প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মে ২০২৪ ২১:২৫ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ২১:৩৪ পিএম
নির্বাচন ভবন। ফাইল ফটো
নরসিংদীর রায়পুরা ও যশোর সদর উপজেলার নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৩ মে) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের ইসির এ সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিয়েছেন।
চিঠিতে রায়পুরা উপজেলার নির্বাচন সম্পর্কে বলা হয়, নির্বাচনের আগে একজন বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী মৃত্যুবরণ করায় সকল পদে নির্বাচন স্থগিত করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।
জানা গেছে, নির্বাচনী প্রচার চালানোর সময় সুমন মিয়া নামের ওই প্রার্থী অপর প্রার্থীর হামলায় নিহত হন।
আইন অনুযায়ী, কোনো বৈধ প্রার্থী মৃত্যুবরণ করলে সেখানে সব পদে ভোট স্থগিত ঘোষণা করা হয়।
এদিকে যশোর সদর উপজেলার নির্বাচন সম্পর্কে বলা হয়, আইনগত জটিলতার কারণে এবং আপিল বিভাগের আদেশ বাস্তবায়নে এ নির্বাচন স্থগিত করা হয়েছে।
২৯ মে তৃতীয় ধাপে এ দুই উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।