প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ২২:৩৭ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ২২:৩৯ পিএম
হায়দার আকবর খান রনো। ফাইল ছবি
বামপন্থি নেতা হায়দার আকবর খান রনোর কর্নিয়ায় পৃথিবীর আলো দেখবেন দৃষ্টিহীন দুইজন মানুষ।
শুক্রবার (১০মে) গভীর রাতে রাজধানীর পাস্থপথে একটি হাসপাতালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মারা যান। শনিবার (১১মে) দুপুরে সেখানে গিয়ে তার কর্নিয়া নিয়ে যান স্বাস্থ্য খাতের স্বেচ্ছাসেবী সংগঠনসন্ধানীর কর্মীরা।
সন্ধানী জাতীয় চক্ষুদান সমিতি ও সন্ধানী আন্তর্জাতিক চক্ষু ব্যাংকের সভাপতি মনিলাল আইচ লিটু গণমাধ্যমকে বলেন, দৃষ্টহীন দুজনের চোখে তার কর্নিয়া বসানো হবে। সার্জন সৈয়দ এ হাসান কর্নিয়া প্রতিস্থাপন করবেন।
বাংলাদেশের ১৪ লাখ দৃষ্টিহীন ব্যক্তির মধ্যে অন্তত ৫ লাখ কর্নিয়াজনিত সমস্যায় ভুগছেন। কর্নিয়া দানে অনীহার কারণে লাখ লাখ মানুষের দুর্ভোগ কমছে না।
মনিলাল আইচ লিটু বলেন, ‘বাংলাদেশে এখন যে পরিমাণ কর্নিয়া পাওয়া যাচ্ছে তাতে এই পাঁচ লাখ অন্ধের চোখে আলো ফেরাতে হলে কয়েক হাজার বছর সময় লাগবে। এজন্য কর্নিয়া দান করতে মানুষকে উৎসাহিত করতে হবে।’
সম্প্রতি বাংলাদেশের প্রথম পতাকার অন্যতম রূপকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাশের কর্নিয়ায় দৃষ্টি শক্তি পেয়েছেন রংপুরের মশিউর রহমান এবং চাঁদপুরের আবুল কালামের চোখে।