প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ মে ২০২৪ ২০:৩০ পিএম
আপডেট : ১০ মে ২০২৪ ২০:৪১ পিএম
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে কাজে ফেরার ঘোষণা দেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। প্রবা ফটো
দাবি পূরণের আশ্বাসে সারা দেশে অনির্দিষ্টকালের কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাচ্ছেন সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও কর্মচারীরা।
শুক্রবার (১০ মে) বিকালে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন কর্মকর্তা-কর্মচারীরা।
এর আগে সকালে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে আন্দোলনরতদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব তানিয়া খান, শেখ আকতার হোসেনসহ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান অজয় কুমার চক্রবর্তীর সঙ্গে বৈঠক করেন কর্মকর্তা-কর্মচারীরা।
সংবাদ সম্মেলনে কর্মকর্তা-কর্মচারীরা জানান, চলমান আন্দোলন কর্মসূচি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচার হওয়ায় তার নির্দেশনায় মন্ত্রণালয়ের দায়িত্বশীলরা আমাদের দাবিদাওয়া নিয়ে কথা বলতে আলোচনায় বসার জন্য আহ্বান জানান। আমরা বৈঠকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি) ও পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) মধ্যকার বৈষম্য দূরীকরণসহ অভিন্ন চাকরিবিধি বাস্তবায়ন এবং চুক্তিভিত্তিক কর্মচারীদের চাকরি নিয়মিত করন ও ভবিষ্যতে স্মার্ট বিদ্যুৎ ব্যবস্থা বিনির্মাণের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের স্বার্থে নিম্নমানের মালামাল ক্রয় বন্ধের ব্যাপারে দাবি ও ন্যায্যতা তুলে ধরি।
তারা জানান, আমাদের উত্থাপিত যৌক্তিক দাবির বিষয়ে পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাইয়ের জন্য মন্ত্রণালয় দুই সপ্তাহ সময় চেয়েছে। এরপর প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির সবস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিসহ আবারও আলোচনায় বসা হবে। তার আগ পর্যন্ত আমরা কর্মবিরতি স্থগিত করে কাজে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। শনিবার (১১ মে) থেকে সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত সেবাদান চালিয়ে যাবেন।
তারা আরও জানান, মন্ত্রণালয়ের দেওয়া আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করলেও আমাদের দাবিদাওয়া বাস্তবায়ন না হলে প্রয়োজনে আমরা আবারও কর্মবিরতিসহ কঠোর কর্মসূচিতে যাব। যেহেতু আজকে পল্লী বিদ্যুতায়ন বোর্ড সবস্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের ডাকেনি, সেহেতু যদি কেউ কাজে না ফেরে তার দায়ভার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা বহন করবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এজিএম প্রকৌশলী রাজন কুমার দাস, ডিজিএম মো. এনামুল হক, ডিজিএম প্রকৌশলী মো. বেলাল হোসেন, এজিএম আব্দুল হাকিম, মো. সাজেদুর রহমান, এজিএম মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ারিং পরিদর্শক সালাম জাবেদ প্রমুখ।