মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ
প্রকাশ : ১৯ জুলাই ২০২৫ ২২:৫৪ পিএম
সমৃদ্ধ প্রকৃতির এক অবারিত দান বর্ষাকাল। বর্ষার রূপ-রস আর সৌন্দর্যে প্রকৃতি সজীব হয়ে ওঠে। বৃষ্টিধোয়া প্রকৃতির রূপে মন মেতে ওঠে। বর্ষার রিমঝিম শব্দে মন হয়ে ওঠে কাব্যময়। প্রচণ্ড দাবদাহকে বিদায় জানিয়ে বর্ষা রানীর বর্ষণে সিক্ত হয় প্রকৃতি এবং প্রাণ ফিরে পায়। বর্ষা মৌসুমে মনোরম দৃশ্য দেখে চোখ জুড়ায়, মন ভরে যায়। বর্ষাকালে পরিবেশ সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, বৃষ্টির পানি ধরে রাখা, বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করা। বর্ষাকাল বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। এই সময়ে নতুন গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যায়। গাছপালা কার্বন ডাই-অক্সাইড শোষণ করে এবং অক্সিজেন সরবরাহ করে পরিবেশকে বিশুদ্ধ রাখে। বর্ষাকালে গাছের বৃদ্ধি ভালো হয়, তাই এই সময়ে বেশি করে গাছ লাগানো উচিত।
বর্ষার অতিরিক্ত পানি ধরে রাখার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এতে করে একদিকে যেমন পানির অপচয় রোধ করা যায়, তেমনি অন্যদিকে শুষ্ক মৌসুমে পানির অভাবও কিছুটা মেটানো সম্ভব। বৃষ্টির পানি ধরে রাখার জন্য পুকুর, জলাধার এবং ছাদের পানি সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। বর্ষাকালে চারপাশের পরিবেশ স্যাঁতসেঁতে থাকার কারণে বিভিন্ন রোগজীবাণু খুব দ্রুত ছড়াতে পারে। তাই, বাড়ির আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অপরিহার্য। বাড়ির আশপাশে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা, মশা তাড়ানোর জন্য স্প্রে করা এবং নিয়মিত নর্দমা পরিষ্কার করা উচিত। ঘরের ভেতরেও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা প্রয়োজন, যাতে ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে না পারে।
বর্ষাকালে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে পরিবেশ দূষিত হওয়ার ঝুঁকি বাড়ে। বর্জ্য পদার্থ রিসাইকেল করা, কঠিন বর্জ্য আলাদাভাবে সংরক্ষণ করা এবং তা সঠিক স্থানে ফেলার ব্যবস্থা করা উচিত। বিশেষ করে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনার দিকে বিশেষভাবে নজর রাখতে হবে। বর্ষাকালে বৈদ্যুতিক তার বা যন্ত্রপাতি ভেজা থাকলে শর্ট সার্কিট হতে পারে। বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের সময় সতর্ক থাকুন এবং ভেজা হাতে ধরবেন না। বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা থেকে বিরত থাকুন। বর্ষাকালে খাবার দ্রুত নষ্ট হয়ে যেতে পারে, তাই খাবার ভালোভাবে সংরক্ষণ করুন।
বিশুদ্ধ পানি পান করুন। প্রয়োজনে পানি ফুটিয়ে পান করুন অথবা ক্লোরিন ট্যাবলেট ব্যবহার করুন। রাস্তার খোলা খাবার এড়িয়ে চলুন। বর্ষাকালে গাছ লাগানোর উপযুক্ত সময়, গাছপালা লাগিয়ে পরিবেশ সুরক্ষায় অবদান রাখুন, গাছপালা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। পরিবেশ সুরক্ষার জন্য জনসচেতনতা বৃদ্ধি করা খুবই জরুরি। স্কুল, কলেজ এবং বিভিন্ন সামাজিক সংস্থাকে সঙ্গে নিয়ে পরিবেশ সুরক্ষার গুরুত্ব সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে হবে। তবেই বর্ষাকালে প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার পাশাপাশি নিজের এবং অন্যের স্বাস্থ্য সুরক্ষাও নিশ্চিত হবে।
ফেনী সদর, ফেনী