চাপ কমে এবং গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর হয়। ঢাকা শহরের ক্ষেত্রেও একই ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে নগর পরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। বিশেষ করে মেট্রোরেল, বিআরটি এবং অন্যান্য গণপরিবহন ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে নতুন টার্মিনাল গড়ে তোলা হলে যাত্রীদের ভোগান্তিও কমবে।


অবশ্য কেবল টার্মিনাল সরানোর সিদ্ধান্তই যে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে তা নিশ্চিত নয়। প্রয়োজন দীর্ঘমেয়াদি সুচিন্তিত পরিকল্পনা ও তার সঠিক বাস্তবায়ন। নতুন টার্মিনালগুলোতে পর্যাপ্ত অবকাঠামো, যাত্রীসেবা, নিরাপত্তা ব্যবস্থা এবং সহজ যোগাযোগ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে টার্মিনালগুলো থেকে রাজধানীতে যাতায়াতের সুবন্দোবস্ত করতে হবে। পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও যাত্রীদের মতামতকে গুরুত্ব দিয়ে ধাপে ধাপে এই পরিবর্তন কার্যকর করা প্রয়োজন। অন্যথায় নতুন সমস্যার সৃষ্টি হতে পারে। এ ছাড়া রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ পার্কিং, ফুটপাত দখল, ট্রাফিক আইন অমান্য এবং অনিয়ন্ত্রিত গণপরিবহন পরিচালনার মতো সমস্যাগুলোর প্রতিও সমান গুরুত্ব দিতে হবে। বাস টার্মিনাল স্থানান্তর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও এটি বৃহত্তর নগর পরিবহন সংস্কারের অংশ হওয়া উচিত।

সব মিলিয়ে রাজধানীর চারটি বাস টার্মিনাল সরানোর নির্দেশ ঢাকাকে আরও বাসযোগ্য ও গতিশীল নগরীতে পরিণত করার পথে একটি বাস্তবসম্মত উদ্যোগ। আমরা মনে করি, সঠিক পরিকল্পনা, আন্তঃসংস্থার সমন্বয় এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে এই সিদ্ধান্ত রাজধানীর দীর্ঘদিনের যানজট ও সড়ক বিশৃঙ্খলা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। নগরবাসী এখন এই উদ্যোগের সফল বাস্তবায়ন দেখতে চায়, যাতে ঢাকা সত্যিকার অর্থেই একটি সুশৃঙ্খল ও আধুনিক মহানগরীতে রূপ নেয়।


সম্পাদকীয়


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা