বেগম খালেদা জিয়া
হাবিব বাবুল
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১০:৫২ এএম
বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক জীবনে কখনও কখনও এমন কিছু মুহূর্ত তৈরি হয়েছে, যা সাময়িক আলোড়নকে ছাড়িয়ে একটি জাতির চেতনায় স্থায়ী দাগ রেখে গেছে। সম্প্রতি দেশনেত্রী খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার খবর ঠিক তেমনই এক ঐতিহাসিক মুহূর্ত তৈরি করেছেÑ যেখানে রাজনীতি হার মেনেছে মানবিকতার কাছে, যেখানে বিভেদের দেয়াল গলিয়ে মানুষ দাঁড়িয়েছে মানুষ হওয়ার দায়ে।
দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে বিভক্ত, ভাঙা, বিদ্বেষপূর্ণ একটি সমাজÑ যেখানে মতের ভিন্নতা প্রায়শই শত্রুতায় রূপ নেয়, সেখানে এই অসুস্থতার সংবাদ জাতিকে আশ্চর্যজনকভাবে এক স্রোতে বেঁধেছে। ধর্ম-বর্ণ-দল-মতনির্বিশেষে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন, পেশাজীবী, তরুণ-প্রবীণÑ সবাই এক ধরনের গভীর উদ্বেগে, উৎকণ্ঠায় এবং প্রার্থনায় একত্রিত হয়েছেন।
বাংলাদেশের ৫৪ বছরের রাজনৈতিক ইতিহাসে এরকম আবেগপূর্ণ, সর্বব্যাপী ও দল-নির্বিশেষ মানবিক প্রতিক্রিয়া আমরা দেখিনি। খালেদা জিয়া ক্ষমতায় নেই বহু বছর। তবুও ক্ষমতার বাইরে থেকেও তিনি যে একটি জাতির হৃদয়ের এত গভীরে মানবিক স্পর্শ রেখেছেনÑ এই সংকটময় মুহূর্ত সেই সত্যকে আবারও স্পষ্ট করে তুলেছে।
হাসপাতালের সামনে মানুষের যে ঢল দেখাÑ তা কোনো রাজনৈতিক ভিড় নয়, একান্ত মানবিক আকুলতা। রাত গভীরÑ তবু মানুষ অপেক্ষা করতে পারেনি সকাল পর্যন্ত। খবর শুনেই ছুটে এসেছে হাসপাতালে। শুধু বিএনপির নেতাকর্মীরা নয়Ñ রাজনৈতিক পরিচয়হীন সাধারণ মানুষও দাঁড়িয়েছে হাসপাতালের বারান্দায়, গেটের সামনে, চোখে অজানা আতঙ্ক আর শুভকামনার প্রার্থনা নিয়ে।
এ যেন রাজনীতির শুষ্কতা পেরিয়ে একটি জাতির অন্তর্লীন মানবিকতার পুনর্জাগরণ। এই মুহূর্তটি কেবল একজন নেত্রীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ নয়Ñ এটি একটি জাতির আত্মপরীক্ষা। আমরা কতটা মানবিক? আমাদের ভেতরের সহমর্মিতা কি এখনও বেঁচে আছে? নাকি দীর্ঘ রাজনৈতিক তিক্ততা আমাদের সবকিছু নিঃশেষ করে দিয়েছে? উত্তরটা আমরা পেয়েছিÑ স্পষ্ট, জোরালো আর আশাব্যঞ্জকভাবে। বাংলাদেশ এখনও ক্লান্ত হয়নি। এই জাতির হৃদয় এখনও কঠিন হয়ে যায়নি। তার ভেতরে মানবিকতার বীজ এখনও জীবন্ত।
রাজনীতি আমাদের ভাগ করে দিতে পারে, কিন্তু মানবিকতা পারে না। একজন অসুস্থ নেত্রীÑ যিনি এই দেশের রাজনীতিতে দীর্ঘ চার দশকের বেশি সময় প্রভাব বিস্তার করেছেনÑ তাকে ঘিরে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ তৈরি হয়েছে, তা বাংলাদেশের রাজনৈতিক-সামাজিক ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
খালেদা জিয়ার প্রতি এই অগাধ ভালোবাসা, সমবেদনা ও প্রার্থনা আমাদের মনে করিয়ে দেয়Ñ বাংলাদেশের মানুষ হৃদয়ের দিক থেকে এখনও উদার, এখনও সংবেদনশীল, এখনও মানবতাকেই বড় বিশ্বাস করে। হয়তো এই মুহূর্তের প্রতি আমাদের শ্রদ্ধাই ভবিষ্যতে আরও সহনশীল, আরও মানবিক, আরও সভ্য রাজনৈতিক সংস্কৃতি গঠনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।
একজন নেত্রীর সুস্থতা আজ কেবল তার দলের প্রার্থনা নয়, এটি পুরো জাতির প্রার্থনা। আর এই প্রার্থনায় যে ঐক্য তৈরি হয়েছেÑ সেটিই আমাদের জাতীয় শক্তির, মানুষ হয়ে ওঠার এবং একে অপরের পাশে দাঁড়ানোর সবচেয়ে নির্মল পরিচয়।
হাবিব বাবুল
প্রধান সম্পাদক, শুদ্ধস্বর ডটকম
ফ্রাঙ্কফুর্ট, জার্মানি