ইব্রাহিম হোসেন রনি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫ ১৩:১২ পিএম
ইব্রাহিম হোসেন রনি
চট্টগ্রামে ঘটে যাওয়া জুলাই বিপ্লব ছিল আধুনিক বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য প্রতিরোধ-সংগ্রাম। এই আন্দোলন ছিল রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে সাধারণ জনগণ ও তরুণ সমাজের রক্তাক্ত প্রতিবাদ। আমরা যারা এই আন্দোলনের প্রত্যক্ষ অংশীদার ছিলাম, তাদের প্রত্যাশা ছিল- এই রক্তের বিনিময়ে সমাজ ও রাষ্ট্রে একটি সত্যিকারের পরিবর্তনের সূচনা হবে। কিন্তু আজ দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ার পর আমরা বাধ্য হচ্ছি প্রশ্ন তুলতে- আমাদের সেই প্রত্যাশার কতটুকু পূরণ হয়েছে?
আমরা চেয়েছিলাম একটি বৈষম্যহীন সমাজ, যেখানে জাত, ধর্ম, গোষ্ঠী কিংবা মতভেদের ভিত্তিতে কেউ নাগরিক অধিকার থেকে বঞ্চিত হবে না। একটি কোটামুক্ত, ন্যায়ভিত্তিক চাকরির বাজার ছিল আমাদের অন্যতম দাবি, যেখানে মেধা ও যোগ্যতা হবে নিয়োগের একমাত্র মাপকাঠি। সেই সঙ্গে গণহত্যার নিরপেক্ষ ও দ্রুত বিচার, ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, শহীদ পরিবারগুলোর পুনর্বাসন এবং ‘জুলাই সনদ’-এর বাস্তবায়ন- এই ছিল আমাদের স্বপ্নের বাংলাদেশ।
কিন্তু বাস্তবতা আমাদের হতাশ করেছে। আজও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের ঘাটতি প্রকট। নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে জাতির বৃহত্তর স্বার্থকে উপেক্ষা করা হচ্ছে। নিহতদের বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় জড়িয়ে পড়েছে, দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। শহিদ পরিবার ও আহতদের পুনর্বাসনের জন্য এখনো কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। রাষ্ট্রযন্ত্রে কাঙ্ক্ষিত সংস্কার তো ঘটেইনি, বরং পুরনো সংকটগুলো আরও জটিল হয়েছে। ফ্যাসিবাদ নতুন মোড়কে আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। আর নির্বাচনের ক্ষেত্র এখনও লেভেল প্লেয়িং ফিল্ড থেকে অনেক দূরে, যা গণতন্ত্রের জন্য বড় প্রতিবন্ধক।
জুলাই বিপ্লব কেবল একটি দিনের ঘটনা নয়, এটি ছিল একটি দর্শন, একটি প্রতিশ্রুতি, একটি স্বপ্নের রূপরেখা। আজ সেই স্বপ্ন অপূর্ণ থেকে যাচ্ছে। এই ব্যর্থতা শুধু রাজনৈতিক নেতাদের নয়, সমগ্র জাতির। তরুণদের আজ পুনরায় জেগে উঠতে হবে, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সামনে এগোতে হবে। আন্দোলন হবে কেবল স্লোগানে নয়, হবে আদর্শে ও বিকল্প ব্যবস্থার রূপরেখায়।
আমরা যারা তখনকার প্রত্যক্ষদর্শী, তাদের দায় এখন ইতিহাসের কাছে। যদি এই প্রজন্মকে আমরা সেই চেতনা পৌঁছে দিতে ব্যর্থ হই, তবে শহীদদের রক্ত আমাদের ক্ষমা করবে না। তাই সময় এসেছে প্রত্যাশা ও প্রাপ্তির ব্যবধান ঘোচাতে নতুন রাজনৈতিক ঐক্য ও নৈতিক সাহস নিয়ে এগিয়ে যাওয়ার।
লেখক : চট্টগ্রামে জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর দক্ষিণ