কক্সবাজার অফিস
প্রকাশ : ০২ মে ২০২৪ ২২:৪৯ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪ ০০:৪৬ এএম
ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া সীমান্তের নাফ নদীতে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া বাংলাদেশি ১০ জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা।
বৃহস্পতিবার (২ মে) রাত পৌনে ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে জেলেদের ছেড়ে দেওয়ার তথ্য প্রতিদিনের বাংলাদেশকে নিশ্চিত করেছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন।
পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘ফেরত আসা জেলেরা নিজ নিজ বাড়িতে নিরাপদে ফিরেছেন। ধরে নেওয়ার পর তাদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে জানিয়েছেন জেলেরা।’
গতকাল বুধবার সকালে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের নাফ নদীর অংশের মোদিরখালে মাছ ধরছিলেন স্থানীয় দশজন জেলে। এসময় আরাকান আর্মির একটি দল অস্ত্রের মুখে জেলেদের ধরে নিয়ে যায়।
তারা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকার হোসেন আলীর ছেলে জানে আলম, মৃত আবদুস ছালামের ছেলে আব্দুর রহিম, মৃত জালাল আহমদের ছেলে আনোয়ারুল ইসলাম ও সাইফুল ইসলাম, মৃত আলী আহমদের ছেলে আয়ুবুল ইসলাম, আবু তাহেরের ছেলে শাহীন, গৌজঘোনা এলাকার আলী আহমদের ছেলে আবদুর রহিম এবং একই ইউনিয়নের পুটিবনিয়া এলাকার মৃত মিয়া হোসেনের ছেলে ওসমান গণী, মৃত আবুল শামার ছেলে ওসমান, আয়ুব ইসলামের ছেলে আবুল হাশিম।
ইউএনও তানভীর জানান, বাংলাদেশি ১০ জেলেকে আরাকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান বুধবার দুপুরে তাকে অবহিত করেন। তাৎক্ষণিক ঘটনাটি বিজিবিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে করেন তিনি। এরপর জেলেদের ফেরত আনতে তৎপরতা শুরু হয়।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত পৌনে ৮টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশি ১০ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে। সীমান্তের এপার পৌঁছার পর জেলেদের বিজিবির হেফাজতে নেওয়া হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাড়িতে পাঠানো হয়েছে।’