ইমেইল থেকে
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ০৯:২৭ এএম
আজকের সমাজে মাদক এমন এক ভয়ংকর বিষবাষ্পে রূপ নিয়েছে, যা নিঃশব্দে আমাদের তরুণ প্রজন্মকে গ্রাস করছে। একসময় যেখানে গ্রামের আড্ডা মানে ছিল হাসিখুশির গল্প, শহরের তরুণদের ব্যস্ততা মানে ছিল পড়াশোনা আর স্বপ্নÑ সেই জায়গাগুলো এখন ধীরে ধীরে মাদকের ছায়ায় ঢেকে যাচ্ছে।
মাদক শুধু একজন ব্যক্তিকে ধ্বংস করে না, এটি তার পরিবার, সমাজ এবং শেষ পর্যন্ত একটি জাতিকেও বিপর্যস্ত করে তোলে। নেশার প্রথম টান হয়তো আসে কৌতূহল থেকে, কিন্তু একবার সেই ঘূর্ণিপাকে পা দিলে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে পড়ে। ধীরে ধীরে শরীরের ক্ষয়, মানসিক ভারসাম্যহীনতা, আত্মনিয়ন্ত্রণ হারানোÑ সব মিলিয়ে জীবন এক ভয়াবহ অন্ধকারে ডুবে যায়।
সবচেয়ে ভয়ংকর দিক হলো, মাদক একজন মানুষের চরিত্রকেও বদলে দেয়। মিথ্যা, প্রতারণা, চুরি এমনকি অপরাধে জড়িয়ে পড়াÑ সবই ঘটে এই নেশার জালে আটকে গিয়ে। বাবা-মায়ের চোখের সামনে সন্তানকে হারানোর বেদনা যে কতটা গভীর, তা শুধু ভুক্তভোগীরাই জানেন।
এর সঙ্গে যুক্ত আছে মাদক ব্যবসার ভয়াল দিক। কিছু অসাধু ব্যক্তি অর্থ ও প্রভাবের লোভে মাদক পাচারে জড়িত থেকে সমাজের শিকড় নাড়িয়ে দিচ্ছে। এর ফলে বেড়ে যাচ্ছে অপরাধ, দুর্নীতি ও সহিংসতা। শুধু আইন দিয়ে এই সমস্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়Ñ প্রয়োজন মানবিক জাগরণ, প্রয়োজন পারিবারিক ও সামাজিক ঐক্য।
প্রতিটি পরিবারে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করা অত্যন্ত জরুরি। সন্তানরা যেন খোলামেলা কথা বলতে পারে, নিজের সমস্যাগুলো ভাগ করে নিতে পারেÑ তবেই তারা ভুল পথে যাবে না। বিদ্যালয়ে, সমাজে, এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানে মাদকবিরোধী সচেতনতা বাড়াতে হবে।
সরকারের উচিত কঠোর আইন প্রয়োগের পাশাপাশি পুনর্বাসন কেন্দ্রগুলোর মানোন্নয়ন করা, যাতে যারা এই নেশা থেকে মুক্তি পেতে চায়, তারা বাস্তব সহায়তা পায়।
মাদক নামের এই নীরব মৃত্যুর ফাঁদ থেকে মুক্তি পেতে হলে আমাদের প্রত্যেককে নিজের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। একসঙ্গে বলতে হবেÑ ‘না, আমি মাদক নেব না।’ তবেই গড়ে উঠবে একটি সুস্থ, সচেতন ও সুন্দর সমাজ।
ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি