× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খালেদা জিয়ার প্রয়াণ

নিভে গেল উজ্জ্বল দীপশিখা

সম্পাদকীয়

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ০৯:৩১ এএম

নিভে গেল উজ্জ্বল দীপশিখা

ইন্তেকাল করেছেন বাংলাদেশের রাজনীতির এক অগ্নিশিখা, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার ৩০ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সমগ্র দেশবাসী। এই মৃত্যুতে কার্যত বাংলাদেশের মানুষ অভিভাবকহারা হলো। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মো ইউনূস, উপদেষ্টা পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। শোক জানিয়েছেন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানগণ। আমরা প্রতিদিনের বাংলাদেশ পরিবারও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোকাহত।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে অন্যতম প্রধান চরিত্র ছিলেন খালেদা জিয়া। গৃহবধূ থেকে রাজনীতিতে নেমে দশ বছরের মধ্যেই বিএনপিকে ক্ষমতায় নিয়েছিলেন। রাজনৈতিক ক্যারিয়ারে বারবার মুখোমুখি হয়েছেন নানা চড়াই, উতরাই ও ঝঞ্ঝাবিক্ষুব্ধ পরিস্থিতির। তবে কোনো সংকটই নীতিগত অবস্থান থেকে তাকে কখনও টলাতে পারেনি।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি। বেনজির ভুট্টোর পর মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রীও বেগম খালেদা জিয়া। মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেছেন। উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে এক সামরিক অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। তারপর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের আহ্বানে খালেদা জিয়া ১৯৮২ সালের ৩ জানুয়ারি বিএনপিতে যোগ দেন। ১৯৮২ সালের ২৪ মার্চ সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদ বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তারকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতা দখল করেন। ১৯৮৩ সালের মার্চ মাসে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান হন।

আসলে বাংলাদেশের রাজনীতিতে খুব কম মানুষই আছেন, যাদের নাম উচ্চারণ করলেই একটি সময়, একটি আবহ, একটি উত্তাল ইতিহাস চোখের সামনে ভেসে ওঠে। বেগম খালেদা জিয়া তেমনই এক নাম। ছিলেন সংগ্রামী রাজনীতির প্রতীক, আপসহীনতার প্রতিমূর্তি এবং নারীনেতৃত্বের এক কঠিন বাস্তব উদাহরণ। রাজনৈতিক ভিন্ন অবস্থানের কারণে তাকে নিয়ে ভিন্নমত থাকতে পারে কিন্তু তাকে উপেক্ষা করার সুযোগ ইতিহাস দেয় না। এ কথা সত্য, স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যার পর রাজনীতিতে তার আগমন ছিল আকস্মিক কিন্তু অবস্থান ছিল দৃঢ়। অনেকেই ভেবেছিলেন, তিনি ক্ষণস্থায়ী হবেন। কিন্তু সময় প্রমাণ করেছে খালেদা জিয়া ছিলেন দীর্ঘ লড়াইয়ের মানুষ। সামরিক শাসন-পরবর্তী গণতান্ত্রিক উত্তরণের পথে তিনি যেমন ছিলেন গুরুত্বপূর্ণ চরিত্র, তেমনি বহুদলীয় রাজনীতির সংঘাতময় অধ্যায়ে ছিলেন অবধারিত এক শক্তি।

তার রাজনৈতিক জীবন ছিল কারাবন্দিত্বে ভরা। পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসুস্থ শরীর নিয়েও তাকে দিনের পর দিন কারাগারে কাটাতে হয়েছে। আদালত, কারাগার, হাসপাতালÑ এই ত্রিভুজের মধ্যেই কেটেছে তার শেষদিকের রাজনৈতিক সময়। কিন্তু এসব কখনও তাকে নীরব সমর্থনে পরিণত করতে পারেনি। ক্ষমতাসীনদের চোখে তিনি ছিলেন ভয় আর সমর্থকদের কাছে ছিলেন প্রতিরোধের সাহস।

খালেদা জিয়ার রাজনীতি ছিল আবেগী, কিন্তু দুর্বলতা নয়, বরং শক্তির উৎস। তিনি রাজনীতি করেছেন হৃদয় দিয়ে। সেই হৃদয় আহত হয়েছে বারবার কিন্তু ভেঙে পড়েনি। রাজনৈতিক আপসের প্রস্তাব তার সামনে এসেছে বহুবার কিন্তু তিনি নিজেকে ‘আপসহীন নেত্রী’ হিসেবে ইতিহাসে প্রতিষ্ঠিত করেছেন। এটি কোনো উপাধি নয়Ñ এটি তার রাজনৈতিক চরিত্রের অংশ। এ কথা সত্য, তার শাসনামল নিয়ে প্রতিপক্ষের বিতর্ক আছে, সমালোচনা আছে কিন্তু সেসব ছাপিয়ে তিনি ছিলেন জনতার নেত্রী। গণতন্ত্র, ভোটাধিকার, ক্ষমতার ভারসাম্যÑ এই প্রশ্নগুলোতে তিনি ছিলেন এক অনড় অবস্থান। তিনি কখনও সহজ রাজনীতির পথ বেছে নেননি বলেই হয়তো তার জীবন এত কঠিন হয়েছে। যে কারণে তার রেখে যাওয়া স্মৃতি, সংগ্রাম আর দৃঢ়তা ভবিষ্যৎ রাজনীতিকে প্রশ্ন করবেÑ আমরা কতটা সাহসী?

আমরা মনে করি, এই মৃত্যু কোনো দেহগত প্রয়াণ নয়, কোনো মৃত্যুসংবাদও নয়। এটি একটি রাজনৈতিক মহাপ্রয়াণ। বাংলাদেশের রাজনীতির সক্রিয় মঞ্চ থেকে এক অগ্নিশিখার নীরব বিদায়। এই প্রয়াণ আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন রেখে যায়Ñ বাংলাদেশের রাজনীতিতে কি এমন দৃঢ়, ত্যাগী, দীর্ঘস্থায়ী নেতৃত্বের ধারাবাহিকতার অবস্থান থাকবে, নাকি রাজনীতি ক্রমেই পরিণত হবে সুবিধাভোগী শ্রেণির? খালেদা জিয়ার বিদায় সেই বাস্তবতাকেই আরও স্পষ্ট করে তোলে।

আমরা বিশ্বাস করি, এই মহাপ্রয়াণ কেবল একজন নেত্রীর বিদায় নয়, এটি একটি রাজনৈতিক চরিত্রের অবসান। ইতিহাস একদিন হয়তো আরও বিশদভাবে তাকে বিশ্লেষণ করবে। কিন্তু আজ, এই মুহূর্তে, আবেগের জায়গা থেকে বলা যায়Ñ বাংলাদেশের রাজনীতি এক অগ্নিযুগকে বিদায় জানাল।

পরিশেষে বলব, অগ্নিশিখা নিভে গেছে। কিন্তু ছাইয়ের নিচে ইতিহাস এখনও জ্বলছে, জ্বলতেই থাকবে।

 

  

খালেদা জিয়ার প্রয়াণ

রাজনীতির এক অগ্নিযুগের অবসান

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা