× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রথম দিন সৌদি আরব গেলেন পৌনে ৩ হাজার হজযাত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ মে ২০২৪ ২১:৩৬ পিএম

হজযাত্রা। ছবি : সংগৃহীত

হজযাত্রা। ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে শুরু হয়েছে চলতি বছরের হজ ফ্লাইট চলাচল। বৃহস্পতিবার (৯ মে) প্রথমদিনের শিডিউল ফ্লাইটে ২ হাজার ৭৬৯ জন হজযাত্রীর মধ্যে রাত ৮টা পর্যন্ত ২৪৩৪ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া ফ্লাইনাসের একটা ফ্লাইট এদিন ৭টা ৪০ মিনিটে ৩৩৫ জন হজযাত্রী নিয়ে রওনা হয়েছে বলে জানিয়েছে হজ অফিস।

বৃহস্পতিবার সন্ধ্যায় হজ পরিচালক মুহাম্মদ কামরুজজ্জামান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘প্রথমদিনে ৯টি ফ্লাইটে হজযাত্রীরা সৌদি আরবে যাচ্ছেন। এরমধ্যে সাতটি ফ্লাইটের যাত্রীরা পৌঁছেছেন। তার মধ্যে তিনটি ফ্লাইট ছিল ব্যালোটি হজযাত্রীদের, অর্থাৎ যারা সরকারিভাবে হজে গিয়েছেন। রাত ১১টা ১০ মিনিটে ৪৪৫ জন হজযাত্রী নিয়ে আরেকটি ফ্লাইট যাওয়ার কথা রয়েছে।’

তিনি বলেন, ‘আমরা সরকারিভাবে যাওয়া হজযাত্রীদের সকল ব্যবস্থাপনার আয়োজন করে রেখেছি। আর তাদের যেসব কাগজপত্র, আইডি কার্ড ইত্যাদি ঢাকা থেকে সম্পন্ন করে দিচ্ছি। ফলে হজযাত্রীদের কোনো অসুবিধা হওয়ার সুযোগ নেই। এছাড়া বেসরকারিভাবে যারা যাচ্ছেন তাদের ভিসা নেওয়ার হারও বেড়েছে। আশা করছি অন্যান্যবারের চাইতে এ বছর সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।’

এর আগে বৃহস্পতিবার ভোর ৪টা ৫ মিনিটে ৪১৯ জন হজযাত্রী নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে প্রথম ফ্লাইট। সকাল ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ও হজযাত্রার দ্বিতীয় ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে রওনা দেন আরও ৪১৭ জন।

বিমানের প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দরের হজ টার্মিনালে স্থানীয় সময় সকাল ১১টা ৩০ মিনিটে পৌঁছায় বলে জানায় রিয়াদের বাংলাদেশ দূতাবাস। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বিমানবন্দরে বাংলাদেশি হজযাত্রীদের স্বাগত জানান।

বাংলাদেশের রাষ্ট্রদূত হজযাত্রীদের শুভকামনা জানান ও যেকোনো প্রয়োজনে বাংলাদেশ দূতাবাস, কনস্যূলেট ও বাংলাদেশ হজ মিশন সবসময় হজযাত্রীদের পাশে রয়েছে বলে আশ্বাস জানান।

এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৬ হাজার ৫২৭ জন হজে যাবেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৫০ শতাংশ হাজি পরিবহন করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস প্রি-হজে মোট ১১৬টি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করবে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৮২, চট্টগ্রাম থেকে জেদ্দায় ১৭, সিলেট থেকে জেদ্দায় ৫, ঢাকা থেকে মদিনায় ৯, চট্টগ্রাম থেকে মদিনায় ২ এবং সিলেট থেকে মদিনায় ১টি যাবে।

এর আগে বুধবার আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে চলতি বছরের পবিত্র হজযাত্রার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চাঁদ দেখা সাপেক্ষে ১৬ জুন হজ পালিত হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা