× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

প্রযুক্তিনির্ভর অর্থনীতি

প্রজ্ঞা দাস

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ০৯:২৩ এএম

প্রযুক্তিনির্ভর অর্থনীতি

বর্তমান সময়ে বিশ্ব-অর্থনীতির দৃশ্যপটে সবচেয়ে আলোচিত ও কার্যকরী ধারণা হলো স্টার্টআপ। যা শুধু অর্থনীতির আলোকবর্তিকা নয়, বরং এক অর্থনৈতিক বিপ্লবের অগ্নিশিখা। স্টার্টআপের এই ধারণাটির মূল ভিত্তি হলো উদ্ভাবন, ঝুঁকিগ্রহণ, বিদ্যমান সমস্যার সমাধানে নতুন পন্থার খোঁজ ও প্রযুক্তির যথাযথ ব্যবহার। আর এই প্রযুক্তির শক্তিকে কেন্দ্র করে স্টার্টআপ বাংলাদেশের অর্থনীতিকে এক নতুন রূপান্তরের দ্বারপ্রান্তে নিয়ে এসেছে।

বাংলাদেশের অর্থনীতি বহু বছর ধরে তৈরি হয়েছে গার্মেন্টস শ্রমিক, কৃষক, প্রবাসীদের মতো শ্রমজীবী মানুষের ঘামে। কিন্তু এই প্রজন্ম সেই ঘামের সঙ্গে যুক্ত করেছে বুদ্ধিমত্তা। এরই ফলশ্রুতিতে প্রতিদিনই দেশের কোনো না কোনো কোণে নতুন এক তরুণ বা তরুণী নিজের ধারণা দিয়ে গড়ে তুলছে নতুন কিছু। কখনও তৈরি করছে নতুন কোনো অ্যাপ, কখনও অনলাইন সেবা, কখনও কৃষি বা শিক্ষা নিয়ে প্রযুক্তিনির্ভর উদ্যোগ। কারণ তারা বুঝেছে আজকের বিশ্বে জ্ঞানই আসল সম্পদ, প্রযুক্তিই আসল পুঁজি। একটা ল্যাপটপ, সামান্য মূলধন, আর অদম্য ইচ্ছাকে পুঁজি করেই তারা বদলে দিচ্ছে আমাদের ব্যবসা ও কর্মসংস্থানের চিত্র।

এতে কমছে বেকারত্বের হার আর শক্তিশালী হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। সরকারি হিসাব বলছে, ২০২৫ সালে দেশে সক্রিয় প্রযুক্তিনির্ভর স্টার্টআপের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে এবং এই সেক্টরে বিনিয়োগের মাত্রায়ও এক অভূতপূর্ব স্ফীতি দেখা গেছে। এর পরিমাণ প্রায় ১১৯.৯ মিলিয়ন ডলার, যা গত বছরের তুলনায় ১৬% বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয় এই স্টার্টআপগুলোর ফলে বিশাল সংখ্যক মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে। সরকারি তথ্যমতে, এই স্টার্টআপগুলোতে সরাসরি কাজ করছে প্রায় এক লাখ তরুণ, আর পরোক্ষভাবে এর সুফল পাচ্ছে লাখো সাধারণ মানুষ। বাংলাদেশ এখন সফটওয়্যার এক্সপোর্ট, ফিনটেক, এগ্রিটেক, হেলথটেক, এডুটেকসহ সবখানেই নিজের উপস্থিতি জানান দিচ্ছে দৃঢ়ভাবে। এক দশক আগেও যেখানে তরুণ উদ্যোক্তার ধারণা ছিল ব্যতিক্রম, আজ সেখানে স্টার্টআপ ইকোসিস্টেম জাতীয় অর্থনীতির এক শক্তিশালী স্তম্ভে পরিণত হচ্ছে। 

এই রূপান্তর কেবল অর্থনৈতিক নয়, এটি একটি মানসিক বিপ্লব। যেখানে নতুন প্রজন্মের স্বপ্ন, প্রযুক্তি ও সাহস একত্রে ভবিষ্যতের নকশা আঁকছে। সরকারি নীতিতেও এর প্রতিফলন স্পষ্ট। যে রাষ্ট্র একসময় প্রশাসনিক জটিলতা ও রেগুলেটরি অনীহায় স্টার্টআপদের পিছিয়ে দিত, আজ সেই রাষ্ট্রই সহায়ক কাঠামো গড়ে তুলছে। বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটি (বিএইচটিপিএ) ইতোমধ্যেই ১,২০০-এরও বেশি স্টার্টআপকে সহায়তা দিয়েছে।

বাংলাদেশ এখন অর্থনৈতিক এক রূপান্তরের তরঙ্গের মাঝে দাঁড়িয়ে আছে। যদি এই তরঙ্গ আমরা সঠিকভাবে ধারণ, পালন এবং বাস্তবায়ন করতে পারি তবে শিক্ষা, নীতি ও বিনিয়োগের সেতুবন্ধনে বাংলাদেশ শুধু ডিজিটালই হবে না, বরং বিশ্ব-অর্থনীতিতে বিশ্বনেতা হিসেবেও পুরো বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে এবং হয়ে উঠবে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনের মানচিত্রের মহানায়ক। আর বাংলাদেশের এই তরুণরাই তখন হবে অর্থনীতির ধারক, যাদের হাতে মুক্তি পাবে বেকারত্বের করাল গ্রাস। আর বিজয় অর্জিত হবে সৃষ্টিশীলতা, অদম্য পরিশ্রম ও সাহসের। 


প্রজ্ঞা দাস 

শিক্ষার্থী, ইডেন মহিলা কলেজ, ঢাকা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা