সাদিয়া সুলতানা রিমি
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১২:০৯ পিএম
সীমান্ত একটি রাষ্ট্রের ভৌগোলিক অস্তিত্ব, সার্বভৌমত্ব এবং রাজনৈতিক স্থিতির মূল ভিত্তি। তাই সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো রাষ্ট্রের অন্যতম জরুরি দায়িত্ব। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনৈতিক বাস্তবতায় এমন এক অবস্থানে অবস্থিত, যেখানে দুই বৃহৎ প্রতিবেশী ভারত ও মিয়ানমার দুটি দিক ঘিরে রেখেছে, আর দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। স্থল, নৌ বা সমুদ্র সব ধরনের সীমান্ত নিয়েই এখানে জটিলতা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ সমানভাবে মুখোমুখি হয়। সীমান্ত নিরাপত্তা শুধু অস্ত্রধারী শত্রুর আক্রমণ ঠেকানো নয়, বরং এটি একটি বহুস্তরীয় প্রক্রিয়া, যেখানে রয়েছে চোরাচালান প্রতিরোধ, মানব পাচার নিয়ন্ত্রণ, অস্ত্র ব্যবসা রোধ, সীমান্ত হত্যা কমানো, জলসীমায় সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্তবাসীর নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়। তবে এর পাশাপাশি রয়েছে কূটনৈতিক চ্যালেঞ্জ, কারণ প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় না হলে সীমান্ত নিরাপত্তা কখনোই পুরোপুরি নিশ্চিত করা যায় না। তাই সীমান্ত নিরাপত্তা ও কূটনীতি কার্যত একে অপরের পরিপূরক।
বাংলাদেশ-ভারত সীমান্ত বিশ্বের দীর্ঘতম অ-সামরিক সীমান্তগুলোর একটি। এই সীমান্তের প্রাকৃতিক গঠন জটিলÑ কোথাও পাহাড়, কোথাও ঘন বন, কোথাও নদী, আর কোথাও জনবসতি। এসব কারণে সীমান্ত নিয়ন্ত্রণ করা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে পড়ে। বছরের পর বছর ধরে চোরাচালান, গবাদিপশু পাচার, মাদকদ্রব্য প্রবাহ, অবৈধ অনুপ্রবেশ এবং কখনও কখনও সীমান্ত হত্যা এই সীমান্তকে উত্তপ্ত করে তুলেছে। সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) উভয়েই টহল জোরদার করলেও বাস্তবতা জটিল। কারণ সীমান্তের দুই পাশে বসবাসকারী মানুষের জীবন-জীবিকা, অর্থনৈতিক অবস্থা, সংস্কৃতি ও যোগাযোগ ব্যবস্থা অনেক জায়গায় একই রকম। অনেকের ব্যবসা-বাণিজ্য, আত্মীয়তার সম্পর্ক কিংবা দৈনন্দিন কাজ সীমান্ত পেরিয়ে চলে যায়। ফলে কঠোর নজরদারি মানে কখনও সাধারণ নাগরিকের জীবনে জটিলতা সৃষ্টি করা। এর ফলে সীমান্তে মানবিক ভুল বোঝাবুঝি তৈরি হয় এবং অনেক সময় তা সহিংসতায় রূপ নেয়। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে হলে তাই মানবাধিকার, স্থানীয় মানুষের প্রয়োজন এবং নিরাপত্তাÑ এই তিনটির মধ্যে ভারসাম্য রাখতে হয়, যা সব সময় সহজ নয়।
অন্যদিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত একটি সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তৈরি করে। এই সীমান্তের বেশিরভাগজুড়েই পাহাড়ি অরণ্য, উঁচুনিচু ভূমি এবং দূরবর্তী এলাকার বিস্তৃতি। এখানে মূল সমস্যা হচ্ছে মিয়ানমারের রাজনৈতিক অস্থিতিশীলতা, সেখানে সামরিক জান্তার আগ্রাসী নীতি এবং রাখাইন সংকট। ২০১৭ সালের রোহিঙ্গা গণহত্যা ও জাতিগত নির্মূল অভিযান লাখ লাখ রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য করে। এর ফলে দক্ষিণ-পূর্ব সীমান্ত শুধু মানবিক সংকটেই আক্রান্ত হয়নি, বরং নিরাপত্তা ঝুঁকিও বহুগুণে বেড়ে গেছে। এত বিপুলসংখ্যক উদ্বাস্তুকে ধারণ করা বাংলাদেশের জন্য একটি দীর্ঘমেয়াদি রাজনৈতিক ও নিরাপত্তাগত চাপ তৈরি করেছে। রোহিঙ্গাদের মধ্যে মাদক কারবারির গ্রুপ, সন্ত্রাসী নেটওয়ার্ক, অস্ত্রধারী দল ও সংঘবদ্ধ অপরাধী চক্র সক্রিয় হয়ে ওঠায় সীমান্ত এলাকা অনেক সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মিয়ানমারের ভেতরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ মাঝে মাঝে বাংলাদেশের ভেতর পর্যন্ত গুলি বা শেল এসে পড়ার ঘটনা ঘটায়। এসব পরিস্থিতিতে সীমান্তে শান্তি বজায় রাখা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা বাংলাদেশের জন্য একটি অত্যন্ত কঠিন কাজ।
সীমান্ত নিরাপত্তায় সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটি দেখা যায়, তা হলো চোরাচালান ও মাদকদ্রব্যের অবৈধ বাণিজ্য। বিশেষত, ইয়াবা ও ক্রিস্টাল মেথ মিয়ানমার থেকে নদী বা পাহাড়ি পথ দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এই মাদক ব্যবসার সঙ্গে সীমান্তের দুই পাশের গ্রুপ যুক্ত থাকায় এটি সহজে নির্মূল করা কঠিন। এ ছাড়া সীমান্তজুড়ে রয়েছে মানব পাচার, নারী পাচার ও বনসম্পদ পাচারের মতো অপরাধ, যা একদিকে সামাজিক অস্থিরতা সৃষ্টি করে, অন্যদিকে রাষ্ট্রের নিরাপত্তাকে দুর্বল করে। সীমান্তের অপরাধগুলো সাধারণত ট্রান্সন্যাশনাল অর্থাৎ এক দেশের অপরাধী অন্য দেশে গিয়ে নিরাপদ আশ্রয় পায়। তাই নিরাপত্তা বাহিনী যতই শক্তিশালী হোক, কূটনৈতিক সহযোগিতা ছাড়া এসব অপরাধ বন্ধ করা সম্ভব নয়।
সীমান্ত নিরাপত্তা জোরদারের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো প্রযুক্তির ব্যবহার। আজকের দিনে ড্রোন নজরদারি, স্যাটেলাইট ইমেজিং, থার্মাল ক্যামেরা, নো-ম্যানস-ল্যান্ডে উন্নত সার্ভেইল্যান্স ব্যবস্থা এগুলো কোনো বিলাসিতা নয়, বরং অপরিহার্য। তবে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হলে প্রয়োজন বাজেট, প্রশিক্ষণ এবং আধুনিক নিরাপত্তা কৌশল। কিন্তু প্রযুক্তি দিয়ে সবকিছু সম্ভব নয়।
সীমান্ত নিরাপত্তায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জলসীমা ও সমুদ্রভিত্তিক নিরাপত্তা। বঙ্গোপসাগরে বাংলাদেশের নৌসীমা বিশাল এবং সেখানে রয়েছে মৎস্যসম্পদ, শক্তিসম্পদ, বাণিজ্যরুট এবং কৌশলগত গুরুত্ব। জলদস্যুতা, মৎস্যসম্পদ লুণ্ঠন, অবৈধ জলযান চলাচল এবং বিদেশি জাহাজের অননুমোদিত ঢুকে পড়া এসবই সমুদ্রসীমার নিরাপত্তাকে নাজুক করে তোলে।
সব মিলিয়ে বলা যায়, সীমান্ত নিরাপত্তা এবং কূটনৈতিক চ্যালেঞ্জ একে অপরের সঙ্গে গভীরভাবে যুক্ত। শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ছাড়া কূটনীতি সফল হয় না, আর সফল কূটনীতি ছাড়া সীমান্ত কখনোই পুরোপুরি নিরাপদ হয় না। বাংলাদেশকে তাই একই সঙ্গে নিরাপত্তা জোরদার, কূটনৈতিক দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তির ব্যবহার, স্থানীয় মানুষের জীবনমান উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতা আরও গভীর করতে হবে। ভূ-রাজনীতি যেমন পরিবর্তনশীল, তেমনি সীমান্ত-নিরাপত্তাও একটি চলমান প্রক্রিয়া। সময়ের সঙ্গে সঙ্গে নতুন হুমকি আসবে, নতুন কৌশল প্রয়োজন হবে, আর কূটনৈতিক ভাষা আরও সূক্ষ্ম হতে হবে। বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন এবং আন্তর্জাতিক অবস্থান শক্তিশালী রাখতে সীমান্ত নিরাপত্তা তাই সর্বদাই অগ্রাধিকার হওয়া উচিত।
সাদিয়া সুলতানা রিমি
শিক্ষার্থী, গণিত বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়