প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪ ০৯:১৩ এএম
চট্টগ্রামের পরিবহনব্যবস্থার উন্নতি চাই
জনসংখ্যা, আয়তন ও বাণিজ্যের দিক থেকে দেশের আলোচিত শহরগুলোর অন্যতম চট্টগ্রাম শহর হলেও এই শহরের পরিবহনব্যবস্থা ভয়াবহ বিপর্যস্ত। এক স্থান থেকে অন্য স্থানে যেতে পর্যাপ্ত ভালো বাস সার্ভিস পাওয়া যায় না। যেতে হয় সিএনজির মতো বিলাসবহুল প্রাইভেটে। এ ধরনের প্রাইভেট সার্ভিসে ভাড়াও অনেক, যা নিম্নমধ্যবিত্ত পরিবারের মানুষজনের পক্ষে কষ্টকর। এই শহরে যত্রতত্র লেগুনা সার্ভিস দেখা যায়। তবে এই লেগুনাগুলোর ভাড়াও অনিয়ন্ত্রিত। অধিকাংশ বাস সার্ভিস খুবই খারাপ। বিশেষ করে শহরের ২ নম্বর এবং ৩ নম্বর বাস। এই বাসগুলোতে যাত্রীদের জানমালের কোনো নিরাপত্তা নেই। এত বেশিসংখ্যক যাত্রী ওঠানো হয়, দাঁড়ানোর মতো জায়গা পাওয়া দুষ্কর হয়ে যায়। বাসগুলো একটু পর পর থেমে যায় তাই চোর-পকেটমার সুযোগ নেয়। প্রতিনিয়ত বাস থেকে যাত্রীদের মোবাইল, মানিব্যাগ এবং গুরুত্বপূর্ণ জিনিসপত্র চুরি হয়ে যায়। এসব বিষয়ে অহরহ অভিযোগের পরও কর্তৃপক্ষের কোনো নজরদারি চোখে পড়ে না। চট্টগ্রাম শহরের উন্নয়ন ও অগ্রগতির জন্য পরিবহনব্যবস্থার সুন্দর পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
মুহাম্মাদ রিয়াদ উদ্দিন
শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম
বিধ্বস্ত ফসলি জমি
শীত মৌসুম শুরুর আগে বিভিন্ন ফসল রোপণে মনোযোগী হন আমাদের কৃষকরা। টাটকা তরকারি, পুষ্টিযুক্ত সবজিতে ভরে ওঠে গ্রাম থেকে শহরের বাজারগুলো। সম্প্রতি ফসল রোপণের এই শুরুর সময়ে ফুলকপি, বেগুন, শিম, মুলা, বাঁধাকপি, টমেটো, গাজর, পালংশাক, লালশাকসহ বিভিন্ন শীতকালীন সবজির চারা রোপণ করা হয়েছে। কিন্তু শামুকের তাণ্ডবে নষ্ট হয়ে যাচ্ছে সবজিগুলো। ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে রাতের বেলায় চারা পাহারা দিচ্ছেন কৃষক। ছোট পাঁচন ও লাঠি দিয়ে শামুক তাড়াচ্ছেন। সবজির চারার ওপরে বসে শামুক তার সরু লম্বা মুখ দিয়ে পাতা মুড়িয়ে গিলে খাচ্ছে। রাত হলেই বাড়ে এর ব্যাপকতা, বিভিন্ন গর্ত বা ছায়াযুক্ত স্থান থেকে বের হয়ে আসে এগুলো। প্রথমে চারাগাছের নরম অংশ বা কচিপাতা এরপর তাণ্ডব চালায় মূলে। এ অবস্থায় কৃষকের কপালে হতাশার ছাপ, কী করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। নাইলনের জাল দিয়ে বেড়া দিয়েও শেষ রক্ষা করতে পারছেন না। সরকারের কৃষি বিভাগকে দ্রুত এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নইলে সামনে ভুট্টার মৌসুমেও কৃষকরা ব্যাপক ক্ষতির শিকার হবে।
নাঈম ইবনে সালাম
শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
বেতারকেন্দ্রের প্রোগ্রাম
রাজশাহী অঞ্চলের অনেক মানুষ এখনও সংবাদের জন্য বেতার কেন্দ্রের ওপর নির্ভর করে।
এ ক্ষেত্রে চট্টগ্রাম বেতার কেন্দ্রের ওপরই তারা বেশি নির্ভরশীল। সন্ধ্যা
সাতটায় চট্টগ্রাম কেন্দ্রে যে বাংলা সংবাদ প্রচার হয় তাতে দেশ-বিদেশের খবরও
সম্প্রচার হয়। তবে চট্টগ্রাম মহানগরীতে কোথায় কীঢ আয়োজন, অনুষ্ঠান
হয়েছে, আজকে কী আয়োজন,
অনুষ্ঠান থাকছে, চট্টগ্রাম ও চট্টগ্রাম অঞ্চলের
সংবাদ নিয়ে প্রতিদিন সকালে একটি সংবাদ বুলেটিন সম্প্রচার করার জন্য কর্তৃপক্ষের
দৃষ্টি আকর্ষণ করছি। চট্টগ্রাম মহানগরীর সাংস্কৃতিক সংবাদ নিয়ে প্রচারিত জনপ্রিয় ‘সপ্তাহজুড়ে সংস্কৃতি’ সপ্তাহে প্রচার হতো। এটিও
পুনরায় চালু করার অনুরোধ করছি। এমনটি চালু হলে বন্দরনগরীর অনেক খবর পাওয়া সহজ
হবে।
সুজন
সাহেব বাজার মোড়, রাজশাহী