× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা পরিষদ নির্বাচন

শঙ্কা নিয়েই ১৫৬ উপজেলায় আজ দ্বিতীয় ধাপের ভোট

কাজী হাফিজ

প্রকাশ : ২১ মে ২০২৪ ০৯:২০ এএম

আপডেট : ২১ মে ২০২৪ ১১:২৪ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সহিংসতা এবং সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার মধ্যেই উপজেলা পরিষদের ষষ্ঠ সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মঙ্গলবার ১৫৬টি উপজেলায় ভোটগ্রহণ হতে যাচ্ছে। এ ধাপে ভোটার উপস্থিতি বাড়বে নাকি প্রথম ধাপের মতোই কম ভোটারের রেকর্ড বহাল থাকবে- এ প্রশ্নে নির্বাচন কমিশনের বক্তব্য, ‘ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু না হলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’ গতকাল নির্বাচন কমিশনার মো. আলমগীর এই মন্তব্য করেন। 

এ নির্বাচন সম্পর্কে সুশাসনের জন্য নাগরিকÑসুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার গতকাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমাদের নির্বাচন ব্যবস্থাপনা এখন রোগাক্রান্ত। এই রোগের অন্যতম লক্ষণ হচ্ছে ভোটকেন্দ্রে ভোটারদের কম উপস্থিতি। এ নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রভাবশালীদের প্রভাব কমেনি। নির্বাচনে আস্থাহীনতা ক্রমশ প্রকট হচ্ছে। ভোট দিলেও তা গণনা করা হবে কি না ভোটারদের মনে এমন সন্দেহ রয়েছে। বিএনপিসহ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচন বর্জন করেছে। তারা সাধারণ মানুষকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। এই নির্বাচন নিয়ে মানুষের মধ্যে কোনো উৎসাহ-উদ্দীপনাও নেই। বরং ভোটারদের মধ্যে আতঙ্ক রয়েছে। এমন পরিস্থিতিতে ভোটার উপস্থিতি বাড়বে বলে মনে হচ্ছে না। 

এদিকে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক দিন ধরে বিভিন্ন এলাকায় প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটছে। প্রার্থীর ওপর হামলার ঘটনাও ঘটেছে। সংবাদ সম্মেলন করে ভোটের সুষ্ঠু পরিবেশের দাবি জানানো হয়েছে। নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবার দলীয় প্রতীকে প্রার্থী দেয়নি। ফলে দলটিরই একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। পক্ষপাতের অভিযোগে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি ও জেলার ডিবির ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

বেশিসংখ্যক অস্ত্রধারী পুলিশ মোতায়েন

নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, উপজেলা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষায় আগের চেয়ে বেশিসংখ্যক অস্ত্রধারী পুলিশ মোতায়েন করা হচ্ছে। এ ধাপের নির্বাচনে পুলিশ, র‌্যাব, বিজিবি, কোস্ট গার্ড ও আনসার মিলিয়ে প্রায় তিন লাখ সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে ১ লাখ ৯৩ হাজার ৩২৭ জন আনসার, ৮৯ হাজার ৮৬৩ পুলিশ, ২ হাজার ৭৬৮ জন র‌্যাব এবং ৪৫৮ প্লাটুন বিজিবি সদস্য রয়েছেন। স্বাভাবিক এলাকার ভোটকেন্দ্রের পাহারায় ১৭ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৮-১৯ জন সদস্য মোতায়েন থাকবে।

স্থানীয় পরিস্থিতি বিবেচনায় প্রশাসনের চাহিদা অনুযায়ী ১৬টি উপজেলায় নির্দিষ্ট হারের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ১২ হাজার ৩২৩টি কেন্দ্রে আজ সকালে ভোট শুরুর আগে ব্যালট পেপার পাঠানো হবে। শুধু দুর্গম, পাহাড়ি ও চরাঞ্চল বিবেচনায় ৬৯৭ কেন্দ্রে গতকাল ব্যালট পেপার পাঠানো হয়েছে। 

কমিশন আশা করছে প্রথম ধাপের চেয়ে এ ধাপের ভোট আরও সুষ্ঠু হবে। গতকাল নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আমরা আশা করি দ্বিতীয় ধাপের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। ছোটখাটো যেসব সমস্যা মাঠে আছে, সেগুলো যাতে না হয়, সেজন্য পুলিশ ও প্রশাসন অত্যন্ত সতর্ক রয়েছে। 

 নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, এ ধাপের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ১৮২৪ জন। চেয়ারম্যান পদে ৬০৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৯৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫২৮ জন প্রার্থী রয়েছেন। ভোটার ৩ কোটি ৪২ লাখ। ভোটকেন্দ্র ১৩ হাজার ১৬টি এবং ভোটকক্ষ ৯১ হাজার ৫৮৯টি। এ ধাপে ৭ জন চেয়ারম্যানসহ ২২ জন একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। 

ইসি আলমগীর আরও যা বললেন 

ধান কাটা তো শেষ, এখনও কি ভোট কম পড়বে বলে মনে করেন- সাংবাদিকদের এমন প্রশ্নে নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর গতকাল বলেন, আপনারা যেভাবে বলছেন বিষয়টা সেরকম নয়। আরও কারণ আছে। ভারতে যে নির্বাচন হচ্ছে সেখানে সব দল অংশ নিয়েছে। তারপরও ৬০ শতাংশের মতো ভোট পড়েছে। আমাদের প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের দিন সকালে বৃষ্টি ছিল, ধান কাটা ছিল, একটি বড় দল নির্বাচনে অংশ নেয়নি। এই তিনটা কারণ তো আছেই। হয়তো আরও অন্যান্য কারণ আছে, সেগুলো আমরা জানি না। আবার স্থানীয় নির্বাচনে অনেকেই কর্মস্থল থেকে এসে ভোট দিতে চান না। এটাও একটা কারণ।

ভোটের হার দিনদিন কমছে, এর দায় আপনারা দলগুলোর ওপর দিচ্ছেন, ইসির কোনো দায় আছে কিনাÑ এমন প্রশ্নে তিনি বলেন, ভারতের নির্বাচনে সব দল অংশ নিচ্ছে। নির্বাচনের পরিবেশ নিয়েও সেখানে কোনো প্রশ্ন নেই। সে দেশে নির্বাচন কমিশনের আন্তরিকতা নিয়ে কোনো সমস্যা নেই, কোনো বিতর্কও নেই। কিন্তু তারপরও সেখানে ৬০ শতাংশ ভোট পড়েছে। এর জন্য কি ভারতের নির্বাচন কমিশন দায়ী। সেটা আপনারা যদি বলতে পারেন, তাহলে আমরাও দায়ী। 

অপর এক প্রশ্নে মো. আলমগীর বলেন, ভারতের গণতন্ত্র, আমাদের গণতন্ত্র একই। সংবিধানও অনেকটা একই রকম। ভারতে যে কারণে ভোটের হার কমে যাচ্ছে, আমাদের এখানেও একই কারণে কমছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীতে একই রকমভাবে ভোট কমছে। এটা কেন হচ্ছে তা গবেষণার বিষয়।

দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোটের হার কেমন হবে বলে আশা করছেন এ প্রশ্নে তিনি বলেন, কেমন আবহাওয়া থাকবে, প্রার্থীর জনপ্রিয়তা কেমন এসবের ওপর বিষয়টি নির্ভর করছে। ভোটের হার বেশি হলে আমরা খুশি, কিন্তু নাহলে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমরা সবটাতেই সন্তুষ্ট।

দুই ওসিকে প্রত্যাহার

উপজেলা পরিষদ নির্বাচনে নিরপেক্ষতা ক্ষুণ্ন হওয়ায় বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার ওসি ও জেলার ডিবির ওসিকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। গতকাল নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব মিজানুর রহমান স্বাক্ষরিত চিঠির মাধ্যমে খুলনা রেঞ্জের ডিআইজি বরাবর এই নির্দেশনা পাঠানো হয়। 

চিঠিতে বলা হয়, উপজেলা পরিষদের ষষ্ঠ সাধারণ নির্বাচন-২০২৪ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে বাগেরহাট জেলার ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলম এবং বাগেরহাট জেলার ডিবির ওসি স্বপন রায়কে খুলনা পুলিশ রেঞ্জে সংযুক্ত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। 

সম্প্রতি ওই দুই কর্মকর্তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে পক্ষপাতের অভিযোগ করা হয়। এক প্রার্থীর অভিযোগের ভিত্তিতে কমিশন তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে। 

মঠবাড়িয়ার চেয়ারম্যান প্রার্থী রিয়াজকে তলব

এদিকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. রিয়াজ উদ্দিনকে তলব করেছে নির্বাচন কমিশন। গতকাল কমিশন সচিবালয়ের নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান রিয়াজ উদ্দিনকে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের প্রার্থী মো. রিয়াজ উদ্দিন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে দুঃখ প্রকাশ করলেও আইনগত কোনো ব্যাখ্যা দিতে পারেননি। এ অবস্থায় তার প্রার্থিতা কেন বাতিল এবং আইনানুগ অন্যান্য কার্যক্রম গ্রহণ করা হবে না- এ বিষয়ে আগামী ২৩ মে বৃহস্পতিবার বেলা ১১টায় নির্বাচন কমিশনে তাকে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে ব্যাখ্যা দিতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা