প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ মার্চ ২০২৫ ১১:০৫ এএম
প্রবা গ্রাফিক্স
পরিবহনে অপরিকল্পিত ভাড়া বৃদ্ধি
পরিবহন ভাড়া বৃদ্ধি যাত্রীদের নাভিশ্বাস করে তুলছে। যানবাহন যেমন অপরিকল্পিতভাবে বাড়ছে, সেই সঙ্গে ভাড়াও সমানতালে বাড়ছে। হাইওয়েসহ লোকাল রাস্তাঘাটের ভাড়া জনমনে ব্যাপক প্রভাব ফেলছে। প্রতিকূল নগরাঞ্চলে লোকাল ট্রান্সপোর্টগুলোও ঊর্ধ্বমাত্রার ভাড়া রাখছে। তাদের অজুহাত, বাজারে জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বগামী হওয়ায় ভাড়াটাও বেশি রাখতে হচ্ছে তাদের। এ আয়ের পুঁজি দিয়েই বউ-বাচ্চা নিয়ে তাদের সংসার চালাতে হয়। যাতায়াতব্যবস্থার এ বিপুল খরচে জনগণ যেন চরম অসহায়ত্বের শিকার। দূরপাল্লার বাস, ট্রেনে যাওয়া-আসা করা এখন কমার্শিয়াল হয়ে উঠেছে। গুনতে হয় বাড়তি পয়সা। এতে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিকভাবে বিপর্যস্ত হতে হয়।
দ্রুত পরিবহন খাতের সুষ্ঠু ভাড়া নির্ধারণ করতে হবে এবং সেটা অবশ্যই সকল শ্রেণির মানুষের কথা মাথায় রেখে। তাছাড়া এমন লাগামহীন ভাড়া বাড়ানো আমাদের দেশের দরিদ্র ও বেকার মানুষের ওপর এক প্রকার জুলুম হয়ে দাঁড়াবে। গ্রাম এবং শহরের ভাড়ার পরিমাণ এক নয়। গ্রামের সামাজিক অবস্থা, পারিবারিক অবস্থা, ইনকাম সোর্স এসবের ভিন্নতা রয়েছে। যদিও শহরের ভাড়া তুলনায় বেশি, কারণ সেখানে টিকে থাকতে বেশি পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। শহরে মৌলিক অধিকার নিশ্চিত করতে বেশি পরিমাণ অর্থের প্রয়োজন হয়। সে ক্ষেত্রে চালক এবং মালিকদের কথাও বিবেচনা করতে হবে; কিন্তু মফস্বলে ভাড়ার পরিমাণ তুলনামূলক বেশি। সেখানে সিএনজি, অটোরিকশা ও লেগুনার দৌরাত্ম্য নিয়ন্ত্রণ করতে হবে। পরিবহন খাতে সরকারি সুযোগসুবিধা ও আর্ধিক প্রণোদনা নিশ্চিত করতে হবে। সার্বিক ক্ষেত্র বিবেচনা করে অতিবিলম্বে জনগণসহায়ক পরিবহন ভাড়া নিশ্চিত করুন।
প্রযুক্তির গুরুত্ব
সমাজমাধ্যম, ইমেইল, ভিডিও কলÑ এসবের মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনদের সঙ্গে যোগাযোগ রাখতে পারি। ইন্টারনেটের সাহায্যে আমরা বিশ্বের যেকোনো প্রান্তের মানুষের সঙ্গে সহজেই যোগাযোগ করতে পারি। শিক্ষা, গবেষণা, বিনোদন, সামাজিক যোগাযোগ, ব্যবসাÑ সব ক্ষেত্রেই ইন্টারনেট আমাদের জ্ঞান বাড়াতে সাহায্য করে। জীবন আনন্দময় করার জন্য বিনোদনের একটি ভূমিকা থাকে। ইন্টারনেট বিনোদনের ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে। এখন ঘরে বসেই অনেক লেখকের বই, ই-বুক হিসেবে ইন্টারনেট থেকে পড়া যায়। শুধু বই নয়, খেলা, গান, চলচ্চিত্রসহ অনেক বিনোদনের উপাদান এখন ইন্টারনেটের কারণে অনেক বেশি সহজলভ্য হয়েছে। ইন্টারনেট বিভিন্ন প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি মহাবিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য জানতে খুবই ইতিবাচক একটি মাধ্যম হিসেবে পরিচিতি লাভ করেছে। ইন্টারনেটের সাহায্যে যখন কোনো ওয়েবসাইট থেকে ক্লায়েন্টের (ব্যবহারকারীর) কম্পিউটারে ডেটা ট্রান্সফার করা হয় তখন সে প্রক্রিয়াকে ডাউনলোড বলা হয়। আবার যখন কোনো ডেটা ক্লায়েন্ট থেকে ওয়েবসাইটের সার্ভারে ট্রান্সফার করা হয় তখন সে প্রক্রিয়াকে আপলোডিং বলা হয়। এ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে মুহূর্তের মধ্যেই আমরা বিশ্বের যেকোনো জায়গায় বড় ছবি, অডিও, ভিডিও বা মাল্টিমিডিয়া ফাইল অতি সহজে এবং দ্রুত পাঠাতে পারি।
বর্তমানে আমাদের ব্যক্তিগত এবং পেশাগত জগতের অনেক কিছুই ডিজিটাল প্রযুক্তির সঙ্গে জড়িত। প্রযুক্তি একই সঙ্গে শেখার, বিনোদন এবং বিভ্রান্তির একটি বড় উৎস। প্রযুক্তির প্রভাব সম্পূর্ণরূপে নির্ভর করে কীভাবে এটি ব্যবহার করা হচ্ছে। ইন্টারনেট নিঃসন্দেহে মানব জাতির জন্য একটি আশীর্বাদ। বর্তমানে ইন্টারনেটের ব্যবহার মানুষের জীবনে এতটাই বেড়ে গেছে যে ইন্টারনেট বন্ধ থাকাকে অনেকে নিজেদের নিঃশ্বাস বন্ধ হয়ে থাকার সঙ্গেও তুলনা করেন।