× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমেইল থেকে

বায়ুদূষণ ঠেকাতে হবে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৫ ০৯:১৭ এএম

বায়ুদূষণ ঠেকাতে হবে

বুড়িগঙ্গা বাঁচান

ঢাকার প্রাণ বুড়িগঙ্গা নদীর বর্তমান অবস্থা খুবই শোচনীয়। নদীর দুই পাশের বেশিরভাগ এলাকা দখল-দূষণে আক্রান্ত। দখলের কারণে কোনো কোনো স্থানে নদী ছোট হতে হতে এখন খালে পরিণত হয়েছে। বুড়িগঙ্গা এখন শুধু দেশেরই নয়, বিশ্বের অন্যতম দূষণাক্রান্ত নদী হিসেবে পরিচিত। দূষণের কারণে এ নদীর পানি তার স্বাভাবিক রঙ হারিয়ে ফেলেছে। বুড়িগঙ্গার দূষণ দেশের অন্য সব নদীর জন্যও কাল হয়ে দাঁড়িয়েছে; যা উদ্বেগজনক। একটি নদী একটি শহরের প্রাণ। কিন্তু শহর বাড়ার সঙ্গে সঙ্গে নদীকে গিলে ফেলার অবস্থা তৈরি হয়েছে দেশের অধিকাংশ শহরেই। ঢাকা শহরের চারপাশে বেশ কয়েকটি নদী। এর ভেতরে ছিল বহু খাল-বিল। দখল-দূষণে সবই এখন অতীত। তরুণ প্রজন্মকে বোঝাতে হয় এখানে এক খাল ছিল! একসময় বুড়িগঙ্গা নদী বর্ষাকালে যখন পানিতে ভরপুর থাকত, তখন দূর থেকে শহরকে দেখাত ভেনিস শহরের মতো।

বাস্তবতা হচ্ছে, বুড়িগঙ্গার আগের সে ঐতিহ্য আর এখন নেই। নদীর আশপাশের খালগুলোর অস্তিত্ব এখন আর খুঁজে পাওয়া কঠিন। নদীগুলোর অস্তিত্ব বিলীনের পথে। বলা চলে দখল-দূষণে বুড়িগঙ্গা এখন করুণ অবস্থায়। তাই ঢাকা শহরের পরিবেশ সুরক্ষাই শুধু নয়, মানুষের নিঃশ্বাস ফেলতে সচল বুড়িগঙ্গা একান্ত জরুরি। বুড়িগঙ্গার বর্তমান বেহাল অবস্থা থেকে প্রাণ ফিরে পাবে এ প্রত্যাশা নগরবাসীর। বুড়িগঙ্গার এ বেহালদশা কারও কাম্য হতে পারে না। আমরা মনে করি, বুড়িগঙ্গাকে উদ্ধার করে হাতিরঝিলের আদলে প্রকল্প নেওয়া যেতে পারে। এ ব্যাপারে সিটি করপোরেশন ও নৌপরিবহন মন্ত্রণালয় যৌথ উদ্যোগ নিতে পারে। বুড়িগঙ্গ নদী বাঁচাতে হবে। এখনই যথাযথ ব্যবস্থা না নিলে এ নদী রক্ষা করা যাবে না।

  • মো. হানিফ হোসেন, লালবাগ, ঢাকা

বায়ুদূষণ ঠেকাতে হবে

বিশ্বে দূষণের তালিকার প্রথম দিকের শহরগুলোর একটি আমাদের রাজধানী ঢাকা। বায়ুদূষণের অন্যতম ইটভাটা, যান্ত্রিক যানের কালো ধোঁয়া, নির্মাণকাজ এবং ময়লা পোড়ানো। জানা যায়, শুষ্ক মৌসুমে ঢাকা শহরের আশপাশের বস্তুকণা দ্বারা বায়ুদূষণের জন্য ইটভাটা ৫৮ শতাংশ দায়ী। এ ছাড়া সড়ক ও মাটি থেকে সৃষ্ট ধুলা দ্বারা ১৮, যানবাহনের জন্য ১০, বিভিন্ন জিনিসপত্র পোড়ানোর জন্য ৮ এবং অন্যান্য কারণে ৬ শতাংশ বায়ুদূষণ ঘটছে। তথ্যমতে, নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ঢাকার বায়ুদূষণের মান সবচেয়ে খারাপ থাকে। আমরা মনে করি- এজন্য কিছু পদক্ষেপ নেওয়া যেতে পারে, যাতে বায়ুদূষণ কিছুটা কমানো যেতে পারে। সর্বপ্রথম ঢাকার আশপাশে যেসব ইটভাটা আছে সেগুলোর ওপর নিয়ন্ত্রণ আনতে হবে। এ ক্ষেত্রে ইটভাটাগুলোর উৎপাদন প্রক্রিয়া কিছুটা সীমিত করা যেতে পারে। পরিসংখ্যান বলছে, ঢাকার আশপাশে ১ হাজারের বেশি ইটভাটা রয়েছে। একইভাবে যেসব শিল্পপ্রতিষ্ঠান বায়ুদূষণের জন্য দায়ী তাদের ক্ষেত্রেও অনুরূপ পদক্ষেপ নেওয়া যেতে পারে। পৃথিবীর অন্যতম শিল্পোন্নত দেশ চীনের বেইজিং নগরীর বায়ুদূষণ যখন বৃদ্ধি পায়, তখন তারা শহরের আশপাশের শিল্পকারখানা বন্ধ করে দেয়। এরূপ পদক্ষেপ বাংলাদেশেও নেওয়া হলে মানুষ স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে। তাই আমাদের প্রাণের শহর ঢাকাকে বাঁচাতে বায়ুদূষণ ঠেকাতে হবে যেকোনো মূল্যে।

  • শান্তা দাস, গোলাপবাগ, ঢাকা
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা