× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ

বেড়েছে অনিয়ম-সংঘর্ষ, কমেছে ভোটের হার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ মে ২০২৪ ০০:২৭ এএম

আপডেট : ২২ মে ২০২৪ ১১:১৫ এএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেবগ্রাম মডেল উচ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুকুরে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় দেবগ্রাম মডেল উচ বিদ্যালয় কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়ে যাওয়ার সময় পুকুরে ফেলে চলে যায় দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকালে। প্রবা ফটো

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১ মে) নানা অনিয়ম ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভোট শেষে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে খুন হয়েছেন এক প্রার্থীর কর্মী। ভোটের হারও কম। অনেক কেন্দ্র ছিল ভোটারশূন্য। ঢাকার সাভার উপজেলার অনেক কেন্দ্র ছিল প্রায় ফাঁকা। নোয়াখালীর চাটখিল এবং কুমিল্লার বরুড়ায়ও প্রায় একই পরিস্থিতি দেখা যায়। এদিন ভোটগ্রহণ হয় ১৫৬টি উপজেলায়।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল সাংবাদিকদের জানান, প্রদত্ত ভোটের হার ‘থার্টি প্লাস’ হতে পারে। বুধবার (২২ মে) এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে। এর আগে গত ৮ মে অনুষ্ঠিত প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট পড়ার হার ছিল ৩৬ দশমিক ১ শতাংশ। স্থানীয় সরকারের এই নির্বাচনে এত কম ভোট আগে কখনও পড়েনি।

দ্বিতীয় ধাপে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৮ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭ জন, মোট ২২ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রামের রাউজান আর কুমিল্লার আদর্শ সদর উপজেলায় সব পদেই একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কারণে এ দুই উপজেলায় ভোটের প্রয়োজন হয়নি। 

সিইসি জানান, কোথাও কোথাও মিডিয়ার কিছু কর্মীও আহত হয়েছেন। সাহস করে যারা ছবি তুলতে গেছেন, তারা হয়তো হেনস্থার শিকার হয়েছেন। আমরা সঠিক তথ্য এখনও পাইনি। হাতাহাতিতে ৩০ জন আহত হয়েছে, একজন বা দুইজন গুরুতর আহত হয়েছে। ভোটের আগের রাতে একজনের হাত কেটে গেছে। এর আগে গত ৮ মে প্রথম ধাপের ভোট শেষে সিইসি জানিয়েছিলেন, ৩৪টি সহিংস ঘটনা ঘটেছে। এতে আহত হয় ২৫ জন। 

কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অপচেষ্টা হয় অনেক কেন্দ্রে। এসব অপচেষ্টায় সহযোগিতার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট ভোটগ্রহণ কর্মকর্তাদের বিরুদ্ধে।

সিইসির দাবি, উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। হাতাহাতি হয়েছে। পুলিশ ও প্রশাসন তৎপর ছিল। প্রতিটি কেন্দ্রে বিভিন্ন বাহিনীর অধিক সংখ্যক সদস্য মোতায়েন ছিল। আইনশৃঙ্খলা বাহিনী যেখানেই অন্যায়, অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানেই হস্তক্ষেপ করেছে। 

তিনি বলেন, মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কিছু কারচুপির জন্য ১০ জনকে তাৎক্ষণিক কারাদণ্ড দেওয়া হয়েছে। দুজনের মৃত্যু হয়েছে। এটি ভোটকে কেন্দ্র করে নয়। গরম বা অন্য কোনো কারণে। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি।

প্রথম ধাপের ভোটগ্রহণের পর সিইসি বলেছিলেন, ধান কাটা ও বৈরী আবহাওয়ার কারণে ভোট ৩৬ শতাংশ পড়েছে। দ্বিতীয় ধাপে আরও কম পড়ার কারণ কী এমন প্রশ্নে সিইসি বলেন, ব্যক্তিগতভাবে ৩০ শতাংশ ভোটকে কখনোই উৎসাহব্যঞ্জক মনে করি না। এ অবস্থার একটা বড় কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল (বিএনপি) ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে। দলটি জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যেকোনো গণতান্ত্রিক দেশে এই ধরনের চেষ্টা হতে পারে। সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি, রাজনীতি যদি আরও সুস্থ ধারায় প্রবাহিত হয়, ভোটের স্বল্পতার যে সমস্যা আগামীতে তা হয়তো কাটিয়ে ওঠা যাবে। 

সাংবাদিকদের ভোটকেন্দ্রে বাধা দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই তথ্য আমাদের কাছে নেই। কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা স্বচ্ছতা ও দৃশ্যমানতায় বিশ্বাস করি। বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে। এজন্য আমরা দুঃখিত। মিডিয়া যেন স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারে তার পক্ষে আমরা আইনও করেছি।

বিভিন্ন এলাকা থেকে স্থানীয় প্রতিবেদকদের পাঠানো খবর

জাল ভোটসহ নানা অনিয়ম ও সংঘর্ষ : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ভোটের শেষ দিকে পৌরশহরের দেবগ্রাম কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে পুলিশ একটি পুকুর থেকে ব্যালট বাক্সটি উদ্ধার করে। বগুড়ার আদমদীঘি উপজেলায় জিলাপির বিনিময়ে ভোট সংগ্রহের অভিযোগে এক জিলাপি বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। 

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে গাজীপুরের শ্রীপুরে গোসিংগা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জোর করে ভোট দেওয়ার চেষ্টা এবং প্রকাশ্য প্রচারের কারণে কামরুল হাসান খান নামের এক স্কুলশিক্ষককে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল ১০টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কারাদণ্ড দেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের শিমরাইল সাতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কামরুল হাসান নামের ১৭ বছরের এক কিশোর জাল ভোট দিতে এসে পুলিশের হাতে আটক হয়। কামরুল ৫৩ বছর বয়সি আবুল কাশেমের ভোট দিতে এসেছিল।

ওই কেন্দ্রে সরেজমিন আরও কয়েকজন কিশোরকে ভোট দিতে দেখা যায়। একটি নারী বুথে মোস্তাফিজুর রহমান নামের এক ব্যক্তিকে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারতে দেখা যায়। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে জানানো হলে তিনি স্ট্রাইকিং ফোর্স পাঠিয়ে পরিস্থিতি নিযন্ত্রণে আনার কথা জানান।

কসবা উপজেলার কুটি অটল বিহারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের কাছে সরবরাহের আগেই একজনকে সহকারী প্রিসাইডিং অফিসারের টেবিলে প্রকাশ্যে ব্যালট পেপারে সিল মারতে দেখা যায়। 

লক্ষ্মীপুরের রামগঞ্জে পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের অপচেষ্টার ঘটনায় পাঁচজনকে আটক করা হয়। বেলা ১১টার দিকে এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কেন্দ্রে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে। পরে পুলিশের ধাওয়ায় হামলাকারীরা পালিয়ে যায়। দুপুর ১২টা পর্যন্ত কেন্দ্র এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করে। পালিয়ে যাওয়ার পথে হামলাকারীরা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশা ভাঙচুর করে। এ সময় অটোরিকশার চালক বৃদ্ধ মনু মিয়াকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত ছিল।

আহত রিকশাচালক মনু মিয়া বলেন, আমার বাড়ি করপাড়া বদরপুর গ্রামে। আমি ভাড়া নিয়ে এসেছিলাম। পাঁজজন যাত্রী ছিল। হঠাৎ একদল লোক আমার গাড়ি ভাঙচুর করে। আমার ডান হাতে লাঠি দিয়ে আঘাত করেছে। হাত ভেঙে গেছে।

পশ্চিম কাজিরখীল সরকারি প্রাথমিক বিদ্যালয় চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চুর (মোটরসাইকেল) কেন্দ্র হিসেবে পরিচিত। গত পৌরসভা নির্বাচনেও দেওয়ান বাচ্চুর ভাই দেওয়ান ফয়সাল একজন কাউন্সিলরের সমর্থন নিয়ে কেন্দ্রটি দখলের চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলির ঘটনাও ঘটে।

ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভাদুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ হোসেনকেও আটক করা হয়। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ সোলাইমান তাকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

রংপুরের মিঠাপুকুরে জাল ভোট দেওয়ার অভিযোগে সংসদ সদস্য জাকির হোসেন সরকারের ছোট ভাই জাহিদ হোসেন জাহিদসহ তিনজনকে আটক করে মিঠাপুকুর থানা পুলিশ। এদের মধ্যে মিঠাপুকুর দুর্গাপুরের রুমান মিয়া ও শঠিবাড়ির রাশেদ মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। সকাল সাড়ে ১০টার দিকে শঠিবাড়ি কলেজকেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস হোসেন।

নোয়াখালীর সোনাইমুড়ীতে জাল ভোট দেওয়ায় এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জাল ভোটে সহযোগিতা করায় দুজন সহকারী প্রিসাইডিং অফিসার ও চারজন পোলিং অফিসারকে হাতেনাতে আটক করা হয়। দুপুরে উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজকেন্দ্রে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন।

আটক হওয়া দুই সহকারী প্রিসাইডিং অফিসার মো. তাজুল ইসলাম ও মো. কামাল উদ্দিন এবং পোলিং অফিসার মো. সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মহিনুল ইসলাম ও সাবিনা ইয়াসমিনকে নিয়মিত মামলার জন্য সোনাইমুড়ী থানায় পাঠানো হয়।

সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের নজরুল একাডেমি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই যুবককে জাল ভোট দেওয়ার অপচেষ্টার অভিযোগে দুই যুবককে ৬ মাস করে সশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।

খাগড়াছড়ি জেলা সদরের ভুয়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র দখল, ব্যালট বক্স ছিনতাইয়ের চেষ্টা ও প্রিসাইডিং অফিসারের ওপর হামলার ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টার দিকে জাল ভোটের অভিযোগ তুলে কেন্দ্রটিতে এ বিশৃঙ্খলার সৃষ্টি হয়। আধা ঘণ্টা বন্ধ রাখা হয় ভোটগ্রহণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শরৎ কুমার ত্রিপুরা।

সকালে কুমিল্লার বরুড়া উপজেলায় জাল ভোটের অভিযোগ করেন লক্ষ্মীপুর ইউপির চেয়ারম্যান আবুল হাশেম। তার অভিযোগ, লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও পাঁচথুবি আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়া হচ্ছে। এই কেন্দ্র দুটি যেকোনো সময় দখল হয়ে যেতে পারে। লক্ষ্মীপুর কেন্দ্রে রাজ্জাক ও পাঁচথুবি কেন্দ্রে সেলিমের নেতৃত্বে দখলের চেষ্টা চলছে।

পাঁচথুবি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, জাল ভোটের কোনো প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুড়িগ্রামের উলিপুরে জাল ভোট দেওয়ার সময় আবুল কালাম নামের এক যুবককে আটক করে পুলিশ। উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা বিষয়টি নিশ্চিত করেন।

কিশোরগঞ্জের কটিয়াদীতে জাল ভোট দেওয়ার চেষ্টায় দুই কিশোর-কিশোরীকে আটক করে পুলিশ। সকালে উপজেলার সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের ফুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মাজহারুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, জাল ভোট দেওয়ার অপরাধে দুজনকে ধরা হয়েছিল। দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রিয়াজুল কাওসার তাদেরকে শিশু আদালতে পাঠানোর নির্দেশ দেন।

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কালীগঞ্জ সুকাতু প্রধান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এক চেয়ারম্যান প্রার্থীর পক্ষে ভোট চাওয়ায় সহকারী প্রিসাইডিং অফিসার ধীরেন্দ্রনাথ রায়কে অব্যাহতি দেওয়া হয়। ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও দেবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রফিকুল ইসলাম বলেন, একজন প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার অভিযোগে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় কেন্দ্র দখলের অপচেষ্টাসহ নানা অনিয়মের অভিযোগ ওঠে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে। এ উপজেলার পঞ্চানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে দেখা যায় প্রিসাইডিং কর্মকর্তার যোগসাজশে ওই চেয়ারম্যান প্রার্থীর প্রতীকে জাল ভোট দেওয়া হচ্ছে। 

রিটার্নিং অফিসার মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, রাজনগর উপজেলার কিছু ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়া হয়েছে এমন অভিযোগ শুনেছি।

কক্সবাজারে একজন নিহত : নবগঠিত ঈদগাঁও উপজেলায় ভোটগ্রহণ শেষ হতেই খবর আসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে সফুর আলম নামে টেলিফোন প্রতীকের এক কর্মীর মৃত্যু হয়েছে। মোটরসাইকেল প্রতীকের সমর্থকেরা টেলিফোন প্রতীকের সমর্থক দেলোয়ারকে আটক করার খবরে তাকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন সফুর আলম। মঙ্গলবার ভোটগ্রহণ শেষে ঈদগাঁওর পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডে বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি পশ্চিম পোকখালী ৪ নম্বর ওয়ার্ডের মামমোরা পাড়া এলাকার নুর উদ্দিনের ছেলে।

ঈদগাঁও থানার ওসি শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভোটকেন্দ্রে সংঘর্ষ : চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গোলাগুলি ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় ও জোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পৃথকভাবে এ ঘটনা ঘটে।

এ প্রসঙ্গে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, নির্বাচন চলাকালীন হাটহাজারী উপজেলার জোবরা গ্রামে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত ও আমি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় হামলা, ধাওয়া-পাল্টা ধাওয়া ও বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ চলে। সকালে নওপাড়া ইউনিয়নের গোপালপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এছাড়াও পানানগর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষে ৯ জন আহত হয়। 

এদিকে নান্দিগ্রাম দারুস সালাম আলিম মাদ্রাসা কেন্দ্রে ভোটারদের ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে একজনকে আটক করে র‍্যাব। 

সকাল থেকে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীদের নির্বাচনী এজেন্ট থাকলেও ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীদের এজেন্ট ছিল না। 

বাগেরহাটের চিতলমারীতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এক আওয়ামী লীগ নেতাকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। দুপুরে চিতলমারী উপজেলার কলাতলা কেন্দ্রের সামনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আছাদুল ইসলাম এই আদেশ দেন। কারাদণ্ডপ্রাপ্ত প্রফুল্ল কুমার মন্ডল উপজেলার চরবানিয়ারি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। 

রাজশাহীর কালীগঞ্জে একই প্রার্থীদের সমর্থকদের মধ্যে অস্ত্র প্রদর্শন নিয়ে নিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের বাধা প্রদান ও মারপিটের ঘটনা ঘটে। 

চট্টগ্রামের হাটহাজারীর ফতেপুর ইউনিয়নের জোবরা পি পি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

স্ট্রোকে দুজনের মৃত্যু : মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশন (ইসি) সচিব জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, রাজবাড়ীতে একজন ভোটার ভোটকেন্দ্রে লাইনে দাঁড়ানো থাকা অবস্থায় সম্ভবত স্ট্রোক করেছেন। ৫৫ বছর বয়সি ওই ব্যক্তিকে পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন। আর রাজশাহীতেও একজন আনসার ভিডিপি কর্মী স্ট্রোক করে মারা গেছেন। এসব মৃত্যুর সঙ্গে নির্বাচনী সহিংসতার কোনো ধরনের সম্পর্ক নেই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা