× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরিকল্পনাহীন নিয়তি

প্রজ্ঞা দাস

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ০৯:৫১ এএম

পরিকল্পনাহীন নিয়তি

রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ এলাকায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা গোটা জাতিকে গভীর বেদনায় নিমজ্জিত করেছে। এই ঘটনায় শিশুর কান্না, অভিভাবকের আহাজারি আর তরুণ প্রাণের নিঃশেষত কেবল একটি ব্যক্তিগত ক্ষত নয়, বরং একটি রাষ্ট্রের কেন্দ্রীয় অবকাঠামোগত দুর্বলতা, দুর্নীতির নান্দনিক মোড়ক এবং পরিকল্পনার দীর্ঘমেয়াদি দেউলিয়াত্বকে সামনে এনেছে। আকাশে প্রশিক্ষণ চালনার মতো গুরুতর বিষয়টি কতটা দায়িত্বহীনভাবে এবং বিপজ্জনক পদ্ধতিতে পরিচালিত হচ্ছে, তার প্রমাণ পূর্বেই একাধিক দুর্ঘটনার মধ্যেই প্রতিফলিত হয়েছে। 

এই ঘটনাগুলো কেবল দুর্ঘটনা নয়, বরং অবহেলার ফসল, যেগুলো রাষ্ট্রের অদক্ষতা এবং ভবিষ্যৎ নিরাপত্তা চিন্তার অভাবের নগ্ন অবস্থাকে পুরো জাতির সামনে তুলে ধরেছে। ঢাকা বিশ্বের অন্যতম ঘনবসতিপূর্ণ শহর। মাত্র ৩০৬ বর্গকিলোমিটারের মধ্যে প্রায় ২ কোটির অধিক মানুষের বসবাস এই মহানগরীতে। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, আদালত সবকিছু মিলিয়ে এই শহর কেবল প্রশাসনিক নয় বরং দেশের সামাজিক, অর্থনৈতিক এবং মানবিক কেন্দ্রবিন্দু। এমন একটি শহরের ওপর দিয়ে প্রশিক্ষণ বিমান ওড়ানো মানে হলো দাহ্য পদার্থ পরিপূর্ণ একটি জায়গার ওপর দিয়ে দিনের পর দিন আগুনের ফুলকি ছড়ানো। শহরের ওপর দিয়ে বিমান চলাচলের পরিণতি শুধু শব্দদূষণেই সীমাবদ্ধ থাকে না; এটি জনমানসে ভীতি তৈরি করে, শিশুমনে আতঙ্কের বীজ বপন করে এবং শিক্ষালাভের পরিবেশকে সম্পূর্ণভাবে বিপর্যস্ত করে ফেলে। সবচেয়ে হতাশাজনক বিষয় হলো তেজগাঁও বিমানবন্দর যখন গড়ে উঠেছিল, তখন কুর্মিটোলা অঞ্চল ছিল এক বিস্তৃত বনজ-নির্জন প্রান্তর। তখন ঢাকার নবাববাড়ী ও অভিজাত শ্রেণির শিকারবিলাসীদের পদচারণায় মুখর এই এলাকা জনমানবহীনই ছিল প্রায়। সেই সময় ঢাকায় উড্ডয়ন ক্লাব স্থাপন ও সামরিক ঘাঁটি নির্মাণ হয়তো যৌক্তিক ছিল। কিন্তু সময় পাল্টেছে, বদলেছে ঢাকা শহরের চেহারা। এখন কুর্মিটোলার আশপাশে গড়ে উঠেছে হাজার হাজার ভবন, গলিঘুঁজির মধ্য দিয়ে গিজগিজ করছে নগরের শ্রেণিশিক্ষা কেন্দ্রগুলো। সেই বাস্তবতায় এখনও ঢাকার মাঝখানে উড্ডয়ন প্রশিক্ষণের মতো কর্মকাণ্ডের স্থিতি রাখার সিদ্ধান্ত শুধু অযৌক্তিক নয়, নাগরিক জীবনের ওপর এক নির্মমতা।

ঢাকার মতো মহানগরের মধ্যে এমন অনুশীলন চালু থাকা দৃষ্টিকটুভাবে অনিয়মপ্রবণ এবং সাধারণ জনগণের জীবনের প্রতি রাষ্ট্রের এক নির্মম উদাসীনতার প্রমাণ। এমন অনৈতিক অগ্রাধিকারের কারণে একের পর এক দুর্ঘটনা ঘটে চলেছে, অথচ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একটা বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার পরে মুখে রুটিনমাফিক শোক প্রকাশের বিবৃতি ছাড়া কার্যকর কোনো সংস্কার উদ্যোগ নিচ্ছে না। অন্যদিকে এ দুর্ঘটনায় স্পষ্ট হয়েছে রাজধানী ঢাকার আশপাশে স্কুল-কলেজের অবস্থান নির্ধারণের ক্ষেত্রেও রয়েছে ভয়াবহ নীতিহীনতা। সবচেয়ে বড় বিষয় রাষ্ট্র যদি সত্যিই এ থেকে শিক্ষা নিতে চায়, তবে তাকে কেন্দ্র থেকে প্রান্ত পর্যন্ত প্রতিটি স্তরে সচেতন, মানবিক ও প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তা যেন সাধারণ নাগরিকের মৌলিক অধিকার হয়ে ওঠে, প্রশিক্ষণ যেন শুধুমাত্র দক্ষতা নয়, জীবনের প্রতিও শ্রদ্ধাবোধ শেখায়, দুর্নীতির পরিবর্তে যেন সততা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয় এমন নীতি নির্মাণ করাই এখন সময়ের সবচেয়ে জরুরি চাহিদা হয়ে দাঁড়িয়েছে। যা প্রতিষ্ঠার মধ্য দিয়েই একমাত্র গঠিত হবে নিরাপদ, মানবিক ও দূরদর্শী এক বাংলাদেশ।

  • শিক্ষার্থী, অর্থনীতি বিভাগ, ইডেন মহিলা কলেজ, ঢাকা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা