× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্কুল ফিডিং কার্যক্রম

অপ্রাপ্তি ও বহু ঘাটতির মধ্যেও আশার বার্তা

সম্পাদকীয়

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫ ১৪:২৯ পিএম

অপ্রাপ্তি ও বহু ঘাটতির মধ্যেও আশার বার্তা

দেশের ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ১৫ নভেম্বর নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দেশের স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রতিদিনের বাংলাদেশ-এ প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচি’-এর প্রকল্পের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত। এ সময়ের মধ্যে দেশের নির্বাচিত ১৫০টি উপজেলার ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ স্কুল কর্মদিবসে খাবার দেওয়া হবে।’ দুটি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে সরকারের এ কর্মসূচি। এর মাঝে বড় কর্মসূচিতে যুক্ত হয়েছে দেশের ১৫০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর অন্য প্রকল্পটি বাস্তবায়িত হবে বান্দরবান ও কক্সবাজার জেলার উপজেলার স্কুলগুলোতে। 

সপ্তাহে পাঁচ দিন শিক্ষার্থীরা পাবে আলাদা আলাদা খাবার। তাদের খাদ্য তালিকায় থাকবেÑ একটি করে সিদ্ধ ডিম, ১২০ গ্রাম ওজনের বনরুটি, ২০০ মিলিলিটার ইউএইচটি দুধ, ৭৫ গ্রাম ওজনের একটি বিস্কুট ও ১০০ গ্রাম ওজনের একটি কলা অথবা স্থানীয় মৌসুমি ফল। প্রস্তাবিত খাদ্য তালিকায় মোট এনার্জির ২৫ দশমিক নয় শতাংশ, মাইক্রোনিউট্রিয়েন্টের ৩২ দশমিক দুই শতাংশ, প্রোটিনের ১৬ দশমিক চার শতাংশ ও ফ্যাটের ২১ দশমিক সাত শতাংশ সরবরাহ নিশ্চিত করারও পরিকল্পনা রয়েছে। 

যেসব উপজেলায় স্কুল ফিডিং কর্মসূচি চালু হলো এগুলোর মধ্যে ১৩৫টি উপজেলাই অতি উচ্চ বা উচ্চ দারিদ্র্যপ্রবণ, যেখানে একসঙ্গে শিক্ষা ও পুষ্টি সংকটে রয়েছে। অন্যদিকে বাকি ১৫টি উপজেলা অপেক্ষাকৃত নিম্ন দারিদ্র্যপ্রবণ এলাকায় অবস্থিত। ফলে স্বাভাবিকভাবেই আশা করা যায়, এই কর্মসূচির আওতায় এসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপকৃত হবে। কারণ কর্মসূচির মূল উদ্দেশ্যÑ শিক্ষার্থীদের স্কুলমুখী করা, শ্রেণিকক্ষে উপস্থিতি বাড়ানো, ঝরে পড়া রোধ করা, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস ও শিক্ষায় মনোযোগ ধরে রাখা। 

আমরা মনে করি, স্কুল ফিডিংয়ের এই কর্মসূচি সর্বজনীন প্রাথমিক শিক্ষা অর্জনকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে। তিন বছর মেয়াদি এই প্রকল্প শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তবে এক্ষেত্রে সতর্ক থাকতে হবে শিশুদের খাবার বিতরণের ক্ষেত্রে যেন কোনো নয়-ছয় না হয়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখেও ডরায়, এই প্রবাদটিকে মনে রেখেই আমরা দায়িত্বশীলদের মনে করিয়ে দিতে চাইÑ অতীতে বিভিন্নভাবে অনেক ভালো প্রকল্পকেও বিতর্কিত করে তোলা হয়েছে। দুর্নীতির মাধ্যমে একপক্ষ সরকারের অর্থ লোপাট করে বিত্ত-বৈভব বাড়িয়েছে, অন্যদিকে যাদের জন্য প্রকল্প তারা বঞ্চিত হয়েছে প্রকৃত সেবা থেকে। একই সঙ্গে আমরা প্রত্যাশা করি, স্কুল ফিডিংয়ের এই পরিকল্পনা পর্যায়ক্রমে দেশের অন্যান্য উপজেলাতেও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবেÑ যার মাধ্যমে শিশুদের দীর্ঘ সময় বিদ্যালয়ে ধরে রাখা, দুপুরে তাদের ক্ষুধা নিবারণ করা এবং অপুষ্টির প্রতিকার করা সম্ভব হবে। 

শিক্ষা ক্ষেত্রে আমাদের অনেক অপ্রাপ্তি ও বহু ঘাটতির মধ্যে যদি কোনো আশার বার্তা থাকে, তবে তা শিক্ষার্থীদের এই স্কুল ফিডিং কর্মসূচি। এই কর্মসূচির সফল বাস্তবায়নের মাধ্যমে শিশুরা স্কুলমুখী হবে, পড়াশোনায় মনোযোগী হবে। আমাদের অনেক পরিবার এখনও দারিদ্র্যসীমার নিচে বাস করে। আমাদের শিশুদের স্কুল থেকে ঝরে পড়ার সংখ্যাও আশঙ্কাজনক হারে বেশি। অথচ আমরা যদি শিশুদের স্কুলে ধরে রাখতে চাই, তাদের স্কুলমুখী করতে চাই, তাদের পড়ালেখায় আগ্রহী করে তুলতে চাই, তাহলে আনন্দদায়ক শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের জন্য সুষম খাবারও নিশ্চিত করতে হবে। ক্ষুধা পেটে কোনো শিশুর পক্ষেই পাঠে মনোযোগী হওয়া সম্ভব নয়। একইভাবে দরিদ্র একটি পরিবারের পক্ষে শিশুকে নির্ধারিত সময়ে তার আহারের ব্যবস্থা করেও স্কুলে পাঠানো অনেক ক্ষেত্রেই কঠিন। ফলে শ্রমজীবী শিশুর সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। আমরা জানি, শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদের হাতেই আমাদের স্বপ্ন ও সম্ভাবনা। তারা পড়ালেখার মাধ্যমে সুনাগরিক হয়ে গড়ে উঠলেই নিশ্চিত হবে সমাজ ও দেশের কল্যাণ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা