আব্দুল কাদের জীবন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ১০:৪০ এএম
জাদুর শহর ঢাকা। ইটের ওপর ইট সাজিয়ে এখানে তৈরি হয় মানুষের আকাশছোঁয়া স্বপ্ন, আবার সেই ইটের নিচেই চাপা পড়ে কারও দীর্ঘশ্বাস। এই শহর একদিকে যেমন অঢেল পুঁজির দাপট দেখায়, অন্যদিকে শ্রমিকের ঘাম আর চোখের জলে মেশানো এক অদ্ভুত আখ্যান রচনা করে।
বুড়িগঙ্গার পচাজলের গন্ধে যেমন এখানে জীবন থমকে দাঁড়ায়, তেমনি টিএসসির আড্ডায় কিংবা অভিজাত পাড়ার আলোকোজ্জ্বল নাইট ক্লাবে জমে ওঠে প্রেমের চিরচেনা রসায়ন। কিন্তু এই বৈচিত্র্যের আড়ালে ঢাকা এখন এক ভয়ংকর নিষ্ঠুরতার চারণভূমি। এখানে কারও অট্টালিকায় প্রশান্তির ঘুম নামে, আবার কেউ কনকনে শীতে ফুটপাতে পড়ে থেকে মৃত্যুর প্রহর গোনে। এই বৈষম্যের শহরেই যখন ‘উৎসবের’ নামে অসভ্যতা জেঁকে বসে, তখন প্রশ্ন জাগে আমরা কি আদৌ কোনো সভ্য সমাজে বাস করছি?
২০২৬ সালকে স্বাগত জানাতে গিয়ে যে আতশবাজি আর ফানুসের মহোৎসব
চলল, তা আসলে একদল মানুষের বিকৃত রুচির বহিঃপ্রকাশ ছাড়া আর কিছুই নয়। এই আতশবাজির
বিকট শব্দে শুধু আকাশ কম্পিত হয় না, কেঁপে ওঠে হৃদরোগে আক্রান্ত কোনো বৃদ্ধের বুক,
থরথর করে কাঁপে মায়ের কোলে থাকা মাসুম শিশু। স্রষ্টা কিয়ামতের দিনের যে ভয়াবহ
শব্দের কথা বলেছিলেন, এই শব্দবাজি যেন তারই এক ক্ষুদ্র ও পৈশাচিক প্রতিচ্ছবি। অথচ
একদল তথাকথিত আধুনিক মানুষ এই শব্দদূষণকেই আভিজাত্যের প্রতীক মনে করছে।
এই উৎসবের বলি হচ্ছে আমাদের চারপাশের নির্বাক প্রাণিকুল।
রাতের আকাশে যখন আগুনের গোলা আর বিকট শব্দ হানা দেয়, তখন চেনা আকাশের দিগ্বিদিক
হারিয়ে ফেলে ছোট ছোট পাখিরা। রাস্তার মোড়ে পড়ে থাকা কুকুর-বিড়ালগুলো ভয়ে দিশাহারা
হয়ে ছোটাছুটি করে। তারা কি বুঝে উঠতে পারেÑ কেন তাদের এই নিরাপদ আশ্রয়টুকু কেড়ে
নিচ্ছে এরা?
রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা ছিল, প্রশাসনের কঠোর হুঁশিয়ারি ছিল।
তবুও ২০২৬ সালের শুরুতে রাজধানীর আকাশে আতশবাজির ঝলকানি দেখা গেছে। প্রশ্ন ওঠে,
এরা কি আইনের চেয়েও শক্তিশালী? এই যে ফানুস ওড়ানো কিংবা সীমাহীন আতশবাজিÑ এগুলো কি
আমাদের হাজার বছরের বাঙালি সংস্কৃতির অংশ? কখনোই না। এটি একটি আমদানিকৃত এবং
অপসংস্কৃতির বিকৃত রূপ। আমরা আমাদের নিজস্ব ঐতিহ্য আর মূল্যবোধ হারিয়ে এক
যান্ত্রিক অসভ্যতার দিকে ধাবিত হচ্ছি। এই শহর কি তবে অসভ্যদের দখলেই থেকে যাবে?
যারা সভ্যতার প্রহরী হওয়ার কথা ছিল, তারা কি আজ অসহায়?
রাষ্ট্রকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। যারা নিষেধাজ্ঞা অমান্য
করে আতশবাজি ফোটায় বা ফানুস ওড়ায়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। এই
শহরকে অসভ্যদের কবল থেকে উদ্ধার করা এখন সময়ের দাবি। ২০২৬ সাল হোক আমাদের শুদ্ধি
অভিযানের বছর। আমরা এমন এক ঢাকা চাই, যেখানে উৎসব হবে আলোর, শব্দের নয়; যেখানে
আনন্দ হবে মিলনের, মৃত্যুর নয়। আসুন, এই শহরকে শিশুদের জন্য বাসযোগ্য করে গড়ে
তুলি।
আব্দুল কাদের জীবন
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়