প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৪ ১৯:১২ পিএম
মঙ্গলবার ফায়ার সার্ভিসের সদর দপ্তর পরিদর্শন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান। প্রবা ফটো
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান।মঙ্গলবার (১৪ মে) দুপুরে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী এ পরিদর্শনে যান।
এ সময় প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রমের খোঁজ নেন। পাশাপাশি বিভিন্ন দুর্ঘটনায় উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিসের বিভিন্ন সরঞ্জামের ব্যবস্থপনা ঘুরে দেখেন।
ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে জানানো হয়, প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিসের সদর দপ্তরে পৌঁছালে অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন তাকে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান, ফায়ার সার্ভিসের পরিচালক-উপপরিচালকরাসহ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অগ্নিনির্বাপণ ও উদ্ধার সাজ-সরঞ্জাম ও গাড়ি-পাম্প পরিদর্শন করেন। এ সময় তিনি বিভিন্ন সরঞ্জামের কার্যপরিধি ও সুবিধাসমূহের বর্ণনা শোনেন। তিনি অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের ওপর ঢাকা বিভাগ আয়োজিত মহড়া প্রদর্শনী উপভোগ করেন। মহড়া শেষে অধিদপ্তরের সম্মেলন কক্ষে ফায়ার সার্ভিসের কার্যক্রমের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
এ সময় অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীর হাতে শুভেচ্ছা ক্রেস্ট হস্তান্তর করেন অধিদপ্তরের মহাপরিচালক।
কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কাল প্রতিমন্ত্রী অধিদপ্তরের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। প্রেজেন্টেশনে উপস্থাপিত বিষয়ে অধিদপ্তরের প্রত্যাশা পূরণে উদ্যোগ গ্রহণ করবেন বলে সকলকে আশ্বস্ত করেছেন।