× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী

সংগ্রাম দত্ত

প্রকাশ : ০৫ জুলাই ২০২৫ ১৬:৪২ পিএম

বিলুপ্ত হচ্ছে বন্যপ্রাণী

মানুষের আগ্রাসন ও অপরিকল্পিত নগরায়ণে উজাড় হচ্ছে বন। বনাঞ্চলের সঙ্গে কমছে প্রাণীর সংখ্যাও। খাদ্য ও বাসস্থানের সংকট, অবৈধ শিকার, পাচার, কীটনাশকের অতি ব্যবহারের মতো নানা কারণে প্রতিবছরই পৃথিবী থেকে কোনো না কোনো প্রাণী বিলুপ্ত হয়। সিলেটে বন বিভাগের প্রায় ১ লাখ ৫৪ হাজার ৭১৪ একর জমির মধ্যে প্রায় ৫৮ হাজার একরই বেদখলে রয়েছে। নতুন করেও বেদখল হচ্ছে অনেক জমি। প্রায় এক-তৃতীয়াংশ জমি বেদখলে থাকলেও তা উদ্ধারে বন বিভাগের তৎপরতা সামান্যই বলে ‘দি বিজনেস স্ট্যান্ডার্ড’ গত ১১ এপ্রিল ২০২১ এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে । অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে একশ্রেণির প্রভাব-প্রতিপত্তিশালী লোকজন অবৈধভাবে দখল করে জনবসতি স্থাপনের কারণে বিগত অর্ধশত বছরে সিলেট বনাঞ্চলের পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্ট বনাঞ্চলের আয়তন ১ হাজার ১৫২ বর্গকিলোমিটার থেকে মাত্র ১৩৫ বর্গকিলোমিটারে নেমে এসেছে বলে বিভিন্ন পত্রপত্রিকায় খবর বেরিয়েছে। যা বন্যপ্রাণী ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি। লাউয়াছড়া বনাঞ্চলসহ মৌলভীবাজার জেলার বড়লেখা ও জুড়ী বনাঞ্চলে ও হবিগঞ্জ জেলার রেমা কেলেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্য ও সাতছড়ি জাতীয় উদ্যানে বিগত বছরগুলোতে চশমাপরা হনুমানের মৃত্যুর খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।

বিগত পাঁচ দশকের ওপর লাউয়াছড়া জাতীয় উদ্যানে (যা একসময়ে ভানুগাছ পাহাড়) একশ্রেণির প্রভাব-প্রতিপত্তিশালী গোষ্ঠী সঙ্ঘবদ্ধভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে বনাঞ্চলে ঢুকে বনাঞ্চলের বিভিন্ন মূল্যবান গাছ, বাঁশসহ বনাঞ্চলের মূল্যবান গাছ কেটে উজাড় করেছে। এসব কার্যকলাপে জড়িত অনেকে রাতারাতি কোটি কোটি টাকার মালিক ও জনপ্রতিনিধি বনে বড় বড় রাজনৈতিক দলের নেতা সেজেছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় ইতঃপূর্বেই খবর বেরিয়েছে। সঙ্ঘবদ্ধ প্রভাবশালী গোষ্ঠী বনাঞ্চল দখল করে বসতি স্থাপন, রিসোর্ট ও চা-বাগান তৈরি, বনজ সম্পদ ধ্বংস করার কারণে বন্যপ্রাণীর খাদ্য সংকট দেখা দেওয়ায় বন্যপ্রাণী খাদ্যের সন্ধানে লোকালয়ে ছুটে আসছে। অনেক সময় মানুষের হাতে বা সড়কে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গেছে। বেশিরভাগই মানুষের হাতে ধরা পড়ছে।

প্রকৃতি সংরক্ষণ বিষয়ক আন্তর্জাতিক সংস্থা আইইউসিএনের ২০১৫ সালের গবেষণা প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে বিলুপ্ত প্রাণীর প্রজাতির সংখ্যা ৩১টি। বাংলাদেশ নিয়ে এই সংস্থার ২০০০ সালের প্রতিবেদনে সংখ্যাটি ছিল ১৩। ১৫ বছরে বাংলাদেশ থেকে আঞ্চলিকভাবে বিলুপ্ত হয়ে গেছে অন্তত ১৬টি প্রজাতির প্রাণী। 

বাংলাদেশে একসময় সাত প্রজাতির শকুন ছিল। কিন্তু এর মধ্যে রাজ শকুন পুরোপুরি বিলুপ্ত হয়ে গেছে। এর মানে হচ্ছে গত ৪০ বছরে একটিও রাজ শকুন দেখা যায়নি দেশের কোথাও। চিতা বাঘ সারা বিশ্বে বিপন্ন বা সংকটাপন্ন না হলেও বাংলাদেশে চিতা বাঘকে চরম সংকটাপন্ন হিসেবে চিহ্নিত করেছে আইইউসিএন। 

চার দশক আগেও বাংলাদেশের বনে প্রায় তিন হাজারের মতো উল্লুক বা ওয়েস্টার্ন হুলক গিবন ছিল। ২০২১ সালের এক গবেষণায় দেখা যায় সেই সংখ্যা এখন নেমে এসেছে ২০০ থেকে ৩০০-তে। ঐ গবেষণায় দেখা যায় যে চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে উল্লুকের উপস্থিতি রয়েছে। মেছোবাঘ : বাংলাদেশে আট প্রজাতির বিড়াল বা বাঘ দেখা যায়। এগুলোর মধ্যে মেছোবাঘ বা মেছো বিড়াল খুবই নিরীহ একটি প্রাণী। সারা বিশ্বেই মেছোবাঘ এখন একটি সংকটাপন্ন প্রাণী। ২০০৮ সালে এটি সংকটাপন্ন থেকে বিপন্ন প্রাণীর তালিকায় স্থান পেয়েছিল। ঘড়িয়াল : সত্তরের দশকেও বাংলাদেশ, ভারতসহ পাকিস্তানের সিন্ধু নদ, উত্তর নেপাল ও ভুটানের নদীতে অহরহ দেখা মিলত ঘড়িয়ালের। ১৯৭৪ সালেও পৃথিবীতে ৫ থেকে ১০ হাজার ঘড়িয়াল ছিল বলে উঠে আসে গবেষণায়। 

বনরুই : বিশ্বে ৮ প্রজাতির বনরুইয়ের দেখা মেলে। তার মধ্যে বাংলাদেশে মালয়, ভারতীয় ও চায়না বনরুই ছিল। এমন ধারণা থাকলেও বর্তমানে চায়না বনরুই ছাড়া অন্য প্রজাতির বনরুইয়ের দেখা মিলছে না। কেননা বিশ্বের সবচেয়ে বেশি পাচার হওয়া স্তন্যপায়ী প্রাণী হচ্ছে বনরুই। এ ছাড়া বনগরু, বনবিড়ালসহ বিভিন্ন ধরনের ভোঁদড়, বানর, কচ্ছপ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 

হাতির আবাসস্থল ধ্বংস হওয়া, হাতি চলাচলের পথে বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের স্থাপনা তৈরি হওয়ার পাশাপাশি হাতি সংরক্ষণে যথাযথ উদ্যোগ না নেওয়ায় হাতির সংখ্যা কমে আসার বড় কারণ মনে করা হয়। প্রকৃতি ও পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায় ও সচেতন মানুষদের ঐক্যবদ্ধ হওয়া আরও জরুরি।

  • শ্রীমঙ্গল, মৌলভীবাজার
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা